📄 (২৪) বনুল আজিব আস্-সুলামীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র
بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد رسول الله بنى الاجب اعطا فالسا وكتب الارقم.
“বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহ্র রাসূল মুহাম্মাদ বনুল আজিব্বকে ফালিস ভূমি দানকল্পে যে দানপত্র প্রদান করিয়াছেন উহা হইতেছে সেই লিপি। উহা লিপিবদ্ধ করিয়াছেন আল-আরকাম” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৩-২৭৪; মাকাতীবুর রাসূল, ৩খ., পৃ. ৪৫০)।
📄 (২৫) সুলামীদের মধ্যকার কুমামার পুত্রদ্বয় আবদুল্লাহ ও ওয়াক্কাসের নামে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র
بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد النبى رسول الله ﷺ وقاص بن قمامة وعبد الله بن قمامة المسلمين ثم بنى حارثة اعطاهم المحدب وهو بين الهد الى الوابدة ان كانا صادقين.
“বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহর রাসূল মুহাম্মাদ সুলায়ম গোত্রের উপশাখা বনূ হারিছার কুমামার পুত্রদ্বয় ওয়াক্কাস ও আবদুল্লাহকে যে দানপত্র দিয়াছেন ইহা হইতেছে সেই লিপি। তিনি তাহাদেরকে আল-হাদ হইতে আল-ওয়াবিদা পর্যন্ত বিস্তৃত ভূমি দান করিয়াছেন— যদি তাহারা তাহাদের ইসলাম গ্রহণের ব্যাপারে সনিষ্ঠ হইয়া থাকে" (মাকাতীবুর রাসূল, ৩খ., পৃ. ৪৫১-৫২)।
📄 (২৬) সালামা ইবন মালিক আস্-সুলামীর নামে একখানি দানপত্র
هذا اما اعطى رسول الله ﷺ لمسلمة بن مالك السلمى اعطاه ما بين ذات الحناطي الى ذات الاساود لا يحاقه فيها احد شهد على بن ابي طالب و حاطب بن ابی بلتعه.
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওসাল্লাম সালামা ইবন মালিক আস-সুলামীকে যে দানপত্র দিয়াছেন উহা হইতেছে সেই লিপি। তিনি তাহাকে যাতুল-হানাতী এবং যাতুল আসাবিদের মধ্যবর্তী ভূমি দান করিয়াছেন। কেহ এই ব্যাপারে তাহার সহিত কলহে প্রবৃত্ত হইতে পারিবে না।
আলী ইব্ন আবী তালিব এবং হাতিব ইব্ন আবী বালতা'আ ইহার সাক্ষী রহিলেন” (তাবাকাত, ১খ., পৃ. ২৮৫)।
📄 (২৭) আদ্দা ইব্ন খালিদকে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র
بسم الله الرحمن الرحيم هذا ما أعطى محمد رسول الله للعداء بن خالد ومن تبعه من عامر بن عكرمة اعطاهم ما بين مصباعة الى الزح ولوابة يعنى لوابة الخرار وكتب خالد بن سعيد.
"বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহ্র রাসূল মুহাম্মাদ আল-আদ্দা ইবন খালিদ এবং আমির ইবন ইকরিমা গোত্রের তাহার অনুসারীদেরকে যাহা দান করিয়াছেন ইহা হইতেছে সেই লিপি। তিনি তাহাদেরকে দান করিয়াছেন মিসবা'আ হইতে আয-যাহা এবং লাওয়াবা পর্যন্ত বিস্তৃত ভূমি অর্থাৎ লাওয়াবাতুল খাররার। খালিদ ইন্ন সাঈদ উহা লিপিবদ্ধ করিয়াছেন” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৩)।