📄 মু'জিযা সংঘটিত হওয়ার স্থান
দ্বিখণ্ডিত চাঁদ প্রদর্শনের স্থান সম্পর্কে নির্ভরযোগ্য ও প্রামাণ্য হাদীছ এবং সীরাত গ্রন্থাবলীর প্রাপ্ত তথ্যে বিভিন্ন স্থানের উল্লেখ করা হইয়াছে। এইগুলির মধ্যে একটি স্থান হইল "মিনা"।
সুনান আত-তিরমিযীতে 'আবদুল্লাহ ইবন মাস'উদ (রা) -এর রিওয়ায়াতে ইহা উল্লিখিত হইয়াছে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স) কর্তৃক চাঁদ যখন বিদীর্ণ হইয়াছিল তখন আমরা তাঁহার সঙ্গে মিনাতেই অবস্থান করিয়াছিলাম। অতঃপর চন্দ্র বিদীর্ণ হইয়া দুই খণ্ড হইয়া গেল। একখণ্ড পাহাড়ের পশ্চাতে চলিয়া গেল এবং অন্য খণ্ড অপর দিকে চলিয়া গেল। এই সময় তিনি আমাদেরকে বলিলেন, তোমরা সাক্ষ্য দাও (সুনান আত-তিরমিযী, হাদীছ নং ৩২৮৫, ৫খ., পৃ. ৩৯৭)। কোন কোন বর্ণনায় মক্কাভূমিতেই এ মু'জিযা সংঘটিত হওয়ার কথা উল্লিখিত হইয়াছে (সুনান আত-তিরমিযী, হাদীছ নং ৩২৮৬, ৫খ., পৃ. ৩৯৭)।
দ্বিখণ্ডিত চাঁদ কোথায় প্রদর্শিত হইয়াছিল এ প্রসঙ্গে হাদীছের গ্রন্থাবলীতে যে সকল রিওয়ায়াত পাওয়া যায় তন্মধ্যে 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা)-এর রিওয়ায়াতে কিছুটা বৈপরীত্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কোন কোন রিওয়ায়াতে তিনি মক্কাভূমিতেই এই মু'জিযা সংঘটিত হওয়ার কথা উল্লেখ করিয়াছেন (ইব্ন কাছীর, তাফসীর, ৪খ., পৃ. ২৬৩)। আবার কোন কোন বর্ণনায় এই ঘটনা যে মিনাতেই সংঘটিত হইয়াছিল এই মর্মে তিনি মতামত ব্যক্ত করিয়াছেন।
এই প্রসঙ্গে "সুবুলুল হুদা ওয়ার-রাশাদ" গ্রন্থে 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) কর্তৃক বর্ণিত উভয় রিওয়ায়াতের এক চমৎকার সমন্বয় সাধন করা হইয়াছে যে, রাসূলুল্লাহ্ (স) কর্তৃক চাঁদ যখন দ্বিখণ্ডিত হইয়া প্রদর্শিত হইয়াছিল তখন তিনি মিনাতেই অবস্থান করিতেছিলেন। তিনি এই সময় মিনা-এর কোন সুউচ্চ পাহাড় হইতে দ্বিখণ্ডিত চাঁদকে অবলোকন করিয়াছিলেন। আর সেখান হইতে মিনার অনতিদূরে মক্কায় অবস্থিত আবু কুৰায়স (ابو قبیس) পাহাড়ের চূড়াও ভালভাবে প্রত্যক্ষ করিয়াছিলেন। অথবা রাসূলুল্লাহ্ (স) কর্তৃক যখন চাঁদ দ্বিখণ্ডিত হইয়া প্রদর্শিত হইতেছিল তখন তিনি মিনাতেই অবস্থান করিতেছিলেন, ইহার পর উক্ত মু'জিযা দেখামাত্র সম্ভবত তিনি মিনা হইতে মক্কায় চলিয়া আসেন এবং অনুরূপ দ্বিখণ্ডিত চাঁদ দেখিতে পান। সুতরাং উভয় বর্ণনার মাঝে তেমন কোন বৈপরিত্য লক্ষ্য করা যায় না (৯খ., পৃ. ৪৩২)।
📄 যে সকল পর্বতমালার মধ্য দিয়া দ্বিখণ্ডিত চাঁদ প্রদর্শিত হইয়াছিল
রাসূলুল্লাহ্ (স) কর্তৃক দ্বিখণ্ডিত চাঁদ বিভিন্ন পর্বতমালার মধ্যে প্রদর্শিত হইয়াছিল বলিয়া প্রামাণ্য ও নির্ভযোগ্য হাদীছ গ্রন্থাবলী এবং বিশেষজ্ঞ পর্যায়ের সীরাত গবেষকদের মতামত হইতে জানা যায়। এই প্রসঙ্গে ইমাম বুখারী ও মুসলিম (র) কর্তৃক উদ্ধৃত আনাস ইবন মালিক (রা)-এর রিওয়ায়াতাটি বিশেষ উল্লেখযোগ্য। মক্কাবাসীদের কোন একটি নিদর্শন দেখানোর দাবি জানানোর প্রেক্ষিতে রাসূলুল্লাহ (স) তাহাদেরকে এমনভাবে দ্বিখণ্ডিত চাঁদ প্রদর্শন করেন যে, উভয় খণ্ডের মাঝে 'হেরা' (حراء) পর্বত দেখিতে পাইতেছিলেন (নাদরাতুন না'ঈম, বঙ্গানু. ১খ., পৃ. ৬৫৯)। তবে বেশ কিছু বর্ণনায় আবূ কুবায়স (ابو قبیس) ও কু'আয়কি'আন (قعيقعان) পাহাড়ের নাম উল্লিখিত হইয়াছে (আল-বিদায়া, ৩খ., পৃ. ১১৭; আল-ওয়াফা বি-আহওয়ালিল মুসতাফা, ১খ., পৃ. ২৭২)। তবে ইবনুল জাওযী স্বীয় গ্রন্থে কু'আয়কি'আন-এর পরিবর্তে কী'আন (قيعان) শব্দ উল্লেখ করিয়াছেন (আল-ওয়াফা, ১খ., পৃ. ২৭৩)। ইহা ছাড়া তিনি স্বীয় কিতাবে মুজাহিদ-এর একটি রিওয়ায়াত উদ্ধৃত করেন যাহাতে নির্দিষ্ট কোন পাহাড়ের নাম উল্লেখ করা হয় নাই; বরং তাহাতে বলা হইয়াছে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর একখণ্ড কোন এক পাহাড়ের উপর দেখা গেল এবং অন্য খণ্ডটি পাহাড়ের পশ্চাতে দেখা গেল (আল-ওয়াফা, ১খ., পৃ. ২৭২)। ইবন কাছীরও স্বীয় তাফসীরে কয়েকটি রিওয়ায়াত উল্লেখ করেন যাহাতে নির্দিষ্ট কোন পাহাড়ের নাম উল্লেখ করা হয় নাই (ইবন কাছীর, তাফসীর, ৪খ., পৃ. ২৬৩; অনুরূপ বর্ণনার জন্য আরো বিস্তারিত দ্রষ্টব্য আন-নাসাঈ, ৬খ., পৃ. ২৬৩)। ইবন আব্বাস (রা)-এর সনদ-পরম্পরায় ইব্ন কাছীর স্বীয় সীরাত-এ সাফা (صفا) এবং মারওয়া (مروة) পাহাড়ের নাম উল্লেখ করিয়াছেন (আল-বিদায়া, ৩খ., পৃ. ১১৮; আবূ নু'আয়ম, দালাইলুন নুবৃওয়াহ, পৃ. ২৩৫)।
📄 প্রদর্শিত চাঁদের টুকরার সংখ্যা
প্রামাণ্য ও নির্ভরযোগ্য হাদীছ গ্রন্থাবলীর প্রাপ্ত তথ্যে প্রমাণিত যে, রাসূলুল্লাহ্ (স) কর্তৃক প্রদর্শিত চাঁদের টুকরার সংখ্যা ছিল দুইটি। এই প্রসঙ্গে সহীহ মুসলিমে 'আবদুল্লাহ (রা) -এর রিওয়ায়াত এভাবে উল্লিখিত হইয়াছে: রাসূলুল্লাহ্ (স)-এর যুগেই চন্দ্র দ্বিখণ্ডে খণ্ডিত হইয়াছিল। অতঃপর তিনি উপস্থিত সকলকে বলেন, তোমরা সাক্ষ্য দাও (সাহীহ মুসলিম, বাব ইনশিকাকিল কামার, হাদীছ নং ২৮০০, ৪খ., পৃ. ২১৫৮; রাসূলুল্লাহ্ (স) কর্তৃক বিদীর্ণকৃত চাঁদের টুকরার সংখ্যা যে দুইটি ছিল সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরও দ্রষ্টব্য সহীহ মুসলিম, হাদীছ নং ২৮০২, ৪খ., পৃ. ২১৫৯; সুনান আত-তিরমিযী, হাদীছ নং ৩২৮৫, ৩২৮৯, ৫খ., পৃ. ৩৯৭; কুরতুবী, তাফসীর, ১৭খ., পৃ. ১২৭; তাবারী, তাফসীর, ২৭খ., পৃ. ৮৫; ইবন কাছীর, তাফসীর, ৪খ., পৃ. ২৬২-২৬৩; আন-নাসাঈ, হাদীছ নং ১১৫৫২, ১১৫৫৩, ৬খ., পৃ. ৪৭৬; তাফসীরুল জালালায়ন, ১খ., পৃ. ৭০৪)।
📄 রাসূলুল্লাহ (স) কর্তৃক মু'জিযা প্রদর্শন ও উহার সাক্ষ্য
মক্কাবাসী কাফির-মুশরিকদের দাবির প্রেক্ষিতে রাসূলুল্লাহ্ (স) যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে প্রদর্শন করেন তখন তাহারা এই সুস্পষ্ট মু'জিযা দর্শন করিয়াও প্রতিহিংসা ও অহংকারের বশবর্তী হইয়া অস্বীকার করিতে না পারে সম্ভবত এজন্য তিনি ঘটনাস্থলে উপস্থিত সকলকেই তিনি সাক্ষী রাখেন বা সাক্ষ্য দিতে বলেন। উক্ত মু'জিযাকে সাক্ষী রাখা বা সাক্ষ্য প্রদান প্রসঙ্গে আল-কুরআনুল কারীমের কোথাও এ বিষয়ে তেমন কোন উল্লেখ বা সমান্যতম ইঙ্গিতও করা হয় নাই বলিয়া বিশেষজ্ঞ পর্যায়ের কুরআন গবেষকগণ মনে করেন। তবে নির্ভরযোগ্য ও প্রামাণ্য হাদীছ ও সীরাত গ্রন্থাবলীতে প্রসঙ্গটি চমৎকারভাবে উল্লিখিত হইয়াছে।
বিভিন্ন হাদীছ ও সীরাত গ্রন্থাবলীর পর্যালোচনায় দেখা যায়, রাসূলুল্লাহ্ (স) মহান আল্লাহ্ সীমাহীন কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করিয়া প্রদর্শিত করিবার পর ঘটনাস্থলে উপস্থিত সকলকেই সাক্ষ্য দিতে বা সাক্ষী থাকিতে আদেশ করেন। তিনি সাক্ষী থাকা বা সাক্ষ্য দেয়া প্রসঙ্গে আদেশ ও দু'আসূচক বিভিন্ন পদবাচ্য শব্দ ব্যবহার করিয়াছেন। কখনও তিনি উপস্থিত সাহাবায়ে কিরামকে লক্ষ্য করিয়া বলেন : اشهدوا "তোমরা সকলেই সাক্ষ্য দাও বা তোমরা উক্ত মু'জিযা সম্পর্কে সাক্ষী থাক" (সহীহুল বুখারী, কিতাবুত তাফসীর, হাদীছ নং ৪৮৬৪, পৃ. ১০৪৩; সহীহ মুসলিম, বাব ইনশিকাকিল কামার, হাদীছ নং ২৮০০, ৪খ., পৃ. ২১৫৮; সুনান আত-তিরমিযী, হাদীছ নং ৩২৮৫, ৩২৮৭, ৫খ., পৃ. ৩৯৬-৩৯৭; তাবারী, তাফসীর, প্রাগুক্ত, ২৭খ., পৃ. ৮৫-৮৭.; আন-নাসাঈ, হাদীছ নং ১১৫৫৩, ৬খ., পৃ. ৪৭৬; তাফসীর জালালায়ন, ১খ., পৃ. ৭০৪.)।
ইমাম কুরতুবী স্বীয় তাফসীরে 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা)-এর একটি রিওয়ায়াত উল্লেখ করেন যাহাতে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ্ (স) উপস্থিত সকলকে সম্বোধন করিয়া বলেন, يا فلان يا فلان “ওহে অমুক! ওহে অমুক! তোমরা সকলেই সাক্ষী থাক" (কুরতুবী, তাফসীর, ১৭খ., পৃ. ১২৭)।
ইবন কাছীর স্বীয় তারীখে আবূ নু'আয়ম-এর উদ্ধৃতিতে ইবন 'আব্বাস (রা)-এর আরও একটি রিওয়ায়াত উল্লেখ করেন, রাসূলুল্লাহ্ (স) আবূ সালামা ইবন 'আবদুল আসাদ এবং আল-আরকাম ইবনুল আরকামকে সম্বোধন করিয়া বলেন : উক্ত মু'জিযা প্রসঙ্গে তোমরা সাক্ষ্য দাও (আল-বিদায়া, ৩খ., পৃ. ১১৭)।
হাদীছ ও সীরাতের নির্ভরযোগ্য উৎসসমূহ হইতে আরো জানা যায়, মহান আল্লাহর সীমাহীন কুদরতে উক্ত মু'জিযা প্রদর্শনের পর স্বয়ং রাসূলুল্লাহ্ (স) উপস্থিত সকলের সামনে আল্লাহকে সাক্ষী রাখেন এবং বলেন, اللهم إشهد "আয় আল্লাহ! তুমি সাক্ষী থাক” (সহীহ মুসলিম, বাবু ইনশিকাকিল কামার, হাদীছ নং ২৮০০, ৪খ., পৃ. ২১৫৮; ইবন কাছীর, তাফসীর, ৪খ., পৃ. ২৬৩; তাবারী, তাফসীর, ২৭খ., পৃ. ৮৫; আন-নাসায়ী, হাদীছ নং ১১৫৫২, ৬খ., পৃ. ৪৭৬)। তাবারী স্বীয় তাফসীরে মুজাহিদ-এর উদ্ধৃতিতে একটি রিওয়ায়াত বর্ণনা করেন যাহাতে আবূ বকর (রা)-কে সাক্ষী থাকার বিষয়টি উল্লিখিত হইয়াছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ্ (স) আবূ বকর (রা)-কে বলেন : إشهد يا أبابكر "হে আবুবকর! তুমি সাক্ষী থাক" (তাবারী, তাফসীর, ২৭খ., পৃ. ৮৭; আরও দ্র. ইবন কাছীর, তাফসীর, ৪খ., পৃ. ২৬৪)।