📘 সীরাত বিশ্বকোষ > 📄 মুচকি হাসি : হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎদান

📄 মুচকি হাসি : হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎদান


ইমাম তিরমিযী হযরত জারীর ইব্‌ন 'আবদিল্লাহ আল-বাজালী (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, ইসলাম গ্রহণের পর হইতে রাসূলুল্লাহ (স) কখনও আমাকে তাঁহার সাক্ষাৎ দান হইতে অসম্মতি জানান নাই এবং যখনই আমাকে দেখিয়াছেন মুচকি হাসিয়াছেন (ইনুল-আরাবী আল-মালিকী, আরিযাতুল-আহওয়াযী, শরহু জামিইত-তিরমিযী, ১৩খ., পৃ. ২২০)।
ইমাম আহমাদ হযরত উম্মু দারদা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, হযরত আবূ দারদা (রা) কোন কথা বলিলে মুচকি হাসিতেন। আমি একদিন তাঁহাকে বলিলাম, আপনাকে তো মানুষ আহমক মনে করিবে। তিনি উত্তরে বলিলেন, রাসূলুল্লাহ (স) মুচকি হাসি ছাড়া কোন কথা বলিতেন না (আহমাদ ইবন হাম্বল, মুসনাদ, ৬খ, পৃ. ২৫৭, নং ২১২২৫)।
ইমাম আহমাদ ও ইমাম তিরমিযী বর্ণনা করিয়াছেন, আল-হারিছ ইব্‌ন জাযই (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-এর চেয়ে অধিক মুচকি হাসিতে আর কাহাকেও দেখি নাই (মুসনাদে
ইমাম আহমাদ, ৫খ., পৃ. ২১০, নং ১৭২৫১; আরিষাতুল-আহওয়াযী, শারহ তিরমিযী, ১৩খ., পৃ. ১১৯; ৩৬৫০-১)।
আবুশ-শায়খ বর্ণনা করিয়াছেন, হযরত আমরাহ্ (র) জানিতে চাহিলেন, রাসূলে আকরাম (স) একান্ত অবস্থায় কিরূপ ব্যবহার করিতেন? উত্তরে হযরত আইশা (রা) বলিলেন, তিনি অন্যান্য পুরুষদের মতই একজন পুরুষ ছিলেন। তবে তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সর্বদা হাস্যোজ্জ্বল থাকিতেন (হাফিজ আবু মুহাম্মাদ আবদিল্লাহ আবুশ-শায়খ, আখলাকুন্নবী ওয়া আদাবুহু, ১খ., পৃ. ১৩০, নং ২৩)।
ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন, হযরত 'আইশা (রা) বলেন, জনৈক আগন্তুক নবী কারীম (স)-এর নিকট সাক্ষাতের অনুমতি প্রার্থনা করিলে তিনি অনুমতি প্রদান করিয়া এই বলিয়া মন্তব্য করিলেন যে, "লোকটি স্বীয় বংশের দুষ্টতম ব্যক্তি"। কিন্তু সামনে আসিলে তাহাকে উত্তম স্থানে বসাইলেন, তাহার সহিত হাস্যোজ্জ্বল চেহারায় ও 'নরম ভাষায় কথা বলিলেন। লোকটি চলিয়া গেলে আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! লোকটি সম্পর্কে প্রথমে আপনি এইরূপ মন্তব্য করিলেন, অথচ নিকটে আসিলে হাস্যোজ্জ্বল চেহারায় এইরূপ উত্তম ব্যবহার দেখাইলেন। রাসূলুল্লাহ (স) উত্তরে বলিলেনঃ হে আইশা। তুমি কি কখনো আমাকে অশোভনীয় আচরণ করিতে দেখিয়াছ? কিয়ামত দিবসে আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট মানুষ হইবে সে, যাহার অনিষ্টতার আশংকায় মানুষ তাহাকে পরিহার করিয়া চলে (আল্লামা কাস্তাল্লানী, শারহুল আল্লামা যুরকানী আলাল-মাওয়াহিব, ৬খ., পৃ. ২৮-৩০)।
ইমাম মুসলিম হযরত আবূ যার (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে এই মর্মে নসীহত করিয়াছেন যে, ছোট্ট একটি নেকীর কাজকেও তুচ্ছ ভাবিও না, এমনকি হাস্যোজ্জ্বল চেহারায় মুসলমান ভাইয়ের সহিত সাক্ষাৎ করাও একটি নেকী যনে করিও (ইকমালু ইকমালিল মু'লিম শারহু সাহীহ মুসলিম, ৮খ., পৃ. ৫৯৮, নং ২৬২৬)।
মিশকাত শরীফে তিরমিযী শরীফের উদ্ধৃতি দিয়া হযরত আবূ যার (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন ও তোমার ভাইয়ের সহিত মুচকি হাসিয়া সাক্ষাৎ করা সাদাকাতুল্য। সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে বাধা প্রদান একটি সাদাকা। পথহারাকে পথের সন্ধান দেওয়া সাদাকা। রাস্তা হইতে কষ্টদায়ক বন্ধু, কাঁটা, হাড্ডি ইত্যাদি সরাইয়া দেওয়া সাদাকা। এমনকি তোমার বালতি হইতে ভাইয়ের বালতিতে পানি ঢালিয়া দেওয়াও সাদাকা (ইমাম শারফুদ্দীন তীবী, শরহে মিশকাত, ৪খ, পৃ. ১০৯, নং ১৯১১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 লক্ষণীয় বিষয়

📄 লক্ষণীয় বিষয়


প্রথমত, ইবনুল-ফারিস হযরত আবদুল্লাহ ইব্‌ন 'আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, তাওরাত শরীফে রাসূলুল্লাহ (স)-এর একটি নাম ছিল : احمد الضحوك (আহমাদু আদ'-দাহু'ক)। তাঁহার নামকরণ الضحوك )আদ-দাহুক, হাস্যোজ্জ্বল) এইজন্য
করা হইয়াছিল যে, তিনি সহাস্য বদন ও সর্বোত্তম ব্যবহারের অধিকারী ছিলেন। আরবের রূঢ় ও গোঁয়ার প্রকৃতির বেদুঈন যতবারই তাঁহার নিকট আগমন করিয়াছে কেহই তাঁহাকে বিরক্তিপূর্ণ, বদমেযাজী ও রুক্ষ আচরণ করিতে দেখে নাই; বরং সকলেই তাঁহাকে আলাপচারিতায় খুবই বিনম্র ও ব্যবহারে অত্যন্ত সদয় পাইয়াছে।
দ্বিতীয়ত, আবুল হাসান ইব্‌ন দাহ্হাক বলেন, হাদীছসমূহের দ্বারা স্পষ্টভাবেই প্রমাণিত হইয়াছে যে, নবী কারীম (স) হাসিয়াছেন, এমনকি হাসার সময় মাঝে মাঝে তাঁহার নাওয়াজিয (পেষণদন্ত) পর্যন্ত প্রকাশ পাইয়াছিল। পক্ষান্তরে ইহাও প্রমাণিত হইয়াছে যে, তাঁহার হাসি মুচকির সীমা অতিক্রম করিত না। অবশ্য তিনি অধিকাংশ সময়ই মুচকি হাসিতেন; ইহার অধিক কদাচিৎ হাসিতেন। যাহারা কদাচিতের সেই হাসি প্রত্যক্ষ করেন নাই তাহারা ভাবিয়াছেন যে, তিনি মুচকির অধিক হাসিতেন না। পক্ষান্তরে যাহারা কদাচিতের হাসি লক্ষ্য করিয়াছেন তাঁহারা ইহাকে সকল সময়ের অবস্থা বর্ণনা করেন নাই, বরং কদাচিৎ এইরূপ হাসিয়াছেন ইহাই বুঝানো উদ্দেশ্য।
তৃতীয়ত, আবুল-হাসান ইব্‌ন দাহ্হাক হযরত আবদুল্লাহ ইবন মাস'উদের সূত্রে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স)-এর মুখে হাসি আসিলে তিনি মুখে হাত রাখিয়া দিতেন এবং বলিতেন: আমি হযরত জিবরাঈল (আ)-কে বলিতে শুনিয়াছি, যেই দিন জাহান্নাম সৃষ্টি হইয়াছে সেই দিন হইতে আমি কখনও হাসি নাই (সুবুলুল-হুদা ওয়ার-রাশাদ, ৭খ., পৃ. ১২৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সালাম বিনিময়

📄 সালাম বিনিময়


ইমাম বুখারী হযরত আনাস (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স) কখনও কখনও শ্রোতাদের বুঝার সুবিধার্থে তিনবার সালাম দিতেন। এমনিভাবে বুঝিবার সুবিধার্থে কখনও একটি কথাকে তিনবার পুনরাবৃত্তি করিতেন (সহীহ বুখারী, ফাতহু'ল-বারীর শরাহসহ, ১১খ, পৃ. ২৮, নং ৬২৪৪)।
ইমাম বুখারী ও মুসলিম হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি একদা কয়েকজন কিশোরের নিকট দিয়া অতিক্রমকালে তাহাদিগকে সালাম করিলেন ও বলিলেন: রাসূলুল্লাহ (স) এইরূপ করিতেন (বুখারী, ফাতহুল-বারীসহ, ১১খ, পৃ. ৩৪, নং ৬২৪৭; মুসলিম, ইকমালসহ, ৭খ., পৃ. ৩৩৩, নং ২১৬৮)।
আবূ দাউদ হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন: রাসূলুল্লাহ (স) একবার কিছু ক্রীড়ারত বালকের নিকট আসিয়া তাহাদিগকে সালাম করিলেন। অন্য রিওয়ায়াতে তিনি আরও বলিয়াছেন, একদা আমি কয়েকজন বালকের সঙ্গে কোন স্থানে ছিলাম। ইতোমধ্যে রাসূলুল্লাহ (স) আমাদের নিকট তাশরীফ আনিয়া আমাদিগকে সালাম করিলেন এবং আমার হাতে একটি চিঠি দিয়া এক ব্যক্তির নিকট পৌছাইতে বলিলেন। অতঃপর তিনি একটি দেয়ালে
বসিয়া রহিলেন। আমি চিঠি পৌছাইয়া প্রত্যাবর্তন করা পর্যন্ত তিনি সেখানে বসিয়া রহিলেন। ('আওনুল-মা'বূদ শরহু আবী দাউদ, ১৪খ., পৃ. ৭৪, নং ৫১৯১-২)।
ইবন মাজা হযরত আসমা বিন্ত ইয়াযীদের সূত্রে বর্ণনা করিয়াছেন, একদা আমরা কিছু মহিলার নিকট দিয়া অতিক্রমকালে রাসূলুল্লাহ (স) আমাদিগকে সালাম করিলেন (আস-সুনান লি-ইব্‌ন মাজা, ২খ., পৃ. ১২২০, নং ৩৭০১)।
আবূ দাউদ হযরত আসমা বিন্ত ইয়াযীদ আল-আনসারিয়‍্যা (রা)-এর সূত্রে উল্লেখ করিয়াছেন, তিনি বলেন: একদা আমি কয়েকজন বান্ধবীসহ কোন স্থানে ছিলাম। ইতোমধ্যে রাসূলুল্লাহ (স) সেই স্থান দিয়া অতিক্রমকালে আমাদিগকে সালাম করিলেন ('আওনুল- মা'বৃদ শরহু আবী দাউد, ১৪খ., পৃ. ৭৪, নং ৫১৯৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হাতের ইশারায় সালাম

📄 হাতের ইশারায় সালাম


ইমাম বুখারী তাঁহার আদাবুল মুফরাদ গ্রন্থে হযরত আসমা (রা)-এর বরাতে উল্লেখ করিয়াছেন, রাসূলুল্লাহ (স) মসজিদের নিকট দিয়া অতিক্রম করিতেছিলেন। মসজিদে একদল মহিলাকে উপবিষ্ট দেখিতে পাইয়া তিনি ডান হাতের ইশারায় তাহাদেরকে সালাম জানাইলেন (আল-আদাবুল মুফরাদ, পৃ. ৪৫৯, নং ১০৪৭)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00