📘 সীরাত বিশ্বকোষ > 📄 পঞ্চম দৃষ্টান্ত

📄 পঞ্চম দৃষ্টান্ত


বানু গিফার গোত্রের বিখ্যাত কবি ও বাগ্মী উনায়স বলেন, মক্কাবাসিগণ বলে, মুহাম্মাদ কবি, গণক, যাদুকর। অথচ জীবনে আমি বহু কবি, সাহিত্যিক ও গণকের কথা শুনিয়াছি। স্বয়ং আমি কবিতার ছন্দ ও পদবিন্যাসে অভিজ্ঞ। কিন্তু মুহাম্মাদ (স)-এর মুখে যাহা শুনিয়াছি তাহা কবিতাও নহে, গণকের কথাও নহে। আমি নিশ্চিন্ত করিয়া বলিতে পারি যে, 'মুহাম্মাদই সত্যবাদী' আর মক্কাবাসীরা মিথ্যাবাদী (কুরআন সংকলনের ইতিহাস, পৃ. ২৭৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ষষ্ঠ দৃষ্টান্ত

📄 ষষ্ঠ দৃষ্টান্ত


বানু আব্দ গোত্রের বিখ্যাত কবি দিমাদ ছিল একজন বৈদ্য চিকিৎসক। একবার সে মদীনায় রাসূলুল্লাহ (স)-এর খিদমতে উপস্থিত হইল। রাসূল কারীম (স) তাহাকে সূরা ফাতিহা পাঠ করিয়া শুনাইলেন। গভীর ধ্যান ও মনোযোগ সহকারে দিমাদ তিলাওয়াত শুনিল এবং বিমুগ্ধ হইয়া বারবার শুনাইতে অনুরোধ করিতে লাগিল।
রাসূলুল্লাহ (স) বেশ কয়েকবার তাহাকে সূরা ফাতিহা আবৃত্তি করিয়া শুনাইলেন। দিমাদ স্বতস্ফূর্তভাবে বলিয়া উঠিল, 'আল্লাহ্র শপথ! আমি যাদুকরদের মন্ত্রশাস্ত্র, কবিদের কাব্য-ছন্দ সবই-শুনিয়াছি। কিন্তু মুহাম্মাদ! তোমার কথাগুলি নিশ্চয়ই ভিন্ন কিছু। সত্যিই ইহা মহাসমুদ্রের অতল গহ্বরেও মহা আলোড়ন সৃষ্টি করিবে।' অতঃপর দিমাদ রাসূলুল্লাহ (স)-এর হাতে হাত রাখিয়া ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন (রাহমাতুলল্লিল আলামীন, ১খ, পৃ. ৭৬-৭৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সপ্তম দৃষ্টান্ত

📄 সপ্তম দৃষ্টান্ত


একবার এক বেদুঈন এক তিলাওয়াতকারীর মুখে শুনিল, فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ ، إِنَّا كَفَيْنَكَ الْمُسْتَهْزِينَ
"অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর।। আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে” (১৫:৯৪-৯৫)।
বেদুঈন তৎক্ষণাত সিজদায় মাথা নত করিল। উপস্থিত লোকেরা ইহার কারণ জিজ্ঞাসা করিলে বেদুঈন বলিল, পঠিত কালামের উচ্চাঙ্গ ভাব ও ভাষালংকারে বিমোহিত হইয়া আমি সিজদায় নত হইয়াছি (কুরআন সংকলনের ইতিহাস, পৃ. ২৭৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 অষ্টম দৃষ্টান্ত

📄 অষ্টম দৃষ্টান্ত


একদিন জনৈক বেদুঈন একজন তিলাওয়াতকারীর মুখে নিম্নোক্ত আয়াত শুনিতে পাইল:
فَلَمَّا اسْتَيْئَسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّا قَالَ كَبِيْرُهُمْ أَلَمْ تَعْلَمُوْا أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُمْ مُوْثِقًا مِنَ اللَّهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُمْ فِيْ يُوْسُفَ فَلَنْ أَبْرَحَ الْأَرْضَ حَتَّى يَأْذَنَ لِيْ أَبِيْ أَوْ يَحْكُمَ اللَّهُ لِيْ وَهُوَ خَيْرُ الْحَاكِمِيْنَ
“যখন উহারা তাহার নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইল, তখন উহারা নির্জনে গিয়া পরামর্শ করিল। উহাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ জন বলিল, তোমরা কি জান না, তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহ্‌র নামে অঙ্গীকার লইয়াছেন এবং পূর্বেও তোমরা ইউসুফ-এর ব্যাপারে ত্রুটি করিয়াছিলে। সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করিব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ্‌ আমার জন্য কোন ব্যবস্থা করেন এবং তিনিই বিচারকারীদের মধ্যে শ্রেষ্ঠ”।
তিলাওয়াত সমাপ্ত হইলে বেদুইন বলিয়া উঠিল, আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, কোন মাখলুকের পক্ষে এমন কালাম বলা সম্ভব নহে (কুরআন সংকলনের ইতিহাস, পৃ. ২৭৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00