📄 (২৭) আদ্দা ইব্ন খালিদকে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র
بسم الله الرحمن الرحيم هذا ما أعطى محمد رسول الله للعداء بن خالد ومن تبعه من عامر بن عكرمة اعطاهم ما بين مصباعة الى الزح ولوابة يعنى لوابة الخرار وكتب خالد بن سعيد.
"বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহ্র রাসূল মুহাম্মাদ আল-আদ্দা ইবন খালিদ এবং আমির ইবন ইকরিমা গোত্রের তাহার অনুসারীদেরকে যাহা দান করিয়াছেন ইহা হইতেছে সেই লিপি। তিনি তাহাদেরকে দান করিয়াছেন মিসবা'আ হইতে আয-যাহা এবং লাওয়াবা পর্যন্ত বিস্তৃত ভূমি অর্থাৎ লাওয়াবাতুল খাররার। খালিদ ইন্ন সাঈদ উহা লিপিবদ্ধ করিয়াছেন” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৩)।
📄 (২৮) সু'আয়র ইবনুল আদ্দার নামে
من محمد رسول الله إلى السعير بن عداء أني قد اخفرتك الرحيح وجعلت لك فضل بني السبيل.
"আল্লাহ্র রাসূল মুহাম্মাদের পক্ষ হইতে সু'আয়র ইবনুল আদ্দাকে। আমি তোমাকে আর-রাহীহ ইজারা দিলাম এবং বানুস-সাবীল-এর ব্যবহারের অতিরিক্তটুকু তোমার জন্যই বরাদ্দ করিলাম” (তাবাকাত, ১খ., পৃ.২৮২)।
📄 (২৯) জামীল ইব্ন কিদামকে প্রদত্ত দানপত্র
هذا ما اعطى محمد رسول الله لجميل بن ودام العدوى اعطاه الرمداء لا يحاقه فيه احد وكتب على.
"ইহা হইতেছে আল্লাহ্র রাসূল মুহাম্মাদ কর্তৃক জামীল ইবনুল বিদাম আল-আদাবীকে দানপত্র। তিনি তাহাকে রামদা দান করিয়াছেন। ইহা লইয়া কেহ তাহার সহিত কলহ করিতে পারিবে না। দানপত্রটি আলী লিখিয়াছেন" (তাবাকাত, ১খ., পৃ. ২৭৪)।
📄 (৩০) আযীম ইবনুল হারিছ আল-মুহারিবীকে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র
هذا كتاب من محمد رسول الله لعظيم بن الحارث المحاربي ان له الجمعة من رامس لا يحاقه احد وكتب الارقم.
"ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মাদ কর্তৃক আযীম ইবনুল হারিছ আল-মুহারিবীকে প্রদত্ত দানপত্র। তাহাকে রামিসের আল-জাম'আ ভূমি দান করা হইল। কেহ এই ব্যাপারে তাহার সহিত বিবাদ করিতে পারিবে না। আরকাম ইহা লিপিবদ্ধ করিয়াছেন (মু'জামুল বুলদান, ৩খ., পৃ. ১৭)।