📘 সীরাত বিশ্বকোষ > 📄 ন্যায়নিষ্ঠার সহিত দ্বিতীয় আকাবার বায়'আত পালন

📄 ন্যায়নিষ্ঠার সহিত দ্বিতীয় আকাবার বায়'আত পালন


হজ্জের মওসুমে প্রথম আকাবার বায়'আত মদীনার আওস ও খাযরাজ গোত্রের সহিত রাসূলুল্লাহ (স)-এর মধ্যে অনুষ্ঠিত হয়। অতঃপর দ্বিতীয় আকাবার বায়'আত মদীনা হইতে মক্কায় আগত আওস ও খাযরাজ গোত্রীয় সত্তরজন পুরুষ ও ২জন স্ত্রীলোকের সহিত রাসূলুল্লাহ (স)-এর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত বায়'আতের সময় তাহারা রাসূলুল্লাহ (স)-এর যাবতীয় শর্ত আন্তরিকতার সহিত মানিয়া লইয়া রাসূলুল্লাহ (স)-কে একটিমাত্র শর্তে আবদ্ধ করিয়া লয়। রাসূলুল্লাহ (স) তাহাদের প্রদত্ত শর্তটি চিরস্থায়ীভাবে মানিয়া লইয়া তাহা যথাযথভাবে রক্ষা করিয়া অনুপম প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত উপস্থাপন করিয়াছেন যাহা নিম্নে আলোচিত হইল:
মুস'আব (রা) বলিলেনঃ "অতঃপর রাসূলুল্লাহ (স) কথা বলিলেন, কুরআনের আয়াত তিলাওয়াত করিলেন, আল্লাহর পথে আহ্বান করিলেন, ইসলামের প্রতি আকৃষ্ট করিলেন এবং বলিলেন, আমি তোমাদের এই মর্মে শপথ লইতেছি, তোমরা তোমাদের জীবন, সন্তান ও স্ত্রীদের যেইভাবে হেফাযত কর আমাকে সেইভাবে হেফাযত করিবে। মুস'আব (রা) বলিলেন, আল-বারাআ ইব্‌ন মা'রূর (রা) তাঁহার হাত ধরিয়া বলিলেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে নবীরূপে প্রেরণ করিয়াছেন। আমরা নিশ্চয় আপনাকে হেফাযত করিব নিজেদের সম্মানকে হেফাযত করিবার মত। হে আল্লাহ্র রাসূল! আমরা আপনার হাতে হাত রাখিয়া শপথ লইলাম। আল্লাহর কসম! আমরা যোদ্ধা সন্তান। আমরা সংঘবদ্ধ গোষ্ঠী। এই শৌর্য আমাদের উত্তরাধিকার সূত্রে প্রতিষ্ঠিত। বারাআ (রা) রাসূলুল্লাহ (স)-এর সাথে কথা বলিয়া যাইতেছেন। আবুল হায়ছাম ইব্‌ন তায়্যিহান (রা) মাঝখানে বলিয়া উঠিলেন, ইয়া রাসূলাল্লাহ। ইয়াহুদীদের সহিত আমাদের কিছু সম্পর্ক আছে। আমরা (আপনার সম্মানে) তাহা ছিন্ন করিব। আমরা যদি ইহা করি এবং আল্লাহ তা'আলা যদি আপনাকে বিজয় দান করেন তাহা হইলে আবার আমাদেরকে ছাড়িয়া স্বীয় সম্প্রদায়ের নিকট ফিরিয়া আসিবেন না তো?
“এই কথা শুনিয়া রাসূলুল্লাহ (স) ঈষৎ মুচকি হাসিলেন, অতঃপর বলিলেন, কঠিন অঙ্গীকার। আমি তোমাদের, তোমরাও আমার! যাহারা তোমাদের বিরুদ্ধে লড়াই করিবে আমিও তাহাদের বিরুদ্ধে লড়াই করিব। যাহারা তোমাদের সহিত চুক্তিবদ্ধ হইবে আমিও তাহাদের সহিত চুক্তিবদ্ধ হইব। কা'ب (রা) বলিলেন, রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমাদের পক্ষ হইতে বারজন প্রতিনিধি আমার নিকট পাঠাও যাহারা তাহাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করিবে। তাহারা তাহাদের মধ্য হইতে বারজন প্রতিনিধি নির্বাচন করিয়া প্রেরণ করিল : নয়জন খাযরাজের, তিনজন আওসের। বায়'আত সমাপ্ত হওয়ার পর আব্বাস ইবন উবাদা ইবন নাদলা (রা) দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! সেই মহান আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য ধর্মসহ প্রেরণ করিয়াছেন। আপনি ইচ্ছা করিলে আগামীকালই আমরা আমাদের তরবারি লইয়া মিনাবাসীর উপর চড়াও হইতে পারি। রাসূলুল্লাহ (স) বলিলেন, আমি সেই আদেশ প্রদান করি নাই। তোমরা বরং তোমাদের কাফেলায় ফিরিয়া যাও। অতএব তাহারা তাহাদের কাফেলায়" ফিরিয়া গেল।
আল্লাহ্র রাসূল (স) মদীনায় হিজরতের পর আকাবার দ্বিতীয় চুক্তি অনুযায়ী জীবনে কোনদিন মক্কায় বসবাসের জন্য ফিরিয়া আসেন নাই এবং তাঁহারদেরকে ত্যাগও করেন নাই। বর্তমানে তাঁহার রওযা শরীফও মদীনায়। এই রকমই ছিল রাসূলুল্লাহ (স)-এর চুক্তি প্রতিপালনে ন্যায়সঙ্গত অনুপম দৃষ্টান্ত।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হুদায়বিয়ার সন্ধি রক্ষায় রাসূলুল্লাহ (স)-এর ন্যায়পরায়ণতা

📄 হুদায়বিয়ার সন্ধি রক্ষায় রাসূলুল্লাহ (স)-এর ন্যায়পরায়ণতা


হুদায়বিয়ার সন্ধি রাসূলুল্লাহ (স)-এর সহিত মক্কার কুরায়শদের প্রতিনিধি সুহায়ল ইব্‌ন আমরের সহিত সম্পাদনের সময় নও-মুসলিম আবূ জান্দাল ইব্‌ন সুহায়ল (সুহায়লের পুত্র) উপস্থিত হন। তিনি কাফিরদের অত্যাচারে জর্জরিত ও শৃংখলাবদ্ধ ছিলেন। পায়ের শৃংখল টানিয়া টানিয়া মক্কার নিম্নভূমি দিয়া پলায়ন করিয়া তিনি মুসলমানদের সম্মুখে উপস্থিত হন। তখন তাহার পিতা সুহায়ল ছেলেকে দেখামাত্র মুখে চপেটাঘাত করিয়া বলিল, সন্ধির শর্তানুসারে সর্বপ্রথম আমি এই লোকটি সম্পর্কে ফায়সালা করিতে চাই যে, একে আমাদের নিকট ফিরাইয়া দিতে হইবে। আবূ জানদাল (রা) চিৎকার করিয়া বলিলেন, হে মুসলিম ভাইয়েরা! তাহারা আমাকে ফেরত নিতে পারিলে ধর্মচ্যুত করিবে নতুবা হত্যা করিবে। তখন রাসূলুল্লাহ (স) বলিলেন, সন্ধির কাজ এখনো তো শেষ হয় নাই (তাই তাহাকে আমরা তোমাদের কাছে রাখিয়া যাইব না)। সুহায়ল (রা) বলিল, যদি তাই হয় তবে তোমার সঙ্গে সন্ধি করিয়া কোন লাভ নাই। রাসূলুল্লাহ (স) আবু জান্দলের (রা) ব্যাপারটি সন্ধি বহির্ভূত রাখিতে চেষ্টা করিলেন, কিন্তু মিকরায ইবন হাফসের সহিত তাল মিলাইয়া সুহায়ল জিদ ধরিল, না, তাহাকে অবশ্যই ফিরাইয়া দিতে হইবে। রাসূলুল্লাহ (স) সন্ধির শর্ত মানিয়া আবু জান্দাল (রা)-কে ফিরাইয়া দিলেন। ইহা ছিল রাসূলুল্লাহ (স)-এর সন্ধির শর্ত পালনের সর্বপ্রথম ন্যায়পরায়ণতার অত্যুজ্জল দৃষ্টান্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00