📄 ঋণ পরিশোধের দু'আ
'আলী (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ঋণ পরিশোধের জন্য এই দু'আ পাঠের নির্দেশ দিতেন:
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك.
“হে আল্লাহ! তুমি আমাকে তোমার হারামকৃত বস্তু হইতে মুক্ত রাখিয়া তোমার হালাল বস্তুকে আমার জন্য যথেষ্ট করিয়া দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্য সব কিছু হইতে আমাকে অমুখাপেক্ষী বানাইয়া দাও” (তিরমিযী, কিতাবুদ-দা'ওয়াত, বাব নং ১১১, হাদীছ নং ৩৫৬৩ ৫খ., পৃ. ৫৬০)।
📄 বৃষ্টি প্রার্থনার দু'আ
জাবির (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য এই দু'আ করিতেনঃ
اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل.
“হে আল্লাহ! তুমি আমাদেরকে এমন বৃষ্টির পানি দান কর যাহা সুপেয়, ফসল উৎপাদনকারী, কল্যাণকর, ক্ষতিকর নয় শীঘ্রই আগমনকারী, বিলম্বকারী নহে” (আবূ দাউদ, কিতাবুস-সালাত, বাবু রাফ'ইল য়াদায়ন ফিল ইসতিসকা, হাদীছ নং ১১৬৯, ১খ., পৃ. ৫৬০)।
আমর ইবন শু'আয়ব (র) হইতে পর্যায়ক্রমে তাঁহার পিতা তাঁহার দাদার সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ (স) বৃষ্টির জন্য এইভাবে দু'আ করিতেন:
اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك واحي بلدك الميت.
“হে আল্লাহ! তুমি তোমার বান্দাগণকে এবং চতুষ্পদ জন্তসমূহকে পানি পান করাও, তোমার রহমত পরিচালনা কর, আর তোমার মৃত শহরকে সজীব কর” (আবূ দাউদ, কিতাবুস সালাত, বাব রাফ'ইল ইয়াদায়ন ফিল ইসতিসকা, হাদীছ নং ১১৭৬, ১খ., পৃ. ৩০৫)।
📄 বৃষ্টি বর্ষণের সময় দু'আ
আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বৃষ্টি হইতে দেখিলে বলিতেন: اللهم صيبا نافعا "হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষাও” (বুখারী, কিতাবুল ইসতিসকা, বাব মা ইউকালু ইযা মুটিরাত, হাদীছ নং ১০৩২, পৃ. ২০৪)।
📄 বৃষ্টি বন্ধের দু'আ
আনাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) অতিবৃষ্টি বন্ধের জন্য এই দু'আ করিতেন: اللهم حوالينا ولا علينا اللهم على الاكام والظراب والأودية ومنابت الشجر.
“হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ কর, আমাদের উপর নহে। হে আল্লাহ! উঁচু ভূমিতে ও পাহাড়-পর্বতে, উপত্যকা অঞ্চলে এবং বনাঞ্চলে বর্ষণ কর” (বুখারী, কিতাবুল ইসতিসকা, বাবুল ইসতিসকা ফিল মাসজিদিল জামে, হাদীছ নং ১০১৩, পৃ. ২০০)।