📄 ঘর-বাড়ী হইতে বাহির হইবার সময়ে দু'আ
আনাস ইবন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যে ব্যক্তি ঘর হইতে বাহির হইবার সময় এই দু'আটি পাঠ করে, তাহাকে বলা হয়, তুমি যথেষ্ট করিয়া নিলে, বাঁচিয়া গেলে, তোমা হইতে শয়তান দূর হইয়া গেলঃ
بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله
"আল্লাহর নাম লইয়া তাঁহার উপর ভরসা করিয়া বাহির হইলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোন শক্তি সামর্থ নাই” (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, বাব মা ইয়াকূলু ইযা খারাজা মিন বায়তিহী, হাদীছ নং ৩৪২৬, ৫খ., পৃ. ৪৯০)।
উম্মু সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন তাঁহার ঘর হইতে বাহির হইতেন তখন তিনি বলিতেন:
بسم الله توكلت على الله اللهم انا نعوذ بك من ان نزل او نضل او نظلم او نظلم او نجهل او يجهل علينا .
"আল্লাহ্ নামে, আল্লাহর উপর ভরসা করিয়াছি। হে আল্লাহ! আমরা তোমারই পানাহ চাহিতেছি পদস্খলন হইতে বা পথভ্রষ্টতা হইতে বা অত্যাচার করা হইতে বা অত্যাচারিত হওয়া হইতে বা মূর্খতা প্রদর্শন হইতে বা আমাদের প্রতি 'মূর্খ আচরণ করা হইতে” (আবূ দাউদ, কিতাবুল আদাব, আবওয়াবুন নাওম, বাব মা ইয়াকূলু ইযা খারাজা মিন বায়তিহী, হাদীছ নং ৫০৯৪, ৪খ., পৃ. ৩২৭)।
📄 গৃহে প্রবেশকালে দু'আ
আবূ মালিক আল-আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যখন কোন ব্যক্তি গৃহে প্রবেশ করে তখন সে যেন এই দু'আ পাঠ করে:
اللهم اني اسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله توكلنا
"হে আল্লাহ! আমি আপনার নিকট ঘরে প্রবেশ ও ঘর হইতে বাহির হইবার সময় কল্যাণ প্রার্থনা করিতেছি। আমি আল্লাহর নামে ঘরে প্রবেশ করিয়াছি, আল্লাহ্ নামে ঘর হইতে বাহির হইতেছি, আমি আল্লাহর উপর ভরসা করিতেছি। অতঃপর সে যেন তাহার পরিবার-পরিজনকে সালাম করে" (প্রাগুক্ত, হাদীছ নং ৫০৯৬, ৪খ., পৃ. ৩২৮)।
📄 মসজিদে প্রবেশ ও বাহির হইবার দু'আ
রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যখন কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, তখন সে যেন আমার উপর সালাম পেশ করে এই দু'আ পড়ে: اللهم افتح لى ابواب رحمتك "হে আল্লাহ! আমার জন্য তোমার রহমাতের দরজাসমূহ উন্মুক্ত করিয়া দাও"। আর বাহির হওয়ার সময় যেন এই দু'আ পড়ে : اللهم اني اسألك من فضلك "হে আল্লাহ! আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করি" (আবূ দাউদ, কিতাবুস সালাত, বাবুন ফী মা ইয়াকূলুর রাজুলু ইনদা দুখুলিহিল মাসজিদ, হাদীছ নং ৪৬৫, ১খ., পৃ. ১২৫)।
'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) মসজিদে প্রবেশের সময় এই দু'আ পাঠ করিতেন: اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. "আমি মহান আল্লাহ্র নিকট তাঁহার দয়ালু সত্তার উসীলায় এবং তাঁহার অনন্ত ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি” (প্রাগুক্ত, হাদীছ নং ৪৬৬, ১খ., পৃ. ১২৫)।
📄 আযানের দু'আ
জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছে, যে ব্যক্তি আযান শুনিয়া নিম্নের দু'আটি পড়িবে, কিয়ামতের দিন তাহার জন্য আমার সুপারিশ ওয়াজিব হইয়া যাইবে : اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة ات محمدان الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد ) .
"হে আল্লাহ! এই সার্বিক আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাযের প্রভু, মুহাম্মাদ (স)-কে ওসীলা এবং ফযীলাত তথা উচ্চতম মর্যাদা দান কর। আর তাঁহাকে মাকামে মাহমূদ দাও, যাহার প্রতিশ্রুতি তুমি তাঁহাকে প্রদান করিয়াছ। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির বেতিক্রম কর না" (তিরমিযী, আবওয়াবুস সালাত, আযান, হাদীছ নং ২১১, ১খ., পৃ. ৪১৩)।