📄 শিশুর মাথার হাত বুলানো ও আদর করা
দয়াপরবশ হইয়া রাসূলুল্লাহ (স) শিশুর মাথায় হাত বুলাইতেন:
عن يوسف بن عبد الله بن سلام قال سمانی رسول الله ﷺ يوسف واقعدني على حجره ومسح راسي .
“ইউসুফ ইব্ন আবদিল্লাহ ইব্ন সালাম (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমার নাম রাখিলেন “ইউসুফ’। 'তিনি আমাকে তাঁহার কোলে বসাইলেন এবং আমার মাথায় হাত বুলাইলেন”।
ছোটদের প্রতি জননীদের আদর দেখিলে রাসূলুল্লাহ (স) পুলকিত হইতেন এবং স্নেহদানকারী জননীকে জান্নাতের সুসংবাদ প্রদান করিতেন।
ইরশাদ হইয়াছে:
عن عروة بن الزبير أن عائشة زوج النبي الله حدثته قالت جاءتني امرءة معها ابنتان فسألتني فلم تجد عندى شيئا غير تمرة واحدة فاعطيتها اياها فقسمتها بين ابنتيها ثم قامت فخرجت فدخل النبي ﷺ فحدثته فقال من ابتلي من هذه المبنات شيئا فاحسن اليهن كن له سترا من النار (رواه البخاري) .
"উরওয়া ইবনুয যুবায়র (র) হইতে বর্ণিত। 'আইশা (রা) তাহাকে বলিয়াছেন, এক মহিলা তাহার দুইটি কন্যাসন্তান লইয়া আসিল এবং আমার নিকট কিছু চাহিল। আমার নিকট তখন একটি খেজুর ব্যতীত আর কিছুই ছিল না। আমি তাহাকে উহা দান করিলাম। সে তাহা দুই কন্যার মধ্যে ভাগ করিয়া দিল, অতঃপর উঠিয়া চলিয়া গেল। রাসূলুল্লাহ (স) গৃহে তাশরীফ আনিলে আমি তাঁহাকে ঘটনাটি জানাইলাম। তিনি বলিলেন, যেই ব্যক্তি এই ধরনের সন্তান লইয়া পরীক্ষার সম্মুখীন হইবে, উহা সত্ত্বেও তাহাদের প্রতি সে যত্নবান থাকিবে, এই সন্তানগুলি তাহার জন্য জাহান্নাম হইতে প্রতিবন্ধক হইবে”।
📄 শিশুদের কাঁধে তুলিয়া লওয়া
শিশুদেরকে রাসূলুল্লাহ (স) এতই সোহাগ করিতেন যে, কোন কোন সময় সালাতরত অবস্থায়ও তাহাদেরকে কোলে তুলিয়া লইতেন। সালাতের বাহিরে হইলে তো আর কোন কথাই ছিল না। ইরশাদ হইয়াছে:
عَنْ اَبِى قَتَادَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِىُّ ﷺ وَاُمَامَةُ بِنْتُ اَبِى الْعَاصِ عَلٰى عَاتِقِهِ فَصَلَّى فَاِذَا رَكَعَ وَضَعَ وَاِذَا رَفَعَ رَفَعَهَا (رواه البخاری) -
“আবু কাতাদা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাদের নিকট বাহির হইলেন, তখন উমামা বিনত আবিল আস (রা) ছিল তাঁহার কাঁধে। অতঃপর তিনি সালাত আদায় করিতে লাগিলেন। যখন তিনি রুকুতে যাইতেন তখন তাহাকে নামাইয়া রাখিতেন এবং রুকু হইতে উঠিয়া আবার তাহাকে উঠাইয়া লইতেন”।
وَعَنِ الْبَرَاءِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ﷺ وَالْحَسَنُ بْنُ عَلِىّ عَلٰى عَاتِقِهِ يَقُوْلُ اللَّهُمَّ اِنِّىْ اُحِبُّهُ فَاحِبَّهُ (رواه البخاری) -
“আল-বারাআ (রা) বলেন, আমি হাসান ইব্ন আলী (রা)-কে রাসূলুল্লাহ (স)-এর কাঁধের উপর দেখিয়াছি। রাসূলুল্লাহ (স) তখন বলিতেছিলেন, হে আল্লাহ! আমি তাহাকে ভালবাসি, তুমিও তাহাকে ভালবাস”।
📄 শিশুদের সহিত রাসূলুল্লাহ (স)-এর কৌতুক
শিশুদের নিকট স্বাভাবিক হইবার জন্য কোন কোন সময় রাসূলুল্লাহ (স) তাহাদের সহিত কৌতুক করিতেন।
عَنْ اَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ اَحْسَنَ النَّاسِ خُلُقًا وَكَانَ لِىْ اَخٌ يُقَالُ لَهُ اَبُوْ عُمَيْرٍ قَالَ اَحْسِبُهُ فَطِيْمٌ وَكَانَ اِذَا جَاءَ قَالَ يَا اَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ وَنُغَيْرٌ كَانَ يَلْعَبُ بِه -
“আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ছিলেন সর্ব্বোত্তম চরিত্রের মানুষ। আমার একটি ছোট ভাই ছিল, তাহাকে আবু উমায়ر বলিয়া ডাকা হইত। আমার ধারণা তখন সে দুগ্ধপোষ্য ছিল। রাসূলুল্লাহ (স) যখন আমাদের মধ্যে আসিতেন তখন তাহাকে বলিতেন, হে আবু উমায়ر! তোমার নুগায়ر (পাখি)-এর কি হইল? নুগায়ر পাখি লইয়া সে খেলাধুলা করিত”। নুগায়ر হইল চড়াই আকৃতির ছোট পাখি। ইহার ঠোঁট লাল বর্ণের হয়।
ইহা ছাড়া রাসূলুল্লাহ (স) কোন সময় আনাস ইব্ন মালিক (রা)-কে কৌতুক করিয়া বলিতেন : “হে দুই কানওয়ালা”।
📄 শিশুদের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টিদান
অপরাধ তো অপরাধই, তবুও শিশু মনের অপরাধকে রাসূলুল্লাহ (স) একটু হালকা দৃষ্টিতে দেখিতেন। রাফে’ ইব্ন আম্ر (রা)-এর শৈশবকালে বাগানে ঢিল ছোঁড়ার একটি ঘটনা :
عن رافع بن عمرو قال كنت ارمى نخل الانصارى فاخذوني فذهبوا بي الى النبي ﷺ فقال يا رافع لم ترمى نخلهم قال قلت يا رسول الله الجوع قال لا ترم وكل ما وقع الشبعك الله وارواك ( رواه الترمذي) .
"রাফে' ইবন আমর (রা) বলেন, আমি আনসার গোত্রের এক লোকের খেজুর গাছে ঢিল হুড়িয়াছিলাম। তাহারা আমাকে গ্রেফতার করিয়া রাসূলুল্লাহ (স)-এর সমীপে উপস্থিত করিল। রাসূলুল্লাহ (স) জিজ্ঞাসা করিলেন, হে রাফে'! তুমি তাহাদের বাগানে ঢিল ছুড়িয়াছ কেন? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল। ক্ষুধার জ্বালায় আমি ঢিল ছুড়িয়াছি। রাসূলুল্লাহ (স) বলিলেন, অপরের বাগানে ঢিল ছুড়িও না। নিচে যাহা পতিত হয় তাহা কুড়াইয়া খাইও। আল্লাহ তোমার ক্ষুধা নিবারণ করিবেন এবং তৃপ্তি দান করিবেন"।