📄 কিন্তু জান্নাতে প্রবেশে অগ্রগামী
এই উম্মতের প্রতি আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ হইল, তিনি তাহাদেরকে আখিরী যুগে সৃষ্টি করিয়াছেন কিন্তু মর্যাদার দিক হইতে অগ্রগামী করিয়াছেন। এই কারণেই তাহারা হাশরের ময়দানে প্রথমে উপস্থিত হইবে, তাহাদের হিসাব প্রথমে হইবে, তাহাদের বিচার প্রথমে হইবে এবং তাহারা জান্নাতে প্রথমে প্রবেশ করিবে।
আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স)-কে বলিতে শুনিয়াছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক হইতে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা হইব অগ্রবর্তী। পার্থক্য শুধু এই যে, তাহাদের কিতাব দেওয়া হইয়াছে আমাদের আগে। তাহার পর হইল তাহাদের সেই দিন, যেদিন তাহাদের জন্য ইবাদত ফরয করা হইয়াছিল। পরে তাহারা এই বিষয়ে মতানৈক্য সৃষ্টি করিয়াছে। কিন্তু সেই বিষয়ে আল্লাহ্ তা'আলা আমাদের হিদায়াত দান করিয়াছেন। কাজেই এই ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। ইয়াহুদীদের সম্মানিত দিন হইল আগামী কাল (শনিবার) এবং খৃস্টানদের আগামী পরশু (রববার) (বুখারী, ফাতহুল বারী, ২খ., হাদীছ নং ৮৭৬, পৃ. ৮৫৫)।
আবূ হুরায়রা (রা) ও হুযায়ফা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: আল্লাহ্ তা'আলা আমাদের পূর্ববর্তী লোকদেরকে জুমু'আর ব্যাপারে বিভ্রান্ত করিয়া রাখিয়াছেন। ইয়াহুদীদের সম্মানিত দিন হইল শনিবার। আর খৃস্টানদের সম্মানিত দিন হইল রবিবার। ইহার পর আল্লাহ্ তা'আলা আমাদেরকে সৃষ্টি করিয়াছেন, এবং জুমু'আর দিনের ব্যাপারে সঠিক পথ প্রদর্শন করিয়াছেন। বস্তুত জুমু'আর দিন, শনিবার ও রবিবার তিনিই সৃষ্টি করিয়াছেন। অনুরূপভাবে কিয়ামতের দিন তাহারা সকলেই হইবে আমাদের পশ্চাৎবর্তী। দুনিয়াতে আমরা সর্বশেষ উম্মত, কিন্তু কিয়ামতের দিন আমরা হইব অগ্রবর্তী। সমস্ত সৃষ্টির পূর্বে এই উম্মতের হিসাব গ্রহণ করা হইবে এবং তাহাদের বিচার হইবে সবার আগে (মুসলিম, হাদীছ নং ১৯৮২/২২/৮৫৬)।
ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। নবী কারীম (স) বলিয়াছেন: আমরা সর্বশেষ উম্মত। তবে আমাদের হিসাব হইবে সর্বাগ্রে। বলা হইবে, কোথায় উম্মী নবী এবং কোথায় তাঁহার উম্মত? সুতরাং সৃষ্টির দিক হইতে আমরা সর্বশেষ; কিন্তু জান্নাতে প্রবেশের দিক হইতে অগ্রবর্তী (ইবন মাজা, হাদীছ নং ৪২৯০; আল্লামা বুসীরী (র) যাওয়াইদ গ্রন্থে উল্লেখ করিয়াছেন, হাদীছটির সনদ সহীহ এবং রাবীগণ সকলেই নির্ভরযোগ্য। আলবানীও হাদীছটি সহীহ বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন, সহীহ আল-জামিউস সাগীর, হাদীছ নং ৬৬২৫)।