📄 আবদুল্লাহ ইব্ন বুদায়ল (রা)
(১৭) আবদুল্লাহ ইব্ন বুদায়ল (রা) ও (১৮) আবদুর রহমান ইব্ন বুদায়ল (রা): মক্কার বিখ্যাত খুযা'আ গোত্রের গোত্রপতি বুদায়লের পুত্র এই সাহাবী তাঁহার পিতাসহ মক্কা বিজয়ের পূর্বেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন। হুদায়বিয়ার সন্ধির পর তাঁহাদের গোত্র বনূ খুযা'আ মুসলমানদের সহিত যোগ দেয়। মক্কা বিজয়কালীন অভিযান, হুনায়নের যুদ্ধ, তাবুকের যুদ্ধ এবং তায়েফ অভিযানে তিনি অংশগ্রহণ করিয়াছিলেন। রাসূলুল্লাহ্র তাঁহাকে ইয়ামানে প্রেরণ করিয়াছিলেন। সিফফীনের যুদ্ধে তিনি ও তাঁহার ভাই আবদুর রহমান ইব্ন বুদায়ল নিহত হন (উসদুল গাবা, ৩খ., পৃ. ১২৪; ঐ, ৩খ., পৃ. ২৮২; আল-ইসাবা, ১খ., পৃ. ২৮০; মুঈনুদ্দীন আহমাদ নদভী, সিয়ারুস সাহাবা, আজমগড় ১৯৫৫; মুহাম্মদ ইয়াসীন মাযহার সিদ্দীকী, রাসূল মুহাম্মদ (স)-এর সরকার কাঠামো, পরিশিষ্ট-৪, পৃ. ৪৩৭)।
📄 'আয়্যাশ ইব্ন আবী রাবী'আ (রা)
(১৯) 'আয়্যাশ ইবন 'আমর (আবূ রাবী'আ) ইবন আল-মুগীরা ইবন আবদিল্লাহ ইবন উমার ইব্ন্ন মাখযূম। তাঁহার উপনাম ছিল আবূ আবদির রাহমান, মায়ের দিক হইতে আবু জাহল ইবন হিশামের ভাই ছিলেন। রাসূলুল্লাহ্-এর দারুল আরকামে প্রবেশের পূর্বেই ইসলামে প্রবেশকারী সাহাবীগণের মধ্যে তিনি অন্যতম ছিলেন (ইদরীস কান্ধলাভী, সীরাতুল মুস্তাফা, ১খ., পৃ. ২২৫)।
আবিসিনিয়ায় তাঁহার পুত্র আবদুর রহমানের জন্ম হয়। পরবর্তীতে হযরত উমার (রা)-এর সহিত তিনি মদীনায় হিজরত করেন। আবূ জাহল ইব্ন হিশাম ও তাহার ভাই আল-হারিছ মদীনায় গিয়া তাঁহাকে ফেরত গ্রহণের জন্য মিথ্যা কথায় ভুলাইয়া মক্কায় লইয়া যাওয়ার প্রয়াস পায়। তাহারা বলে যে, 'আয়্যাশের মাতা পুত্রকে না দেখা পর্যন্ত কেশবিন্যাস না করার এবং রৌদ্র হইতে ছায়া লাভ না করার প্রতিজ্ঞা করিয়াছেন। ইহাতে 'আয়্যাশ অত্যন্ত বিচলিত হইয়া তাহাদের সাথে মক্কার পথে রওয়ানা হইলেন। আবু জাহল তাঁহাকে বন্দী করিয়া অকথ্য নির্যাতন চালায়। এই সংবাদ পাইয়া রাসূলুল্লাহ্ তাঁহাকে উদ্ধারকল্পে খালিদ ইবন ওয়ালীদ (রা)-কে মক্কায় প্রেরণ করেন। খালিদ (রা) তাঁহাকে উদ্ধার করিয়া আনেন। রাসূলুল্লাহ্ তাঁহাকে নিজের দূতরূপে হিময়ারের আল-হারিছ, মাসরূহ এবং নু'আয়ম ইব্ন আবদে কুলাল-এর নিকট প্রেরণ করিয়াছিলেন। ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হন (আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২৪১-২৪৬; ইবন সা'দ, পৃ. ১৭৬; ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ১৬১; রাসূলুল্লাহ্ -এর পত্রাবলী, সন্ধিচুক্তি ও ফরমানসমূহ পৃ. ১২৫-১২৭)।
📄 ফুরাত ইব্ন হায়্যান (রা)
(২০) ফুরাত ইব্ন হায়্যান (রা): বাক্স ইন্ন ওয়াইল গোত্রের বনূ আজলান শাখায় তাঁহার জন্ম। পিতার নাম ছিল হায়্যান এবং পিতামহের নাম ছা'লাবা আল-আজালী। মদীনায় হিজরত করিয়া প্রিয়নবী -এর সংসর্গ ও আস্থা অর্জনের সৌভাগ্য লাভ করেন। রাসূলুল্লাহ্ তাঁহাকে মুসায়লামা কায্যাবকে হত্যার উদ্দেশ্যে ছুমামা ইব্ন আছালের নিকট প্রেরণ করিয়াছিলেন। হযরত আবূ হুরায়রা ও বাজ্জাল ইব্ন উনফুযার সহিত হযরত আবূ বাক্স (রা)-এর নির্দেশে তিনি রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন (রাসূল মুহাম্মদ-এর সরকার কাঠামো, পৃ. ৪৩৯)।
📄 কুদামা ইব্ন মায'উন (রা)
(২১) কুদামা ইন্ন মায'উন (রা): দ্বিতীয় খলীফা হযরত উমার (রা)-এর ভগ্নি সাফিয়্যা বিন্ত খাওয়াযের তিনি স্বামী ছিলেন। তাঁহার পূর্ণ নাম ও বংশলতিকা এরূপ: কুদামা ইব্ন মায'উন ইব্ন হাবীব ইন্ন ওয়াত্ব ইবন হুযাফা ইব্ন জুমাহ আল-কুরাশী আল-জুমাহী (আত- তুহফাতুল লাতীফ, ২খ., পৃ. ২৫১, উছমান ইবন মাযঊন প্রসঙ্গ, সংখ্যা ২৯৩১)। আবূ 'উমার ছিল তাহার উপনাম। আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম যুগের মুসলমানদের অন্যতম এই সাহাবী এবং তাঁহার দুই ভাই আবদুল্লাহ ইব্ন মায'উন ও উছমান ইব্ন মায'উন এবং ভ্রাতুষ্পুত্র সাইব ইবন 'উছমানসহ একই পরিবারের চার ব্যক্তি মক্কার মুশরিকদের ইসলাম গ্রহণের সংবাদে মক্কার উদ্দেশ্যে যাত্রাকারী কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন (ইবন হিশাম, সীরাতুন নবী, ২খ., পৃ. ২০)।
হযরত কুদামা ইব্ন মা'ঊন (রা) বদরসহ রাসূলুল্লাহ্-এর সহিত প্রতিটি জিহাদে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ্ হযরত আবূ হুরায়রা (রা)-এর সঙ্গে তাঁকেও বাহরায়নের
গভর্নর আলী ইব্ন হাওয়ার নিকট প্রেরণ করিয়াছিলেন। ৩৬ হিজরীতে তিনি ৬৮ বৎসর বয়সে ইন্তিকাল করেন (আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২৪১-২৪৬)।