📄 ছয়: কা'বাঘর পুনর্নির্মাণ ও মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মধ্যস্থতা
মহানবী -এর বয়স যখন প্রায় পঁয়ত্রিশ বৎসর তখন তাঁহার চরিত্র ও ব্যক্তিত্ব একটি ঘটনার মাধ্যমে জাতীয় স্বীকৃতি লাভ করে। ঐতিহাসিকগণ এই ঘটনাটি বোধগম্য কারণেই যত্ন সহকারে কিছুটা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করিয়াছেন। ইহা ছিল কা'বার পুনর্নির্মাণ। প্রচুর বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইহার দেয়ালে ফাটল দেখা দিয়াছিল। এই পর্যন্ত ইহাতে কোন ছাদও ছিল না এবং সম্প্রতি এক চোর ইহাতে রক্ষিত কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করিয়া নিয়া গিয়াছিল। এই কারণে কুরায়শ নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করিলেন, কাঠামোর ভিত্তি উচু করা, আরও উচু করিয়া ইহার দেয়াল পুনর্নির্মাণ এবং ইহার উপর একটি ছাদ নির্মাণের। মক্কায় সেই সময় মিসরীয় কপ্ট সম্প্রদায়ভুক্ত একজন উপযুক্ত কারিগর সহজলভ্য হওয়ায় পরিকল্পনাটির বাস্তবায়ন সহজতর হয় এবং সেই সঙ্গে জেদ্দা উপকূলের অদূরে একটি গ্রীক জাহাজ ধ্বংস হইয়া বায়ু ও ঢেউ তাড়িত হইয়া উহার কাঠ তীরে জমা হইলে পরিকল্পনাটির বাস্তবায়ন আরও সহজ হইয়া উঠে। কুরায়শ নেতৃবৃন্দ ছাদ নির্মাণের উদ্দেশ্যে উক্ত কাঠসমূহ ক্রয় করে। ৪৪ মহানবী -এর পিতা 'আবদুল্লাহর এক মামা বানু মাখযূম গোত্রের আবূ ওয়াহ্হ্ব ইব্ন 'আমর নির্মাণ পরিকল্পনায় একজন উপদেষ্টার ভূমিকা পালন করেন। ৪৫ কুরায়শ গোত্রগুলির সকলে কা'বাঘর পুনর্নির্মাণ কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করিয়া লইবার সিদ্ধান্ত গ্রহণ করে।
পুনর্নির্মাণ কাজের সহিত প্রথমে বিদ্যমান দেয়াল ভাঙ্গার কাজ জড়িত ছিল; আর এই কাজটিতে প্রথমে যথেষ্ট দ্বিধা ও সঙ্কোচের সৃষ্টি হইয়াছিল। কারণ আল্লাহ্র ঘরে এইরূপ হস্তক্ষেপের কারণে, যদিও তাহা ভাল উদ্দেশ্যেই ছিল, ভাঙ্গন কাজে অংশগ্রহণকারীদের উপর আল্লাহ্র রোষ ও শাস্তি নামিয়া আসিবার আশঙ্কা করা হইয়াছিল। কিন্তু আল-ওয়ালীদ ইবনুল মুগীরার দুঃসাহসিকতা এই দ্বিধার পরিসমাপ্তি ঘটায়। তিনি এক কোণার দেয়ালের একটি ক্ষুদ্র অংশ প্রথম ভাঙিয়া ফেলেন এবং তারপর সকলে এক রাত অপেক্ষা করে তাহার কোন অমঙ্গল হয় কিনা দেখার জন্য। ৪৬ কিন্তু ঐ সময়ে তাহার কিছু না হওয়ায় সকলেই দেয়াল ভাঙার কাজ শুরু করিয়া দেয়। কুরায়শ গোত্রগুলি চারিটি স্বতন্ত্র দলে নিজেদের সংগঠিত করে। প্রত্যেক দল গৃহের চারি পার্শ্বের একপার্শ্ব ভাঙা ও পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করে। মুহাম্মাদ -এর নবুওয়াত প্রাপ্তির মাত্র পাঁচ বৎসর পূর্বে এই বিখ্যাত গণপূর্ত কাজের জন্য গোত্রসমূহের এইরূপ শ্রেণীতে বিভক্ত হওয়ার ঘটনা উল্লেখ করা একটি কৌতূহল উদ্দীপক বিষয়। এই শ্রেণীবিভক্তি ছিল নিম্নরূপ:
গোত্র দায়িত্ব (ক) বানু 'আব্দ মানাফ দরজা ও সেইদিকের (অর্থাৎ পূর্বদিকের) ও বানু যুহরা দেয়াল। (খ) বানু মাখযূম ও কালো পাথর ও ইয়ামানী কোণের মধ্যবর্তী অন্য কয়েকটি গোত্র দেয়াল। (গ) বানু জুমাহ ও দরজার বিপরীত দিকের (অর্থাৎ বানু সাহম পশ্চিম দিকের) দেয়াল। (ঘ) বানু 'আবদিদ দার ও হাতীম ও ঐদিকের দেয়াল। বানু আসাদ ইবন 'আবদুল 'উযযা ও বানু কা'ব ইবন লু'আই
চাচা 'আব্বাসের সহিত একসঙ্গে নিজ কাঁধে পাথর বহন করিয়া মহানবী কা'বাঘর পুনর্নির্মাণ কাজে অংশগ্রহণ করিয়াছিলেন। ৪৯ পুনর্নির্মাণ কাজ স্বাভাবিক গতিতে অগ্রসর হইতেছিল, কিন্তু যখন দেয়ালগুলি এইরূপ উচ্চতায় পৌঁছিল যেখানে কালো পাথরকে (হাজরে আসওয়াদ) উহার স্থানে পুনঃস্থাপন করা প্রয়োজন, তখন গোত্রগুলির মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। প্রতিটি গোত্রই পাথরটি পুনঃস্থাপনের সম্মান অর্জন করিতে আগ্রহী ছিল। সম্মত কার্যবণ্টন অনুযায়ী দেখা যায় যে, এই কাজের দায়িত্ব উপরে উল্লিখিত (ক) ও (খ) শ্রেণীর যে কোন বা উভয় শ্রেণীর গোত্রসমূহের উপর বর্তায়। কিন্তু অন্যান্যরা, বিশেষ করিয়া (ঘ) শ্রেণীর গোত্রসমূহ ইহার বিরোধিতা করে। ইবন ইসহাকের বর্ণনা অনুযায়ী, তাহারা আপোষহীনভাবে তাহাদের দাবি আদায়ের ঘোষণা করে এবং রক্তপূর্ণ পাত্রে নিজেদের হাত ডুবাইয়া, যাহাকে তাহারা বিরল সম্মান বলিয়া মনে করিয়াছে তাহা অর্জনের জন্য যুদ্ধ করিয়া তাহাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করে। ৪৮ ইহা লইয়া ঝগড়া বা অচলাবস্থা চার বা পাঁচ দিন অব্যাহত থাকে।
অতঃপর বর্ণিত আছে, বানু মাখযূম গোত্রের উমায়্যা ইবন মুগীরা, যিনি সকল কুরায়শের মধ্যে বয়োজ্যেষ্ঠতম ছিলেন, তাহাদিগকে এই মর্মে রাজী করাইতে সমর্থ হন যে, পরবর্তী ভোরে একটি নির্দিষ্ট দিক হইতে কা'বা প্রাঙ্গনে যে ব্যক্তি প্রথম প্রবেশ করিবে তাঁহার নিকট বিষয়টি মীমাংসার জন্য ন্যস্ত হইবে। ৪৯ (প্রকৃতপক্ষে পরের দিনের নয়, বরং তাৎক্ষণিকভাবে প্রথম আগমনকারীকে মধ্যস্থকারী মনোনীত করা হইয়াছিল, ইসলামী বিশ্বকোষ, ২০খ., পৃ. ৫৭৫, সম্পাদনা পরিষদ)। তাহাদের সকলের জন্য সৌভাগ্যবশত যে লোকটি সেদিন কা'বা প্রাঙ্গনে প্রথম প্রবেশ করিয়াছিলেন তিনি ছিলেন মুহাম্মাদ এবং প্রত্যেক ব্যক্তি তাঁহাকে সাদর অভ্যর্থনা জানাইল ও উচ্চস্বরে বলিল, "এই হইলেন বিশ্বস্ত ব্যক্তি; আমরা তাঁহাকে মানি, তিনি তো মুহাম্মাদ”। ৫০
মনোনীত সালিশ সময়ের দাবি পূরণ করিতে সক্ষম হইয়াছিলেন। তিনি একখণ্ড কাপড় আনিতে বলিলেন। কাপড় আনা হইলে তিনি উহাতে পাথরটি রাখিলেন এবং গোত্রগুলির নেতৃবৃন্দকে কাপড়ের চারিদিক ধরিতে বলিলেন এবং তারপর সকলে কাঙ্খিত স্থানে এবং কাঙ্খিত উচ্চতায় পাথরটি উত্তোলন করিল। যখন এইরূপ করা হইল তখন তিনি নিজে পুনরায় পাথরটি হাতে লইলেন এবং তাহা উহার জন্য নির্দিষ্ট স্থানে স্থাপন করিলেন।
এইভাবে বিবাদের নিষ্পত্তি হইল, আসন্ন যুদ্ধের ভয়াবহতা দূরীভূত হইল এবং নেতৃবৃন্দের গোত্রীয় অহমিকা পরিতৃপ্ত হইল। যদিও ঘটনাটি এইভাবেই সেই নাটকের সুখকর পরিসমাপ্তি ঘটাইয়াছে, কিন্তু ইহার শেষ অঙ্ক ইহা সম্পর্কে অনেক কিছু বলার সুযোগ স্পষ্টতই সৃষ্টি করিয়াছে। কেবল এইটুকু বলাই যথেষ্ট ব্যাখ্যা নহে যে, যে বিবদমান গোত্রগুলি ভ্রান্ত ধারণাপ্রসূত সম্মান অর্জনের জন্য নিজেদের জীবন বাজি রাখিয়াছিল তাহারা হঠাৎ এলাকায় কোন একটি নির্দিষ্ট দিক হইতে প্রথম প্রবেশকারী এক অপরিচিত ব্যক্তির সিদ্ধান্তের উপর তাহাদের সম্ভাবনার ঝুঁকি ধরিতে সম্মত হইয়াছিল। বিষয়টি এবং ভাবী সালিশের চরিত্র ও যোগ্যতা সম্পর্কে নিশ্চয়ই অনেক আলোচনা ও শলা-পরামর্শ হইয়াছিল। ইহাও অসম্ভব যে, মুহাম্মাদ যিনি স্বয়ং কা'বার পুনর্নির্মাণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়াছিলেন এবং তাহা ছাড়া নিজ সমাজের একজন বুদ্ধিমান ও সম্মানিত সদস্য ছিলেন, এই বিবাদ ও তাহার সহিত জড়িত অন্যান্য বিষয়, বিশেষ করিয়া সালিশের মাধ্যমে উহা নিষ্পত্তির সিদ্ধান্ত সম্পর্কে অনবহিত ছিলেন এবং তারপর কেবল ঘটনাক্রমে এবং কোন একটি দিক হইতে কা'বা প্রাঙ্গনে প্রথম প্রবেশকারী হওয়ার সুবাদে নিজেই উক্ত সালিশ হন। ঘটনা যাহাই হউক না কেন—এই কাহিনী হইতেও ইহা স্পষ্ট যে, কুরায়শ নেতৃবৃন্দ তাঁহাকে সালিশ হিসাবে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করিয়াছিল কেবল এইজন্যই নহে যে, তিনি ঐ এলাকায় প্রথম প্রবেশকারী ব্যক্তি ছিলেন, বরং স্পষ্টত ও চূড়ান্তরূপে এই কারণে যে, তিনি "আল-আমীন, বিশ্বস্ত ব্যক্তি” যাঁহার ছিল প্রমাণিত বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা এবং যাঁহার সততা ও নিরপেক্ষতায় ছিল সবচাইতে অগাধ আস্থা। সমগ্র কাহিনীর ইহাই মূল বক্তব্য। সালিশী তৎকালীন কুরায়শ নেতৃবৃন্দের গোত্র-চেতনা ও বংশ-গৌরবের উপর মুহাম্মাদ-এর চরিত্র ও ব্যক্তিত্বের অভ্রান্তরূপে বিজয় ঘোষণা করিয়াছিল। ইহা প্রকৃতই ছিল তাঁহার সম্পূর্ণ কল্পনামুক্ত চরিত্র, তাঁহার সত্যবাদিতা, নিরপেক্ষতা ও জনপ্রিয়তার প্রতি জাতীয় অনুমোদন।
সূত্রসমূহ সাধারণত এই মর্মে একমত যে, কা'বার পুনর্নির্মাণ কাজ মহানবী-এর নবুওয়াত প্রাপ্তির পাঁচ বৎসর পূর্বে সম্পন্ন হইয়াছিল। ইহার অর্থ, সেই সময় অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ বৎসর বয়স পর্যন্ত তিনি সমাজের একজন সাধারণ ও সম্মানিত সদস্য হিসাবে জীবন যাপন করিতেছিলেন। তিনি সমাজের দৈনন্দিন কার্যাবলীতে অংশগ্রহণ করিতেন, তাঁহার মহৎ চরিত্র ও সত্যবাদিতার জন্য সুপরিচিত ছিলেন এবং সকলেই তাঁহাকে পছন্দ ও বিশ্বাস করিত। নির্জনবাস ও ধ্যানমগ্ন থাকার সময়, যাহা সকল বর্ণনামতে ওহী আগমনের পূর্বে ঘটিয়াছিল, স্পষ্টত তখনও শুরু হয় নাই। সঠিক কোন বৎসর বা তারিখ হইতে তাঁহার জীবন যাপন পদ্ধতিতে এই লক্ষণীয় পরিবর্তন সূচিত হইয়াছিল তাহা জানা যায় না। তবে এইরূপ ধারণা করিয়া যে, ইহা কা'বাঘর পুনর্নির্মাণের বেশীদিন পরে সংঘটিত হয় নাই। বলা যাইতে পারে যে, নির্জনবাস ও ধ্যানমগ্ন থাকার সময়কাল সর্বোচ্চ চার বৎসরের অধিক ছিল না।
📄 সাত: আনুষ্ঠানিক শিক্ষার অভাব
মহানবী-এর নবুওয়াত-পূর্ব জীবনের অপর এক লক্ষণীয় বৈশিষ্ট্য হইল তাঁহার কোন প্রকার আনুষ্ঠানিক শিক্ষার অ-প্রাপ্তি এবং তাঁহার পঠন ও লিখনে অপারগতা। ঐতিহাসিকগণ যদিও মহানবী-এর জীবন ও কার্যাবলীর অনেক ক্ষুদ্র বিষয় সম্পর্কে সতর্ক, কিন্তু তাহারা তাঁহার প্রথম জীবন ও যৌবনে কখনও তিনি কোন প্রকার শিক্ষা গ্রহণ করিয়াছেন এইরূপ কোন আভাস প্রদান করেন নাই। বিপরীতক্রমে মহানবী-এর নিজের এই মর্মে একাধিক উক্তি রহিয়াছে যে, তিনি ছিলেন একজন নিরক্ষর (উম্মী) অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। স্বয়ং কুরআনেও একাধিক উক্তি রহিয়াছে যাহা অভ্রান্তরূপে প্রমাণ করে যে, তিনি কোন আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন নাই অথবা পড়িতে ও লিখিতেও জানিতেন না। এই তথ্যের প্রকাশ ঘটায়াছে 'উম্মিয়্যি' শব্দ হইতে যাহা একবচন ও বহুবচন আকারে কুরআনে সর্বমোট ছয়টি স্থানে উক্ত হইয়াছে যাহার অর্থ একজন নিরক্ষর ও অশিক্ষিত লোক উভয়ই (অর্থাৎ শিক্ষা সম্পর্কে যে ব্যক্তি তাহার মায়ের কোলে রহিয়াছে বলিয়া বিবেচিত) ৫৪ এবং যাহার আরও অর্থ "যে ব্যক্তি কোন অবতীর্ণ গ্রন্থ প্রাপ্ত হন নাই"। ৫৫ এইগুলি ব্যতীত কুরআনে আরও কতকগুলি আয়াত রহিয়াছে, যথা ১৬: ১০৩, ২৫: ৪-৫ ও ২৯: ৪৮ যাহাতে 'উম্মিয়্যি' শব্দটির উল্লেখ নাই কিন্তু যাহা স্পষ্টরূপে প্রমাণ করে যে, মহানবী পড়িতে ও লিখিতে জানিতেন না। কুরআনের এই উভয় প্রকার আয়াতের তাৎপর্য সম্পর্কে মহানবী-এর "নিরক্ষরতা" সম্পর্কে প্রাচ্যবিদগণের মতামত এবং তাঁহাদের এই অভিযোগ যে, তিনি মক্কার একজন "তথ্যদাতা" বা "তথ্যদাতাগণের" নিকট হইতে তাঁহার জ্ঞান লাভ করিয়াছিলেন প্রসঙ্গে আলোচনা করা হইবে। ৫৬
হুদায়বিয়ার সন্ধি সম্পাদনকালীন সুবিখ্যাত ঘটনাটি এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য। বর্ণিত আছে যে, মহানবী-এর পক্ষে হযরত 'আলী (রা) কর্তৃক যখন সন্ধির শর্তাবলী লিখিত হইতেছিল তখন কুরায়শ নেতা সুহায়ল মহানবীর নামের সহিত 'রাসূলুল্লাহ' (আল্লাহ্র দূত) শব্দাবলীর ব্যবহারে আপত্তি উত্থাপন করিয়াছিল। মহানবী সন্ধি সম্পাদন নির্বিঘ্ন করার উদ্দেশ্যে "আলীকে উক্ত শব্দাবলী রহিত করিয়া তৎপরিবর্তে শুধু "আবদুল্লাহর পুত্র” লিখিতে বলিলেন। কিন্তু 'আলী বোধগম্য ভাবাবেগ ও ভক্তির কারণে 'রাসূলুল্লাহ' অভিব্যক্তিটি মুছিয়া ফেলিতে অস্বীকার করিলেন। ইহাতে মহানবী তাহার নিকট হইতে কাগজটি টানিয়া নিলেন এবং কোন বর্ণনামতে, কোথায় উক্ত অভিব্যক্তিটি লিখিত হইয়াছে তাহা 'আলীকে দেখাইতে বলিলেন এবং তাহা দেখান হইলে তিনি উহা কাটিয়া দেন এবং তদস্থলে কুরায়শ নেতার দাবি মোতাবেক বিকল্প অভিব্যক্তি 'আবদুল্লাহ্ পুত্র” লিখার ব্যবস্থা করেন। অন্যান্য বর্ণনায় শুধু উক্ত হইয়াছে যে, 'রাসূলুল্লাহ' অভিব্যক্তিতে কুরায়শ নেতার আপত্তির কারণে মহানবী উহার পরিবর্তে 'আবদুল্লাহ্র পুত্র' লিখিলেন। ৫৮ এই শেষোক্ত বর্ণনা সম্পর্কে খুব সঙ্গত কারণেই উল্লেখ করা হইয়াছে যে, উক্তিটিকে সেই অর্থে গ্রহণ করিতে হইবে যে অর্থে সন্ধিপত্র রাষ্ট্র বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক লিখিত হয় অর্থাৎ তাহারা নিজেরা সন্ধিপত্র লিখেন না বা উহার খসড়া তৈয়ার করেন না, বরং তাহাদের ক্ষমতার অধীনে লিখিত হয়। ৫৯ এমনকি এই শেষোক্ত বর্ণনাতেও দ্ব্যর্থহীনভাবে উক্ত হয় নাই যে, মহানবী স্বয়ং শব্দগুলি লিখিয়াছিলেন।
কেহ কেহ এই শেষোক্ত বর্ণনাকে মহানবী-এর নিরক্ষরতা সম্পর্কে কুরআনের সাক্ষ্যের সহিত সমন্বয় সাধন করার প্রয়াস পাইয়াছেন এই ভাবিয়া যে, মহানবী তাঁহার জীবনের শেষদিকে এবং আলোচ্য কুরআনের আয়াত নাযিলের পরবর্তীতে কিছু কিছু পড়িতে ও লিখিতে শিখিয়াছিলেন। ৬০ এই অভিমতের ভিত্তি সম্ভবত 'আওন ইব্ন 'আবদুল্লাহ বর্ণিত একটি হাদীছ যাহাতে উক্ত হইয়াছে যে, "মহানবী পড়িবার ও লিখিবার পূর্বে ইনতিকাল করেন নাই।” ৬১ এই বিশেষ হাদীছটি সর্বসম্মতভাবে অত্যন্ত 'দুর্বল' বলিয়া বিবেচিত এবং কুরআনের সাক্ষ্যের সহিত ইহার বিরোধিতার কারণে প্রত্যাখ্যাত হইয়াছে। ৬২ ইহাও উক্ত হইয়াছে যে, মহানবী পরবর্তী কালে যদি পড়িতে এবং লিখিতে শিখিয়া থাকেন তাহা হইলে এই উল্লেখযোগ্য বিষয়টি এবং যে ব্যক্তি বা ব্যক্তিগণ তাঁহাকে উহা অর্জনে সহায়তা করিয়াছিলেন তাহার বা তাহাদের নাম তাঁহার অনেক সাহাবীই উল্লেখ ও বর্ণনা করিতেন। ৬৩ তাই এই ধারণা গ্রহণযোগ্য হইতে পারে না।