📄 সালাম ফিরানোর পর দু'আ
ছাওবান (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) সালাম ফিরাইবার পর ক্ষমা প্রার্থনা করিতেন, ইহার পর বলিতেন:
اللهم انت السلام ومنك السلام تباركت ياذا الجلال والاكرام.
"হে আল্লাহ! তুমি শান্তিময়, আর তোমার নিকট হইতেই শান্তির আগমন। তুমি বরকতময় মর্যাদা এবং মহত্ত্বের অধিকারী" (ইবন মাজা, কিতাবুস সালাত, বাব মা ইউকালু বা'দাত-তাসলীম, হাদীছ নং ৭৬১, ১খ., পৃ. ২৭৭)।
উম্মু সালামা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ফজরের সালাত আদায় করিয়া এই দু'আ পড়িতেন:
اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا.
"হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী 'ইলম, উত্তম রিযিক এবং কবুল হওয়ার মত আমল চাহিতেছি” (ইবন মাজা, কিতাবুস সালাত, বাব মা ইউকালু বা'দাত-তাসলীম, হাদীছ নং ৭৬২, ১খ., পৃ. ২৭৭)।
📄 শত্রু এবং শক্তিধর ব্যক্তির মুকাবিলার সময় দু'আ
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন যুদ্ধ আরম্ভ করিতেন তখন এই দু'আ পড়িতেন:
اللهم انت عضدي ونصرى بك احول وبك اصول وبك اقاتل.
"হে আল্লাহ! তুমিই আমার শক্তি ও সাহায্যদাতা, তোমার শক্তিতেই আমি আক্রমণ প্রতিহত করিবার কৌশল অবলম্বন করি, আর তোমার সাহায্যেই বিজয়ী হই এবং তোমার শক্তিতেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করিয়া থাকি” (আবূ দাউদ, কিতাবুল জিহাদ, বাব মা ইউদ'আ ইনদাল-লিকা, হাদীছ নং ২৬৩২, ৩খ., পৃ. ৪৩)।
📄 শত্রুর ভয়ে ভীত অবস্থায় পাঠ করিবার দু'আ
আবূ বুরদা ইব্ন আবদুল্লাহ (রা) হইতে বণিত। তাঁহার পিতা রাসূলুল্লাহ (স) হইতে বর্ণনা করিয়াছেন, যখন তিনি কোন সম্প্রদায়ের পক্ষ হইতে কোনরূপ বিপদের আশংকা করিতেন তখন এইরূপ বলিতেন:
اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
"হে আল্লাহ! আমরা আপনাকে তাহাদের মুকাবিলার জন্য যথেষ্ট মনে করি এবং তাহাদের অনিষ্ট হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি” (আবূ দাউদ, কিতাবুস সালাত, বাব মা ইয়াকূলু ইযা খাফা কাওمان, হাদীছ নং ১৫৩৭, ২খ., পৃ. ৯১)।
📄 ঈমান সম্পর্কে কুমন্ত্রণা ও ওয়াসওয়াসায় পতিত ব্যক্তির জন্য দু'আ
আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন, শয়তান তোমাদের কাহারও নিকট আসে এবং বলে, ইহা কে সৃষ্টি করিয়াছে, ইহা কে সৃষ্টি করিয়াছে? পরিশেষে এই প্রশ্নও করে, তোমার রবকে কে সৃষ্টি করিয়াছে? এই পর্যন্ত পৌছিলে তোমরা অভিশপ্ত বিতাড়িত শয়তান হইতে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করিবে তথা বলিবে : اعوذ بالله من الشيطان الرجيم এবং এই ধরনের ভাবনা হইতে বিরত থাকিবে (মুসলিম, কিতাবুল ঈমান, বাব বায়ানিল-ওয়াসওয়াসাতি ফিল-ঈমান ওয়ামা ইয়াকূলু মান ওয়াজাদাহা, হাদীছ নং ২৪১, ১খ., পৃ. ৪৩১)।
অন্য রিওয়ায়াতে রহিয়াছে, রাসূলুল্লাহ (স) বলেন, যাহার অন্তরে এমন প্রশ্নর উদয় হয় সে যেন বলে : امنت بالله ورسوله "আমি আল্লাহ ও তাঁহার রাসূলের উপর ঈমান আনিয়াছি" (প্রাগুক্ত, হাদীছ নং ২১২-২১৩, ১খ., পৃ. ৪৩১)।