📄 খাসাইস সম্পর্কে জানার উপকারিতা
যেসব বৈশিষ্ট্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ (স) একক ও অনন্য, যাহা কোন নবী-রাসূলের মধ্যে নাই, এগুলি সম্বন্ধে অবগত হওয়ার এবং আল্লাহ্ তা'আলা তাঁহার প্রতি যে অনুগ্রহ করিয়াছেন যাহা তাঁহার চিরসম্মানিত হওয়ার পরিচায়ক এগুলি সম্পর্কে অবহিত হওয়ার মধ্যে বহুবিধ উপকারিতা নিহিত রহিয়াছে। এগুলি সম্বন্ধে জানার দ্বারা মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়; রাসূলুল্লাহ্ (স)-এর প্রতি ভালবাসা ও ইয়াকীন বৃদ্ধি পায়। মুসলিম ব্যক্তি অমুসলিমকে রাসূলুল্লাহ্ (স)-এর এই সব অবস্থাদি পড়ার জন্য আহবান জানাইতে পারে। ফলে যদি উক্ত ব্যক্তি ইনসাফপরায়ণ হয় তবে সেও রাসূলুল্লাহ্ (স)-এর প্রতি ঈমান আনিবে, তাঁহাকে ও তাঁহার আনীত মতাদর্শকে সত্য বলিয়া জ্ঞান করিবে। আরেকটি বিশেষ ফায়দা হইল, এগুলি যে রাসূলুল্লাহ্ (স)-এর বৈশিষ্ট্য তাহা জানা ও অন্যদের কাছে তাহা বর্ণনা করা। সাথে সাথে একথা জ্ঞান করা যে, এসব ব্যাপারে তাঁহাকে ব্যতীত অপর কারও অনুসরণ করা যায় না। হাফিয ইবন হাজার আসকালানী (র) সাওমে বিসাল (ইফতারের সময় যৎসামান্য পানাহার করিয়া একাধারে কয়েক দিন রোযা রাখা)-এর নিষেধাজ্ঞা সম্বলিত হাদীছ বর্ণনা করিয়া বলেন, এই হাদীছ হইতে একথা প্রতীয়মান হয় যে, কোন কোন আমল এমনও রহিয়াছে যাহা কেবল রাসূলুল্লাহ (স)-এর জন্যই নির্দ্ধারিত এবং তাঁহার ক্ষেত্রেই প্রযোজ্য। উল্লেখ্য যে, সাওমে বিসালের এই আমল: لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أَسْوَةٌ حَسَنَةٌ. "নিশ্চয় আল্লাহ্র রাসূলের মধ্যে রহিয়াছে তোমাদের জন্য উত্তম আদর্শ” (৩৩: ২১) আয়াতের সাধারণ নির্দেশের ব্যক্তিক্রম। অর্থাৎ তাঁহার এই আমলটি উম্মতের জন্য অনুসরণীয় নয় (ফাতহুল বারী, ৪খ., পৃ. ২৪২)। এইসব খাসাইস সহীহ দলীলের দ্বারা প্রমাণিত হওয়া অপরিহার্য (আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যা, ১খ., ৩৮৬; ইরাকীর সূত্রে বর্ণিত)। এ কানুনের ভিত্তিতেই আমি এই গ্রন্থে খাসাইস সম্পর্কিত বিষয়ই লিপিবদ্ধ করিয়াছি। ইহা করিতে গিয়া ক্ষেত্রবিশেষে আমি কোন কোন রিওয়ায়াত বর্জন করিয়াছি যাহা সহীহ দলীলাদির ভিত্তিতে রাসূলুল্লাহ (স)-এর খাসাইস হওয়া প্রমাণিত নয়।
📄 এমন বৈশিষ্ট্যসমূহ যাহা কেবল রাসূলুল্লাহ্ (স)-এর ক্ষেত্রে প্রযোজ্য
আল্লাহ্ তা'আলা তাঁহার বান্দা ও রাসূল হযরত মুহাম্মাদ (স)-এর মর্যাদা ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে তাঁহাকে এমন বৈশিষ্ট্যসমূহ দ্বারা অভিষিক্ত করিয়াছেন যাহা আল্লাহর নিকট তাঁহার মহামর্যাদাবান হওয়ার পরিচায়ক।
📄 খাসাইস বা বৈশিষ্ট্যের প্রকারভেদ
মৌলিকভাবে রাসূলুল্লাহ (স)-এর বৈশিষ্ট্যসমূহ দুই প্রকার: (১) এমন বৈশিষ্ট্যসমূহ যাহা কেবল রাসূলুল্লাহ (স)-এর মধ্যে পাওয়া যায় বা কেবল তাঁহার ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোন নবী-রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। (২) এমন বৈশষ্ট্যসমূহ যাহা কেবল রাসূলুল্লাহ্ (স)-এর ক্ষেত্রে প্রযোজ্য, উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য নয়; তবে পূর্ববর্তী নবীগণের কাহারও মধ্যে উহা বিদ্যমান থাকিতে পারে।
📄 অন্য কোন নবী-রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়
এই অধ্যায়ের কোনো টেক্সট এই ফাইলের মধ্যে পাওয়া যায়নি।