📄 ওয়াছিলা ইবনুল আস্কা' (রা)
(২৭) ওয়াছিলা ইবনুল আস্কা' (রা): তাঁহার পূর্ণ নাম ও বংশলতিকা এই রূপ: ওয়াছিলা ইবনুল আস্কা ইবন আবদিল উয্যা ইব্ন আবদি ইয়ালীল ইব্ন নাশিব আল-লায়ছী। তাঁহার উপনাম ছিল আবুল আস্কা, মতান্তরে আবূ মুহাম্মাদ। রাসূলুল্লাহ্-এর তাবৃক অভিযানে গমনের প্রস্তুতি গ্রহণকালে তিনি ইসলাম গ্রহণ করেন। দীর্ঘ তিন বৎসর কাল আহলে সুফফার সহিত অবস্থান করিয়া তিনি আল্লাহ্র রাসূলের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। পরবর্তী কালে বসরা ও সিরিয়ায় বসবাস করেন। দামিশক ও হিমস অভিযানে অংশগ্রহণের পর বায়তুল মুকাদ্দাস গমন করিলে সেখানে তিনি ইনতিকাল করেন।
তাঁহার ইসলাম গ্রহণের কারণে তাঁহার পিতা তাঁহার প্রতি এতই অসন্তুষ্ট হন যে, তিনি সাথে সাথে বলিয়া উঠেন, 'তোমার সহিত আর একটি কথাও আমি বলিব না'। অবশ্য তাঁহার ভগ্নি তাঁহার পরেপরেই ইসলাম গ্রহণ করেন। ইহার পর রাসূলুল্লাহ্-এর সহিত দেখা করিতে আসিলে তিনি জানিতে পারেন যে, তিনি ইতোমধ্যেই তাবুক অভিযানে রওয়ানা হইয়া পড়িয়াছেন। হযরত-উকবা (রা)-র সহযোগিতায় শেষ পর্যন্ত তিনি তাবুকে রাসূলুল্লাহ্ -এর সহিত মিলিত হন এবং সেই অভিযানে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ্ তাঁহাকে হযরত খালিদের সঙ্গে উকায়দিরের নিকট প্রেরণ করিয়াছিলন (আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২৫৯)।
📄 হায়্যান ইব্ন মিল্লা
(২৮) হায়্যান ইব্ন মিল্লা: হিরাক্লিয়াসের নিকট প্রেরিত রাসূলুল্লাহ্ -এর দূত দিয়া কালবীর ইনি ছিলেন সফরসঙ্গী। ফিলিস্তীনের অধিবাসী আনীফুল ইয়ামানী তাঁহার ভাই ছিলেন। ইহার বেশী আর কোন পরিচয় আমরা সংগ্রহ করিতে পারি নাই (ইমাম যাহাবী, তাজরীদু আসমাইস সাহাবা, ১খ., পৃ. ১৪৫)।
📄 খালিদ ইবনুল ওয়ালীদ (রা)
(২৯) খালিদ ইব্দুল ওয়ালীদ (রা): তাঁহার দৌত্যকর্ম সংক্রান্ত তথ্যের জন্য দ্র. উসদুল গাবা, ২খ., পৃ. ৯৩; রাসূল মুহাম্মদ-এর সরকার কাঠামো, পৃ. ২১৫)।
📄 আবদুল্লাহ ইব্ন আওসাজা আল-উরামী (রা)
(৩০) আবদুল্লাহ ইব্ন আওসাজা আল-উরামী (রা): রাসূলুল্লাহ্ তাঁহাকে সাম'আন ইব্ন আমর ইব্ন কুরায়ত ইন্ন উরাইদ ইব্ন আবী বকর ইন কিলাবের নিকট পত্রসহ প্রেরণ করিয়াছিলেন। উক্ত পত্র প্রাপক রাসূলুল্লাহ্ -এর সেই পত্রখানা- যাহা চর্মগাত্রে লিখিত ছিল- তাহা দ্বারা নিজের বালতিতে তালি লাগাইয়াছিল, কিন্তু পরবর্তীতে নবী দরবারে হাযির হইয়া যথারীতি ইসলাম গ্রহণ করিয়াছিলেন (আল-মিসবাহুল মুদী, ২খ., পৃ. ২৭৫; আল মুফাসসাল ফী তারীখিল 'আরাব কাবলাল ইসলাম, ৮খ., পৃ. ৩০৩)।