📘 সীরাত বিশ্বকোষ > 📄 তিন: বাল্যকাল ও সিরিয়া ভ্রমণ

📄 তিন: বাল্যকাল ও সিরিয়া ভ্রমণ


হালিমার তত্ত্বাবধান হইতে প্রত্যাবর্তনের পর মহানবী তাঁহার মায়ের সান্নিধ্য ও ভালবাসা খুব বেশীদিন ভোগ করিতে পারেন নাই। ছেলের দায়িত্ব গ্রহণের পর মাত্র দেড় বৎসর অতিবাহিত হইয়াছে এমন সময় তাঁহাকে লইয়া আমিনা পারিবারিক পরিচারিকা উম্মু আয়মানসহ মদীনায় তাঁহার স্বামীর মাতৃকুলের আত্মীয়-স্বজনের নিকট বেড়াইতে যান। কিন্তু মদীনা হইতে ফেরত আগমনের পথে আমিনা অসুস্থ হইয়া পড়েন এবং মদীনা ও মক্কার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে ইনতিকাল করেন। পারিচারিকা উম্মু আয়মান মহানবী-কে লইয়া মক্কায় ফেরত আসেন। এইভাবে তিনি সম্পূর্ণ ইয়াতীম হইলেন যখন মাত্র শৈশব অতিক্রম করিয়া বাল্যে পদার্পণ করিয়াছেন। মাতৃহারা হইবার সময় তিনি মাত্র ছয় বৎসরের বালক ছিলেন।
বালকটির দায়িত্ব এখন স্বাভাবিকভাবেই পিতামহ আবদুল মুত্তালিবের উপর বর্তায়, যিনি তখন প্রায় ৮০ বৎসরের বৃদ্ধ ছিলেন। এই বৃদ্ধ লোকটি ইয়াতীম বালককে সকল প্রকার যত্ন ও ভালবাসা দান করেন এবং সকল সময় তাঁহাকে সাহার্যে রাখেন। বর্ণিত আছে যে, 'আবদুল মুত্তালিব অধিকাংশ সময় কা'বার ছায়াতলে তাহার জন্য বিছানো চাদরের উপর বসিয়া অতিবাহিত করিতেন। তাঁহার পুত্রগণ তাঁহার চতুর্দিকে বসিতেন কিন্তু তাহার সম্মানার্থে চাদরের উপর বসিতেন না; কিন্তু বালক মুহাম্মাদ উহার উপর বসিতেন। তাঁহার চাচাগণ তাঁহাকে উহা হইতে সরাইয়া নিতে চাহিলে 'আবদুল মুত্তালিব তাহাদিগকে বারণ করিতেন এবং বলিতেন, তিনি বালকটির মধ্যে ভবিষ্যৎ শ্রেষ্ঠত্বের লক্ষণ দেখিতে পাইতেছেন এবং তাঁহার পিঠ চাপড়াইয়া তাঁহাকে আদর করিতেন। বালক মুহাম্মাদ তাঁহার নিকট বসিয়া যাহা করিতেন তাহা দেখিয়া 'আবদুল মুত্তালিব আনন্দ বোধ করিতেন। ৩১
'আবদুল মুত্তালিবের ইতোমধ্যেই অনেক বয়স হইয়াছে এবং তিনি দুই বৎসর পর বিরাশি বৎসর বয়সে ইনতিকাল করেন। তিনি যখন বুঝিতে পারিলেন যে, তাঁহার জীবনাবসান অত্যাসন্ন তখন তিনি বিশেষ করিয়া বালক মুহাম্মাদের দায়িত্ব তাঁহার চাচা আবূ তালিবের উপর অর্পণ করেন। উল্লেখ্য যে, আবূ তালিব 'আবদুল্লাহ্র সহোদর ভাই ছিলেন। ৩২ মহানবী মাত্র আট বৎসরের বালক ছিলেন যখন তাঁহার পিতামহ তাঁহাকে ছাড়িয়া চিরতরে বিদায় নেন। আবু তালিব তাঁহাকে নিজের পুত্রের মত মনে করিতেন এবং যেরূপ পরে দেখা যাইবে, তাঁহার নিজের ও মহানবীর জীবনের সংকটতম মুহূর্তেও তাঁহাকে ত্যাগ করেন নাই। মহানবী তাহাকে চাচাতো ভাইদের, বিশেষ করিয়া আবূ তালিবের পুত্র জাফর ও 'আলীর সহিত বড় হইয়া উঠেন, যাঁহারা তাঁহার বাল্যকাল হইতেই ঘনিষ্ঠতম বন্ধুতে পরিণত হইয়াছিলেন।
এই কচি বয়সে মহানবী-এর কর্মকাণ্ড সম্পর্কে খুব সামান্য উল্লেখ পাওয়া যায়। একমাত্র এইটুকু জানা যায় যে, তিনি কখনও কখনও নিজ চাচাতো ভাইদের সহিত মেষ চরাইতেন। ইহারও উল্লেখ রহিয়াছে যে, এই বয়সের অন্যান্য শিশুদের ন্যায় তিনি অপ্রয়োজনীয় ও অলস খেলাধূলা ও ক্রীড়ায় নিজেকে নিয়োজিত করিতেন না। তিনি কখনও কোন ব্যক্তির নিকট অথবা কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করিয়াছেন অথবা তিনি পড়িতে ও লিখিতে শিখিয়াছেন এইরূপ কোন তথ্যের উল্লেখ কোথায়ও নাই।
তাঁহার প্রাথমিক জীবন সম্পর্কে ঐতিহাসিকগণ কর্তৃক বর্ণিত একমাত্র উল্লেখযোগ্য ঘটনা হইতেছে চাচা আবূ তালিবের সহিত এক বাণিজ্য কাফেলায় তাঁহার সিরিয়া সফর। মহানবী তখন প্রায় ১০ কিংবা ১২ বৎসর বয়সের বালক ছিলেন। ইবন ইসহাক কর্তৃক প্রদত্ত তাঁহার এই সফরের বিবরণ নিম্নরূপ: একবার আবু তালিব একটি বণিক দলের সহিত সিরিয়া গমনের পরিকল্পনা করেন। যখন সকল প্রস্তুতি সম্পন্ন এবং বণিক দল যাত্রার জন্য প্রস্তুত, তখন বালক মুহাম্মাদ এমনভাবে তাঁহার চাচার নিকট থাকার আবদার ধরিলেন যে, তাঁহার জন্য চাচার দয়া হইল এবং তাঁহাকে লইয়াই তিনি সফরে রওয়ানা হইলেন।
বাণিজ্য দলটি এক সময় বুসরা আগমন করে, সেখানে বাহীরা নামক জনৈক খৃস্টান পাদ্রী তাহার জন্য নিবেদিত কোন এক গীর্জা বা গুহায় বাস করিতেন। তিনি খৃষ্ট ধর্ম ও উহার ধর্মগ্রন্থে সুপণ্ডিত ছিলেন। পূর্বে অনেকবার কুরায়শ বণিক দল একই পথে এবং তাহার বাসস্থানের নিকট দিয়া গমন করিয়াছে, কিন্তু তিনি কখনও তাহাদের সম্পর্কে কোনরূপ আগ্রহ দেখান নাই। কিন্তু এইবার তিনি তাহাদিগকে বিশেষ মর্যাদার সহিত গ্রহণ করিলেন এবং ইহার কারণ এই ছিল যে, "মনে করা হয়" যে, তিনি বণিক দলটিতে বিশেষ কিছু লক্ষ্য করিয়াছিলেন। তিনি তাহার প্রকোষ্ঠ হইতে লক্ষ্য করিয়াছিলেন যে, বণিক দলটি আগমন করিতেছে, আর এক খণ্ড মেঘ দলের লোকদের মধ্যে একমাত্র মহানবী-কে ছায়াদান করিয়া আসিতেছে। দলটি সেই প্রকোষ্ঠের নিকট আসিল এবং একটি বৃক্ষের নিচে থামিল, মেঘখণ্ডটিও অমনি সেখানে থামিল এবং বৃক্ষের শাখাগুলি মহানবী-কে সূর্যের তাপ হইতে রক্ষা করার জন্য ঝুঁকিয়া পড়িল।
বাহীরা খৃস্ট ধর্মগ্রন্থে বর্ণিত অনাগত নবীর লক্ষণসমূহ বালকের মধ্যে শনাক্ত করিয়া দলটির জন্য এক ব্যয়বহুল ভোজের আয়োজন করিলেন এবং তাহাদিগকে উক্ত ভোজে আমন্ত্রণ জানাইলেন। তিনি বিশেষভাবে বলিলেন, যেন ভোজে কেহ অনুপস্থিত না থাকেন। তাহা সত্ত্বেও দলটি যখন বাহীরার স্থানে গমন করে তখন মহানবীকে মালপত্রের নিকট রখিয়া যায়। তাহারা ধারণা করিয়াছিল যে, মহানবী এত অল্প বয়সের যে, তাঁহার ভোজসভায় উপস্থিত থাকার প্রয়োজন নাই।
বাহীরা যখন দেখিতে পাইলেন যে, মহানবী তাঁহার মেহমানদের মধ্যে নাই তখন তিনি তাহাদের নিকট জানিতে চাহিলেন সকলেই আসিয়াছেন কিনা এবং তাহাকে এই কথা বলাতে যে, একমাত্র একটি ছেলেকে মালপত্রের নিকট রাখিয়া আসা হইয়াছে, তিনি তাঁহাকেও আনিবার জন্য অনুরোধ করিলেন। তাহার এই অনুরোধ রক্ষা করা হইল। মহানবী আগমন করিলে বাহীরা উঠিয়া দাঁড়াইলেন এবং তাঁহাকে আলিঙ্গন করিলেন এবং লোকদের সহিত তাঁহাকে বসাইলেন। বাহীরা তাঁহাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করিলেন এবং তাঁহার দৈহিক বৈশিষ্ট্য ও খৃস্ট ধর্মগ্রন্থে অদূর ভবিষ্যতে প্রত্যাশিত নবীর লক্ষণ হিসাবে বর্ণিত অন্যান্য জিনিসের প্রতি লক্ষ্য করিলেন।
লোকজন আহার শেষ করিয়া চলিয়া গেলে বাহীরা মহানবী -এর সহিত আলাপ করেন, তাঁহাকে তাঁহার নিজের সম্পর্কে কিছু প্রশ্ন করেন এবং অত্যন্ত প্রীত হন যে, উত্তরগুলি "তাহার বিবরণ সম্পর্কে বাহীরা যাহা জানিতেন তাহার সহিত" মিলিয়া গিয়াছে। অতঃপর পাদ্রী মুহাম্মাদ -এর পৃষ্ঠদেশে তাকাইলেন এবং তাঁহার দুই স্কন্ধের মধ্যখানে, ধর্মগ্রন্থে "ঠিক যে স্থানের বর্ণনা রহিয়াছে নবুওয়াতের মোহর" দেখিতে পাইলেন। বাহীরা তারপর বালকের চাচা আবু তালিবের নিকট গমন করেন এবং ছেলেটির সহিত তাঁহার সম্পর্কের কথা জিজ্ঞাসা করেন। আবূ তালিব যখন বলিলেন যে, ছেলেটি তাঁহার পুত্র, বাহীরা মন্তব্য করিলেন, তাহা হইতে পারে না। "কারণ ইহা হইতে পারে না যে, এই ছেলের পিতা জীবিত আছেন"। তারপর আবূ তালিব বলিলেন যে, ছেলেটি তাঁহার ভাতিজা এবং তাঁহার জন্মের পূর্বেই তাঁহার পিতা মারা গিয়াছেন। "আপনি সত্য কথা বলিয়াছেন" বাহীরা বলিলেন। তিনি আরও বলিলেন, "আপনার ভাতিজাকে লইয়া নিজের দেশে ফিরিয়া যান এবং ইয়াহুদীদের বিরুদ্ধে তাঁহাকে সতর্কতার সহিত প্রহরায় রাখুন। কারণ আল্লাহ্র কসম! তাহারা যদি তাঁহাকে দেখিতে পায় এবং তাঁহার সম্পর্কে আমি যাহা জানি তাহা জানিতে পারে তাহা হইলে তাহারা তাঁহার অনিষ্ট করিবে। আপনার এই ভাতিজার জন্য এক মহান ভবিষ্যৎ অপেক্ষমান। সুতরাং তাঁহাকে দ্রুত বাড়ী লইয়া যান।"
তাঁহার চাচা তাঁহাকে দ্রুত সেখান হইতে লইয়া আসেন এবং সিরিয়ায় তাঁহার ব্যবসায়িক কাজ শেষ করিয়া মক্কায় ফেরত লইয়া আসেন। ইবন ইসহাক আরও লিখিয়াছেন যে, "ধারণা করা হয়" আরও তিনজন আহলে কিতাব মহানবী -এর মধ্যে তাহাই লক্ষ্য করিয়াছিল যাহা বাহীরা দেখিয়াছিলেন এবং তাহারা তাঁহার নিকট আসার চেষ্টা করিয়াছিল, কিন্তু বাহীরা তাহাদিগকে দূরে রাখিয়াছিলেন। ৩৩
ঘটনাটি কমবেশি একইভাবে অন্যান্য গ্রন্থেও বর্ণিত হইয়াছে। ৩৪ জামে' আত-তিরমিযীর বর্ণনায় উক্ত হইয়াছে যে, দলটি গীর্জার নিকট যাত্রাবিরতি করামাত্র বাহীরা তাহাদের নিকট আগমন করেন, দলের মধ্যে মহানবী -কে শনাক্ত করেন এবং চীৎকার করিয়া বলিয়া উঠেন, "এই হইলেন বিশ্বের নেতা, আল্লাহ্র দূত, যিনি মানবজাতির জন্য আশীর্বাদস্বরূপ প্রেরিত হইবেন।" কুরায়শ দল বিস্ময়ে হতবাক হইয়া বাহীরার নিকট তাহার এইরূপ মন্তব্যের কারণ জানিতে চাহিল। তিনি উত্তরে বলিলেন, তিনি লক্ষ্য করিয়াছেন যে, যখন হইতে দলটি মক্কা ত্যাগ করিয়াছে তখন হইতে পথিমধ্যে প্রতিটি গাছ ও প্রতিটি পাথর মহানবীর সাম্মানে মস্তক অবনত করিয়াছে এবং নবীর সহিত সম্পর্ক না থাকিলে গাছ ও পাথর কখনও এইরূপ আচরণ করিত না। আরও উল্লিখিত হইয়াছে যে, বাহীরা লক্ষ্য করিয়াছেন যে, একটি গাছের ছায়া মহানবী-এর সহিত একস্থান হইতে অন্য স্থানে গমন করিতেছে এবং কয়েকজন "রোমক" মহানবী-এর সন্ধানে আগমন করিয়াছিল। কারণ তাহারা তাহাদের ধর্মগ্রন্থ হইতে জানিতে পারিয়াছিল যে, প্রতিশ্রুত নবীর ঐ সময় আবির্ভূত হইবার কথা। বিবরণ এই বলিয়া শেষ হইয়াছে যে, বাহীরা আবু তালিবকে আন্তরিকভাবে অনুরোধ করিলেন ছেলেটিকে এমন দেশে লইয়া না যাইবার জন্য যেখানে শত্রুভাবাপন্ন ইয়াহুদীরা সংখ্যায় প্রচুর এবং আবূ তালিব তাঁহাকে মক্কায় ফেরত প্রেরণ করিলেন এবং আবূ বাক্স (রা) তাঁহার সহিত বিলাল (রা)-কে পাঠাইলেন। ৩৫
উল্লিখিত ঘটনার অনেক বিষয়েরই সত্যতা সম্পর্কে মুসলিম মনীষীদের মধ্যে মতদ্বৈধতা বিদ্যমান, যদিও মহানবী-এর চাচার সহিত সিরিয়া ভ্রমণ এবং বাহীরার সহিত সাক্ষাতের ব্যাপারে কাহারও কোন সন্দেহ নাই। ইবন ইসহাক তাহার বর্ণনায় তথ্যপূর্ণ বর্ণনার পূর্বে একবার করিয়া অন্তত পাঁচবার 'যেরূপ তাহারা মনে করেন' (فيما يزعمون আল্লাহ يزعمون) সীমিতকরণ সূচক শব্দগুলি ব্যবহার করিয়াছেন। তিরমিযী বর্ণনাটি "ভাল" (حسن) বলিয়া অভিমত প্রদান করিলেও তিনি ইহাকে বিরল (غریب) বলিয়াও অভিহিত করিয়াছেন এবং তিনি ইহা অন্য কোন উৎস হইতে জানেন নাই বলিয়াও উল্লেখ করিয়াছেন। ৩৬ বর্ণনার সর্বশেষ উক্তির- যেখানে আবূ বাক্স (রা) মহানবী-এর সহিত বিলালকে পাঠাইয়াছেন বলিয়া উল্লেখ রহিয়াছে-সুস্পষ্ট ভ্রম সম্পর্কে একই সঙ্গে আয-যাহাবী (মৃ. ৭৪৮ হি.)৩৭ এবং ইব্‌ন কায়্যিম আল-জাওযিয়্যা (মৃ. ৭৫১ হি.) ৩৮ উভয়েই উল্লেখ করিয়াছেন যে, বিলাল সেই সময় জন্মগ্রহণই করেন নাই এবং আবূ বাক্স মাত্র বালক ছিলেন।
মহানবী-এর প্রাথমিক জীবনের অন্য কোন ঘটনার উল্লেখ কোথায়ও নাই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00