📘 সীরাত বিশ্বকোষ > 📄 যাহা আখিরাতে কেবল রাসূলুল্লাহ (স)-এর জন্যই প্রযোজ্য হইবে

📄 যাহা আখিরাতে কেবল রাসূলুল্লাহ (স)-এর জন্যই প্রযোজ্য হইবে


আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (স)-কে আখিরাতে এমন কতিপয় বৈশিষ্ট্য দ্বারা সম্মানিত করিবেন, যাহা কেবল তাঁহার জন্যই প্রযোজ্য হইবে। অন্য কোন নবী-রাসূলকে প্রদান করা হইবে না। ইহাতে আল্লাহ্র নিকট রাসূলুল্লাহ (স)-এর বিশেষ মর্যাদা প্রতীয়মান হয়। ইহার মধ্যে ওসীলা, ফাদীলা, হাওযে কাওছার, লিওয়াউল হামদ ইত্যাদি অন্তর্ভুক্ত।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (এক) ওসীলা ও ফাদীলা

📄 (এক) ওসীলা ও ফাদীলা


ওসীলা জান্নাতের উচ্চতর একটি মাকাম যাহা কেবল আল্লাহ্ এক বান্দাকেই প্রদান করা হইবে। আর তিনি হইলেন আমাদের নবী মুহাম্মাদ (স)। হাফিয ইব্‌ন কাছীর (রা) বলেন, ওসীলা হইল জান্নাতের একটি উচ্চতর মনযিলের নাম। ইহা হইল রাসূলুল্লাহ (স)-এর আবাসস্থল। এই স্থানটি জান্নাতের মাকামসমূহের মধ্য হইতে আরশে আযীমের অধিকতর নিকটবর্তী (তাফসীরে ইব্‌ন কাছীর, ২খ., পৃ. ৫৫)। হাফিয ইব্‌ন হাজার (র) বলেন, ফাদীলা অর্থ 'সমস্ত সৃষ্টি হইতে স্বতন্ত্র এক বৈশিষ্ট্য বা মর্যাদা'; ইহা ওসীলা শব্দটিরও ব্যাখ্যা হইতে পারে এবং উহা ব্যতীত অন্য মাকামও হইতে পারে (ফাতহুল বারী, ২খ., পৃ. ১১৩)। মোটকথা, ওসীলা ও ফাদীল ও এমন এক বৈশিষ্ট্য যাহা রাসূলুল্লাহ (স)-এর জন্য খাস, অন্য কাহারও ইহাতে কোন অংশীদারিত্ব নাই। এই সম্বন্ধে হাদীছে বিশদ বিবরণ রহিয়াছে। জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: আযান শ্রবণের পর যে ব্যক্তি নিম্নের দু'আ পড়িবে: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة أن محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودان الذي وعدته. তাহার জন্য কিয়ামতের দিন শাফা'আত করা আমার অবশ্য কর্তব্য হইবে (বুখারী, ফাতহুল বারী, ২খ., নং ৬১৪)।

আবদুল্লাহ ইব্‌ন আমর ইবনুল আস (রা) হইতে বর্ণিত। তিনি নবী কারীম (স)-কে বলিতে শুনিয়াছেন, যখন তোমরা মুয়াযয্যিনের আযান শুনিতে পাইবে তখন অনুরূপ বলিবে। তাহারপর আমার প্রতি দুরূদ পাঠ করিবে। কেহ আমার প্রতি একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ তা'আলা তাহার প্রতি দশটি রহমত নাযিল করেন। তাহারপর আমার জন্য ওসীলার দু'আ করিবে। ইহা হইল জান্নাতের একটি মনযিল। ইহা আল্লাহ তা'আলার এক বিশেষ বান্দাকেই প্রদান করা হইবে। সেই বান্দা আমিই হইব আশা করি। যে ব্যক্তি আমার জন্য ওসীলার দু'আ করিবে তাহার জন্য আমার শাফা'আত অবধারিত হইবে (মুসলিম নং ৩৮৪)।

আবু সাঈদ (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: ওসীলা হইল আল্লাহ্ নির্ধারিত এমন একটি মাকাম যাহার উপর আর কোন মাকাম নাই। সুতরাং তোমরা আল্লাহ্র নিকট দু'আ কর যেন তিনি আমাকে ওসীলার মাকাম দান করেন (মুসনাদ আহমাদ, ৩খ., পৃ. ৮৩; আলবানীর মতে হাদীছটি সহীহ, সহীহ জামে সগীর, নং ৭০২৮)।

ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমরা আমার জন্য ওসীলার দু'আ কর। দুনিয়াতে যে ব্যক্তি আমার জন্য ওসীলার দু'আ করিবে, কিয়ামতের দিন আমি তাহার পক্ষে সাক্ষী হইব এবং তাহার জন্য সুপারিশ করিব (তাবারানীর আওসাত, ইব্‌ন আবী শায়বা; হাফিয হায়ছামী (র) বলেন, হাদীছটি ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন। ইহাতে ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক হাররানী নামক একজন রাবী আছেন। ইব্‌ন হিববান বলেন, তিনি নির্ভরযোগ্য রাবী। মাজমা'উয-যাওয়াইদ, ১খ., পৃ. ৩৩৩ দ্রষ্টব্য। নাসিরুদ্দীন আলবানীর মতে হাদীছটি সহীহ। সহীহ আল-জামে, নং ৩৫৩১)।

উবাদা ইবনুস সামিত (রা) হইতে বর্ণিত। নবী কারীম (স) বলেন: আল্লাহ আমাকে কিয়ামতের দিন জান্নাতুন নাঈম-এর এমন সুউচ্চ বালাখানায় স্থান দিবেন যে, আমার উপর কেবল আরশ বহনকারী ফেরেশতাগণই থাকিবে, আর কেহ নয় (খাসাইস গ্রন্থে আল্লামা সুয়ূতী (হাদীছটি বর্ণনা করিয়াছেন, ২খ., ৩৯০; উছমান ইব্‌ন সাঈদ কিতাবুর রদ্দ 'আলাল-জাহমিয়্যা গ্রন্থে উক্ত হাদীছটি বর্ণনা করিয়াছেন)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (দুই) মাকামে মাহমূদ

📄 (দুই) মাকামে মাহমূদ


কিয়ামতের দিন রাসূলুল্লাহ (স)-কে নানাভাবে সম্মানিত করা হইবে। এসব মর্যাদার ক্ষেত্রে তিনি স্বতন্ত্র। নবী-রাসূলগণের কেহ এই ক্ষেত্রে তাঁহার অংশীদার নাই এবং কেহ তাঁহার সমকক্ষও নহেন। ইহার মধ্যে একটি হইল মাকামে মাহমুদ। এই স্থানে রাসূলুল্লাহ (স) দণ্ডায়মান থাকিবেন। তাহারপর স্রষ্টা ও সৃষ্টি সকলে মিলিয়া তাঁহার প্রশংসা ও স্তুতি করিবেন। যেমন মহান আল্লাহ্ মহান বাণী : وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوداً . "এবং রাত্রির কিছু অংশে তুমি তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে” (১৭ঃ ৭৯)।

মাকামে মাহমুদের ব্যাখ্যায় তাফসীরকারদের একাধিক অভিমত রহিয়াছে। ইবন জারীর তাবারী (র) বলেন, অধিকাংশ উলামায়ে কিরামের মতে, মাকামে মাহমূদ হইল সেই স্থান যেখানে রাসূলুল্লাহ (স) কিয়ামতের দিন শাফা'আত করার জন্য দণ্ডায়মান হইবেন। এই শাফা'আতের উদ্দেশ্য হইল, আল্লাহ তা'আলা যেন কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা হইতে লোকদেরকে নিষ্কৃতি দেন (তাফসীরে ইবন জারীর, ১৫খ., পৃ. ৯৭)।

ইবন বাত্তাল (র) বলেন, জমহুর উলামায়ে কিরামের মতে, মাকামে মাহমূদ দ্বারা “শাফা'আত” বুঝানো হইয়াছে। আল্লামা ওয়াহিদী (র) এই ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করিয়া বলেন, এই বিষয়ে আলিমগণের ইজমা প্রতিষ্ঠিত হইয়াছে (ফাতহুল বারী, ১১খ., পৃ. ৪৩৪)। ইবন হাজার আসকালানী (র) “মাকামে মাহমূদ”-এর উভয়বিধ ব্যাখ্যা উল্লেখ করিয়া বলেন, অগ্রগণ্য মতানুসারে “মাকামে মাহমূদ” অর্থ ‘শাফা'আত' (ফাতহুল বারী, ১১খ., পৃ. ৪৩৫)।

হুযায়ফা ইনুল ইয়ামান (রা) মহান আল্লাহর বাণী : عَسَى أَنْ يُبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوداً -এর ব্যাখ্যায় বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে একই ময়দানে একত্র করা হইবে এবং একজন আহ্বানকারী এমনভাবে আহ্বান করিবে যে, সকলে তাহা শুনিতে পাইবে। এমনকি চোখ তাহাদেরকে উলঙ্গ মাথা ও খালি পা দেখিতে পাইবে, যেমন জন্মলগ্নে তাহাদের অবস্থা ছিল। তখন তাহারা নীরব থাকিবে। আল্লাহ্র অনুমতি ছাড়া কেহ কথা বলিতে সাহস করিবে না। এই অবস্থায় আহ্বানকারী বলিবে, হে মুহাম্মাদ! আমি বলিব, লাব্বায়ক, লাব্বায়ক। হে আল্লাহ! সমস্ত কল্যাণ তোমারই হাতে। কোন অকল্যাণের সংযোগ তোমার সহিত করা যায় না। তুমি যাহাকে হিদায়াত দান কর সে-ই হিদায়াত প্রাপ্ত হয়। তোমার আশ্রয় ব্যতীত নাজাতের জায়গা নাই। তুমি বরকতময় ও মহান। হে কা'বা গৃহের মালিক! তুমি মহিমান্বিত। বস্তুত ইহাই হইল মাকামে মাহমূদ, যে সম্বন্ধে আল্লাহ তা'আলা বলিয়াছেন : عسى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوداً . "অচিরে আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করিবেন মাকামে মাহমূদে" [মুসতাদরাক হাকেম, ২খ., পৃ. ৩৬৩; তাহার মতে হাদীছটি শায়খায়নের শর্তে উত্তীর্ণ। তবে তাঁহারা তাঁহাদের কিতাবে ইহা বর্ণনা করেন নাই। আল্লামা যাহাবীও অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন। আল্লামা তাবারী তৎপ্রণীত তাফসীর গ্রন্থে এই মতটি সমর্থন করিয়াছেন, ১৫খ., পৃ. ৯৮)। হাফিয ইব্‌ন হাজার (র) বলেন, ইমাম নাসাঈ (র) হাদীছটি সহীহ সনদে বর্ণনা করিয়াছেন; ফাতহুল বারী, ৮খ., পৃ. ২৫১)। মুসান্নাফ আবদুর রায্যাক মু'জামুত-তাবারানী, ইব্‌ন মান্দা প্রমুখ কিতাবুল ঈমানে বলেন, এই হাদীছের বিশুদ্ধতার ব্যাপারে ইমামগণের ইজমা প্রতিষ্ঠিত হইয়াছে। অধিকন্তু ইহার রাবীগণ নির্ভরযোগ্য (ফাতহুল বারী, ১১খ., পৃ. ৪৪৫]।

ইব্‌ন আব্বাস (রা) বলেন, "মাকামে মাহমূদ" হইল মাকামে শাফা'আত (শাফা'আতের স্থান)। এই হাদীছটি ইমাম ইব্‌ন জারীর তাবারী বর্ণনা করিয়াছেন (তাফসীরে তাবারী, ১১খ., পৃ. ৯৭; ইব্‌ন কাছীর, তাফসীর, ৩খ., পৃ. ৫৮; মুজাহিদ (র) ও হাসান (র)-ও অনুরূপ মতামত বর্ণনা করিয়াছেন)।

হাদীছে মাকামে মাহমূদের কথা কোথাও স্পষ্টভাবে, আবার কোথাও ইঙ্গিতে বর্ণনা করা হইয়াছে। জাবির (রা) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: যদি কোন ব্যক্তি আযানের আওয়াজ শুনিয়া নিম্নের দু'আটি পড়ে, তবে তাহার জন্য শাফা'আত করা আমার উপর ওয়াজিব হইবে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة ات محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. আবদুল্লাহ ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: কিয়ামতের দিন সূর্য নিকটবর্তী হইবে। ফলে ঘাম মানুষের কান পর্যন্ত পৌঁছিয়া যাইবে। এই অবস্থায় লোকেরা ক্রমান্বয়ে আদম (আ), মূসা (আ), মুহাম্মাদ (স)-এর নিকট সাহায্য প্রার্থনা করিবে। তখন তিনি শাফা'আত করিবেন যাহাতে বিচারকার্য শুরু করা হয়। তাহারপর রাসূলুল্লাহ (স) সামনে অগ্রসর হইয়া দরজার চৌকাঠ ধরিবেন। তখনই আল্লাহ তা'আলা তাঁহাকে মাকামে মাহমূদে প্রতিষ্ঠিত করিবেন এবং সমবেত সকলেই তাঁহার প্রশংসা করিবেন (বুখারী, ফাতহুল বারী, ৩খ., হাদীছ ১৪৭৫)।

আবদুল্লাহ ইবন উমার (রা) হইতে আরও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (স) বলেন, কিয়ামতের দিন লোকেরা দলে দলে উপস্থিত হইবে। প্রত্যেক উম্মত তাহাদের নিজ নিজ নবীর অনুসরণ করিবে। তাহারা বলিবে, হে অমুক নবী! আমাদের জন্য শাফা'আত করুন। অবশেষে বিষয়টি যাইতে যাইতে মহানবী (স) পর্যন্ত পৌঁছিবে। ইহা সেদিন হইবে যেদিন আল্লাহ তা'আলা তাঁহাকে মাকামে মাহমূদে প্রতিষ্ঠিত করিবেন (বুখারী, ফাতহুল বারী, ৮খ., হাদীছ নং ৪৭১৮)।

আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স)-কে ১৭: ৭৯ আয়াতে বর্ণিত "মাকামে মাহমূদ"-এর ব্যাখ্যা সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, ইহার মর্ম হইল শাফা'আত (তিরমিযী, হাদীছ নং ৩১৩৭; তাঁহার মতে হাদীছটি হাসান। মুসনাদে ইমাম আহমাদ, ২খ., পৃ. ৪৪৪-৪৭৮; তাফসীরে তাবারী, ১৫খ., পৃ. ৯৮)।

কা'ব ইবন মালিক (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: কিয়ামতের দিন লোকদেরকে হাশরের ময়দানে উঠানো হইবে। তখন আমি এবং আমার উম্মত টিলার উপর থাকিব। এই অবস্থায় আমার রব আমাকে এক জোড়া সবুজ কাপড় পরিধান করিতে দিবেন। তাহারপর আমাকে শাফা'আতের জন্য অনুমতি প্রদান করা হইবে। এই পর্যায়ে আল্লাহ্ যাহা ইচ্ছা করিবেন আমি তাহা বলিব। আর ইহাই হইল মাকামে মাহমূদ (মুসনাদে আহমাদ, ৩খ., পৃ. ৪৬৫; মাজমাউয যাওয়াইদ, হাফিয হায়ছামী, ৭খ., পৃ. ৫১; ইমাম আহমাদ যাহাদের সূত্রে হাদীছটি বর্ণনা করিয়াছেন তাঁহারা সকলেই নির্ভরযোগ্য। হাফিয হায়ছামী অন্যত্রও হাদীছটি বর্ণনা করিয়াছেন, ১০খ., পৃ. ৩৭৭; তাবারানী, মু'জামুল আওসাত ও মুজামুল কাবীর, মুসতাদরাক হাকেম, ৩খ., পৃ. ৩৬৩; তাঁহার মতে হাদীছটি সহীহ, বুখারী- মুসলিমের শর্তে উত্তীর্ণ। তবে তাঁহারা ইহা বর্ণনা করেন নাই। আল্লামা যাহবীও অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (তিন) শাফা'আতে কুরা ও অন্যান্য শাফা'আত

📄 (তিন) শাফা'আতে কুরা ও অন্যান্য শাফা'আত


কিয়ামতের দিন পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটি ময়দানে একত্র করা হইবে। সূর্য মাথার নিকটবর্তী হইয়া যাইবে, ইহার তাপমাত্রা কয়েক গুণ বৃদ্ধি পাইবে এবং পরিস্থিতি খুবই ভয়াবহ হইবে। ঘাম এত বেশী হইবে যে, সত্তর গজ নীচ পর্যন্ত এই ঘাম ঢুকিয়া পড়িবে। আর মাটির উপরে কাহারও মুখ পর্যন্ত, কাহারও কান পর্যন্ত ঘাম পৌঁছিয়া যাইবে। সেই দিনটি পঞ্চাশ হাজার বৎসরের সমান হইবে। মানুষ পায়ের উপর দাঁড়াইয়া অপলক নেত্রে তাকাইয়া থাকিবে এবং হৃদয় ফাটিয়া পড়ার উপক্রম হইবে। কেহ কোন কথা বলিবে না এবং নিজের প্রতি কাহারও লক্ষ্য থাকিবে না। মানুষের দুঃখ-কষ্ট অসহনীয় পর্যায়ে পৌঁছিবে। তখন তাহারা পরস্পর আলোচনা করিবে যেন কেহ তাহাদের জন্য সুপারিশ করেন। কিন্তু কোন নবীই তাহাদের জন্য সুপরিশ করিতে উদ্যোগী হইবেন না। সকলেই তাহাদেরকে ফেরত দিবেন এবং নিজেরা নাফসী নাফসী বলিতে থাকিবেন। তাঁহারা ইহাও বলিবেন, তোমরা অন্য কাহারও কাছে যাও। এমনি করিয়া শাফা'আতের বিষয়টি তখন রাসূলুল্লাহ (স)-এর নিকট গিয়া পৌঁছিবে। তখন তিনি এই ব্যাপারে পদক্ষেপ নিবেন এবং শাফা'আত করিবেন। অবশেষে আল্লাহ্ তা'আলা বিচারের ব্যবস্থা করিবেন। রাসূলুল্লাহ (স)-এর এই শাফাআতে কুবরা একমাত্র নবী কারীম (স)-এর বৈশিষ্ট্য। ইহাকেই মাকামে মাহমূদ বলে। আল্লামা ইব্‌ন হাজার আসকালানী (র) অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন। এই শাফা'আতের মাধ্যমেই হাশরের ময়দানে উপস্থিত মানুষ বিচারের বিভীষিকা ও হিসাবের ভয়াবহ পরিস্থিতি দেখিয়া পরিত্রাণ পাইবে (দ্র. ফাতহুল বারী, ৩খ., পৃ. ৩৯৮; হাদীছে এই সম্বন্ধে বিস্তারিত বিবরণ বিদ্যমান রহিয়াছে)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00