📄 পায়খানা হইতে বাহির হইবার সময়ের দু'আ
আইশা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) পায়খানা হইতে বাহির হওয়ার সময় বলিতেন: غفرانك "তোমার কাছে ক্ষমা চাই” (তিরমিযী, আল-জামিউস সুনান, আবওয়াবুত তাহারাত, বাবু মা ইয়াকূলু ইযা খারাজা মিনাল খালা, হাদীছ নং ৭, ১খ., পৃ. ১২; আবূ দাউদ, কিতাবুত তাহারাত, বাব মা ইয়াকূলুর-রাজুলু ইযা খারাজা মিনাল খালা, হাদীছ নং ৩০, ১খ., পৃ. ৯)।
📄 উযূর পূর্বের দু'আ
জনৈক সাহাবী বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) উযূর পূর্বে بسم الله (বিসমিল্লাহ) পড়িবার নির্দেশ দিতেন (তিরমিযী, আবওয়াবুত তাহারাত, বাব মা জাআ ফিত-তাসমিয়াতি 'ইনদাল উযূযু, হাদীছ নং ২৫, ১খ., পৃ. ৩৭-৩৮)।
📄 উযূর শেষে দু'আ
'উমার ইবনুল খাত্তাব (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যদি কোন ব্যক্তি খুব ভাল করিয়া উযূ করিয়া এই দু'আ পড়ে, তবে তাহার জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া যাইবে এবং যে দরজা দিয়া ইচ্ছা করিবে সে উহা দিয়াই জান্নাতে প্রবেশ করিতে পারিবে ৪
اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين.
"আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি এক, তাঁহার কোন শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ (স) তাঁহার বান্দা ও রাসূল। হে আল্লাহ! তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর” (তিরমিযী, আবওয়াবুত তাহারাত, বাব ফী মা ইয়াল্লু বা'দাল উযূ, হাদীছ নং ৫৫, ১খ., পৃ. ৭৭-৭৮)।
📄 ঘর-বাড়ী হইতে বাহির হইবার সময়ে দু'আ
আনাস ইবন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যে ব্যক্তি ঘর হইতে বাহির হইবার সময় এই দু'আটি পাঠ করে, তাহাকে বলা হয়, তুমি যথেষ্ট করিয়া নিলে, বাঁচিয়া গেলে, তোমা হইতে শয়তান দূর হইয়া গেলঃ
بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله
"আল্লাহর নাম লইয়া তাঁহার উপর ভরসা করিয়া বাহির হইলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোন শক্তি সামর্থ নাই” (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, বাব মা ইয়াকূলু ইযা খারাজা মিন বায়তিহী, হাদীছ নং ৩৪২৬, ৫খ., পৃ. ৪৯০)।
উম্মু সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন তাঁহার ঘর হইতে বাহির হইতেন তখন তিনি বলিতেন:
بسم الله توكلت على الله اللهم انا نعوذ بك من ان نزل او نضل او نظلم او نظلم او نجهل او يجهل علينا .
"আল্লাহ্ নামে, আল্লাহর উপর ভরসা করিয়াছি। হে আল্লাহ! আমরা তোমারই পানাহ চাহিতেছি পদস্খলন হইতে বা পথভ্রষ্টতা হইতে বা অত্যাচার করা হইতে বা অত্যাচারিত হওয়া হইতে বা মূর্খতা প্রদর্শন হইতে বা আমাদের প্রতি 'মূর্খ আচরণ করা হইতে” (আবূ দাউদ, কিতাবুল আদাব, আবওয়াবুন নাওম, বাব মা ইয়াকূলু ইযা খারাজা মিন বায়তিহী, হাদীছ নং ৫০৯৪, ৪খ., পৃ. ৩২৭)।