📘 সীরাত বিশ্বকোষ > 📄 দাসদের জীবন ও মানবিকতার প্রতি সম্মান প্রদর্শন

📄 দাসদের জীবন ও মানবিকতার প্রতি সম্মান প্রদর্শন


অধিকন্তু দাসদের জীবনের প্রতিও এতদূর সম্মান প্রদর্শন করা হইল যে, একজন স্বাধীন মানুষের মতই তাহার জীবনেরও পরিপূর্ণ নিরাপত্তা প্রদান করা হইল এবং এই নিরাপত্তার জন্য যাবতীয় আইন-কানুনও রচিত হইল। মহানবী (স) মুসলমানদিগকে তাহাদের দাস-দাসীকে দাস বা দাসী, গোলাম ও বাঁদী বলিয়া সম্বোধন করিতে নিষেধ করিলেন এবং শিক্ষা দিলেন যে, তাহাদিগকে এমনভাবে ডাকিতে হইবে যাহাতে তাহাদের মানসিক দূরত্ববোধ বিলুপ্ত হয় এবং তাহারা নিজদিগকে তাহাদের মনিবদের পরিবারভুক্ত মনে করিতে পারে। মহানবী (স) বলেনঃ "ইহা নিশ্চিত যে, আল্লাহই তোমাদিগকেও দাস বানাইয়া তাহাদের অধীনস্থ করিতে পারিতেন" (ইহুয়াই উলূমিদ্দীন)। তাহারা এক বিশেষ অবস্থায় ও ঘটনাচক্রে দাস হইতে বাধ্য হইয়াছে। কেননা মানুষ হিসাবে তাহাদের এবং তাহাদের মনিবদের মধ্যে কোন পার্থক্য নাই। ইসলাম মনিবদের সহিত আবদ্ধ করিয়া এক অনাবিল মানবীয় সম্পর্কের বন্ধনে তাহাদিগকে আবদ্ধ করিয়াছে। ফলে মনিব ও দাস পরস্পর ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে, পারস্পরিক মৈত্রী ও ভালবাসা বৃদ্ধি পাইয়াছে এবং পরবর্তী পর্যায়ে এই ভালোবাসাই সমস্ত মানবীয় সম্পর্কের ভিত্তি রচনা করিয়াছে। দৈহিক নিপীড়ন বা ক্ষতিসাধনের জন্য মনিব ও দাস উভয়ের জন্য একই প্রকার দণ্ডের ব্যবস্থা করা হইয়াছে এবং এইক্ষেত্রে তাহাদের মধ্যে আদৌ কোন পার্থক্য করা কিংবা বিশেষ কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দেয়া হয় নাই। যে আমাদের কোন দাসকে হত্যা করিবে তাহাকেও হত্যা করা হইবে- ইসলামের এই সুদূরপ্রসারী বিধান অত্যন্ত সুস্পষ্ট। ইহা নিষ্কলুষ মানবীয় স্তরে মনিব ও দাসদের মধ্যে পূর্ণাংগ সাম্য স্থাপন করিয়াছে। উভয়ই জীবনের সকল দিক ও বিভাগে সমান অধিকার ও সুযোগ-সুবিধা লাভ করুক- ইহাই ইসলামে রাসূলুল্লাহ (র)-এর-কাম্য।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দাসদের মানবিক অধিকার

📄 দাসদের মানবিক অধিকার


ইসলামী শিক্ষার ফলে এই সত্যটিও স্পষ্ট হইল যে, দাস থাকা অবস্থায়ও কোন দাসকে তাহার মানবিক অধিকার হইতে বঞ্চিত করা হয় নাই। ইসলামী শারী'আতের এই সংরক্ষণ ব্যবস্থা শুধু দাসদের জীবন ও ইয্যতের নিরাপত্তার জন্যই যথেষ্ট ছিল না, বরং ইহা এতদূর উদার ও ভদ্রতাপূর্ণ ছিল যে, ইসলামের পূর্বাপর কোন ইতিহাসেই ইহার নজীর খুঁজিয়া পাওয়া যায় না। এই পর্যায়ে ইসলাম এতদূর অগ্রসর হইয়াছে যে, ইহা কোন দাসের চেহারায় চপেটাঘাত করাও নিষিদ্ধ ঘোষণা করিয়াছে। আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেয়ার জন্য চপেটাঘাত করার যে অনুমতি মনিবকে দেয়া হইয়াছে উহার জন্যও সুনির্দিষ্ট নিয়ম-কানুন বিধিবদ্ধ করা হইয়াছে যাহাতে শাস্তি দেয়ার ক্ষেত্রেও সে বৈধ সীমালংঘন করিতে না পারে। প্রকৃতপক্ষে শিশুদের দুষ্টামি বন্ধ করার জন্য বড়রা যে ধরনের শাস্তি দিয়া থাকে উহার চেয়ে কঠিন শাস্তি দাসদের জন্য কখনও বৈধ করা হয় নাই। এই ধরনের শাস্তিও ইসলামের বিপ্লবোত্তর যুগে দাসদের মুক্তির জন্য আইনগত ভিত্তি রচনা করিয়াছে এবং তাহারা মুক্তিলাভের ন্যায্য অধিকার লাভে সমর্থ হইয়াছে।
প্রথম পর্যায়ে ইসলাম দাসদিগকে মানবিক ও আধ্যাত্মিক স্বাধীনতা দান করিয়াছে, তাহাদের অতীতের মানবীয় মর্যাদা পুনরুদ্ধার করিয়াছে এবং স্পষ্টভাবে জানাইয়া দিয়াছে যে, একই যৌথ মানবতার সূত্রে গ্রথিত বলিয়া সকল দাসই তাহাদের মনিবদের ন্যায় একই মর্যাদা ও সম্মানের অধিকারী। স্বাধীনতার গৌরব হইতে বঞ্চিত হইয়া তাহারা কোন দিন মানবতাকে হারায় নাই এবং প্রাকৃতিক বা জন্মগত কোন দুর্বলতারও শিকার হয় নাই, বরং কিছু বাহ্যিক অবস্থা ও পরিবেশের কারণেই তাহাদের স্বাধীনতাকে হরণ করা হইয়াছিল এবং যাবতীয় সামাজিক কর্মকাণ্ডের পথ তাহাদের জন্য রুদ্ধ করিয়া দেওয়া হইয়াছিল। এই বাহ্যিক অবস্থা তথা দাসত্বকে বাদ দিলে তাহারা অন্যান্য লোকদের মতই মানুষ এবং মানুষ হিসাবে তাহাদের মনিবদের ন্যায় তাহারা যাবতীয় মানবীয় অধিকার লাভের উপযুক্ত।
ইসলাম এতটুকু করিয়াই ক্ষান্ত হয় নাই। কেননা অন্যতম মূলনীতি হইতেছে মানুষের পূর্ণাংগ সমতা বিধান। এই নীতির দাবিই হইল, বিশ্বের সমস্ত মানুষ সমান এবং স্বাধীন মানুষ হিসাবে মানবীয় অধিকার লাভের ক্ষেত্রে সকলে সমান। তাই ইসলাম দাসদিগকে পুরাপুরি স্বাধীন করিয়া দেওয়ার উদ্দেশ্যে দুইটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করিয়াছে। প্রথমটি হইল সরাসরি মুক্তিদান (বা 'ইত্ক°) অর্থাৎ মনিবদের পক্ষ হইতে দাসদিগকে স্বেচ্ছায় মুক্তি প্রদান করা। দ্বিতীয়টি হইল মুক্তির লিখিত চুক্তি (মুকাতাবাত) অর্থাৎ মনিব ও দাসের মধ্যে মুক্তিদানের লিখিত চুক্তি সম্পাদন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সরাসরি মুক্তিদান

📄 সরাসরি মুক্তিদান


সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে কোন মনিব কর্তৃক তাহার কোন দাসকে দাসত্বের যাবতীয় বন্ধন হইতে মুক্ত করিয়া দেওয়াকে ইসলামের পরিভাষার 'ইত্ক' (মুক্তিদান) বলা হয়। ইসলাম এই পদ্ধতিকে অত্যন্ত ব্যাপকভাবে কার্যকরী করিয়াছে। রাসূলুল্লাহ (স)-ও এই ক্ষেত্রে তাঁহার অনুসারীদের সামনে সর্বোত্তম নমুনা পেশ করেন। তিনি তাঁহার সমস্ত দাস-দাসীকে চিরতরে দাসত্ব মুক্ত করিয়া দেন। তাঁহার সাহাবীবৃন্দও তাঁহার অনুসরণে নিজ নিজ দাসদিগকে আযাদ করিয়া দেন। হযরত আবূ বকর (রা) তো তাঁহার ধন-সম্পত্তির এক বিরাট অংশ ব্যয় করিয়া কাফির মনিবদের নিকট হইতে তাহাদের দাসদিগকে ক্রয় করিয়া মুক্ত করিয়া দেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গুনাহ্ কাফ্ফারাস্বরূপ মুক্তিদান

📄 গুনাহ্ কাফ্ফারাস্বরূপ মুক্তিদান


পবিত্র কুরআনে কিছু কিছু গুনাহর কাফ্ফারাস্বরূপ দাসমুক্তির নির্দেশ প্রদান করা হইয়াছে। রাসূলুল্লাহ্ (স)-ও বলিয়াছেন যে, কতক গুনাহ্ কাফ্ফারা হইল গোলাম আযাদ করা। ফলে অসংখ্য গোলাম আযাদী লাভ করে। কেননা গুনাহ্ ছাড়া কোন মানুষ নাই। কাজেই বহু মানুষ স্ব স্ব গুনাহ্ কাফ্ফারাস্বরূপ গোলামদিগকে আযাদ করে। কোন মু'মিন ব্যক্তি ভুলবশতঃ কাহাকেও হত্যা করিলে উহার কাফ্ফারাস্বরূপ কোন মু'মিন গোলাম আযাদ করার নির্দেশ দেওয়া হইয়াছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00