📄 মুনযিরকে মহানবী (সা)-এর দূতের উপদেশ ও তাঁহার প্রতিক্রিয়া
রাসূলুল্লাহ-এর দূত 'আলা ইবনুল হাদরামী (রা) বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ -এর পত্রসহ মুনযিরের নিকট উপনীত হইলাম তখন তাঁহাকে লক্ষ্য করিয়া বলিলাম, হে মুনযির! এই দুনিয়ায় আপনি কতই না বিচক্ষণ ও দূরদর্শী। আখিরাতের ব্যাপারে আপনি নির্বোধ ও অবিবেচক হইবেন না। এই মজুসিয়াত বা অগ্নি উপাসনার পারসিক ধর্ম হইতেছে নিকৃষ্টতম ধর্ম। এই ধর্মে এমন সব মহিলাকে বিবাহ করার বিধান রহিয়াছে যাহাদেরকে বিবাহ করা লজ্জাজনক। ইহারা এমন সব বস্তু ভক্ষণ করে যাহা ভক্ষণে অন্যরা রীতিমত ঘৃণাবোধ করে। এই দুনিয়ায় আপনারা এমন আগুনের পূজায় নিমগ্ন যাহা আখিরাতে আপনাদেরকে গ্রাস করিবে। আর আপনি তো নির্বোধ ও অবিবেচক নহেন! একটু ভাবিয়া দেখুন, যিনি দুনিয়ার ব্যাপারে কোন দিন মিথ্যা বলেন নাই, তাঁহাকে কি আমরা বিশ্বাস করিব না? যিনি কোনদিন বিশ্বাসভঙ্গ করেন নাই, তাঁহার প্রতি কি আমরা আস্থা স্থাপন করিব না? যিনি কোন দিন প্রতিশ্রুতি ভঙ্গ করেন নাই, তাঁহার প্রতিশ্রুতিতে কেন আমরা বিশ্বাস করিব না? যদি তাহাই হইয়া থাকে (আর তাহা তো নিঃসন্দেহে এইরূপই) তাহা হইলে ইনিই তো সেই উম্মী নবী যাঁহার সম্পর্কে কোন সুবিবেচক ও জ্ঞানী ব্যক্তির এইরূপ বলার অবকাশ নাই যে, হায়! তিনি যাহার আদেশ করিয়াছেন তাহাতে যদি বারণ করিতেন অথবা তিনি যাহা বারণ করিয়াছেন, যদি তাহার আদেশ করিতেন।
জবাবে মুনযির বলিলেন, আমার স্বধর্ম সম্পর্কে চিন্তা করিয়া দেখিলাম, ইহা তো কেবল এই দুনিয়ার ব্যাপার, ইহাতে আখিরাত বলিতে কিছুই নাই। পক্ষান্তরে তোমাদের ধর্মে দুনিয়া ও আখিরাত উভয়টাই আছে। যে ধর্মে দুনিয়ার আশা-আকাঙ্ক্ষার সবটাই আছে, মৃত্যুকালীন স্বস্তি লাভের ব্যবস্থা আছে, তাহা বরণ করিয়া নিতে আমার বাধা কোথায়? গতকাল পর্যন্ত যাহারা এই দীন গ্রহণ করিত, তাহাদের জন্য আমি বিস্ময়বোধ করিতাম, আর আজ যাহারা এই দীন প্রত্যাখ্যান করে, তাহাদের জন্য আমি বিস্ময়বোধ করি (মাকাতীবুর রাসূল, ১খ., পৃ. ১৪৩)।
উক্ত পত্রখানা যতদূর মনে হয় হুদায়বিয়ার সন্ধির অব্যবহিত পরেই ষষ্ঠ হিজরীতে প্রেরিত হইয়াছিল। পত্রলাভের পর মুনযির ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্-এর দূত যখন এই সংবাদ মদীনায় পাঠাইলেন, তখন রাসূলুল্লাহ্ মুনযিরের নিকট অপর একখানি পত্র প্রেরণ করিলেন। পত্রখানির ভাষ্য ছিল নিম্নরূপ:
من محمد رسول الله الى المنذر بن ساوى السلام عليك فاني احمد اليك الله الذي لا اله الا هو واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فاني اذكرك الله عز وجل فان من ينصح لنفسه وانه من يطع رسلى ويتبع امرهم فقد اطاعنى ومن نصح لهم فقد نصح لى وان رسلى قد اثنوا عليك خيرا وانسى قد شفعتك في قومك فاترك للمسلمين ما اسلموا عليه وعفوت عن أهل الذنوب فاقبل منهم وانك مهما تصلح فلم نعز لك عن عملك ومن اقام على يهودية او مجوسية فعليه الجزية.
الله رسول محمد
"মুহাম্মাদুর রাসূলুল্লাহ্-এর পক্ষ হইতে মুনযির ইব্ন সাওয়াকে। আপনার প্রতি আল্লাহ্ করুণা বর্ষিত হউক। আমি আপনার নিকট সেই এক আল্লাহ্র প্রশংসা বর্ণনা করিতেছি যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহ্ এক ও অদ্বিতীয়। তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই। মুহাম্মাদ তাঁহার বান্দা ও রাসূল। অতঃপর আমি আপনাকে মহান আল্লাহর কথা স্মরণ করাইয়া দিতেছি। যে উপদেশ গ্রহণ করে সে তাহার নিজেরই উপকার করে। যে আমার দূতগণের আনুগত্য করে এবং তাহাদের আদেশ মান্য করে, প্রকৃতপক্ষে সে আমাকেই মান্য করে। আর যে তাহাদের প্রতি সদ্ব্যবহার করে, প্রকৃতপক্ষে সে আমার প্রতিই সদ্ব্যবহার করে। আমার দূতগণ আপনার প্রশংসা করিয়াছেন। আর আপনি আপনার সম্প্রদায়ের ব্যাপারে যে সুপারিশ করিয়াছেন আমি তাহা মঞ্জুর করিলাম। সুতরাং মুসলমানদেরকে তাহাদের অবস্থার উপর ছাড়িয়া দিন যেগুলির মালিক থাকা অবস্থায় তাহারা ইসলাম গ্রহণ করিয়াছে। যাহারা ত্রুটি করিয়াছে তাহাদের ত্রুটি আমি মাফ করিয়া দিয়াছি। আপনিও তাহাদেরকে মাফ করিয়া দিন। যতদিন পর্যন্ত আপনি সৎপথে থাকিবেন ততদিন পর্যন্ত আমরা আপনাকে পদচ্যুত করিব না। আর যে ব্যক্তি ইয়াহুদী অথবা মাজুসী (অগ্নি উপাসনার) ধর্মে অবিচল থাকিবে তাহাকে অবশ্যই জিযয়া দিতে হইবে" (আল-মিসবাহুল মুদী, ২খ., পৃ. ৩৮০-৩৮১)।
📄 মুনযিরের প্রতি নবী কারীম (সা)-এর তৃতীয় পত্র
এই পত্রের ভাষ্যদৃষ্টে প্রতীয়মান হয় যে, এই পত্রখানা মুনযিরের কোন পত্র অথবা পয়গামের জবাবেই প্রেরিত হইয়া থাকিবে। পত্রের ধরণ-ধারন সম্পূর্ণ রাজকীয়—যাহাতে মুনযিরকে শাসকপদে বহাল রাখার নিশ্চয়তা দেওয়া হইয়াছে এবং সাথে সাথে অন্যান্য সম্প্রদায়ের সহিত তাঁহার কী আচরণ হইবে, তাহার নির্দেশনাও দেওয়া হইয়াছে।
মুনযির ইবন সাওয়া অতঃপর আর একটি পত্র লিখিয়া প্রথম পত্রের ব্যাখ্যা জানিতে চাহেন। তিনি তাঁহার সেই পত্রে জানিতে চাহেন যে, মুসলিম সমাজের অন্তর্ভুক্ত লোকজন বলিতে কাহাদেরকে বুঝায় এবং যাহারা মুসলিম সমাজ বহির্ভূত থাকিবে তাহাদের নিকট হইতে কী হারে জিয়া লইতে লইবে। মুনযিরের সেই পত্রখানার ভাষ্য ছিল নিম্নরূপ:
اما بعد يا رسول الله فاني قرأت كتابك على اهل البحرين فمنهم من احب الاسلام واعجبه ودخل فيه ومنهم من كرهه فلم يدخل فيه وبارضى يهود ومجوس فاحدث الى امرك في ذلك. -"অতঃপর ইয়া রাসূলাল্লাহ্! বাহরায়নবাসীদেরকে আমি আপনার পত্র পাঠ করিয়া শুনাইয়াছি। তাহাদের মধ্যকার কিছু লোক উহা পসন্দ করিয়াছে এবং ইসলাম গ্রহণ করিয়াছে। আবার কিছু লোক উহা অপসন্দও করিয়াছে এবং তাহারা ইসলাম গ্রহণ করে নাই। আমার দেশে ইয়াহুদী এবং অগ্নি উপাসকরাও রহিয়াছে। এই ব্যাপারে আপনার নির্দেশ দানে মর্জি হয়” (মাকাতীবুর রাসূল, ১খ., পৃ. ১৪৩)।
মুনযিরের প্রতি নবী কারীম-এর তৃতীয় পত্র
মুনযির ইবন সাওয়ার ব্যাখ্যা প্রার্থনার জবাবে নবী কারীম তাঁহার উদ্দেশ্যে নিম্নরূপ পত্র প্রেরণ করেনঃ
بسم الله الرحمن الرحيم من محمد رسول الله الى منذر بن ساوى سلام الله عليك فانى احمد اليك الله الذى لا اله الا هو اما بعد فمن استقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم الذى له ما لنا وعليه ما علينا ومن لم يفعل فعليه دينار من قيمة المعافري والسلام ورحمة الله يغفر الله لك. "বিসমিল্লাহির রাহমানির রাহীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ্র পক্ষ হইতে মুনযির ইব্ন সাওয়াকে। আপনার প্রতি আল্লাহর করুণা বর্ষিত হউক! আমি আপনার নিকট সেই মহান আল্লাহর প্রশংসা করিতেছি যিনি ব্যতীত আর কোন ইলাহ নাই। অতঃপর সমাচার এই যে, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা বলিয়া মান্য করে এবং আমাদের যবেহকৃত পশুর গোশত খায় সে-ই মুসলিম বলিয়া গণ্য হইবে। তাহার অধিকারও ঠিক ততটুকু যতটুকু আমাদের মধ্যকার অধিকার রহিয়াছে এবং তাহার উপর ঠিক ততটুকু দায়িত্বও বর্তাইবে, যতটুকু আমাদের উপর বর্তাইয়া থাকে। আর যে তাহা করিবে না (আমাদের মূল্যবোধে বিশ্বাসী হইবে না) তাহার উপর মু'আফিরী কাপড়ের মূল্যের (এক দীনার) জিয়া ধার্য হইবে। সালাম ও আল্লাহ্র রহমত আপনার প্রতি বর্ষিত হউক। আল্লাহ আপনাকে ক্ষমা করুন” (ইমাম আবূ ইউসুফ, কিতাবুল খারাজ, পৃ. ১৩১, দারুল মা'রিফা, বৈরূত)।
📄 মুনযিরের প্রতি রাসূলুল্লাহ (সা)-এর চতুর্থ পত্র
নবম হিজরীতে রাসূলুল্লাহ্ যখন তাবুক যাত্রা করিতে মনস্থ করেন, তখন হযরত কুদামা ও আবূ হুরায়রা (রা)-কে জিযয়া বাবত সংগৃহীত অর্থ লইয়া আসিবার জন্য মুনযিরের নিকট প্রেরণ করেন। সেই সময় অপর একজন শাসককেও নির্দেশ প্রদান করা হয় তিনিও যেন তাহার এলাকা হইতে জিয়া বাবৎ সংগৃহীত অর্থ আবূ হুরায়রার মাধ্যমে মদীনায় পাঠাইয়া দেন। এই যাত্রায় তিনি মুনযিরকে লিখিয়াছিলেন:
من محمد رسول الله الله إلى المنذر بن ساوى فادفع اليهما كتابا آخر أما بعد فانی قد بعثت إليك قدامة وأبا هريرة فادفع إليهما ما اجتمع عندك من جزية أرضك والسلام وكتب أبي. "অতঃপর কুদামা ও আবূ হুরায়রাকে আপনার নিকট প্রেরণ করিতেছি। আপনার দেশের যে জিয়া সংগৃহীত হইয়াছে তাহা তাহাদের নিকট দিয়া দিন। ওয়াসসালাম।
এই পত্রগুলি লিপিবদ্ধ করিয়াছিলেন উবাই ইব্ন কা'ব (রা) (আল-মিসবাহুল মুদী, ২খ., পৃ. ৩৮২; তাবাকাত, ১খ., পৃ. ২৭৬)।
আবূ রাবী, মুনযিরের ইসলাম গ্রহণ এবং মদীনায় গমন করিয়া রাসূলুল্লাহ্-এর সহিত সাক্ষাত করার কথা অস্বীকার করিয়াছেন। পক্ষান্তরে ইমাম নাবিগ তাহা স্বীকার করিয়াছেন এবং মুনযিরকে সাহাবী বলিয়াছেন।
ঐতিহাসিক ইদুল আছীর 'উসদুল গাবা' গ্রন্থে এবং ইবন হাজার আল-ইসাবাতে মুনযিরের মাওলা (মুক্ত দাস) নাফে' আবূ সুলায়মান প্রসঙ্গে বর্ণনায় উক্ত মত সমর্থন করিয়াছেন এবং মুনযির মদীনায় আগত বাহরায়নের প্রতিনিধিদ দলে ছিলেন বলিয়া মত প্রকাশ করিয়াছেন (মাকাতীবুর রাসূল, ১খ., পৃ. ১৪৪)। এমনকি মুনযিরের মৃত্যুকালে আমর ইবনুল আস (রা) তাঁহার মৃত্যু শয্যায় উপস্থিত ছিলেন বলিয়াও বলা হইয়াছে। মৃত্যুপথযাত্রী তাঁহার এক-তৃতীয়াংশ সম্পদের ব্যাপারে ওসিয়াত করিতে পারে বলিয়া আমর (রা) তাহাকে বলিয়াছিলেন। কিন্তু মুনযির সমস্ত সম্পত্তিই ভাগ করিয়া যাওয়া পসন্দ করেন।
মোটকথা, মুনযির ইবন সাওয়া তাঁহার জীবনের অন্তিম দিন পর্যন্ত একজন নিষ্ঠাবান মুসলমান- রূপে জীবন অতিবাহিত করেন। রাসূলুল্লাহ্-এর ইন্তিকালের অল্প পূর্বেই এবং বাহরায়নবাসীদের রিদ্দার প্রাক্কালে তাঁহার ইন্তিকাল হয়। 'আলা ইবনুল হাদরামী (রা) তহসীলদাররূপে মুনযিরের ঐখানেই নিযুক্ত ছিলেন। মুনযিরের ইনতিকালের পর তিনি মদীনার পক্ষ হইতে বাহ্রায়নের প্রথম গভর্নররূপে নিযুক্ত হন (মাকাতীবুর রাসূল, ১খ., পৃ. ১৪৩)।
মুনযিরকে রাসূলুল্লাহ্ কোন সালে পত্র লিখিয়াছিলেন- ৬ষ্ঠ হিজরীতে না অষ্টম হিজরীতে, সেই সম্পর্কে মতভেদ আছে। কিন্তু প্রকৃত কথা হইল, বেশ কয়েকটি পত্রই তাঁহার নামে প্রেরিত হইয়াছিল। প্রথমবার ষষ্ঠ হিজরীতে অন্যান্য রাজ-রাজড়াকে পত্র লিখার সময়ই প্রেরিত হইয়াছিল। জিইররানা হইতে লিখিত পত্রটি যে অষ্টম হিজরীতে প্রেরিত তাহাতে সন্দেহের অবকাশ নাই। কেননা হুনায়ন অবরোধ অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের অব্যবহিত পরেই হইয়াছিল। সুতরাং বিভিন্ন পত্র বিভিন্ন সময়ে লিখিত হইয়াছিল- যাহার সূচনা হইয়াছিল ষষ্ঠ হিজরীতে এবং সমাপ্তি অষ্টম হিজরীতে।
📄 বাহ্রায়নের জনগণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা)-এর পত্র
নবী কারীম-এর যুগে হাজার-এর সর্দার ছিলেন উসায়বুখত। সেখত, সী-বুখত, উসায়হাব, উসায়খাব প্রভৃতি বিভিন্ন বানানে এই নামটি পাওয়া যায়। এইগুলির মধ্যে কোনটি যে তাহার প্রকৃত নাম আর কোনটি বিকৃত তাহা নির্ণয় করা কঠিন। তবে তিনি যে বাহরায়ন এলাকার হাজর-এর সর্দার ছিলেন এই ব্যাপারটি সর্বজন স্বীকৃত।
নবী কারীম উসায়বখতের নিকট ইসলামের দা'ওয়াত প্রেরণ করেন। তিনি আনন্দচিত্তে উক্ত আহ্বানে সাড়া দেন এবং যথারীতি ইসলাম গ্রহণ করেন। তিনি আকরা' ইবন হাবিসকে দূতরূপে রাসূলুল্লাহ্-এর দরবারে প্রেরণ করেন। রাসূলুল্লাহ্ তাঁহাকে স-সম্মানে গ্রহণ করেন এবং বেশ কয়েক দিন পর্যন্ত তাঁহাকে আতিথ্য দান করেন। তাঁহাকে বিদায় দানকালে রাসূলুল্লাহ্ (স) যে পত্রটি তাঁহার হাতে তুলিয়া দেন তাহা নিম্নরূপ:...
بسم الله الرحمن الرحيم من محمد رسول الله إلى اسبيخت بن عبد الله صاحب هجر إنه قد جاءني الأقرع بكتابك وشفاعتك لقومك وإني قد شفعتك وصدقت رسولك الأقرع في قومك فابشر فيما سألتني وطلبتنى بالذي تحب ولكني نظرت أن أعلمه وتلقاني فإن تجتنا أكرمك وإن تقعد اكرمك أما بعد فإني لا أستهدى أحدا وإن تهد إلى أقبل هديتك وقد حمد عمالي مكانك وأوصيك بأحسن الذي أنت عليه من الصلاة والزكاة وقرابة المؤمنين وإني قد سميت قومك بنى عبد الله فمرهم بالصلاة وبأحسن العمل وأبشر والسلام عليك وعلى قومك المؤمنين. “বিস্মিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হইতে হাজার এলাকার প্রধান উসায়বুখতের প্রতি। হাম্দ ও সালাতের পর— আপনার পত্র ও আপনার সম্প্রদায়ের ব্যাপারে সুপারিশসহ আমার নিকট আল-আকরা ইন্ন হাবিস আসিয়াছেন। আমি আপনার সুপারিশ মঞ্জুর করিয়াছি এবং আপনার সম্প্রদায়ের ব্যাপারে তাহার সুপারিশ মানিয়া লইয়াছি। আমি আপনাকে সুসংবাদ দিতেছি, আমি আপনার আবেদন মঞ্জুর করিয়াছি এবং আমার নিকট যাহা চাহিয়াছেন তাহা দান করিয়াছি। আমি অপেক্ষা করিয়াছি যে, আপনি আমার নিকট উহা ব্যাখ্যা করিবেন। আপনি আমার নিকট আগমন করিলে আমি আপনাকে সসম্মানে গ্রহণ করিব। আর আগমন না করিলেও আপনার প্রতি সম্মানবোধ আমার অন্তরে রহিয়াছে। অতএব আমি কাহারও নিকট হইতে উপঢৌকনের প্রত্যাশা করি না, তবে স্বতঃস্ফূর্তভাবে আপনি উপঢৌকন দিলে তাহা গ্রহণ করিব। আমার কর্মচারিগণ আপনার উচ্চ মর্যাদার প্রশংসা করিয়াছেন। আমি আপনাকে সালাত, যাকাত ও মুসলমানদের সহিত সৌহার্দ্যপূর্ণ আচরণের উপদেশ দিতেছি। আমি আপনার সম্প্রদায়ের নামকরণ করিয়াছি বন্ধু ‘আবদিল্লাহ্। সুতরাং তাহাদেরকে সালাত ও সৎকর্মের উপদেশ দিবেন। আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনার প্রতি ও আপনার সম্প্রদায়ের ঈমানদারগণের প্রতি সালাম” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৪-২৭৫)।
সাথে সাথে তাঁহার সম্প্রদায়ের লোকদের (হাজারবাসীর) উদ্দেশ্যেও স্বতন্ত্রভাবে একটি লিপি লিখাইয়া দূতের হাতে তুলিয়া দেওয়া হয়। তাহাতে লিখিত ছিল:
আমা বা'দ ফান্নি ওসীকুম বিল্লাহি ওয়া বিয়ানফুসিকুম আন লা তাদিল্লু বা'দা আন হুদিইতুম ওয়া লা তাউ'দু বা'দা আন রুশিদতুম. "হাম্দ ও সালাতের পর, আমি তোমাদেরকে আল্লাহ্র ব্যাপারে একনিষ্ঠ থাকার উপদেশ দিতেছি। সাথে সাথে তোমাদের নিজেদের ব্যাপারেও উপদেশ দিতেছি যে, হিদায়াত লাভের পর গোমরাহীতে পতিত হইও না এবং সরল পথের দিশা লাভের পর বক্র পথের দিকে ঝুঁকিয়া পড়িও না"।
আমা বা'দ ফাক্বাদ জাআনী ওয়াফদুকুম ফালাম আ'তি ইলাইহিম ইল্লা মা সাররাহুম ওয়া লাও আন্নী আজতাহাদতু ফিকুম জুহদী কুল্লুহু আখরাজতুকুম মিন হাজরি ফাশাফ্ফাতু গাঈবাকুম ওয়া আফদালতু আলা শাহদিকুম ফাযকুরু নি'মাতা আল্লাহু আলাইকুম. "আমার কাছে তোমাদের প্রতিনিধিগণ আসিয়াছেন। আমি তাহাদের সহিত প্রীতিকর আচরণই করিয়াছি। আমি যদি তোমাদের প্রতি আমার পূর্ণ শক্তি ও অধিকার প্রয়োগ করিতাম, তবে তোমাদেরকে ভূমি হইতে বহিষ্কার করিয়া দিতাম। কিন্তু না, আমি তোমাদের অনুপস্থিতদের ব্যাপারে সুপারিশ গ্রহণ করিয়াছি এবং তোমাদের মধ্যকার উপস্থিতদের প্রতি উদার ব্যবহার করিয়াছি। সুতরাং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ রাখিবে।"
আমা বা'দু ফান্নাহু ক্বাদ আতানীয়াল্লাযী সানাতুম ওয়া আন্নাহু মিম্মান ইয়াহসানু মিনকুম লা আহমিল আলাইহি যাম্বাল মুসীয়ু ফাইজা জাআকুম উমারায়ী ফাতিয়ূয়হুম ওয়ানসুরুহুম আলা আমরিল্লাহি ওয়া ফী সাবিলিহী ফাইন্নাহু মাইয়্যামালু মিনকুম আমালান সালিহান ফালান ইয়াদিল্লা ইন্দাল্লাহি ওয়া লা ইনদী. "অতঃপর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমার নিকট সংবাদ পৌঁছিয়াছে। তোমাদের মধ্যকার সৎকর্মশীলগণকে দুষ্কর্মকারীদের দুষ্কর্মের জন্য দায়ী করা হইবে না। আমার নিযুক্ত আমীরগণ যখন তোমাদের নিকট পৌঁছিবেন তখন তোমরা তাহাদের আনুগত্য করিবে এবং আল্লাহ্র নির্দেশ পালন এবং তাঁহার পথে তোমরা তাহাদেরকে সহযোগিতা করিবে। তোমাদের মধ্যকার যে ব্যক্তিই সৎকর্ম করিবে, আল্লাহ্র নিকট বা আমার নিকট সেই ব্যক্তি পথভ্রষ্ট বলিয়া গণ্য হইবে না” (দ্র. আল-আমওয়াল, পৃ. ১৯১; তাবাকাত, ১খ., পৃ. ২৭৫-৭৬)।
বাহরায়নের আরেক নেতা হেলাল ইবন উমায়্যার নামে রাসূলুল্লাহ্ (স)-এর পত্র
বিসমিল্লাহির রাহমানির রাহীম সালিম ওয়া আন্তা ফান্নি আহমাদু ইলাইকাল্লাহা আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়া লা শারীকা লাহু ওয়া আদউকা ইলাল্লাহু ওয়াহদাহু তুমিন বিল্লাহি ওয়া তুতীয়ু ওয়া তাদখুলু ফীল জামাআতি ফাইন্নাহু খাইরুল লাকা ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা. "পরম করুণাময় ও পরম দয়াময় আল্লাহর নামে। আপনি শান্তিতে থাকুন! আমি আপনার নিকট ঐ আল্লাহর প্রশংসা করিতেছি যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তাঁহার কোন শরীক নাই। আমি আপনাকে এক আল্লাহ্ দিকে আহ্বান জানাইতেছি। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করুন, তাঁহার আনুগত্য করুন এবং ইসলামী দলের অন্তর্ভুক্ত হউন। কেননা উহাই আপনার জন্য