📄 ৫. বনূ 'আদল ও বনূ আল-কারার উদ্দেশ্যে দশজনের দাওয়াতী কাফেলা প্রেরণ
বনূ 'আদল ও বনূ আল-কারার কয়েক ব্যক্তি মদীনায় আসিয়া আরয করিল, আমাদের গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণ করিয়াছে। এখন তাহাদের তা'লীম ও তরবিয়তের জন্য কয়েকজন মুবাল্লিগ দিন। রাসূলুল্লাহ্ তাহাদের সহিত দশজন সাহাবীকে প্রেরণ করিলেন। কাফেলাটি যখন আর-রজী' নামক স্থানে পৌছিল, তখন আমন্ত্রণকারী কপট লোকেরা বিশ্বাসঘাতকতা করিল এবং হুযায়ল গোত্রের এক শত দুর্বৃত্তকে ডাকিয়া তাহাদেরকে আক্রমণ করিল। দুর্বৃত্তদের উদ্দেশ্য ছিল সাহাবীদেরকে বন্দী করিয়া কুরায়শদের নিকট বিক্রি করিয়া অর্থ উপার্জন করা। এই উদ্দেশ্যে তাহারা সাহাবীগণকে আত্মসমর্পণ করিতে বলিল। কিন্তু সাহাবীগণ তাহাদের কুমতলব বুঝিতে পারিলেন এবং আত্মসমর্পণ করিতে অস্বীকার করিলেন। শেয়ে উভয় পক্ষের মধ্যে তীরযুদ্ধ হইল। প্রথমে সাতজন ও পরে আরেকজন মোট আটজন সাহাবী শহীদ হইলেন। দুইজন সাহাবী তথা হযরত যুবায়র ও হযরত যায়দ (রা)-কে দুর্বৃত্তরা কুরায়শদের নিকট বিক্রয় করিয়া দেয়। পরে কুরায়শরা তাঁহাদেরকেও শহীদ করিয়া দেয় (বুখারী, ২খ., পৃ. ৫৮৫)।
📄 ৬. নজদের বনূ 'আমেরের উদ্দেশ্যে সত্তরজনের দাওয়াতী কাফেলা প্রেরণ
নজদবাসী বনু 'আমের গোত্রের 'আমের ইবন মালিক রাসূলুল্লাহ-এর খidমতে হাযির হইয়া বলিল, "হযুর। ইসলাম আমার কাছে বেশ ভাল লাগে। আশা করি আমার গোত্রের লোকদের কাছেও তাহা ভাল লাগিবে। তাই আমার সাথে যদি কিছু মুবাল্লিগ পাঠাইতেন, তবে তাহাদের মুখে ইসলামের কথা শুনিয়া হয়ত তাহারাও ইসলাম গ্রহণ করিতে প্রস্তুত হইত"।
তাহার এই প্রস্তাবে রাসূলুল্লাহ্ কিছুটা দ্বিধাবোধ করিলে আমের বলিল, হুযূর! কোন ভয় নাই। আমি স্বয়ং মুবাল্লিগদের নিরাপত্তার যিম্মা নিতেছি। রাসূলুল্লাহ্ নজদে ইসলামের প্রচার-প্রসার ও তালীম-তরবিয়তের জন্য আস্হাবে সুফ্ফার সাহাবীদের মধ্য হইতে সত্তরজনকে মনোনীত করিলেন। ইহারা সকলেই ছিলেন কুরআনের কারী ও হাফিয। নজদের পথে যখন তাঁহার বীরে মা'উনা নামক স্থানে পৌঁছিলেন, তখন বনূ 'আমের গোত্রের সর্দার 'আমের তাহার গোত্রকে মুবাল্লিগ সাহাবীদের উপর হামলা করার নির্দেশ দিল। অপ্রস্তুত সাহাবীগণ সাধ্যমত প্রতিরোধ করিলেন এবং মাত্র একজন ছাড়া সকলেই শহীদ হইলেন (ইবন হিশাম, আস্-সীরাতুন নাবাবিয়্যা, ২খ., পৃ. ২৮৭)।
📄 ৭. দূমাতুল জন্দলের খৃস্টানদের উদ্দেশ্যে দাওয়াতী কাফেলা প্রেরণ
দুমাতুল জান্দাল একটি দুর্গ। এই দুর্গ ও সংলগ্ন এলাকায় খৃস্টান সম্প্রদায় বাস করিত। রাসূলুল্লাহ্ সাত শত সাহাবীসহ হযরত আবদুর রহমান ইবন আওফ (রা)-কে সেখানে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করিলেন। তাঁহারা তথায় পৌছিয়া খৃস্টান অধিবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলেন। লাগাতার তিনদিন পর্যন্ত সাহাবীগণ তাহাদেরকে ইসলামের আদর্শ বুঝাইলেন। চতুর্থ দিন তাহাদের গোত্র সর্দার আসবাগসহ অধিকাংশই ইসলাম কবুল করিল (ইবন সা'দ, তাবাকাত, ২ খ., পৃ. ৮৯)।
📄 ৮. বালী গোত্রের উদ্দেশ্যে দাওয়াতী কাফেলা প্রেরণ
হযরত আবদুর রহমান আত-তামীমী (রা) বলেন, রাসূলূল্লাহ্ হযরত 'আমর ইবনুল আসকে আরবের বালী গোত্রের লোকদেরকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করিবার জন্য প্রেরণ করেন। তিনি তথায় পৌঁছিয়া বিপদের আশংকা করিলেন এবং রাসূলের সাহায্য চাহিলেন। রাসূলুল্লাহ তাঁহার সাহায্যার্থে আরও কয়েকজন সাহাবীকে প্রেরণ করিলেন (আল্-বিদায়ার বরাতে, হায়াতুস- সাহাবা, ১খ., পৃ. ১৭৯)।