📘 সীরাত বিশ্বকোষ > 📄 হারূন (আ)-এর মরদেহের উপস্থিতি

📄 হারূন (আ)-এর মরদেহের উপস্থিতি


একদা হযরত মূসা ও হারুন (আ) হাওর পর্বতে সফরে গেলেন। সেখানে অবস্থানকালে হযরত হারুন (আ) ইন্তিকাল করেন। হযরত মূসা (আ) সেইখানেই ভাই হারূনকে কাফন ও দাফনের ব্যবস্থা করেন। পরে যখন তিনি বানু ইসরাঈলের নিকট ফিরিয়া আসিলেন' তখন তাহারা তাঁহাকে এই মর্মে অপবাদ দিল যে, তিনি আপন ভ্রাতা হারুনকে হত্যা করিয়াছেন। এই জঘন্য অপবাদ শুনিয়া মূসা (আ) অত্যন্ত ব্যথিত হইলেন এবং আল্লাহ্র নিকট আশ্রয় চাহিলেন। আল্লাহ তা'আলা মূসা (আ)-এর নিষ্কলুষতা প্রমাণের জন্য জনসম্মুখে হযরত হারুন (আ)-এর মরদেহ উপস্থিত করিলেন। সকলেই তাঁহার লাশ দেখিয়া বুঝিতে পারিল যে, তাঁহার স্বাভাবিক মৃত্যু হইয়াছে। তাঁহার শরীরে হত্যার কোনই আলামত ছিল না (কাসাসুল-কুরআন, ১খ., পৃ. ৫৩৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত খিযির (আ)-এর সহিত মূসা (আ)-এর ভ্রমণ

📄 হযরত খিযির (আ)-এর সহিত মূসা (আ)-এর ভ্রমণ


এই ভ্রমণটি ছিল অনেক অলৌকিক কর্মকাণ্ড দ্বারা সমৃদ্ধ। যেমন তাঁহার থলির মধ্যকার মাছ যেখানে হারাইয়া যাইবে, সেখানে তাঁহার কাঙ্ক্ষিত ব্যক্তির অবস্থান নির্ণিত হওয়া, মৃত মাছের মধ্যে প্রাণের সঞ্চার হওয়া, মাছটি যেই স্থান দিয়া সমুদ্রে প্রবেশ করিল সেখানকার পানির প্রবাহ বন্ধ হইয়া সুড়ংয়ের ন্যায় পথ হইয়া যাওয়া ইত্যাদি (দ্র. ১৭ : ৬০-৮৩; বুখারী, কিতাবুত-তাফসীর)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত ইউশা' ইব্‌ন নূন (আ)-এর মু'জিযা

📄 হযরত ইউশা' ইব্‌ন নূন (আ)-এর মু'জিযা


হযরত মূসা (আ) ও হারুন (আ)-এর মৃত্যুর পর ইউশা ইব্‌ নূন (আ) নবী হন। হযরত মূসা (আ)-এর জীবদ্দশায় তিনি তাঁহার সহচর ছিলেন। হযরত মূসা (আ)-এর ন্যায় তাঁহার জীবনেও অনেক মু'জিযা সংঘটিত হইয়াছে। যথা:
(এক) তিনি যখন বানু ইসরাঈলকে লইয়া আরীহা নগর জয় করেন, তখন প্রচুর গনীমতের সম্পদ তাঁহার হস্তগত হয়। সেকালে গনীমতের সম্পদ ভোগ করার অনুমতি ছিল না। গনীমতের সম্পদ একত্র করিয়া আল্লাহর জন্য উৎসর্গ করা হইত। অতঃপর আসমান হইতে অগ্নি আসিয়া উহা ভস্মীভূত করিয়া ফেলিত। নবী তাহাই করিলেন। কিন্তু আসমান হইতে অগ্নি নামিয়া আসিল না। নবী বলিলেন, নিশ্চয় কেহ গনীমতের সম্পদ আত্মসাৎ করিয়াছে। পরিশেষে তিনি সকলের হাত স্পর্শ করিতে আরম্ভ করিলেন এবং ইয়াহুদা গোত্রের এক ব্যক্তির হাত ধরিয়া তাহাকে আত্মসাতকারী চিহ্নিত করিলেন। বাস্তবে তাহাই প্রমাণিত হইল। আত্মসাতকৃত সম্পদ উদ্ধারের পর আসমানী অগ্নি আসিয়া সব ভস্মীভূত করিয়া দিল (কুরতুবী, ৬খ., পৃ. ১৩০)।
(দুই) আরীহা অভিযানকালে তিনি যখন জর্ডান নদীর তীরে পৌঁছেন, তখন নদী পার হইবার কোন উপায় খুঁজিয়া পাইলেন না। আল্লাহ্ কুদরতে নদীবক্ষে তাহার সৈন্যদের জন্য রাস্তা তৈরী হইয়া গেল (সীরাত বিশ্বকোষ, ইফাবা, ২খ., পৃ. ৫৩০)।
(তিন) একবার তিনি বায়তুল মাকদিস এলাকা মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ হইতে আদিষ্ট হন। সৈন্য-সামন্তসহ তিনি রওয়ানা হইলেন। যুদ্ধ আরম্ভ হইল। দিনটি ছিল জুমু'আ বার। বানু ইসরাঈলের ধর্মমতে শনিবার যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল। 'তাই যেইভাবেই হউক সূর্য অস্ত যাওয়ার পূর্বেই যুদ্ধ সমাপ্ত করিতে হইবে এবং বায়তুল মাকদিসে প্রবেশ করিতে হইবে। তিনি দু'আ করিলেন যতক্ষণ পর্যন্ত শত্রু সৈন্য পরাস্ত না হয় এবং ঈমানদারদের বিজয় অর্জিত না হয় ততক্ষণ পর্যন্ত যেন সূর্য অস্ত না যায়। আল্লাহ্ কুদরতে তাহাই ঘটিল (মুসলিম, ২খ., পৃ. ৮৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত শামূঈল (আ)-এর মু'জিযা

📄 হযরত শামূঈল (আ)-এর মু'জিযা


হযরত শামূঈল (আ) বানু ইসরাঈলী নবীদের একজন। পবিত্র কুরআনে তাঁহার নাম উল্লেখ হয় নাই। তবে তাফসীরকারকগণ সূরা বাকারার ২৪৬ ও ২৪৭ নং আয়াতের বর্ণনা তাঁহার সহিত সংশ্লিষ্ট বলিয়া উল্লেখ করিয়াছেন (কুরতুবী, ৬খ., পৃ. ১৭১)।
তাঁহার নবুওয়াতকালে স্বৈরাচারী বাদশাহ জালুতের শাসন ছিল। সে বানু ইসরাঈলীদের দাসত্বের শৃংখলে আবদ্ধ করিয়া লয়। বানু ইসরাঈলীগণ নবী শামূঈলের নিকট এমন একজন বাদশাহ দাবি করে, যিনি জালুতের বিরুদ্ধে লড়াই করিয়া তাহাদিগকে জালূতের দাসত্বের শৃংখল হইতে মুক্ত করিবে। নবী দু'আ করিলেন। আল্লাহ তা'আলা তালুত নামক একজন সুঠাম বীর পুরুষ ও গুণী ব্যক্তিকে বাদশাহ মনোনীত করিলেন এবং তাহার নেতৃত্বে জালুত বাহিনীর বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দিলেন। তালুত জ্ঞানে এবং গড়নে-পঠনে সমৃদ্ধ হইলেও বংশগত মর্যাদা এবং অর্থনৈতিক দিক হইতে দুর্বল ছিলেন। এই কারণে বানু ইসরাঈলীগণ তাঁহাকে বাদশাহ মানিয়া লইতে অস্বীকার করিল। নবী শামূঈল তখন তাঁহার নিযুক্তির প্রমাণস্বরূপ একটি মু'জিযা প্রদর্শন করিলেন। মু'জিযাখানা ছিল এই যে, বানু ইসরাঈলীদের নিকট একটি ঐতিহাসিক বরকতময় সিন্ধুক ছিল। এই সিন্ধুকটি জালুত হস্তগত করিয়া লইয়া গিয়াছিল। নবী বলিলেন, তোমাদের নিকট সেই বরকতময় সিন্ধুকটি ফেরেশতাগণ লইয়া আসিবেন। তাহারা বাস্তবিক দেখিতে পাইল যে, সিন্ধুকটি জালুতের ভূখণ্ডের দিক হইতে তাহাদের ভূখণ্ডের দিকে চলিয়া আসিতেছে। এই মু'জিযা প্রত্যক্ষ করিয়া তাহারা তালুতের বাদশাহী মানিয়া লইল (কাসাসুল-কুরআন, ২খ., পৃ. ৪৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00