📘 সীরাত বিশ্বকোষ > 📄 রুকু ও সিজদার দু'আ

📄 রুকু ও সিজদার দু'আ


ইবন মাসউদ (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) রূকৃতে তিনবার سبحان ربی العظیم "আমার মহান প্রতিপালক পবিত্র" এবং সিজদায় তিনবার سبحان ربی الاعلى "আমার মহান রব পবিত্র” পাঠ করিবার জন্য বলিতেন (তিরমিযী, আবওয়াবুস সালাত, বাবু মা জাআ ফিত-তাসবীহ ফির-রুকু' ওয়াস-সুজুদ, হাদীছ নং ২৬১, ২খ., পৃ. ৪৬-৪৭)।
'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) রুকু ও সিজদায় এই দু'আ পাঠ করিতেন :
سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي .
“হে আল্লাহ, আমাদের প্রভু! তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসাসহ। হে আল্লাহ! আমাকে তুমি মাফ করিয়া দাও" (বুখারী, কিতাবুল আযান, বাবুদ-দু'আ ফির-রুকূ', হাদীছ নং ৭৯৪, পৃ. ১৫৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রুকু হইতে উঠিবার দু'আ

📄 রুকু হইতে উঠিবার দু'আ


আবু হুরায়য়া (রা) বলেন, রাসূলুল্লাহ (স) রুকু হইতে উঠিবার সময় سمع الله لمن حمده (যে আল্লাহ্র প্রশংসা করে তিনি তাহা শুনেন) বলিবার পর اللهم ربنا ولك الحمد "আল্লাহ আমাদের প্রভু! তোমার জন্য সমস্ত প্রশংসা" বলিতেন (বুখারী, কিতাবুল আযান, বাব মা ইয়াকূলুল - ইমাম ওয়ামান খালফাহু ইযা রাফা'আ রাসাহু মিনার-রুকু', হাদীছ নং ৭৯৫, পৃ. ১৫৮)।
দুই সিজদার মধ্যখানে দু'আ: হুযায়ফা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) দুই সিজদার মাঝে এই দু'আ পড়িতেন: رب اغفر لى رب اغفر لي "হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করিয়া দাও" (ইবন মাজা, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকূলু বায়নাস-সাজদাতায়ন, হাদীছ নং ৭৩৯, ১খ., পৃ. ২৭০)।
ইবন 'আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) রাত্রিবেলা সালাতে দুই সিজদার মাঝে বলিতেন: رب اغفر لي وارحمنى واجبرنی و ارزقنی و ارفعنی
"হে আল্লাহ! তুমি আমকে মাফ করিয়া দাও, আমার উপর অনুগ্রহ কর, আমার জীবনের সকল ক্ষয়ক্ষতি পূরণ করিয়া দাও, আমাকে রিযিক দান কর এবং আমার মর্যাদা বৃদ্ধি কর" (প্রাগুক্ত, হাদীছ নং ৭৪০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 তিলাওয়াতে সিজদার দু'আ

📄 তিলাওয়াতে সিজদার দু'আ


'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কুরআন তিলাওয়াতের সিজদায় বলিতেন: سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته .
"আমার মুখমণ্ডল সিজদায় অবনমিত সেই মহান সত্তার জন্য যিনি উহাকে সৃষ্টি করিয়াছেন এবং উহার কর্ণ ও উহার চক্ষু উদ্ভিন্ন করিয়াছেন স্বীয় ইচ্ছায় ও শক্তিতে” (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, বাব মা ইয়াকূলু ফী সুজদিল কুরআন, হাদীছ নং ৩৪২৫, ৫খ., পৃ. ৪৮৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দু'আ মাছুরা

📄 দু'আ মাছুরা


আবূ বাকর (রা) হইতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স)-এর নিকট বলিলেন, আপনি আমাকে এমন একটি দু'আ শিখাইয়া দিন যাহা দ্বারা আমি সালাতে দু'আ করিব। তিনি বলিলেন, তুমি সালাতে এই দু'আ পড়িবে: اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم.
“হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক বেশী অত্যাচার করিয়াছি। আর তুমি ছাড়া গুনাহ কেহই মাফ করিতে পারে না। সুতরাং তুমি আমাকে মার্জনা করিয়া দাও এবং আমার প্রতি রহম কর; তুমি তো মার্জনাকরী দয়ালু” (বুখারী, কিতাবুদ দা'ওয়াত, বাবুদ-দু'আ ফিস-সালাত, হাদীছ নং ৬৩২৬, পৃ. ১৩৩৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00