📄 (তের) তাঁহাকে চিরন্তন কিতাব দান করা হইয়াছে
আল্লাহ তা'আলা নবী-রাসূলগণের প্রত্যেককেই এমন কিছু মু'জিযা বা অলৌকিক ক্ষমতা দান করিয়াছেন, যাহা আল্লাহর পক্ষ হইতে তাঁহাদের আনীত আদর্শের সত্যতা ও বিশুদ্ধতার প্রমাণ বহন করে এবং যে সম্প্রদায়ের প্রতি তাঁহারা প্রেরিত হইয়াছিলেন, তাহাদের জন্য ছিল তাহাতে বিশদ যুক্তি ও প্রমাণ। তবে এই মু'জিযা ছিল সাময়িক। নবী-রাসূলগণের জীবদ্দশায়ই ঐসব মু'জিযার স্থায়িত্ব শেষ হইয়া গিয়াছে। আর আমাদের নবী মুহাম্মাদ (স)-এর সবচেয়ে বড় মু'জিযা, যাহা তাঁহারই একমাত্র বৈশিষ্ট্য, তাহা হইল মহাগ্রন্থ কুরআন মজীদ। এই কুরআন শাশ্বত ও চিরন্তন। কিয়ামত পর্যন্ত এই কিতাব সর্বকালের সর্বযুগের সকল স্তরের মানুষের জন্য সমভাবে অনুসরণীয়। ইহার ব্যাখ্যা-বিশ্লেষণ করিয়া শেষ করা যাইবে না। ইহার আশ্চর্যাবলী ও উপকারিতা বর্ণনা করিয়াও খতম করা যাইবে না। আল্লাহ তা'আলা নিজেই এই কিতাবের হেফাজতের দায়িত্ব গ্রহণ করিয়াছেন। তাই এই কিতাব সকল প্রকার পরিবর্তন, পরিবর্ধন ও রদবদল হইতে চিরসংরক্ষিত (ফুসূল, পৃ. ২৮৭; খাসাইস আফদালিল মাখলুকীন, পৃ. ৩৯৮; খাসাইসুল কুবরা, ২খ., পৃ. ৩১৫-১৮)।
শায়খ ইব্ন আবদুস সালাম (র) বলেন, প্রত্যেক নবীর মু'জিযা তাঁহার বিদায়ের সঙ্গে সঙ্গেই নিঃশেষ হইয়া গিয়াছে। কিন্তু আমাদের নবী সায়্যিদুল আওয়ালীন ওয়াল-আখিরীন-এর মু'জিযা হইল কুরআন মজীদ। এই মু'জিযা শাশ্বত, চিরন্তন। তাহা কিয়ামত পর্যন্ত কায়েম থাকিবে (গায়াতুস সুউল ফী তাফদীলির রাসূল, পৃ. ৩৯)। এই কারণেই আল্লাহ্ তা'আলা ইহার প্রতিটি শব্দ সংরক্ষণ করিয়াছেন। যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হইয়া চেষ্টা করিয়া ইহার মধ্যে কোন অক্ষর বাড়াইতে বা কমাইতে চায় তবে তাহারা তাহা করিতে সক্ষম হইবে না। পক্ষান্তরে তাহারা ইনজীলে কি পরিমাণ রদবদল করিয়াছে; তাহা কাহারও নিকট অস্পষ্ট নয় (ঐ, পৃ. ৭০)। কুরআন মজীদে এই বিষয়ে মহান আল্লাহর বাণী: إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَفِظُونَ. "আমিই কুরআন নাযিল করিয়াছি এবং অবশ্যই আমি ইহার সংরক্ষক” (১৫ঃ ৯)।
আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। নবী কারীম (স) বলেন: প্রত্যেক নবীকে কিছু আয়াত বা নিদর্শন প্রদান করা হইয়াছে। কিন্তু রাসূলুল্লাহ (স)-এর প্রতি নাযিলকৃত আয়াতের উপর যে পরিমাণ মানুষ ঈমান আনিয়াছে, কোন নবীর উপর নাযিলকৃত আয়াতের উপর সে পরিমাণ মানুষ ঈমান আনে নাই। আমাকে যাহা দেওয়া হইয়াছে, তাহা তো ওহী, যাহা আল্লাহ তা'আলা আমার প্রতি প্রত্যাদেশ করিয়াছেন। কিয়ামতের দিন আমার অনুসারীদের সংখ্যা অন্যান্যদের তুলনায় অধিক হইবে বলিয়া আমি আশাবাদী, বুখারী, ফাতহুল বারী, ৮ম খণ্ড, হাদীছ নং ৪৯৭১; মুসলিম, হাদীছ নং ১৫২)।
হাফিয ইবন হাজার আসকালানী (র) বলেন, নবী কারীম (স) বলিয়াছেন: "কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা অন্যদের তুলনায় অধিক হইবে বলিয়া আমি আশাবাদী"। এই বাক্য দ্বারা কুরআন মজীদের চিরন্তন মু'জিযার কথা প্রতীয়মান হয়। যেহেতু কুরআনের মধ্যে দাওয়াত, প্রমাণাদি এবং ভবিষ্যত সম্পর্কীয় ঘটনাবলীর উল্লেখ রহিয়াছে, তাই উপস্থিত ও অনুপস্থিত সকলের জন্যই ইহার উপকারিতা অনেক ও ব্যাপক। ইহাতে বুঝা যায়, রাসূলুল্লাহ (স)-এর অনুসারীর সংখ্যা বেশি হওয়াই যুক্তিযুক্ত (ফাতহুল বারী, ৮ম খণ্ড, পৃ. ৬২৩)।
হাসান বসরী (র) আল্লাহ্র বাণী- لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٌ. -এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ তা'আলা কুরআন মজীদকে শয়তান হইতে সংরক্ষণ করিয়াছেন। ফলে শয়তান ইহাতে কোন বাতিল কথা সংযোজন করিতে এবং কোন হক কথা কমাইতে সক্ষম নয় (খাসাইস, ২খ., পৃ. ৩১৬; তাফসীর ইবন জারীর, ২৪খ., পৃ. ৭৯)।
📄 (চৌদ্দ) ইস্রা ও মি'রাজ
রাসূলুল্লাহ (স) যেসব বৈশিষ্ট্যের ক্ষেত্রে অন্যান্য নবী-রাসূল হইতে স্বতন্ত্র, উহার মধ্যে মি'রাজের ঘটনাও অন্তর্ভুক্ত (শিফা, ১ম খণ্ড, পৃ. ৩৪৩; ফুসূল, পৃ. ২৮৭; খাসাইসুল কুবরা, ১ম খণ্ড, পৃ. ২৫২)। বস্তুত পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা তথা বায়তুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ (স)-এর এই সফর রজনীযোগে সশরীরে জাগ্রত অবস্থায় হইয়াছিল। ইহাকে বলা হয় ইস্রা। তারপর সেখান হইতে তাঁহাকে সিদরাতুল মুনতাহায় এবং তথা হইতে আল্লাহ্র ইচ্ছামত আরও উর্ধ্বলোকে আরোহণ করানো হয়। পরিভাষায় ইহাকে মি'রাজ বলা হয়। আর তিনি ঐ রাত্রেই সফর শেষ করিয়া পুনরায় মক্কা ফিরিয়া আসেন। মি'রাজ গমনের এই মহান সফরে রাসূলুল্লাহ (স)-কে বিভিন্ন ধরনের অলৌকিক নিদর্শন প্রদর্শন করা হয়। যেমন আল্লাহ তা'আলার সঙ্গে সরাসরি কথোপকথন, তাঁহার উপর নামায ফরয হওয়া, আল্লাহ তা'আলার নিদর্শনাবলী প্রত্যক্ষকরণ এবং বায়তুল মুকাদ্দাসে নবী-রাসূলগণের নামাযে ইমামতি করা। ইহা দ্বারা প্রমাণিত হয় যে, তিনিই হইলেন নবী-রাসূল সকলের ইমাম (তাফসীরে ইব্ন কাছীর, ৩য় খণ্ড, পৃ. ৩)।
ইস্রার বিষয়টি যেমন কুরআন মজীদের স্পষ্ট বর্ণনার দ্বারা প্রমাণিত, তেমনি মি'রাজের বিষয়টিও মুতাওয়াতির হাদীছ দ্বারা প্রমাণিত। কুরআন মজীদে বলা হইয়াছে: سُبْحَنَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا الَّذِي بُرَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ أَيْتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ. "পবিত্র ও মহিমময় তিনি যিনি তাঁহার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করাইয়াছিলেন আল-মসজিদুল হারাম হইতে আল-মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা" (১৭:১)। وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى عَلَمَهُ شَدِيدُ الْقُوى. ذُو مِرَّةٍ فَاسْتَوى. وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى. فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى أَفَتُمَارُونَهُ عَلَى مَا يَرَى وَلَقَدْ رَأَهُ نَزَّلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى عِنْدَهَا جَنَّةُ الْمَاوَى إِذْ يَغْشَى السَّدْرَةَ مَا يَغْشَى مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى. لَقَدْ رَأَى مِنْ أَيْتِ رَبِّهِ الْكُبْرَى. "এবং সে মনগড়া কথাও বলে না। ইহা তো ওহী যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়, তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী, প্রজ্ঞাসম্পন্ন। সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল, তখন সে ঊর্ধ্বদিগন্তে, অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী। ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রহিল অথবা উহারও কম। তখন আল্লাহ তাঁহার বান্দার প্রতি যাহা ওহী করিবার তাহা ওহী করিলেন। যাহা সে দেখিয়াছে, তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই। সে যাহা দেখিয়াছে তোমরা কি সেই বিষয়ে তাহার সংগে বিতর্ক করিবে? নিশ্চয় সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট, যাহার নিকট অবস্থিত জান্নাতুল মা'ওয়া। যখন বৃক্ষটি যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত; তাহার দৃষ্টিবিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়াছিল" (৫৩:৩-১৮)।"
আনাস ইবন মালিক (রা) হইতে বর্ণিত। মালিক ইবন সা'সা'আ (রা) তাঁহাকে বলিয়াছেন, নবী কারীম (স) তাহাদেরকে সেই রাতের ঘটনাবলী বর্ণনা করিয়াছেন যে রাতে তাহাকে ভ্রমণ করানো হইয়াছিল। তিনি বলেন, একদা আমি কা'বার হাতীমে ছিলাম, বা হিজরে শুইয়াছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট আসেন এবং আমার এই স্থান হইতে সেই স্থানের মধ্যবর্তী অংশটি চিরিয়া ফেলেন। রাবী বলেন, আমি আমার পার্শ্বে বসা জারূদ (র)-কে জিজ্ঞাসা করিলাম, ইহার দ্বারা কি বুঝিয়াছেন? তিনি বলেন, কণ্ঠনালীর নিম্নদেশ হইতে নাভী পর্যন্ত। কাতাদা (র) বলেন, আমি আনাস (রা)-কে বলিতে শুনিয়াছি, বুকের উপরিভাগ হইতে নাভীর নীচ পর্যন্ত। তাহার পর নবী (স) বলেন, আগন্তুক আমার হৃদপিণ্ডটি বাহির করিলেন। তাহার পর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হয় যা ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। তাহার পর আমার হৃদপিণ্ডটি যমযমের পানি দ্বারা ধৌত করা হয় এবং ঈমান দ্বারা পূর্ণ করিয়া তাহা যথাস্থানে পুনরায় রাখিয়া দেওয়া হয়। তাহার পর সাদা রং-এর একটি জন্তু আমার নিকট আনা হয় যাহা আকারে খচ্চর হইতে ছোট ও গাধা হইতে বড় ছিল। জারূদ (র) তাঁহাকে বলিলেন, হে আবু হামযা! ইহাই কি বুরাক? জবাবে আনাস (রা) বলিলেন, হাঁ। সে প্রতি কদম রাখে দৃষ্টির শেষ প্রান্তে। রাসূলুল্লাহ (স) বলেন, তাহার পর আমাকে সওয়ার করানো হয়। ইহার পর জিবরাঈল (আ) আমাকে নিয়া চলিলেন। প্রথম আসমানের নিকট আসিয়া দরজা খুলিয়া দিতে বলিলে জিজ্ঞাসা করা হয়, কে? তিনি বলিলেন, জিবরাঈল। আবার জিজ্ঞাসা করা হয়, আপনার সঙ্গে কে? তিনি বলেন, মুহাম্মাদ (স)। আবার জিজ্ঞাসা করা হয়, তাঁহাকে কি ডাকিয়া পাঠানো হইয়াছে? তিনি বলেন, হাঁ। তখন বলা হয়, তাঁহার জন্য খোশআমদেদ! উত্তম আগমনকারীর আগমন ঘটিয়াছে। তাহারপর দরজা খুলিয়া দেওয়া হইল। আমি যখন প্রথম আকাশে পৌঁছিলাম তখন তথায় হযরত আদম (আ)-এর সাক্ষাত পাইলাম। জিবরাঈল (আ) আমাকে বলিলেন, ইনি আপনার আদি পিতা আদম (আ)। আপনি তাঁহাকে সালাম করুন। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বলিলেন, নেককার পুত্র নেককার নবীকে খোশআমদেদ! তাহারপর তিনি উপরের দিকে চলিয়া দ্বিতীয় আসমানে পৌঁছিয়া দরজা খুলিয়া দিতে বলিলেন। জিজ্ঞাসা করা হইল, কে? তিনি বলিলেন, জিবরাঈল। বলা হইল, সঙ্গে কে? তিনি বলিলেন, মুহাম্মাদ (স)। বলা হইল, তাঁহাকে কি ডাকিয়া পাঠানো হইয়াছে? তিনি উত্তর দিলেন, হাঁ! তাহারপর বলা হইল, তাহাকে খোশআমদেদ! উত্তম আগমনকারীর আগমন হইয়াছে। তাহারপর দরজা খুলিয়া দেওয়া হইল। আমি যখন তথায় পৌঁছিলাম তখন ইয়াহ্ইয়া ও ঈসা (আ)-এর সাক্ষাত পাইলাম। তাঁহারা দুইজন ছিলেন খালাত ভাই। তিনি বলিলেন, তাঁহারা হইলেন ইয়াহইয়া ও ঈসা (আ)। তাঁহাদের প্রতি সালাম করুন। আমি সালাম করিলাম। তাঁহারা আমার সালামের জবাব দিলেন এবং বলিলেন, নেককার ভাই এবং নেককার নবীকে খোশআমদেদ।
অতঃপর তিনি আমাকে লইয়া তৃতীয় আসমানের দিকে চলিলেন। সেখানে পৌঁছিয়া জিবরাঈল (আ) বলিলেন, দরজা খুলিয়া দাও। তাঁহাকে বলা হইল, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি জিবরাঈল। আবার জিজ্ঞাসা করা হইল, আপনার সঙ্গে কে? তিনি বলিলেন, মুহাম্মাদ (স)। জিজ্ঞাসা করা হইল, তাঁহাকে কি ডাকিয়া পাঠানো হইয়াছে? তিনি বলিলেন, হাঁ। বলা হইল, তাঁহাকে খোশআমদেদ! উত্তম আগমনকারীর আগমন হইয়াছে। অতঃপর দরজা খুলিয়া দেওয়া হইল। আমি তথায় পৌঁছিয়া ইউসুফ (আ)-কে দেখিতে পাইলাম। সালাম বিনিময়ের পর ইউসুফ বলিলেন, নেককার ভাই এবং নেককার নবীকে খোশআমদেদ। অতঃপর জিবরাঈল (আ) আমাকে নিয়া ঊর্ধ্ব যাত্রা করিলেন এবং চতুর্থ আসমানে পৌঁছিলেন, আর (ফেরেশতাকে) দরজা খুলিয়া দিতে বলিলেন। জিজ্ঞাসা করা হইল, আপনি কে? তিনি বলিলেন, জিবরাঈল। জিজ্ঞাসা করা হইল, আপনার সঙ্গে কে? তিনি বলিলেন, মুহাম্মাদ (স)। জিজ্ঞাসা করা হইল, তাঁহাকে কি ডাকিয়া পাঠানো হইয়াছে? তিনি বলিলেন, হাঁ। তখন বলা হইল, তাঁহাকে খোশআমদেদ। উত্তম আগমনকারীর আগমন হইয়াছে। তখন দরজা খুলিয়া দেওয়া হইল। আমি তথায় পৌঁছিলে ইদরীস (আ)-এর সঙ্গে সাক্ষাৎ হইল। জিবরাঈল (আ) বলিলেন, তিনি ইদরীস (আ), তাঁহাকে সালাম করুন। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনি আমার সালামের জবাব দিলেন এবং বলিলেন, নেককার ভাই এবং নেককার নবীকে খোশআমদেদ। অতঃপর তিনি আমাকে লইয়া ঊর্ধ্বযাত্রা করিয়া পঞ্চম আসমানে পৌঁছিয়া দরজা খুলিতে বলিলেন। জিজ্ঞাসা করা হইল, আপনি কে? তিনি বলিলেন, জিবরাঈল। জিজ্ঞাসা করা হইল, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মাদ (স)। জিজ্ঞাসা করা হইল, তাঁহার জন্য কি পাঠানো হইয়াছিল? তিনি বলিলেন, হাঁ। তখন বলা হইল, তাঁহার প্রতি খোশআমদেদ। উত্তম আগমনকারী আগমন করিয়াছেন। তখন দবজা খুলিয়া দেয়া হইল। আমি তথায় পৌঁছিয়া হারূন (আ)-এর সাক্ষাৎ পাইলাম। জিবরাঈল (আ) বলিলেন, ইনি হারুন (আ)। তাঁহাকে সালাম করুন। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনিও জবাব দিলেন এবং বলিলেন, নেককার ভাই এবং নেককার নবীর প্রতি খোশআমদেদ। তারপর তিনি আমাকে লইয়া যাত্রা করিয়া ষষ্ঠ আকাশে পৌঁছিয়া দরজা খুলিতে বলিলেন। তাঁহাকে বলা হইল, আপনি কে? তিনি বলিলেন, জিবরাঈল। জিজ্ঞাসা করা হইল, আপনার সঙ্গে কে? তিনি বলিলেন, মুহাম্মাদ (স)। বলা হইল, তাঁহার জন্য কি পাঠানো হইয়াছিল? তিনি বলিলেন, হাঁ। ফেরেশতা বলিলেন, তাঁহার প্রতি খোশআমদেদ। উত্তম আগমনকারী আগমন করিয়াছেন। তথায় পৌঁছিয়া আমি মূসা (আ)-কে দেখিতে পাইলাম। জibraील (আ) বলিলেন, তিনি মূসা (আ)। তাঁহাকে সালাম করুন। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনি জবাব দিলেন এবং বলিলেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশআমদেদ। তারপর আমি যখন সামনে অগ্রসর হইলাম, তখন তিনি কাঁদিয়া ফেলিলেন। তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কিসের জন্য কাঁদিতেছেন? তিনি বলিলেন, আমি এজন্য কাঁদিতেছি যে, আমার পর একজন যুবককে নবী বানাইয়া পাঠানো হইয়াছে; যাঁহার উম্মত আমার উম্মত হইতে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করিবে।
তারপর জিবরাঈল (আ) আমাকে লইয়া সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলিয়া দিতে বলিলেন। জিজ্ঞাসা করা হইল, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি জিবরাঈল। আবার জিজ্ঞাসা করা হইল, আপনার সঙ্গে কে? তিনি বলিলেন, মুহাম্মাদ (স)। জিজ্ঞাসা করা হইল, তাঁহার জন্য পাঠানো হইয়াছিল কি? তিনি বলিলেন, হাঁ। বলা হইল, তাঁহার প্রতি খোশআমদেদ। উত্তম আগমনকারী আগমন করিয়াছেন। আমি সেখানে পৌঁছিয়া ইবরাহীম (আ)-কে দেখিতে পাইলাম। জিবরাঈল (আ) বলিলেন, তিনি আপনার পিতা ইবরাহীম। তাঁহাকে সালাম করুন। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বলিলেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশআমদেদ। তারপর আমাকে সিদরাতুল মুনতাহায় উঠানো হইল। দেখিতে পাইলাম, ইহার ফল হাজার অঞ্চলের মশকের ন্যায় বৃহৎ এবং পাতাগুলি হাতির কানের মত। আমাকে বলা হইল, ইহা সিদরাতুল মুনতাহা (জড় জগতের শেষ প্রান্ত)। সেখানে আমি চারটি নহর দেখিতে পাইলাম—যাহাদের দুইটি ছিল অপ্রকাশ্য এবং দুইটি ছিল প্রকাশ্য। আমি জিবরাঈল (আ)-কে জিজ্ঞাসা করিলাম, এই নহরগুলি কি? তিনি বলিলেন, অপ্রকাশ্য দুইটি হইল জান্নাতের দুইটি নহর। আর প্রকাশ্য দুইটি হইল নীল ও ফুরাত নদী।
তারপর আমার সামনে বায়তুল মা'মূর প্রকাশ করা হইল। অতঃপর আমার সামনে একটি মদের পাত্র, একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র পরিবেশন করা হইল। আমি দুধের পাত্রটি গ্রহণ করিলাম। তখন জিবরাঈল (আ) বলিলেন, ইহাই ফিতরাত (দীন ইসলাম)। আপনি এবং আপনার উম্মতগণ ইহার উপর প্রতিষ্ঠিত। তাহার পর আমার উপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করা হইল। অতঃপর আমি ফিরিয়া আসিলাম। পথিমধ্যে মূসা (আ)-এর সামনে দিয়া যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনাকে কি আদেশ করা হইয়াছে? রাসূলুল্লাহ (স) বলিলেন আমাকে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামায আদায়ের আদেশ করা হইয়াছে। তিনি বলিলেন, আপনার উম্মত দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামায আদায় করিতে সক্ষম হইবে না। আল্লাহ্র কসম! আমি আপনার আগে লোকদেরকে পরীক্ষা করিয়াছি এবং বনী ইসরাঈলের হিদায়াতের জন্য কঠোর পরিশ্রম করিয়াছি। তাই আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরিয়া যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আবেদন করুন। অতএব আমি ফিরিয়া গেলাম। ফলে তিনি আমার উপর হইতে দশ ওয়াক্ত নামায হ্রাস করিয়া দিলেন।
আমি আবার মূসা (আ)-এর নিকট ফিরিয়া আসিলাম। তিনি আবার আগের মত বলিলেন। আমি আবার ফিরিয়া গেলাম। ফলে আল্লাহ্ তা'আলা আরও দশ ওয়াক্ত নামায কমাইয়া দিলেন। ফেরার পথে মূসা (আ)-এর নিকট পৌঁছিলে তিনি আবার পূর্বোক্ত কথা বলিলেন। আমি পুনরায় ফিরিয়া গেলাম। আল্লাহ্ তা'আলা আরও দশ ওয়াক্ত হ্রাস করিলেন। আমি মূসা (আ)-এর নিকট ফিরিয়া আসিলাম। তিনি আবার ঐ কথাই বলিলেন। আমি আবার ফিরিয়া গেলাম। তখন আমাকে প্রতি দিন দশ ওয়াক্ত নামায আদায়ের আদেশ দেওয়া হইল। আমি মূসা (আ)-এর নিকট ফিরিয়া আসিলে তিনি বলিলেন, আপনাকে কি আদেশ দেওয়া হইয়াছে? আমি বলিলাম: আমাকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের আদেশ দেওয়া হইয়াছে। মূসা (আ) বলিলেন, আপনার উম্মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করিতেও সক্ষম হইবে না। আমি আপনার পূর্বে লোকদেরকে পরীক্ষা করিয়াছি এবং বনী ইসরাঈলের হিদায়াতের জন্য আপ্রাণ চেষ্টা করিয়াছি। সুতরাং আপনি আপনার রবের নিকট ফিরিয়া যান এবং আপনার উম্মতের জন্য আরও হালকা করার আবেদন করুন। রাসূলুল্লাহ (স), বলিলেন, আমি আমার রবের নিকট অনেকবার প্রার্থনা করিয়াছি। এখন আমি লজ্জাবোধ করিতেছি। আমি ইহাতেই সন্তুষ্ট হইয়াছি এবং তাহা মানিয়া লইয়াছি। তাহার পর তিনি বলিলেন, আমি যখন মূসা (আ)-কে অতিক্রম করিয়া অগ্রসর হইলাম তখন জনৈক ঘোষণাকারী ঘোষণা করিল, আমি আমার অবশ্য পালনীয় আদেশটি জারী করিয়া দিলাম (বুখারী, ফাতহুল বারী, ৭খ., হাদীছ নং ৩৮৮৭; মুসলিম, হাদীছ নং ১৬৪)।
📄 নবী-রাসূলগণের সালাতে ইমামতি করার প্রমাণ
আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: "আমি 'হিজর'-এ ছিলাম। তখন কুরায়শের লোকেরা আমাকে আমার মি'রাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিয়াছিল। তাহারা আমাকে বায়তুল মুকাদ্দাসের এমন সব বিষয়াদি সম্বন্ধে প্রশ্ন করিয়াছিল, যাহা আমার জানা ছিল না। ইহাতে আমার এমন পেরেশানী হয় যাহা আর কখনও হয় নাই। তখন আল্লাহ তা'আলা বায়তুল মুকাদ্দাসকে আমার সামনে এমনভাবে তুলিয়া ধরেন যে, আমি তাহা চাক্ষুষ দেখিতেছিলাম। তাহারপর তাহারা আমাকে যে প্রশ্নই করিল আমি তাহা স্পষ্টভাবে বলিয়া দিয়াছি। সেই রাত্রে আমি নবীগণের জামা'আতের মধ্যে ছিলাম এবং মূসা (আ)-কে দেখিয়াছি, তিনি দাঁড়াইয়া নামায পড়িতেছিলেন। তিনি ছিলেন হালকা-পাতলা দেহবিশিষ্ট এবং তাঁহার মাথার চুলগুলি কোকড়ানো ছিল। মনে হইল তিনি যেন ইয়ামান দেশীয় শানুআ গোত্রের একজন লোক। সেই রাতে আমি ঈসা (আ)-কেও দাঁড়াইয়া নামায আদায় করিতে দেখিয়াছি। তাঁহাকে দেখিতে উরওয়া ইবন মাসউদ ছাকাফীর মত মনে হইল। ইবরাহীম (আ)-কেও দাঁড়াইয়া নামায আদায় করিতে দেখিয়াছি। তাঁহাকে দেখিতে অনেকটা তোমাদের সাথী তথা আমার মতই। তাহারপর নামাযের ওয়াক্ত হইলে আমি তাহাদের সকলের ইমামতি করিলাম। নামাযান্তে কোন একজন বলিলেন, হে মুহাম্মাদ! ইনি জাহান্নামের তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত দারোগা মালিক। তাহাকে সালাম করুন। আমি তাহার প্রতি তাকাইতেই তিনি আমাকে সালাম করিলেন (মুসলিম, হাদীছ নং ১৭২)।
📄 যাহা আখিরাতে কেবল রাসূলুল্লাহ (স)-এর জন্যই প্রযোজ্য হইবে
আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (স)-কে আখিরাতে এমন কতিপয় বৈশিষ্ট্য দ্বারা সম্মানিত করিবেন, যাহা কেবল তাঁহার জন্যই প্রযোজ্য হইবে। অন্য কোন নবী-রাসূলকে প্রদান করা হইবে না। ইহাতে আল্লাহ্র নিকট রাসূলুল্লাহ (স)-এর বিশেষ মর্যাদা প্রতীয়মান হয়। ইহার মধ্যে ওসীলা, ফাদীলা, হাওযে কাওছার, লিওয়াউল হামদ ইত্যাদি অন্তর্ভুক্ত।