📘 সীরাত বিশ্বকোষ > 📄 দৃষ্টান্ত: ১

📄 দৃষ্টান্ত: ১


তাবুক অভিযানকালে কতিপয় মুনাফিক অভিযানে না যাওয়ার জন্য নানা ছল-চাতুরী ও ফন্দি-ফিকির আঁটিতেছিল। তাহাদের কেহ কেহ মনে মনে বলিল, এখন গ্রীষ্মের সময়, প্রচণ্ড খরা, উত্তপ্ত লু-হাওয়া। উপরন্তু চরম অভাব-অনটন। এই সময় ঘর হইতে বাহির হওয়া সমীচীন হইবে না। জা'দ ইব্‌ন কায়স নামক জনৈক মুনাফিককে ডাকাইয়া রাসূলুল্লাহ্ (স) জিজ্ঞাসা করিলেন, জা'দ! তুমি কি অভিযানে যাইবে না? জা'দ উত্তরে বলিল, হে আল্লাহর রাসূল! খৃস্টানদের দেশে আমাকে ফ্যাসাদে ফেলিবেন না। কারণ আমি হইলাম কামুক মানুষ। রূপবতী খৃস্টান নারীদিগকে দেখিয়া নিজকে নিয়ন্ত্রণ করিতে সক্ষম হইব না। রাসূলুল্লাহ (স) বলিলেন, আচ্ছা, তুমি যাইও না। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবায়্যি বলিল, এমন দুর্দিনে এত দূরদেশে অভিযানে যাওয়া বাতুলতা ছাড়া কিছুই নহে। কাল শুনিতে পাইবে, মুহাম্মাদ ও তাঁহার ভক্তবৃন্দকে খৃস্টানগণ শক্ত রশি দ্বারা বাঁধিয়া রাখিয়াছে। অপর এক মুনাফিক বলিল, শুধু বাঁধিয়া কেন? তাহাদের প্রত্যেককে এক শত করিয়া চাবুক মারিলে ভাল হইবে। মুনাফিকরা তাহাদের মনের লুকায়িত এই সমস্ত কথাবার্তা ও ছল-চাতুরী সম্পর্কে খুব-ই ভীত ও আতংকিত ছিল, না জানি কুরআন আমাদের মনের এই লুকায়িত বিষয় ফাঁস করিয়া দেয়। তবে তো সর্বনাশ হইবে। অবশেষে তাহাদের আশংকাই সত্য হইল। আল-কুরআন তাহাদের সকল গোপন বিষয় ফাঁস করিয়া দিল।
فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللهِ وَكَرِهُوا أَنْ يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرِّ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرَا لَوْ كَانُوا يَفْقَهُونَ
"যাহারা পশ্চাতে রহিয়া গেল তাহারা রাসূলের বিরুদ্ধাচরণ করিয়া বসিয়া থাকাতেই আনন্দ লাভ করিল এবং তাহাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করিল এবং তাহারা বলিল, তোমরা গরমের মধ্যে অভিযানে বাহির হইও না। হে রাসূল! বলুন, উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, যদি তাহারা বুঝিত” (৯:৮১)।
يَحْذَرُ الْمُنْفِقُونَ أَنْ تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِي قُلُوبِهِمْ قُلِ اسْتَهْزِءُوا إِنَّ اللَّهَ مُخْرِجُ مَا تَحْذَرُونَ ، وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَأَيْتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِعُونَ .
"মুনাফিকরা ভয় করে, এমন এক সূরা না অবতীর্ণ হয়, যাহা তাহাদের অন্তরের কথা ব্যক্ত করিয়া দিবে। আপনি বলুন, বিদ্রুপ করিতে থাক, তোমরা যাহা ভয় কর আল্লাহ্ তাহা প্রকাশ করিয়া দিবেন। আপনি উহাদেরকে প্রশ্ন করিলে উহারা নিশ্চয়ই বলিবে, আমরা তো আলাপ-আলোচনা ও ক্রীড়া-কৌতুক করিতেছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহ্ ও তাঁহার রাসূলকে বিদ্রুপ করিতেছিলে" (৯: ৬৪-৬৫)?
وَمِنْهُمْ مَّنْ يَقُولُ ائْذَنْ لَى وَلَا تَفْتِنِّى أَلَا فِي الْفِتْنَةِ سَقَطُوا وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌ بِالْكَفِرِينَ
"উহাদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দিন, আমাকে ফেতনায় ফেলিবেন না। সাবধান! উহারাই ফেতনায় পড়িয়া আছে। জাহান্নাম তো কাফিরদেরকে বেষ্টন করিয়াই আছে” (৯:৪৯)।
কুরআন কারীম যখন তাহাদের অন্তর্নিহিত এই সমস্ত কুমতলব ফাঁস করিয়া দিল, তখন রাসূলুল্লাহ (স) হযরত আম্মার (রা)-কে বলিলেন, তুমি যাইয়া তাহাদেরকে জিজ্ঞাসা কর, তাহারা কি কি কথা বলিয়াছে? রাসূলুল্লাহ (স) 'আম্মারকে কথাগুলি জানাইয়া দিলেন। হযরত 'আম্মার (রা) যখন তাহাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করিলেন, তখন তাহারা প্রমাদ গণিল। হায়, সর্বনাশ! গত্যন্তর না দেখিয়া তাহারা দ্রুত রাসূলুল্লাহ (স)-এর সামনে হাজির হইল এবং বলিল, হে আল্লাহর রাসূল! আমরা আসলে হাসি-তামাসা করিয়া এই সমস্ত বলিয়াছি, আপনার প্রতি শত্রুতা করিয়া বলি নাই (ইবনুল কায়্যিম, আল-জওজিয়্যা, ৩খ., পৃ. ৫২৯; আসাহহুস সিয়ার, পৃ. ৩২১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দৃষ্টান্ত : ২

📄 দৃষ্টান্ত : ২


নবৃওয়াতের চতুর্দশ বৎসরের মুহাররমে কুরায়শগণ রাসূলুল্লাহ (স)-এর দাওয়াতী তৎপরতা প্রতিরোধ করিবার জন্য একটা কার্যকর উপায় উদ্ভাবনের লক্ষ্যে এক গোপন বৈঠকে সমবেত হয়। কুরায়শদের প্রসিদ্ধ নেতৃবৃন্দ এই বৈঠকে যোগদান করিয়াছিল। বৈঠকে নিম্নবর্ণিত প্রস্তাবসমূহ আলোচিত হয়।
১. মুহাম্মাদের হাতে-পায়ে বেড়ী লাগাইয়া কারাবাসে নিক্ষেপ করা হউক।
২. তাহাকে একটি পাগলা উটের পিঠে বসাইয়া দেশান্তর করা হউক।
৩. তাহাকে হত্যা করা হউক। দীর্ঘ আলোচনার পর রাসূলুল্লাহ (স)-কে হত্যা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। কুরায়শগণ এই বৈঠকটি অতি গোপনে করিয়াছিল এবং বৈঠকের বিষয়বস্তুও যথাসাধ্য গোপন রাখিয়াছিল। কিন্তু আল-কুরআন তাহাদের এই অতি গোপনীয় বৈঠকের যাবতীয় কার্যক্রম ফাঁস করিয়া দিল। আল্লাহ্ তা'আলা বলেন:
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
"স্মরণ কর, কাফিরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করিবার জন্য অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ্ও কৌশল করেন। আর আল্লাহ কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ" (৮: ৩০; ইব্ন হিশাম, ১খ., পৃ. ৪৮০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দৃষ্টান্ত : ৩

📄 দৃষ্টান্ত : ৩


মদীনার মুনাফিকরা সর্বদা এই চিন্তায় ব্যাপৃত ছিল যে, কি উপায়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা যায়। এই কুমতলবে তাহারা কুবা মসজিদের নিকটবর্তী মহল্লায় একটি মসজিদ তৈয়ার করিল। রাসূলে কারীম (স) তাবুক অভিযানে রওয়ানার প্রাক্কালে তাহারা তাঁহার খিদমতে হাজির হইয়া বলিল, হে আল্লাহ্র রাসূল! পীড়িত, দুর্বল ও বৃদ্ধ লোকেরা মসজিদে নববীতে কিংবা কুবা মসজিদে যাইতে পারে না। তাহাদের জামা'আতে নামায আদায়ের সুবিধার জন্য আমরা একটি মসজিদ তৈয়ার করিয়াছি। মেহেরবানী করিয়া আপনি উক্ত মসজিদে একবার নামায পড়িয়া উদ্বোধন করিয়া দিন। রাসূলুল্লাহ (স) বলিলেন, এখন তো আমি তাবুকে রওয়ানা হইয়াছি। ফিরিবার পর দেখা যাইবে। রাসূলে করীম (স) তাবুক হইতে ফিরিবার পথে তাহাদের মসজিদে গমনের ইচ্ছা করিলেন। তখন আল-কুরআনের নিম্নোক্ত আয়াতে তাহাদের গোপন উদ্দেশ্য ফাঁস করিয়া দেওয়া হয় এবং রাসূলুল্লাহ (স)-কে সেখানে যাইতে নিষেধ করা হয়।
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضراراً وكُفْرًا وتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَارْصَادًا لَمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلا الْحُسْنَى وَاللهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَذِبُونَ . لَا تَقُمْ فِيْهِ أَبَدًا لَمَسْجِدٌ أَسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللهُ يُحِبُّ الْمُطَهِّرِينَ . أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمْ مِّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفَ هَارٍ فَأَنْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّلِمِينَ لا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِي بَنَوا رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلَّا أَنْ تَقَطَّعَ قُلُوبُهُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ .
"যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতিসাধন, কুফরী ও মু'মিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতোপূর্বে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি সংগ্রাম করিয়াছে তাহার গোপন ঘাটিস্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে তাহারা অবশ্যই শপথ করিয়া বলিবে, আমরা সদুদ্দেশ্যেই ইহা করিয়াছি। আল্লাহ সাক্ষী, তাহারা তো মিথ্যাবাদী। তুমি ইহাতে কখনও দাঁড়াইও না। যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিক যোগ্য। তথায় এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালবাসে এবং আল্লাহ্ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালবাসেন। যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহভীতি ও আল্লাহ্র সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম না ঐ ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক খাতের ধ্বংসোম্মুখ কিনারায়, ফলে যাহা উহাকেসহ জাহান্নামের অগ্নিতে পতিত হয়? অাল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। উহাদের গৃহ যাহা উহারা নির্মাণ করিয়াছে তাহা উহাদের অন্তরে সন্দেহের কারণ হইয়া থাকিবে যে পর্যন্ত না উহাদের অন্তর ছিন্নভিন্ন হইয়া যায়। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়" (৯: ১০৭-১১০)।
উক্ত আয়াতগুলি নাযিল হইলে রাসূলুল্লাহ (স) তথাকথিত মসজিদ নামক কাফিরদের আড্ডাখানা ধ্বংস করিবার জন্য একদল সাহাবীকে প্রেরণ করেন। তাহারা আগুন লাগাইয়া উহাকে ভস্মীভূত করিয়া দেন (ইবন হিশাম, ২খ., পৃ. ৫২৯)।
এইভাবে আল-কুরআন মানুষের অন্তরে নিহিত বিষয়কে প্রকাশ করিয়া শ্রেষ্ঠতম মু'জিযার আসন অলংকৃত করিয়াছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00