📘 সীরাত বিশ্বকোষ > 📄 সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান: আরব সমাজে উহার প্রভাব

📄 সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান: আরব সমাজে উহার প্রভাব


আরব সমাজ যখন গোত্রীয় বিদ্বেষ ও সীমাহীন ব্যক্তিস্বাতন্ত্র্যের বেড়াজালে আবদ্ধ, আভিজাত্যের বড়াই, কৌলিন্যের অহমিকা, রং ও বর্ণের গোঁড়ামী যখন তাহাদের মজ্জাগত বৈশিষ্ট্যে রূপান্তরিত, তখন তাহাদের সম্মুখে ভ্রাতৃত্ব ও সাম্যের আহ্বান কেবল রাসূলুল্লাহ (স) কর্তৃক একটি নূতন পয়গামই নহে, বরং তাহাদের মাথার উপর ইহা ছিল একটি রীতিমত বজ্রাঘাত। তাহাদের নিকট তাওহীদ তথা আল্লাহ্ একত্বে বিশ্বাস স্থাপন করার আহ্বান যেমন নূতন ছিল তেমনি সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বানও ছিল সম্পূর্ণ নূতন, একেবারেই অপরিচিত। আভিজাত্য আর বংশীয় গৌরবে স্ফীত আরবজাতি তাই প্রথমদিকে তাঁহার এই আহ্বান মানিয়া লইতে অস্বীকার করিল। বিশেষত রাসূলুল্লাহ (স)-এর আহ্বানে অনুপ্রাণিত হইয়া যুগে যুগে বৈষম্যের শিকার দুর্বল জনগোষ্ঠী যখন তাহাদের মর্যাদার মাথা উঁচু করিল, তখন এতদিন যাহারা সমাজে উঁচু-নীচুর পার্থক্য করিয়া রাখিয়াছিল তাহারা উপহাস আরম্ভ করিয়া দিল। সাম্য ও ভ্রাতৃত্বের বিরুদ্ধে তাহাদের পূর্বপুরুষগণ যাহা বলিয়াছিল, তাহারা সেই কথারই পুনরাবৃত্তি করিতে লাগিল। তাহারা বলিল:
وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلْنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ.
"আমরা তো দেখিতেছি, তোমার অনুসরণ করিতেছে তাহারাই, যাহারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতে অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখিতেছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি" (১১:২৭)।
সাম্য ও ভ্রাতৃত্ব নীতির প্রেক্ষিতে ঈমান গ্রহণকারী ধনী, দরিদ্র, সাদা-কালো, মনিব-ভৃত্য সকলেই রাসূলুল্লাহ (স)-এর দরবারে সমানভাবে সমাদৃত হইতেন। কিন্তু পার্থিব গর্বে স্ফীত আরব নেতৃবৃন্দের পক্ষে ইহা ছিল অসহনীয়। তাই তাহারা আপত্তি করিল। তাহারা বলিল, আমরা এই নীচদের সহিত একত্রে বসিতে পারি না। আপনি যদি আমাদেরকে কোন পয়গাম শুনাইতে চাহেন, তাহা হইলে এই অধমদিগকে অত্র মজলিস হইতে উঠাইয়া দিন। রাসূলুল্লাহ (স)-এর প্রচারিত ওহী তাহাদের এই গর্বস্ফীত প্রস্তাবকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করিল। প্রত্যাদেশ হইল:
وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدُةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّلِمِينَ، وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لَيَقُولُوا اهْؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِّنْ بَيْنِنَا الَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّكِرِينَ
"যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাঁহার সন্তুষ্টি লাভার্থে ডাকে, তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না। তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নহে এবং তোমার কোন কর্মের জবাবদিহির দায়িত্বও তাহাদের নহে যে, তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে। করিলে তুমি যালিমদিগের অন্তর্ভুক্ত হইবে। এইভাবে আমি তাহাদের এক দলকে অপর দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে, আমাদের মধ্যে কি ইহাদের প্রতিই আল্লাহ অনুগ্রহ করিলেন? আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে অবহিত নহেন” (৬ : ৫২-৫৩)।
অন্যত্র ইরশাদ হইয়াছে:
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدُةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنُكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَوةِ الدُّنْيَا وَلا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وكَانَ أَمْرُهُ فُرُطًا .
"তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখিবে উহাদেরই সংসর্গে যাহারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে উহাদের প্রতিপালককে তাঁহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করিয়া উহাদের হইতে তোমার দৃষ্টি ফিরাইয়া লইও না। তুমি তাহার আনুগত্য করিও না যাহার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করিয়া দিয়াছি, যে তাহার খেয়াল-খুশীর অনুসরণ করে ও যাহার কার্যকলাপ সীমা অতিক্রম করে" (১৮ : ২৮)।
মোটকথা, রাসূলুল্লাহ (স) আল্লাহ তা'আলার বাণীর প্রেক্ষিতে তাহার সাম্য ও ভ্রাতৃত্ব নীতির উপর অটল রহিলেন। কারণ তাঁহার শিক্ষা ও মিশনের সাফল্যের জন্য এই সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা ছিল অপরিহার্য। তাঁহার এই দৃঢ়তা ও অবিচলতা কিছু দিনের মধ্যেই ফলপ্রসূ হইল। বিশ্বাসীর অন্তরে সাম্য ও ভ্রাতৃত্ববোধ এমনভাবে প্রতিষ্ঠিত হইল, যাহা ছিল অসাধারণ, নজীরবিহীন। চরম শ্রেণীবৈষম্য ও গোত্রপ্রীতিতে আকণ্ঠ নিমজ্জিত আরবজাতির পক্ষে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া ছিল একান্তই মহান আল্লাহর অনুগ্রহ ও দয়া। আল-কুরআনে মহান আল্লাহ তাঁহার এই অতুলনীয় করুণার কথা উল্লেখ করিয়াছেন এইভাবে:
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِّنْهَا كَذلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَيْتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
"তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করঃ তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তাঁহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ উহা হইতে তোমাদেরকে রক্ষা করিয়াছেন। এইরূপে আল্লাহ তোমাদের জন্য তাঁহার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, যাহাতে তোমরা সৎপথ পাইতে পার" (৩: ১০৩)।
রাসূলুল্লাহ (স) সাম্য ও ভ্রাতৃত্বের কেবল তত্ত্বগত ঘোষণা দিয়াই ক্ষান্ত হন নাই, বরং এই সাম্য ও ভ্রাতৃত্বের দলীলস্বরূপ একটি সমাজও কায়েম করিয়াছেন, যাহা প্রতিটি যুগের মানুষের জন্য নমুনা হইয়া রহিয়াছে। সেই নমুনা হইল "মদীনার ইসলামী সমাজ"। মদীনায় হিজরতের পর রাসূলুল্লাহ (স) ইসলাম গ্রহণকারী জনগোষ্ঠীর মধ্যে, বিশেষত মুহাজির ও আনসার সাহাবীদের মধ্যে এক নূতন আত্মীয়তার বন্ধনের সূত্রপাত করিলেন, যাহা ছিল জন্মগত রক্ত সম্বন্ধ এবং বৈবাহিক সম্বন্ধের আত্মীয়তার ঊর্ধ্বের একটি নূতন সম্বন্ধ-ভ্রাতৃত্বের বন্ধন। তিনি আনসার ও মুহাজির সাহাবীগণকে আনাস ইবন মালিকের বাড়ীতে সমবেত করিয়া আনুষ্ঠানিকভাবে পরস্পরের ভাই ঘোষণা করিলেন।
ভ্রাতৃত্বের এই বন্ধন এতই সুগভীর হইয়াছিল যে, একজন অপরজনকে তাঁহার সর্বক্ষেত্রে অংশীদারিত্ব পর্যন্ত প্রদান করিয়াছিলেন। মদীনার মুসলিম সমাজে এই দীনী ভ্রাতৃত্বের বন্ধন যে কত শক্তিশালী ছিল তাহা কল্পনা করাও আমাদের জন্য অসম্ভব। মহান আল্লাহ তাঁহাদের এই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির যেই প্রশংসা করিয়াছেন উহার শব্দগুলি লইয়া চিন্তা করিলে ইহার কিছুটা অবস্থা আঁচ করা যাইতে পারে। মহান আল্লাহ তাঁহাদের প্রশংসায় বলেন:
وَالَّذِينَ تَبَرَُّوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ..
"মুহাজিরদের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে (মদীনায়) বসবাস করিয়াছে ও ঈমান আনিয়াছে (মুমিন আনসারগণ) তাহারা মুহাজিরদেরকে ভালবাসে এবং মুহাজিরদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে, তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, আর তাহারা (আনসারগণ) নিজেদের উপর তাহাদেরকে (মুহাজিরদেরকে) প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হইলেও। যাহারা কার্পণ্য হইতে নিজদিগকে মুক্ত করিয়াছে তাহারাই সফলকাম" (৫৯:৯)।
রাসূলুল্লাহ (স) সাম্য ও ভ্রাতৃত্বের আরেকটি বাস্তব দলীল পেশ করিয়াছেন 'ইবাদতের মাধ্যমে। ইসলাম পূর্বকালে আরব বেদুঈন ও অন্যান্য জাতি-গোষ্ঠীর মধ্যে বর্ণ, বংশ ও শ্রেণী কৌলিন্যের দরুন ইবাদত-বন্দেগীর ক্ষেত্রেও চরম বৈষম্য ও বিভেদ নীতি বিদ্যমান ছিল। সমাজের উঁচু লোকেরা নীচু শ্রেণীর লোকদের সহিত ইবাদত-উপাসনায় যোগ দিত না, যোগ দেয়াকে নিজেদের জন্য মানহানিকর মনে করিত। রাসূলুল্লাহ (স) ইহা পরিবর্তন করিয়াছিলেন। তিনি ইসলামের বহুবিধ ইবাদতকে সমাজবদ্ধ ও সমবেতভাবে পালন করার প্রথা চালু করেন। যথা প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামায, সাপ্তাহিক জুমু'আর নামায, বাৎসরিক দুই ঈদের নামায, জানাযার নামায ইত্যাদি।
তাঁহার বাণীর অনুসরণে বিভিন্ন বর্ণ, বংশ ও গোত্রের মুসলিমগণ যখন একজন ইমামের নেতৃত্বে কাতারবন্দী হইয়া নামাযে দাঁড়ায় তখন তাহাদের মধ্যে ফুটিয়া উঠে চিন্তা ও কর্মের ঐক্য, সাম্য ও ভ্রাতৃত্বের নিদর্শন, বিদূরিত হয় সকল অহমিকা ও বিদ্বেষপ্রসূত মনোভাব। ইবাদতের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্বের এই বাস্তব অনুশীলন প্রত্যেক মু'মিনের প্রাত্যহিক জীবনে সুদূরপ্রসারী প্রভাব রাখে।
রাসূলুল্লাহ (স) তাঁহার সাম্য ও ভ্রাতৃত্বভিত্তিক দৃষ্টিভঙ্গী তাঁহার অনুসারীদের মধ্যে স্বার্থকভাবেই বদ্ধমূল করিয়াছিলেন। তাই আমরা দেখিতে পাই, রাসূলুল্লাহ (স)-এর ইনতিকালের পর তাঁহার সাহাবীগণ যখন খিলাফতের মহান দায়িত্বে বরিত হইলেন, তখনও তাহাদের মধ্যে ও সাধারণ জনগণের মধ্যে চালচলন ও জীবনমানের বিচারে কোন তারতম্য সূচিত হয় নাই। তাঁহার সাম্যের নীতিতে ভৃত্য ও মনিবের পারস্পরিক অধিকারে কোন পার্থক্য হয় নাই। এমনকি অপরাপর ধর্ম ও গোষ্ঠীর অনুসারীদের সহিতও মুসলিম সমাজের সাম্য ও ভ্রাতৃত্বের আচরণ পূর্ববৎ বিদ্যমান রহিল। ইসলামী খিলাফতের আয়ত্তাধীন রাষ্ট্রসমূহে অমুসলিম নাগরিকগণ পূর্ণ নাগরিক অধিকার ও সাম্য ভোগ করিয়াছে। ইসলামী আদালতসমূহে একজন মুসলিম যে বিচার পাইয়াছে, তদ্রূপ একজন অমুসলিম সেই বিচার পাইয়াছে ধর্মভেদের কারণে তাহাদের প্রতি কোনরূপ বৈষম্যের আচরণ করা হয় নাই। ইতিহাসে ইহার অসংখ্য দৃষ্টান্ত রহিয়াছে। 'উমার ফারুক (রা)-এর খিলাফতকালে খৃস্টান অধ্যুষিত মিসর মুসলিমদের হাতে আসিল। 'আমর ইবনুল 'আস (রা)-কে মিসরের গভর্নর মনোনীত করা হইল। একবার ইবনুল 'আসের পুত্র এক মিসরীয়কে বেত্রাঘাত করিল এবং স্বীয় বাপ-দাদার নামে গর্ব করিয়া কিছু বলিল। খলীফা 'উমার (রা) বিষয়টি অবগত হইলে তিনি গভর্নরকে দারুল খিলাফাতে ডাকাইয়া পাঠাইলেন এবং অত্যন্ত কঠোর ভাষায় তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, হে আমর! যেই মানুষ স্বাধীনরূপে জন্মগ্রহণ করিয়াছে তাহাকে তুমি কি দাসত্বের শৃংখলে আবদ্ধ করিতে চাও?

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ (স)-এর সাম্য ও ভ্রাতৃত্ব নীতির বৈশিষ্ট্যসমূহ

📄 রাসূলুল্লাহ (স)-এর সাম্য ও ভ্রাতৃত্ব নীতির বৈশিষ্ট্যসমূহ


বর্ণ, বংশ, গোত্র ও শ্রেণীভেদ-বৈষম্য পৃথিবীর মানবেতিহাসের একটি চলমান জটিল সমস্যা। এই সমস্যার সমাধানে পৃথিবীর মানবেতিহাসে বহু মতবাদের উদ্ভব ঘটিয়াছে, বহু তত্ত্ব ও থিওরীর আত্মপ্রকাশ ঘটিয়াছে। কিন্তু কোন মতবাদ ও থিওরী দ্বারা এই সমস্যার সমাধান তো হয়-ই নাই বরং ইহা জটিল আকার ধারণ করিয়াছে। রাসূলুল্লাহ (স)-এর অবির্ভাবকালেও পৃথিবীতে এই সমস্যা ছিল, বরং বলা যায় সবচেয়ে বেশি ভয়াবহ রূপে ছিল। কারণ সেই যুগটি পৃথিবীর ইতিহাসের চরম জাহিলিয়াতের যুগ।
রাসূলুল্লাহ (স) তাঁহার সাম্য ও ভ্রাতৃত্ব নীতির দ্বারা এই সমস্যার সফল সমাধান করিয়াছিলেন। তিনিই বিশ্বময় সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি সফলতা অর্জন করিয়াছিলেন। ইহা ছিল তাঁহার কর্ম ও অবদানের একটি বিস্ময়কর ও অসাধারণ দৃষ্টান্ত। যে সকল বর্ণ, জাতি ও গোষ্ঠীর মধ্যে কোন দিন ন্যূনতম সহযোগিতা ও মমত্ববোধ আশা করা যায় নাই, তিনি তাহাদের মধ্যে অতুলনীয় সাম্য ও সীশাঢালা প্রাচীরের ন্যায় সুদৃঢ় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করিতে সক্ষম হইয়াছিলেন। ইহার কারণ এই যে, তাঁহার সাম্য ও ভ্রাতৃত্ব নীতির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য বর্তমান ছিল, যাহা অপরাপর মতবাদ ও থিওরীসমূহে ছিল না। ফলে তাঁহার শিক্ষা সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছিয়াছে। পক্ষান্তরে অপরাপর মতবাদ ও থিওরীসমূহ ব্যর্থতায় পর্যবসিত হইয়াছে। আমরা রাসূলুল্লাহ (স)-এর সাম্য ও ভ্রাতৃত্ব নীতির বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কবির।
(১) যে কোন ধর্মাদর্শের উদ্দেশ্য হওয়া উচিত বিশ্বের সকল মানুষের কল্যাণ ও মানব মর্যাদা প্রতিষ্ঠা। এই দৃষ্টিতে ধর্মের পয়গাম হওয়া চাই সকলের জন্য উন্মুক্ত, সার্বজনীন। এই ক্ষেত্রে কোনরূপ বৈষম্য গ্রহণযোগ্য নহে।
সমকালীন ধর্মাদর্শ ও মতবাদসমূহ বিশ্লেষণ করিলে দেখা যাইবে যে, রাসূলুল্লাহ (স)-এর পয়গামই পৃথিবীর বুকে একমাত্র পয়গাম, যাহা বর্ণ, বংশ, দেশ, জাতি, অঞ্চল, ভূখণ্ড যুগ-কাল সকল কিছুর ঊর্ধ্বে বিশ্বমানবতার জন্য নাযিলকৃত সকলের জন্য সমভাবে প্রজোয্য ও গ্রহণযোগ্য। তাঁহার পয়গামই সর্বপ্রথম বিশ্বের সকল মানুষকে সাম্য ও ভ্রাতৃত্বের প্রতি আহ্বান করিয়াছে।
(২) রাসূলুল্লাহ (স) সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা প্রচার করিয়াছেন দয়ার অপরিহার্য অঙ্গ হিসাবে। কারণ, এই দুইটি জিনিস একই সাথে পালন করিলে যাবতীয় গরিমা, অহমিকা, কৌলিন্যবোধ ও স্বার্থপরতা পরিহার করা যায়। তিনি ঘোষণা করিয়াছেন:
والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يارسول الله قال الذي لا يامن جاره بواثقه "আল্লাহ্র কসম। সে মুমিন নহে; আল্লাহ্র কসম! সে মুমিন নহে; আল্লাহর শপথ! সে মমিন নহে। কেহ বলিল, কে সে হে আল্লাহ্র রাসূল? তিনি বলিলেন: সেই ব্যক্তি যাহার অনিষ্ট হইতে তাহার প্রতিবেশী নিরাপদ থাকে না"।
ليس المؤمن الذي شبع وجاره جائع ৩১১ “সেই ব্যক্তি মুমিন নহে যে উদর পূর্তি করিয়া খায় আর তাহার প্রতিবেশী তাহার পার্শ্বে ক্ষুধার্ত থাকে”।
الراحمون يرحمهم الرحمن ارحموا من فى الارض يرحمكم من فى السماء “দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর, আকাশের অধিপতি তোমাদের প্রতি দয়া করিবেন”।
لا يرحم الله من لا يرحم الناس .
“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ্ তাহার প্রতি দয়া করেন না”।
(৩) রাসূলুল্লাহ (স) যেই সাম্য ও ভ্রাতৃত্বের প্রতি আহ্বান করিয়াছেন উহার ভিত্তি ছিল মানব মর্যাদার উপর। মানব মর্যাদা জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, বর্ণে বর্ণে বা বিজয়ী ও বিজিতের মধ্যে কোন পার্থক্য নির্দেশ করে না। সমগ্র মানবগোষ্ঠীই এই সাম্য ও ভ্রাতৃত্বের আওতাভুক্ত। তিনি পরিষ্কার ঘোষণা করিয়াছেন:
الناس كلهم من آدم وآدم من تراب لافضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا احمر على اسود ولا اسود على احمر الا بالتقوى
“সকল মানুষ আদমের বংশধর, আর আদম মাটি হইতে তৈরী। কোন আরবের উপর যেমন অনারবের শ্রেষ্ঠত্ব নাই, তেমনি কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্বের মাপকাটি একমাত্র তাকওয়া”।
(৪) রাসূলুল্লাহ (স)-এর সাম্য ও ভ্রাতৃত্বের পয়গাম কেবল মুসলিমদের জন্য ছিল না, ইহা ছিল সার্বজনীন বিশ্বভ্রাতৃত্বের পয়গাম। এই পয়গামের বুনিয়াদ ছিল বিশ্বাসের অঙ্গ হিসাবে, বিশ্বাস মানুষে মানুষে কোন পার্থক্য করে না। বরং সকল মানুষকে একই সূত্রে গ্রথিত করে। তাঁহার প্রচারিত শিক্ষা হইতে ইহা সুপ্রমাণিত। তিনি আহ্বান করিয়াছেন:
قُلْ يَاأَهْلَ الكتب تَعَالَوْا إِلى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ .
“হে কিতাবীগণ! আইস সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি, কোন কিছুকেই তাঁহার শরীক না করি এবং আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত প্রতিপালকরূপে গ্রহণ না করি। যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তবে বল, তোমরা সাক্ষী থাক, অবশ্যই আমরা মুসলিম” (৩ঃ ৬৪)।
রাসূলুল্লাহ (স) বিশ্বের সকল মত ও পথের মানুষকে স্মরণ করাইয়া দেন যে, তাহারা একই রর্ণ ও মিল্লাতের অনুসারীরূপে পরস্পর ভাই ভাই ছিল। কিন্তু অন্যায় মতভেদ ও হিংসা-দ্বেষ তাহাদিগকে বিভক্ত করিয়া রাখিয়াছে। তাই তিনি পুনরায় সমগ্র বিশ্বে একক ধর্ম উম্মাহভিত্তিক মানব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান:
يايها الناس قولوا لا اله الا الله تفلحوا "হে মানবজাতি! তোমরা সকলে এক আল্লাহর প্রতি ঈমান আন, তাহা হইলে তোমরা সফলকাম হইতে পারিবে”।
ইয়াহুদী, খৃস্টান, এমনকি পৌত্তলিক মুশরিক সকলেই এই বিশ্ব উম্মাহর অন্তর্ভুক্ত। বস্তুত তাহাদের প্রতি ঈমান ও বিশ্বাসের আহ্বানও সত্যিকারের ভ্রাতৃত্বের চেতনারই ফল। তিনি চাহিয়াছেন যে, বিশ্ববাসী যেন ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হইয়া মুক্তির রাজপথে একাত্ম হয় এবং আল্লাহ্র পরিবারভুক্ত হইয়া এককের পথে পরিচালিত হয়।
(৫) ইয়াহুদী ও খৃস্টানগণ তাহাদের নিজ নিজ নবীর বাহিরে কোন নবীকে স্বীকার করে না, সম্মান করে না। তাহাদের আসমানী গ্রন্থ ছাড়া কোন গ্রন্থকে স্বীকার করে না। কিন্তু রাসূলুল্লাহ (স)-এর নির্দেশ এই যে, কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিমই হইতে পারে না, যতক্ষণ না সে দুনিয়ার সকল নবী ও রাসূলের উপর এবং আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনয়ন করিবে।
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا أُمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ والكتاب الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ يُكْفُرْ بِاللَّهِ وَمَلَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَلاً بَعِيدًا
“হে মুমিনগণ! তোমরা আল্লাহে, তাঁহার রাসূলে, তিনি যে কিতাব তাঁহার রাসুলের প্রতি নাযিল করিয়াছেন তাহাতে এবং যে কিতاب তিনি পূর্বে নাযিল করিয়াছেন তাহাতে ঈমান আন। এবং কেহ আল্লাহ, তাঁহার ফেরেশতা, তাঁহার কিতাব, তাঁহার রাসূল এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে” (৪: ১৩৬)।
لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِم .. "আমরা রাসূলগণের মধ্যে কোন তারতম্য করি না" (২: ২৮৫)।
অতীতের নবী-রাসূলগণের মর্যাদার স্বীকৃতি, তাঁহাদের কিতাবের সত্যতার সাক্ষ্য প্রদান ও সকলের ধর্মাদর্শের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়া বস্তুত রাসূলুল্লাহ (স) বিশ্ববাসীকে এক নূতন আধ্যাত্মিক সাম্য ও মানবিক ভ্রাতৃত্বের পয়গাম দিয়াছেন। ইহা দ্বারা তাঁহার শিক্ষার সার্বজনীনতা ও সাম্যের পরিসর যে কত ব্যাপক ও বিস্তৃত তাহাই প্রতিভাত হইয়াছে।
(৬) সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষাকে শুধুমাত্র নৈতিক ও চারিত্রিক গুণ হিসাবে প্রতিষ্ঠিত করিয়াই রাসূলুল্লাহ (স) ক্ষান্ত হন নাই; বরং তিনি ইহাকে ইসলামী রাষ্ট্রের আদর্শিক ভিত্তি হিসাবে স্থান দিয়াছেন। তাঁহার প্রতিষ্ঠিত মদীনার ইসলামী রাষ্ট্রে সাম্য ও ভ্রাতৃত্ব নীতিই ছিল প্রধানতম আদর্শ। মদীনার রাষ্ট্রে মাক্কী, ইরানী, রোমীয়, আবিসিনীয় এবং ইয়াহুদীগণ বসবাস করিত। তাহারা ছিল সংখ্যায় অল্প। রাসূলুল্লাহ (স) তাহাদের সহিত পূর্ণ ভ্রাতৃত্ব ও সাম্যের আচরণ করিয়াছিলেন। মদীনার অধিবাসীগণ সংখ্যাধিক হওয়া সত্ত্বেও বহিরাগত এই সকল সংখ্যালঘু নাগরিকদের উপর তাহাদের কোনরূপ শ্রেষ্ঠত্ব ছিল না। অধিকার ও নাগরিক সুবিধা প্রাপ্তিতেও ছিল না কোন প্রকার বিভাজন ও তারতম্য। সেখানে কোন দিন এই প্রশ্ন উঠে নাই যে, কে দেশী কে বিদেশী, কে দেশমাতৃকার। তাহারা সকলেই ছিল এক ও অভিন্ন মর্যাদায় অভিষিক্ত। মদীনার রাষ্ট্রে কখনও অধিকার প্রাপ্তির জন্য কোটা নির্ধারণের দাবি উঠে নাই। রাসূলুল্লাহ (স)-এর নিকট একটি মাত্র মানদণ্ড ছিল মর্যাদা পার্থক্যের। তাহা হইল তাকওয়া-আল্লাহ ভীরুতা।
মানবাধিকার প্রাপ্তিতে তিনি কখনও বর্ণ ও ধর্মের বিভাজনকে টানিয়া আনেন নাই, বরং তাঁহার রাষ্ট্রে ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে সকলের জন্য নিম্নবর্ণিত মানবাধিকারগুলি সমানভাবে প্রযোজ্য ছিল:
(১) জীবনের নিরাপত্তা, (২) সম্পদের নিরাপত্তা, (৩) ইজ্জত-আবরুর নিরাপত্তা, (৪) ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ, (৫) গৃহজীবনের নিরাপত্তা, (৬) মতামত প্রকাশের স্বাধীনতা, (৭) শিক্ষা-দীক্ষা ও মেধা বিকাশের অধিকার, (৮) ইনসাফ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার; (৯) সম্মানজনক জীবন যাপনের অধিকার, (১০) অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারের মধ্যে রহিয়াছে বাসস্থান, জীবিকা, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বিবাহ-শাদীর ব্যবস্থা ইত্যাদি।
সাম্য ও ভ্রাতৃত্ব নীতির আলোকে রাসূলুল্লাহ (স) দেশের সকল নাগরিকের জন্য এই সমস্ত মৌলিক অধিকার বাস্তবায়ন করিয়াছিলেন।
(৭) সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (স)-এর আরেকটি বৈশিষ্ট্য এই ছিল যে, তিনি তাঁহার আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতির ভিত্তি রাখিয়াছেন এই সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষার উপর। তাই তিনি কোন বর্ণ বা শ্রেণীভেদ অথবা সংকীর্ণ জাতীয়তাবাদের গণ্ডীকে স্বীকার করেন না। জ্ঞানী বা মূর্খ, উন্নত বা অনুন্নত, কৃষ্ণ বা শ্বেত এই ভিত্তিতে তিনি কোন দেশ ও জাতির মর্যাদা ও অধিকার পরিমাপ করেন নাই। তিনি সকল জাতের, সকল বর্ণের, সকল দেশের মানুষকে পরস্পর ভাই ও বৃহত্তর মানব ভ্রাতৃত্বের সদস্য বলিয়া গণ্য করেন। আন্তর্জাতিক ভ্রাতৃত্বের এই ধারণা রাসূলুল্লাহ (স)-এর একটি মৌলিক শিক্ষা। তিনি ইরশাদ করেন:
يايها الناس الا ان ربكم واحد لا فضل لعربي على عجمى ولا لعجمي على عربي ولا اسود على احمر ولا احمر على اسود الا بالتقوى
"হে মানবজাতি! শুনিয়া লও, তোমাদের রব একজন। অনারবের উপর আরবের এবং আরবের উপর অনারবের কোন শ্রেষ্ঠত্ব নাই। লালের উপর কালোর এবং কালোর উপর লালের কোন শ্রেষ্ঠত্ব নাই। তবে তাকওয়ার কারণে শ্রেষ্ঠত্ব হইতে পারে"।
বিশ্বমানব ভ্রাতৃত্ব ও সাম্যের এই নীতির উপরই রাসূলুল্লাহ (স) তাঁহার বহিরাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য শান্তি ও সহযোগিতা চুক্তি ও সন্ধি সম্পাদন করিয়াছেন। যথাঃ মদীনায় বসবাসকারী অপরাপর জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের সহিত কৃত মদীনার সনদ, মক্কাবাসীদের সহিত কৃত হুদায়বিয়ার সন্ধি, বাহরায়ন ও নাজরানের খৃস্টানদের সহিত কৃত চুক্তি ইত্যাদি।
(৮) সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (স)-এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে, তিনি সাম্য ও ভ্রাতৃত্ববোধকে একটি সামাজিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করিয়াছন, সমাজের উচ্চস্তরের লোকদের বদান্যতা ও অনুগ্রহ হিসাবে নহে। অন্যান্য ধর্মাদর্শ ও মতবাদে সাম্য ও ভ্রাতৃত্ববোধের কথা রহিয়াছে কিন্তু তাহা অধিকার হিসাবে নহে, অনুগ্রহ- রূপে। তাই আমরা দেখিতে পাই যে, ইউরোপ, আমেরিকার সংবিধানেও সাম্য ও ভ্রাতৃত্ববোধের কথা আছে, কিন্তু তাহা বর্ণবৈষম্য দূরীকরণে চরমভাবে ব্যর্থ হইয়াছে। তাহাদের নীতিবাক্য শ্রেণী সংগ্রাম ও বর্ণ সংগ্রাম ঠেকাইতে অপারগ প্রমাণিত হইয়াছে। অনুরূপ হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মেও সাম্য ও মমত্ববোধের কথা বলা হইয়াছে কিন্তু তাহা অকার্যকর প্রমাণিত হইয়াছে।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ (স)-এর কর্মজীবনে সাম্য ও ভ্রাতৃত্বনীতির বাস্তবায়ন

📄 রাসূলুল্লাহ (স)-এর কর্মজীবনে সাম্য ও ভ্রাতৃত্বনীতির বাস্তবায়ন


রাসূলুল্লাহ (স) তাঁহার পয়গামে সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে সকল নীতি প্রচার করিয়াছেন, তাঁহার কর্মজীবনে উহা বাস্তবায়ন করিয়া বিশ্ববাসীর সামনে তুলিয়া ধরিয়াছেন। রাসূলুল্লাহ (স)-এর সাম্য ও ভ্রাতৃত্বনীতির বাস্তবায়নে কয়েকটি দৃষ্টান্ত নিম্নে উল্লেখ করা হইল।
(১) আরবে ক্রীতদাসকে সবচেয়ে নিকৃষ্ট মনে করা হইত। তাহাদের সহিত পশু ও ইতরতুল্য আচরণ করা হইত। রাসূলুল্লাহ (স) ক্রীতদাসকে ভাইরূপে গ্রহণ করার নির্দেশ দানের পাশাপাশি তাঁহার আপন ক্রীতদাস যায়দ ইবন হারিছাকে নিজ পালক-পুত্র হিসাবে গ্রহণ করেন। যায়দের সহিত তিনি এমন মমতাপূর্ণ আচরণ করিতেন যে, সাধারণ মানুষ যায়দকে তাঁহার ক্রীতদাস বলিয়া মনেই করিত না। তাহারা যায়দকে 'যায়দ ইব্‌ন মুহাম্মাদ' নামে ডাকিত।
(২) বংশীয় গৌরব, গোত্রীয় কৌলিন্য ও আভিজাত্যের অহমিকা আরব সমাজে ভেদ-বৈষম্যের অনতিক্রম্য প্রাচীর দাঁড়াইয়া রাখিয়াছিল। রাসূলুল্লাহ (স) তাঁহার সাম্য ও ভ্রাতৃত্ব নীতির বাস্তব নমুনার মাধ্যমে এই জাতভেদের প্রাচীর চূর্ণ-বিচূর্ণ করিয়া দিলেন। তিনি তাঁহার কুরায়শ বংশীয়া আপন ফুফাতো বোন যয়নব বিন্ত জাহ্শকে আপন ক্রীতদাস যায়দ ইবন হারিছার সহিত বিবাহ দেন।
(৩) ক্রীতদাস যায়দের পুত্র উসামা ইব্‌ন যায়দকে রাসূলুল্লাহ (স) অত্যন্ত ভালবাসিতেন। তাঁহার কন্যা ফাতিমা (রা)-এর শিশু পুত্র হাসান (রা) ও ক্রীতদাস পুত্র উসামা (রা) ছিলেন সমবয়স্ক। তিনি তাঁহাদের উভয়কে একসঙ্গে কোলে নিতেন এবং আদর-সোহাগ করিতেন। একবার 'আব্বাস (রা) ও 'আলী (রা) রাসূলুল্লাহ (স)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল! আপনার নিকট আপনার পরিবারের মধ্যে সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? তিনি উত্তরে বলিলেন: ফাতিমা। তাঁহারা বলিলেন, হে আল্লাহর রাসূল! আমরা ফাতিমা (রা) সম্পর্কে জানিতে চাহি নাই। রাসূলুল্লাহ (স) বলিলেন, আমার নিকট সর্বাধিক প্রিয় উসামা ইব্‌ন যায়দ।
(৪) আরবে গোত্রীয় মর্যাদার তারতম্য এত প্রবল ছিল যে, উচ্চ মর্যাদাসম্পন্ন গোত্র কখনও নিম্ন বংশীয় কাহাকেও যুদ্ধ-লড়াইয়ে সেনাধ্যক্ষ হিসাবে বরণ করিত না, রণাঙ্গনে সে যত বড় বীরই হউক না কেন। রাসূলুল্লাহ (স) এই প্রথা উচ্ছেদ করিয়া একাধিক যুদ্ধ-জেহাদে যায়দ ইবন হারিছা, তাঁহার পুত্র উসামা ইব্‌ন যায়দ এবং অন্যান্য সাহাবীকে সেনাপতির দায়িত্বে মনোনয়ন দিয়াছেন। তাঁহার এই মনোনয়ন মানিয়া লওয়া অতীতের গর্বস্ফীত আরবদের পক্ষে কষ্টকর ছিল। কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়তার সহিত তাহাদের আপত্তি প্রত্যাখ্যান করিয়া সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করিয়াছেন। তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করিলেন:
اسمعوا واطيعوا وان استعمل عليكم عبد حبشى كان راسه زبيبة .
“তোমরা তোমাদের কর্মকর্তাদের কথা শুন এবং আনুগত্য কর, একজন মস্তক মুণ্ডিত হাবশী দাসকেও যদি তোমাদের নেতা বানানো হয় তবুও তাহার আনুগত্য কর যতক্ষণ সে তোমাদের মধ্যে আল্লাহর আইন জারি করে"।
অন্য কথায়, ইসলাম একজন দাসের এই অধিকারেরও স্বীকৃতি দিয়াছে যে, সে ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ পদও অলংকৃত করিতে পারে। হযরত উমার (রা) যখন তাঁহার স্থলাভিষিক্ত খলীফা নির্বাচিত করার প্রয়োজন অনুভব করেন তখন তিনি বলিলেন, "আবূ হুযায়ফার মুক্ত দাস সালিম যদি এখন জীবিত থাকিতেন তবে আমি তাহাকে খলীফা নিয়োগ করিতাম"।
হযরত উমার (রা) যখন তাঁহার স্থলাভিষিক্ত খলীফা নির্বাচিত করার প্রয়োজন অনুভব করেন তখন তিনি বলিলেন, "আবূ হুযায়ফার মুক্ত দাস সালিম যদি এখন জীবিত থাকিতেন তবে আমি তাহাকে খলীফা নিয়োগ করিতাম"।
সালমান ফারসী (রা) উমার (রা)-এর শাসনামলে মাদায়নের গভর্নর নিযুক্ত হন। আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। হযরত উমার (রা)-এর খিলাফতকালে খাব্বাব ইবনুল-আরাত (রা)-কে তিনি অধিক সম্মান করিতেন এবং অন্যের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করিতেন। উমার (রা) রোমীয় ক্রীতদাস সুহায়ব আর-রোমীকে তাহার মৃত্যু পূর্ববর্তী আহতাবস্থায় ভারপ্রাপ্ত খলীফা হিসাবে নামাযের ইমামতির জন্য নিযুক্ত করেন।
আবূ হুযায়ফা (রা)-এর দাসী ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া (রা)-এর পুত্র আম্মার ইন্ন ইয়াসার (রা)। ক্রীতদাসিনীর পুত্র অথচ উমার ও আলী (রা)-এর সহিত তাঁহার গভীর বন্ধুত্ব ছিল। উমার (রা) তাঁহাকে ইরাকের অন্তর্গত কুফার গভর্নর নিযুক্ত করেন। পরবর্তী কালে তিনি সিফফীনের যুদ্ধে অংশগ্রহণ করেন।
(৬) আইন ও শাস্তি প্রয়োগ নীতিতে, বর্ণ ও জাতভেদ বৈষম্য ছিল আরব সমাজের একটি পুরাতন ব্যাধি। একই অপরাধের শাস্তি নিম্ন বর্ণ ও নিম্নশ্রেণীর জন্য হইত এক রকম, আর উচ্চ শ্রেণীর জন্য হইত ভিন্ন রকম। আইন ও শাস্তি নীতির এই বৈষম্য উৎখাত করিয়া রাসূলুল্লাহ (স) 'আইনের দৃষ্টিতে সকলেই সমান' এই নীতি প্রতিষ্ঠিত করেন। মক্কা বিজয়ের পর আরবের সম্ভ্রান্ত গোত্র বনূ মাখযূমের এক মহিলা একটি চুরির অপরাধে অভিযুক্ত হয়। রাসূলুল্লাহ (স) তাঁহার সাম্য ও ন্যায়নীতি ভিত্তিক আইনের আলোকে তাহার হস্ত কর্তনের নির্দেশ দেন।
ইহাতে বনূ মাখযূম নিজেদের গোত্রীয় কৌলিন্য রক্ষার জন্য অন্য কোন শাস্তি প্রয়োগের আবদার করে। তাহাদেরকে রাসূলুল্লাহ (স) বলিয়া দিলেন, তোমাদের পূর্ববর্তীদিগকে এই জন্যই ধ্বংস করা হইয়াছে যে, তাহারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষের উপর তাহাদের শরী'আতের আহকাম কার্যকর করিত আর উচ্চ শ্রেণীর লোকদের কেহ অন্যায় করিলে কোন না কোন অজুহাতে তাহাকে শাস্তি হইতে অব্যাহতি প্রদান করিত। আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করিত তবে আমি তাহার হাত কর্তনের নির্দেশ দিতাম। অতঃপর সেই মাখযূমী মহিলার উপর বিচারের রায় কার্যকর করা হয়।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ (স)-এর প্রবর্তিত অর্থনীতি সাম্যের প্রতীক

📄 রাসূলুল্লাহ (স)-এর প্রবর্তিত অর্থনীতি সাম্যের প্রতীক


অতীতের ন্যায় বর্তমান বিশ্বেও অশান্তির কারণ প্রধানত দুইটি: (১) জাতিগত ও বর্ণগত বিরোধ এবং (২) ভারসাম্যহীন অর্থব্যবস্থার কারণে শ্রেণী সংগ্রাম ও শ্রেণী সংঘাত। মানবেতিহাসে এই সমস্যার সমাধানে বহু মতবাদের উদ্ভব ঘটিয়াছে। কোথাও সাম্যবাদের নামে গরীবদেরকে ধনীদের বিরুদ্ধে ক্ষেপাইয়া দাঙ্গা-হাঙ্গামা করানো হইয়াছে। কোথাও সম্পদশালী শ্রেণী বিলোপ করিয়া মানব সম্প্রদায়কে রেশনভোগী জীবন যন্ত্রে পরিণত করা হইয়াছে। আবার কোথাও অবাধ ব্যক্তি স্বাধীনতার নামে মানুষকে চরম স্বেচ্ছাচারী ও স্বার্থপরে পর্যবসিত করা হইয়াছে। এইভাবে পৃথিবীতে জন্মিয়াছে বহুবিধ মতবাদ ও দর্শন। যথা পুঁজিবাদ, ধনবাদ, সাম্যবাদ, সমাজবাদ ইত্যাদি। কিন্তু কোন মতবাদ ও তন্ত্র-মন্ত্র দ্বারাই পৃথিবী হইতে অশান্তি দূরীভূত করা সম্ভব হয় নাই। রাসূলুল্লাহ (স) এই সমস্যার সমাধানে তাঁহার সাম্য ও ভ্রাতৃত্ব নীতির আলোকে একটি নূতন অর্থব্যবস্থা প্রবর্তন করিয়াছেন এবং তিনিই এই সমস্যার সমাধানে সাফল্য অর্জন করিয়াছেন।
রাসূলুল্লাহ (স)-এর প্রবর্তিত অর্থব্যবস্থায় একদিকে ব্যক্তি মালিকানার স্বীকৃতি দিয়া প্রত্যেক সক্ষম ব্যক্তিকে উপার্জনে উদ্বুদ্ধ করা হইয়াছে। অপরদিকে একটি নির্দিষ্ট সীমার অর্থ-সম্পদের অধিকারী প্রত্যেক সচ্ছল ব্যক্তির উপরই দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে যাকাত, ফিতরা, 'উশর প্রবর্তন করিয়াছেন। অতঃপর কতিপয় আইন ও নীতিমালার মাধ্যমে স্বেচ্ছাচারিতা ও স্বার্থপরতার পথ রুদ্ধ করা হইয়াছে। উপরন্তু প্রত্যেক ব্যক্তিকেই স্বতঃস্ফূর্তভাবে দান-খয়রাত ও সাদাকাহ প্রদানে নৈতিকভাবে উৎসাহিত করা হইয়াছে। ফলে সমাজ সদস্যদের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হইয়াছে এবং শ্রেণী সংগ্রাম ও শ্রেণী সংঘাতের ন্যায় জটিল সামাজিক সমস্যার অবসান ঘটিয়াছে। ইসলামের স্বর্ণযুগের ইতিহাসে ইহার উজ্জ্বল দৃষ্টান্ত রহিয়াছে।
রাসূলুল্লাহ (স)-ই সর্বপ্রথম এই বাণী প্রচার করেন যে, দারিদ্র্য মানুষকে অবজ্ঞা ও হেয় প্রতিপন্ন করার কারণ হইতে পারে না। দরিদ্রতম ব্যক্তিও অর্থসম্পদশালী ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে। কেননা আল্লাহ্ তা'আলা তোমাদের বাহ্যিক গড়ন, গঠন ও তোমাদের ধন-সম্পদ দেখেন না। তিনি দেখেন তোমাদের অন্তরের অবস্থা ও আমল অর্থাৎ ঈমান, নেক আমল ও আল্লাহ ভীতি।
তবে ইহাও সত্য যে, ধনাঢ্যতা ও দারিদ্র্য সমাজে উঁচু-নীচুর বৈষম্য সৃষ্টি করিতে চাহে এবং করেও। রাসূলুল্লাহ (স) দুইটি উপায়ে এই স্বাভাবিকতাকে প্রতিরোধ করিয়া সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করিয়াছেন। উপায় দুইটি হইল: (ক) বিবেক ও মানবতাবোধকে জাগ্রত করা এবং (খ) আইন প্রণয়ন। ইহার মধ্যে বিবেক ও মানবতাবোধ জাগ্রত করাই ছিল অধিক শক্তিশালী। তিনি প্রত্যেক মু'মিনের বিবেক এমনভাবে জাগ্রত করিয়াছেন যে, কোন বিবেক সম্পন্ন ব্যক্তি তাহার দরিদ্র জনগোষ্ঠীকে অভাবী রাখিয়া নিজে ভোগবিলাসী জীবন যাপন করিতে পারে, ইহা কল্পনাও করা যায় না। তিনি প্রত্যেককে অল্পে তুষ্ট থাকিতে এবং রসনাকে সংযত রাখিতে নির্দেশ দিয়াছেন।
রাসূলুল্লাহ (স) অনুপ্রাণিত করিয়াছেন মনিব ও অধীনস্থকে একই রকম পোশাক পরিধান করিতে, একই মানের খাবার খাইতে। তাঁহার এই আহ্বান সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এতই কার্যকর হইয়াছিল যে, মা'রূর ইব্‌ন সুয়ায়দ (রা) বলেন, একদিন আমি আবূ যার (রা) ও তাঁহার ভূত্যকে একই রকম পোশাক পরিহিত দেখিতে পাইয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলিতে শুনিয়াছি : তাহারা (দাস-দাসী) তোমাদের ভাই। আল্লাহ্ তোমাদের হিফাজতে তাহাদিগকে রাখিয়াছেন। যে ব্যক্তি তাহার ভাইকে নিজ হিফাজতে রাখিয়াছে, সে তাহাকে তাহাই খাওয়াইবে যাহা সে নিজে খায়, তাহাকে তাহাই পরিধান করাইবে যাহা সে নিজে পরিধান করে এবং তাহার উপর অত্যধিক বোঝা চাপাইবে না। যদি সে তাহা করে, তবে তাহাকে সাহায্য করিবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00