📄 হুদায়বিয়ার শুষ্ক কূপে পানির প্রবাহ
عن جابر بن عبد الله قال عطش الناس يوم الحديبية والنبي ﷺ وبين يديه ركوة فتوضا جهش الناس نحوه فقال ما لكم قالوا ليس عندنا ماء نتوضا ولا نشرب الا ما بين يديك فوضع يديه في الركوة فجعل الماء يثور بين اصابعه كامثال العيون فشربنا وتوضأنا قلت كم كنتم قال لو كنا مائة الف لكفانا كنا خمس عشرة مائة
"হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) বলেন, হুদায়বিয়ার দিন লোকজন তৃষ্ণায় কাতর হইয়া পড়িল। নবী (স)-এর নিকট চামড়ার একটি পাত্রে অতি সামান্য পানি ছিল। তিনি তাহা হইতে উযূ করিতে আরম্ভ করিলেন। তখন লোকজন দ্রুত তাঁহার নিকট উপস্থিত হইল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কি হইয়াছে? তাহারা বলিল, আমাদের নিকট পান করার বা উযূ করার মত পানি নাই। তবে এতটুকুই আছে যাহা আপনার সামনে রহিয়াছে। রাসূলুল্লাহ (স) তাঁহার হাত পাত্রের মধ্যে রাখিলেন। দেখা গেল, তাঁহার আঙ্গুলসমূহের মধ্য হইতে পানি প্রবাহিত হইতেছে, যেমন ঝর্ণা প্রবাহিত হয়। তাহা হইতে আমরা পান করিলাম এবং উযূ করিলাম। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আপনারা কত জন ছিলেন? তিনি বলেন, যদি আমরা এক লক্ষও হইতাম, তাহা হইলেও আমাদের জন্য উহা যথেষ্ট হইত। তবে আমরা সংখ্যায় ছিলাম পনের শত (আল-বুখারী, আস-সাহীহ, হাদীছ নং ৩৫৭৬, পৃ. ৭৩৩; মিশকাতুল মাসাবীহ, হাদীছ নং ৫৮৮২, ৩খ., পৃ. ১৬৪৭)।
عن البراء قال كنا يوم الحديبية اربع عشرة مائة والحديبية بئر ننزحناها حتى لم نترك فيها قطرة فجلس النبي الله على شفير البئر فدعا بماء فمضمض ومج في البئر فمكثنا غير بعيد ثم استقينا حتى روينا وروت او صدرت ركائبنا .
"হযরত আল-বারাআ (রা) বলেন, হুদায়বিয়ার দিন আমরা চৌদ্দ শত লোক রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে ছিলাম। হুদায়বিয়া একটি কূপের নাম। আমরা উহার সমস্ত পানি তুলিয়া ফেলিলাম, এমনকি এক বিন্দু পানিও অবশিষ্ট ছিল না। তখন রাসূলুল্লাহ (স) কূপের পাদদেশে বসিলেন এবং কিছু পানি নিয়া আসিতে আদেশ করিলেন। তিনি সেই পানি হইতে কুলি করিলেন এবং কূপের ভিতর তাহা নিক্ষেপ করিলেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করিতেই সহসা কূপের পানি উথলাইয়া উঠিল। তারপর আমরা পান করিলাম এবং আমাদের সমস্ত উটের প্রয়োজন পূর্ণ হইল” (আল-বুখারী, আস-সাহীহ, হাদীছ নং ৩৫৭৭, পৃ. ৭৩৩; কিতাবুল মানাকিব, মিশকাতুল মাসাবীহ, হাদীছ নং ৫৮৮৩, ৩খ., পৃ. ১৩৪৭)।