📘 সীরাত বিশ্বকোষ > 📄 দুষ্ট ও শত্রুভাবাপন্ন মেহমান্নদের সহিত রাসূলুল্লাহ (স)-এর সদাচরণ

📄 দুষ্ট ও শত্রুভাবাপন্ন মেহমান্নদের সহিত রাসূলুল্লাহ (স)-এর সদাচরণ


কোন দুষ্টমতি খারাপ লোকও যদি রাসূলুল্লাহ্ (স)-এর মেহমান হইত, তাহাদের সহিতও তিনি কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ করিতেন না, বরং তাহাদিগের যথোপযুক্ত সাদর সম্ভাষণ ও আদর-আপ্যায়ন করিতেন। একবার এক ব্যক্তি তাঁহার সাক্ষাৎপ্রার্থী হইলে তিনি 'আইশা (রা)-এর নিকট মন্তব্য করিলেন, "এই ব্যক্তি তাহার গোত্রের খারাপ লোক হিসাবে পরিচিত।” তৎপর ঐ লোকটি তাঁহার গৃহে আগমন করিলে তিনি তাহার সহিত যথারীতি সৌজন্যমূলক আচরণ করিলেন। লোকটি চলিয়া যাওয়ার পর হযরত 'আইশা (রা) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল! এই লোকটিকে আপনি খারাপ বলিয়া জানেন, অথচ তাহার প্রতি আপনি অত্যন্ত ভাল আচরণ করিলেন, ইহার কারণ কী? রাসূলুল্লাহ (স) বলিলেন, সেই ব্যক্তি আল্লাহ্র দৃষ্টিতে অত্যন্ত খারাপ যে লোকদিগের সহিত সৌজন্যমূলক আচরণ করে না এবং লোকজন যাহার খারাপ আচরণে দূরে সরিয়া যায়।
আরবের মুহারিব গোত্রের লোকজন ছিল অত্যন্ত উগ্র স্বভাবের। গোটা আরবের বিভিন্ন গোত্রের লোকজন যখন ইসলামের মাধুর্যে মুগ্ধ হইয়া মদীনায় আসিয়া ভীড় জমাইতে লাগিলে, তখন মুহারিব গোত্রেরও দশজনের একটি দল মদীনায় আসিল। রাসূলুল্লাহ্ (স) তাহাদের অভ্যর্থনা ও আদর-আপ্যায়নের জন্য হযরত বিলাল (রা)-কে নিযুক্ত করিলেন। প্রত্যহ সকাল- বিকাল তিনি তাহাদের ভোজনের ব্যবস্থা করিতেন। তাহাদের মত উগ্র স্বভাবের লোকজনের প্রতি রাসূলুল্লাহ্ (স)-এর এইরূপ অসাধারণ মেহমানদারী তাহাদিগকে মুগ্ধ করিল। তাহারা সকলেই ইসলাম গ্রহণ করিয়া দেশে ফিরিল।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মেহমানের অসৌজন্যমূলক আচরণে ধৈর্যধারণ

📄 মেহমানের অসৌজন্যমূলক আচরণে ধৈর্যধারণ


কোন কোন মেহমান রাসূলুল্লাহ্ (স) -এর সামনে অসৌজন্যমূলক আচরণ করিয়া বসিত। কিন্তু তিনি তাহা নিরবে সহ্য করিতেন এবং মার্জনা করিতেন, মেহমানকে কটুকথা বলিতেন না, এমনকি অন্য কাহাকেও কিছু বলিতে নিষেধ করিতেন। একদা এক বেদুঈন রাসূলুল্লাহ (স)-এর খিদমতে উপস্থিত হইল। হঠাৎ সে মসজিদে নববীর ভিতরেই পেশাব করিতে আরম্ভ করিল। সাহাবীগণ তাহাকে এই বিষয়ে নিষেধ করিলেন এবং ধমকাইতে শুরু করিলেন। রাসূলুল্লাহ্ (স) বলিলেন, "তোমরা কঠোর হওয়ার জন্য নও বরং নম্র ব্যবহারের জন্য প্রেরিত হইয়াছ"। অতঃপর বেদুঈন মেহমানকে ডাকিয়া তিনি বুঝাইয়া বলিলেন, "দেখ! মসজিদ আল্লাহর 'ইবাদতের গৃহ, এইখানে নামায আদায় করা হয়। ইহা পেশাব-পায়খানার উপযুক্ত জায়গা নহে। অতঃপর উপস্থিত সাহাবীদিগকে বলিলেন, "পেশাবের উপর পানি প্রবাহিত করিয়া দাও"।
কোন কোন ইয়াহুদী আসিয়া রাসূলুল্লাহ্ (স)-কে السلام علیکم বলিয়া সালাম দেওয়ার পরিবর্তে السام علیکم )তোমার মৃত্যু হউক) বলিয়া অভিসম্পাত করিত। তিনি তাহাদের আচরণে ক্ষুব্ধ হইতেন না। এমনকি কেহ উহার প্রতিউত্তরে আগন্তুককে কিছু বলিতে চাহিলে তাহাকে নিষেধ করিতেন। একদা হযরত আইশা (রা) এক ইয়াহুদীর ঐ জঘণ্যতম উক্তির প্রতি উত্তরে বলিয়া ফেলিলেন, وعليك السلام অর্থাৎ তোমারই বরং মৃত্যু হউক। রাসূলুল্লাহ্ (স) তাঁহাকে বাধা দিয়া বলিলেন, 'আইশা! আমি ইহা পসন্দ করি না।
দশম হিজরীতে ইয়ামানের একটি প্রতিনিধিদল মদীনায় আসিল। রাসূলুল্লাহ (স) তাহাদিগকে সাদরে গ্রহণ করিলেন। তাহারা মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসায়লামা কায্যাবের একটি পত্র লইয়া আসিয়াছিল। রাসূলুল্লাহ্ (স) মেহমানদিগকে বলিলেন, তোমরা বল, لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ )লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্)। তাহারা বলিল, لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسَيْلَمَةً رَّسُولُ اللَّهِ )লা ইলাহা ইল্লাল্লাহু মুসায়লামাতু রাসূলুল্লাহ্)। তিনি বলিলেন, তাহা হইলে মুসায়লামা যাহা বলে তোমরাও তাহাই বলিতেছ। তাহারা বলিল, হাঁ। রাসূলুল্লাহ্ (স) বলিলেন, বাহককে হত্যা করা নিষিদ্ধ না হইলে আমি তোমাদিগকে হত্যা করিতাম।
বানু তামীমের একটি দল রাসূলুল্লাহ্ (স)-এর মেহমান হইল। তিনি তাহাদের আগমনে আনন্দিত হইয়া বলিলেন, "বানূ তামীমের অভ্যাগতদের প্রতি শুভেচ্ছা স্বাগতম"। তাহারা অত্যন্ত তাচ্ছিল্যভরে উত্তরে বলিল, "শুভেচ্ছা তো দিলেন, এখন কিছু ধন-সম্পদ দান করুন"। তাহাদের এইরূপ অপ্রত্যাশিত ও অভদ্রোচিত আচরণে রাসূলুল্লাহ্ (স) মনে খুব ব্যথা পাইলেন, কিন্তু মেহমানের সম্মানার্থে মুখে কিছুই বলিলেন না।
হযরত যয়নব (রা)-কে বিবাহ করিবার সময় ওয়ালীমার ভোজানুষ্ঠানে রাসূলুল্লাহ্ (স) সাহাবা-ই কিরামকে দাওয়াত করিয়াছিলেন। কিন্তু তাহাদের অনেকেই ভোজনপর্ব সমাপ্ত করিয়া গভীর রাত্র পর্যন্ত তাঁহার গৃহে অবস্থান করিয়া খোশগল্পে লিপ্ত হইলেন। ইহাতে রাসূলুল্লাহ্ (স) মনে খুব কষ্ট পাইলেন। কিন্তু এই অবস্থায়ও তিনি চুপচাপ রহিলেন, মেহমানদিগকে কিছুই বলিলেন না। এই ঘটনার পর সামাজিক আচরণে মুসলমানদিগকে আরও মার্জিত হওয়ার শিক্ষাদানের জন্য আল-কুরআনের নিম্নোক্ত আয়াত নাযিল হয়:
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَّهُ وَلَكِنْ إِذَا دُعِيْتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيْثِ.
"হে মু'মিনগণ! তোমাদিগকে অনুমতি দেওয়া না হইলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করিয়া ভোজনের জন্য নবী-গৃহে প্রবেশ করিও না। তবে তোমাদিগকে আহবান করিলে তোমরা প্রবেশ করিও এবং ভোজনশেষে চলিয়া যাইও। তোমরা কথাবার্তায় মশগুল হইয়া যাইও না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়, তিনি তোমাদিগকে উঠাইয়া দিতে সংকোচবোধ করেন। কিন্তু আল্লাহ্ সত্য বলিতে সংকোচবোধ করেন না" (৩৩ঃ ৫৩)।
এক যুদ্ধে বানু তামীমের কিছু লোক মুসলমানদের হাতে বন্দী হয়। বন্দীগণের মুক্তির জন্য বানু তামীমের একটি প্রতিনিধি দল মদীনায় আগমন করিল। তাহারা ছিল অশিক্ষিত ও অভদ্র লোক। দ্বিপ্রহরের সময় রাসূলুল্লাহ্ (স) নিজগৃহে আরাম করিতেছিলেন। তাঁহার আগমনে বিলম্ব হইতেছে দেখিয়া তাহারা গৃহের বাহিরে দাঁড়াইয়া কর্কশ ভাষায় রাসূলুল্লাহ্ (স)-এর নাম লইয়া ডাকিতে লাগিল, "হে মুহাম্মাদ! বাড়ীতে আছ কি? বাহির হইয়া আস। আমরা তোমাকে আত্মগৌরবপূর্ণ যশোগাঁথা শোনাইব"। তাহাদের এই অসৌজন্যমূলক আচরণ আল্লাহর নিকট অত্যন্ত অপসন্দ হইল এবং তিনি নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করেন:
إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ، وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَهُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ.
"নিশ্চয় যাহারা তোমাকে হুজরাসমূহের অপর পার্শ্ব হইতে ডাকিতেছে, তাহাদের অধিকাংশই বুদ্ধি-জ্ঞান রাখে না। তোমার বহির্গমন পর্যন্ত তাহারা যদি ধৈর্য ধারণ করিত তবেই তাহাদের জন্য মঙ্গল হইত। আর আল্লাহ্ ক্ষমাশীল ও দয়ালু" (৪৯:৪-৫)।
প্রয়োজন সারিয়া রাসূলুল্লাহ্ (স) গৃহ হইতে বাহির হইয়া মসজিদে গমন করিলেন এবং সালাতান্তে বন্ তামীমদের সাথে কথাবার্তা বলিলেন। তাহাদের অভদ্রোচিত আচরণের জন্য তাহাদিগকে কিছুই বলিলেন না, বরং তাহাদিগকে ক্ষমা করিলেন এবং আদর-আপ্যায়ন করিলেন, তাহাদের বন্দীদের মুক্তির আবেদন মঞ্জুর করিলেন। রাসূলুল্লাহ (স)-এর এই মহানুভবতা, উদারতা ও মেহমানদারী মুগ্ধ হইয়া তাহারা সকলেই মুসলমান হইল। অধিকন্তু আরও কিছু দিনের জন্য তাহারা রাসূলুল্লাহ (স)-এর মেহমানদারী গ্রহণ করিল। রাসূলুল্লাহ (স) তাহাদের জন্য কুরআন ও ধর্ম শিক্ষার ব্যবস্থা করিলেন। কিছুদিন পর তাহারা যখন বিদায়ের প্রস্তুতি লইল, তখন রাসূলুল্লাহ (স) তাহাদের প্রত্যেককে উপযুক্ত পাথেয় ও উপহার প্রদান করিলেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মেহমানদের যত্ন ও খোঁজ-খবর নেওয়া

📄 মেহমানদের যত্ন ও খোঁজ-খবর নেওয়া


রাসূলুল্লাহ (স)-এর নিকট কোন মেহমান আসিলে তিনি স্বয়ং মেহমানের সমাদর ও সেবা-যত্ন করিতেন। অনেক সময় মেহমানদারী করিতে যাইয়া তাঁহাকে এবং তাঁহার পরিবারবর্গকে অনাহারে থাকিতে হইত। তথাপি তিনি কখনও মেহমানের আগমনে বিরক্ত হইতেন না।
কখনও কখনও এমনও হইত যে, অধিক মেহমানের আগমনের ফলে তাহাদের সকলের আপ্যায়ন এবং থাকিবার জায়গার সংকুলান হইত না। এমতাবস্থায় তিনি মেহমানদিগকে সাহাবীদের মাঝে বণ্টন করিয়া দিতেন। তিনি রাত্রে নিদ্রা হইতে জাগিয়া মেহমানদের খোঁজ-খবর লইতেন। একবার আব্দে কায়স গোত্রের একটি বিরাট কাফেলা রাসূলুল্লাহ (স)-এর দরবারে হাযির হইল। তিনি তাহাদের সাদর অভ্যর্থনা জানাইলেন। তাহাদের সরদার আশাজ্জকে তাঁহার নিকট বসাইলেন, অতঃপর তাহাদের এবং তাহাদের দেশের হালচাল ও কুশলাদি জিজ্ঞাসা করিলেন। পরিচয় ও কুশলপর্ব সমাপ্ত করিয়া রাসূলুল্লাহ (স) আনসারী সাহাবীগণকে ডাকিয়া বলিলেন, "তোমরা তোমাদের ভাইদের সমাদর কর"। সকালবেলা মেহমানদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের আনসারী ভাইদেরকে কেমন পাইলে? তাহারা তোমাদিগের কিরূপ আদর-যত্ন ও মেহমানদারী করিল? তাহারা বলিল, "উত্তম! তাহারা আমাদের জন্য নরম বিছানা পাতিয়া দিয়াছে, উত্তম খাবার খাওয়াইয়াছে। রাত্রে ও সকালে তাহারা আমাদিগকে কুরআন এবং আপনার হাদীছ শিক্ষা দিয়াছে।" রাসূলুল্লাহ (স) ইহাতে সন্তুষ্টি প্রকাশ করিলেন।
মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন প্রান্ত হইতে দলে দলে লোক রাসূলুল্লাহ (স)-এর খidমতে হাযির হইতে লাগিল। ইহাদের মধ্যে রাষ্ট্রীয় মেহমানও হইত প্রচুর। রাসূলুল্লাহ (স) নিজে এই সকল মেহমানের আতিথেয়তার আঞ্জাম দিতেন। উপরন্তু মেহমানদের সেবাযত্ন ও খidমতের সুষ্ঠু ইন্তেজামের জন্য তিনি সাহাবী হযরত বিলাল (রা)-কে বিশেষভাবে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন।
মেহমানদিগকে মসজিদে নববীতে এবং আসহাবে সুফ্ফার সহিত অবস্থানের ব্যবস্থা করা হইত। ইহা ছাড়াও মদীনার দুইজন মহিলা সাহাবীর গৃহকেও মেহমানদের থাকিবার জন্য ব্যবহার করা হইত। তাঁহারা হইলেন হযরত রামলা (রা) এবং হযরত উম্মে শারীক (রা)।
আসহাবে সুফফা ছিলেন রাসূলুল্লাহ (স)-এর প্রায় সার্বক্ষণিক মেহমান। তাঁহার গৃহে একটি বড় ও ভারী খাবারের পাত্র ছিল, ইহা নাড়াচাড়া করিতে চারজন লোকের প্রয়োজন হইত। দ্বিপ্রহরের সময় পাত্রটিতে খাবার ভর্তি করিয়া সুফ্ফায় লইয়া যাওয়া হইত। সুফ্ফার মেহমানগণ উহার চতুষ্পার্শ্ব ঘিরিয়া বসিয়া যাইতেন এবং খাবার খাইতেন।
রাসূলুল্লাহ (স) খাবারের সময় তাঁহার চলার পথে কোন সাহাবীর সাক্ষাত পাইলে তাঁহাকে সাথে লইয়া যাইতেন এবং আপ্যায়ন করাইতেন। হযরত জাবির (রা) বলেন, একদিন আমি একটি বাড়ীতে বসা ছিলাম। রাসূলুল্লাহ (স) আমার নিকট দিয়া যাওয়ার সময় আমাকে ডাকিলেন এবং আমার হাত ধরিয়া তাঁহার সহিত লইয়া চলিলেন। তিনি তাঁহার এক স্ত্রীর গৃহে উপস্থিত হইলেন এবং বলিলেন, আহারের উপযোগী কোন খাবার আছে কি? গৃহের লোকজন বলিলেন, হাঁ। অতঃপর তিনটি রুটি আনা হইল। রুটিগুলির অর্ধেক আমার সামনে এবং অর্ধেক রাসূলুল্লাহ (স) তাঁহার নিজের সামনে দস্তরখানে রাখিলেন। তাঁদিগকে জিজ্ঞাসা করিলেন, রুটি খাওয়ার জন্য কোন তরকারী আছে কি? তাহারা বলিলেন, সামান্য সিরকা রহিয়াছে। তিনি বলিলেন, উহাই আন। সিরকা কতই না উত্তম তরকারী।
একদিন রাসূলুল্লাহ (স) সুফ্ফার সকলকে লইয়া হযরত 'আইশা (রা)-এর ঘরে আসিলেন এবং ঘরে খাবার যাহা কিছু আছে তাহা আনিতে বলিলেন। হযরত 'আইশা (রা) যাহা কিছু রান্না করিয়াছিলেন তাহা সবই হাযির করিলেন। রাসূলুল্লাহ (স) আরও কিছু খাবার চাহিলে হযরত 'আইশা (রা) ঘরে রক্ষিত খেজুরগুলি আনিয়া দিলেন। ইহার পর একটি পাত্র ভরিয়া দুধ আনিলেন এবং ইহাই ছিল ঘরের সর্বশেষ খাবার।
এইভাবে মেহমানকে আদর-আপ্যায়ন করিতে যাইয়া নবী পরিবারবর্গ অনেক সময় অভুক্ত থাকিতেন। সাহাবী আবূ বিশর গিফারী (রা) তাহার নিজের দেখা ঘটনা বর্ণনা করিয়াছেন এইভাবে যে, আমি ছিলাম পৌত্তলিক ও রাসূলুল্লাহ (স)-এর প্রতি বিদ্বেষপরায়ণ। ঐ সময় একবার আমি মদীনায় আগমন করি এবং রাসূলুল্লাহ (স)-এর মেহমান হিসাবে তাঁহার গৃহে অবস্থান করি। রাত্রিবেলা তাঁহার পালিত সব কয়টি ছাগলের দুধ আমি গোপনে দোহন করিয়া পান করি। অথচ এই বিষয়ে রাসূলুল্লাহ (স) আমাকে একটি কথাও বলেন নাই। ঐ রাত্রে তিনি ও তাঁহার পরিবারের সকলে অভুক্ত অবস্থায় ঘুমাইয়া পড়েন।" অনুরূপ একটি ঘটনার কথা উল্লেখ করেন হযরত আবূ হুরায়রা (রা)। এক রাত্রে এক অমুসলিম রাসূলুল্লাহ (স)-এর ঘরে মেহমান হিসাবে অবস্থান করে। সে একের পর এক সাতটি ছাগলের দুধ পান করে। কিন্তু মহানবী (স) লোকটির প্রতি কোন প্রকার বিরক্তি ভাব প্রকাশ করেন নাই, তাহাকে কিছু বলেনও নাই। মহানবী (স)-এর এই মার্জিত আচরণে মুগ্ধ হইয়া পরদিন সকালে সে ইসলাম গ্রহণ করে এবং নবীগৃহে অবস্থানকালে একটি মাত্র ছাগলের দুধ পান করিয়াই তৃপ্ত থাকে।
হযরত আবূ হুরায়রা (রা) ছিলেন সুফ্ফার অন্যতম সদস্য। এই সুবাদে তিনি ছিলেন রাসূলুল্লাহ (স)-এর নিয়মিত মেহমান। তিনি তাঁহার জীবনের একটি স্মরণীয় ঘটনা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, একদিন আমি চরম ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হইয়া মসজিদে নববীর সামনে মানুষের চলার পথে বসিয়া পড়িলাম যাহাতে আমার ক্ষুধার্ত অবস্থা কাহারও দৃষ্টি আকর্ষণ করিতে পারে। এই সময় হযরত আবূ বকর সিদ্দীক (রা) আমার নিকট দিয়া গেলেন। আমি তাঁহার নিকট কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা জানিতে চাহিলাম। আমার প্রকৃত উদ্দেশ্য ছিল তিনি যেন আমার অবস্থা উপলব্ধি করিতে পারেন এবং আমাকে তাঁহার গৃহে লইয়া যান। তিনি আয়াতের ব্যাখ্যা দিয়া চলিয়া গেলেন এবং আমার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করিলেন না। অতঃপর হযরত উমার (রা)-র আগমন ঘটিল। আমি তাঁহার সহিতও তদ্রূপ কৌশল অবলম্বন করিলাম। কিন্তু তিনিও চলিয়া গেলেন, আমাকে সঙ্গে করিয়া নিলেন না। কিছুক্ষণ পর এই পথে রাসূলুল্লাহ (স) আগমন করিলেন। তিনি আমাকে দেখিয়াই আমার অন্তরের ভাষা বুঝিয়া ফেলিলেন এবং মৃদু হাসিয়া বলিলেন, হে আবূ হির! আমার সঙ্গে আস। আমি তাঁহার পিছনে পিছনে চলিলাম। তিনি উম্মুল মু'মিনীনের একজনের গৃহে প্রবেশ করিলেন। সেখানে এক পেয়ালা দুধ রক্ষিত ছিল। রাসূলুল্লাহ (স) আমাকে বলিলেন, আবূ হির! যাও, সুফ্ফার সকলকে ডাকিয়া আন। আমি মনে মনে ভাবিলাম, মাত্র এক পেয়ালা দুধ ভাবিয়াছিলাম, তৃপ্তি সহকারে উহা পান করিব। এখন সুফফার সত্তরজন মেহমানকে ডাকিয়া লইলে আমার ভাগ্যে কী জুটিবে? যাহা ইউক, রাসূলুল্লাহ (স)-এর নির্দেশমত সকলকে ডাকিলাম তিনি দুধের পেয়ালাটি আমার হাতে দিয়া বলিলেন, সকলকে পান করাও। আমি সকলের হাতে একের পর এক দুধের পেয়ালাটি তুলিয়া দিতে লাগিলাম। সকলেই তৃপ্তি সহকারে পান করিতে লাগিলেন। সকলের পান করার পর আমি পেয়ালাটি রাসূলুল্লাহ (স)-এর হাতে ফিরাইয়া দিলাম। তিনি মৃদু হাসিয়া বলিলেন, আবূ হির! এইবার তুমি পান কর। আমি পেট ভরিয়া পান করিলাম। মহানবী (স) বলিলেন, আরও পান কর। আমি আরও পান করিলাম। এইভাবে তিনি বারবার আমাকে বলিতেছিলেন, "আরও পান কর, আরও পান কর"। অবশেষে আমি বলিলাম, হে আল্লাহর রাসূল। মহান আল্লাহর শপথ। আমার পেটে আর এক ফোঁটা পরিমাণ দুধেরও জায়গা নাই। অতঃপর তিনি পেয়ালাটি হাতে নিলেন এবং দুধ পান করিলেন।
রাসূলুল্লাহ (স) মেহমানের সহিত একই পাত্রে খাবার খাইতেন। অনেক সময় এমনও হইত যে, তাঁহার তৃপ্তি হইয়া গিয়াছে, খাবারের আর চাহিদা নাই, তথাপি তিনি খাবারের পাত্র হইতে হাত উঠাইতেন না যতক্ষণ না মেহমান তৃপ্তি সহকারে খাবার খাইয়া লইত। তিনি মেহমানের সহিত খাবার খাওয়ার সময় খাবারের উৎকৃষ্ট অংশ, যেমন গোশত ইত্যাদি মেহমানের সামনে বাড়াইয়া দিতেন। তিনি বলিতেন, দলবদ্ধভাবে খাবার গ্রহণকালে যদি কাহারও তৃপ্তি হইয়া যায়, তথাপি খাবার পাত্র হইতে হাত উঠাইয়া লওয়া তাহার উচিৎ হইবে না। ইহাতে মেহমান সংকোচ বোধ করিবে। হইতে পারে মেহমানের আরও খাবার খাওয়ার চাহিদা রহিয়াছে। তিনি যখন মেহমানের সহিত খাবার খাইতেন, তখন সকলের পরে তাঁহার খাবার খাওয়া শেষ করিতেন যাহাতে মেহমান ভালভাবে পরিতৃপ্ত হইতে পারে। কখনও কখনও মেহমানের সামনে খাবার উপস্থিত করা হইলে মেহমান লজ্জা ও সংকোচের কারণে বলিত, আমার খাবারের চাহিদা নাই। তখন রাসূলুল্লাহ (স) উত্তরে বলিতেন, পেটে ক্ষুধা রাখিয়া 'না' বলিও না, খাবারে শরীক হও।
রাসূলুল্লাহ (স) বিভিন্ন সময়ে সাহাবাই কিরামকে তাঁহার গৃহে দাওয়াত করিতেন। কখনও তাহা বিশেষ কোন উপলক্ষেও হইত। যেমন বিবাহোত্তর ওয়ালীমা। হযরত আনাস (রা) বলেন, খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ (স) হযরত সাফিয়্যা (রা)-কে বিবাহ করেন। এই উপলক্ষে তিনি তাঁহার গৃহে বিবাহোত্তর ভোজের আয়োজন করেন। অনুরূপ রাসূলুল্লাহ (স) তাঁহার প্রতিটি বিবাহেই বিবাহোত্তর ভোজের আয়োজন করিয়াছিলেন।
রাসূলুল্লাহ (স) দীর্ঘ সফরের পর মদীনায় প্রত্যাবর্তন উপলক্ষেও ভোজানুষ্ঠানের আয়োজন করিতেন। তিনি এই উপলক্ষে তাঁহার সাহাবা ও নিকটাত্মীয়-স্বজনকে দাওয়াত করিতেন। হযরত জাবির (রা) বলেন, একবার রাসূলুল্লাহ (স) দীর্ঘ সফর শেষে মদীনায় প্রত্যাবর্তন করিয়া এক বিশেষ দাওয়াতের আয়োজন করিলেন। উহাতে তিনি উট অথবা গরু যবেহ করিয়াছিলেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মেহমানের সাথে অন্তরঙ্গতা ও হাস্যরস

📄 মেহমানের সাথে অন্তরঙ্গতা ও হাস্যরস


রাসূলুল্লাহ (স) মেহমানের সহিত খুবই অন্তরঙ্গ ছিলেন এবং হাস্যরস করিতেন, মেহমানের সহিত হাসিমুখে কথা বলিতেন। তিনি বলিতেন, মেহমানদের সহিত হাসিমুখে সাক্ষাৎ ও কথাবার্তা বলাও একটি সাদাকাহ। বর্ণিত হইয়াছে, একবার তিনি মেহমানের সহিত খেজুর খাইতেছিলেন। খাবারের দস্তরখানে হযরত আলী (রা)-ও ছিলেন। রাসূলুল্লাহ (স) খেজুরের সব আঁটি হযরত আলী (রা)-এর সামনে রাখিয়া বলিলেন, তুমি তো দেখিতেছি বড্ড পেটুক! হযরত আলী (রা) বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আমি আর কত পেটুক। আপনার সামনে তো আঁটি পর্যন্তও নাই। তখন সবাই হাসিয়া উঠিলেন।
হযরত আনাস (রা) বলেন, একবার এক মেহমান বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আমার কোন সওয়ারী নাই, সুতরাং চড়িয়া বেড়াইবার জন্য আমাকে একটি সওয়ারী দিন। রাসূলুল্লাহ (স) (কৌতুক করিয়া) বলিলেন তোমাকে একটি উষ্ট্রীর বাচ্চা দিব। লোকটি বলিল, উটের বাচ্চা লইয়া আমি কি করিব? রাসূলুল্লাহ (স) বলিলেন, এমন কোন উট আছে কি যাহা কোন উটের গর্ভ হইতে জন্মায় নাই?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00