📘 সীরাত বিশ্বকোষ > 📄 দ্বিখণ্ডিত চাঁদ দর্শনে মুশরিকদের প্রতিক্রিয়া

📄 দ্বিখণ্ডিত চাঁদ দর্শনে মুশরিকদের প্রতিক্রিয়া


মুশরিকদের মু'জিযা প্রদর্শনের দাবির চাঁদ দ্বিখণ্ডিত হইলে তাহাদের মধ্যে যে সকল প্রতিক্রিয়া দেখা দিয়াছিল তাহা আল-কুরআনুল কারীম প্রকাশ করিয়াছে: وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَا لَهُمْ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ وَإِنْ يَرَوْا أَيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ .
"তাহারা যদি কোন মু'জিযা দেখে তবে মুখ ফিরাইয়া নেয় এবং বলে, এটা তো চিরায়ত যাদু। তাহারা সত্যকে অস্বীকার করিয়াছে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করিয়াছে, প্রত্যেক বিষয়ে যথা সময়েই স্থিরীকৃত হয়" (৫৪: ২-৩)।
কুরআন গবেষকগণ মনে করেন, কুরআন মজীদের সূরা আল-কামারে বর্ণিত উল্লিখিত আয়াতে একদিকে যেমন মুশরিকদের স্বভাব- চরিত্রের পরিচয় তুলিয়া ধরা হইয়াছে, অন্যদিকে উক্ত মু'জিযা দর্শনে তাহাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিয়াছিল বা সত্যকে প্রত্যাখ্যানের যে স্বরূপ ফুটিয়া উঠিয়াছিল তাহার চিত্র ও তুলিয়া ধরা হইয়াছে। এই মু'জিযাটি চাক্ষুষভাবে দেখিয়াও তাহারা হিংসাপরায়ণতার বশবর্তী হইয়া মুখ ফিরাইয়া নিয়াছিল, এমনকি তাহারা বলিয়াছিল, মুহাম্মাদ আমাদেরকে যাদু করিয়াছে। এই প্রসঙ্গে ইমাম আহমাদ স্বীয় কিতাবে জুবায়র ইবন মুত'ইম (রা)-এর রিওয়ায়াত উদ্ধৃত করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স)-এর যুগেই চাঁদ দ্বিখণ্ডিত হইয়াছিল। খণ্ডিত চাঁদের এক অংশ এই পাহাড়ে এবং অন্য অংশ এই পহাড়ে (ভিন্ন পাহাড়ে)-এর উপর দেখা গিয়াছিল। ইহারপর মক্কাবাসী কাফিররা বলিল যে, মুহাম্মাদ আমাদের সকলের উপর যাদু করিয়াছে। তাহাদের কেহ কেহ আবার বলিতে লাগিল, যদিও মুহাম্মদ আমাদের উপর যাদু করিয়াছে কখনও সে সকল মানুষের উপর যাদু করিতে সক্ষম হইবে না (আল-বিদায়া, ৩খ., পৃ. ১১৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় সাহাবায়ে কিরামের উপস্থিতি

📄 চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় সাহাবায়ে কিরামের উপস্থিতি


চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত সাহাবায়ে কিরামের সংখ্যা কত ছিল সে সম্পর্কে তেমন কোন সংখ্যার কথা জানা যায় না। তবে রাসূলুল্লাহ (স) কর্তৃক উক্ত মু'জিযা প্রদর্শনের সময় উল্লেখযোগ্য সংখ্যক সাহাবায়ে কিরাম উপস্থিত ছিলেন। এই সম্পর্কীয় বর্ণনার জন্য দ্র. সাহীহুল বুখারী, প্রাগুক্ত; কিতাবু তাফসীরিল কুরআন, হাদীছ নং ৪৯৬৫, পৃ. ১০৪৩; সহীহ মুসলিম, বাবু ইনশিকাকিল কামার, হাদীছ নং ২৮০০, ৪খ., পৃ. ২১৫৮; সুনান আত-তিরমিযী, হাদীছ নং ৩২৮৫, ৩২৮৭, ৫খ., পৃ. ৩৯৭-৩৯৮; তাবারী, তাফসীর, ২৭ খ., পৃ. ৮৫; ইব্‌ন কাছীর, তাফসীর, ৪খ., পৃ. ২৬৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 চাঁদ কতবার দ্বিখণ্ডিত হইয়াছিল?

📄 চাঁদ কতবার দ্বিখণ্ডিত হইয়াছিল?


রাসূলুল্লাহ (স) একবারই চন্দ্রকে দ্বিখণ্ডিত করিয়াছিলেন বলিয়া বিশেষজ্ঞগণ অভিন্ন মত ব্যক্ত করিয়াছেন। শুধু আনাস ইবন মালিক (র)-এর রিওয়ায়াত হইতে জানা যায়, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা মক্কাভূমিতে দুইবার সংঘটিত হইয়াছিল। তিনি বলেন, মক্কাবাসীরা রাসূলুল্লাহ (স)-এর নিকট একটি মু'জিযা প্রদর্শনের দাবি করে। তিনি মক্কাভূমিতেই দুইবার চন্দ্র দ্বিখণ্ডিত করেন। অতঃপর এতদসংশ্লিষ্ট আয়াত নাযিল হয় (সুনান আত-তিরমিযী, হাদীস নং ৩২৮৬, ৫খ., পৃ. ৭৩৯; কুরতুবী, তাফসীর, ১৭ খ., পৃ. ১২৬; তাবারী, তাফসীর, ২৭ খৃ., পৃ. ৮৪, ৮৫ ও ৮৭; আল-বিদায়া, ৩খ., পৃ. ১১৬-১১৭)। এই হাদীছে দুইবার (مرتين) চন্দ্র দ্বিখণ্ডিত হইয়াছিল কথাটি চন্দ্রের দুই খণ্ডকে দুইবার (قطعتين) বলিয়া রাবী বর্ণনা করিয়াছেন (সহীহ বুখারী, ১খ, পৃ. ৫১৩, পাদটীকা নং ১০)।

উপসংহারঃ 'ইনশিকাকুল কামার' বা চন্দ্র দ্বিখণ্ডিতকরণ রাসূলুল্লাহ (স)-এর একটি অনন্য মু'জিযা। মূলত আল্লাহর অসীম অনুগ্রহে রাসূলুল্লাহ (স)-এর মাধ্যমে এই মু'জিযা সংঘটিত হইয়াছিল। আল-কুরআনুল কারীমে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া সম্পর্কে যেসব তথ্য ও তত্ত্ব প্রদান করা হইয়াছে তাহা এবং প্রামাণ্য ও নির্ভরযোগ্য হাদীছ ও সীরাতের যে সকল বর্ণনা আমাদের নিকট পৌছিয়াছে তাহা হইতে প্রতীয়মান হয় যে, উক্ত মু'জিযা সন্দেহাতীতভাবে সত্য এবং অকাট্যরূপে স্বীকৃত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00