📘 সীরাত বিশ্বকোষ > 📄 এই অভিযানের সাফল্য ছিল ইসলামের এক মহাবিজয়

📄 এই অভিযানের সাফল্য ছিল ইসলামের এক মহাবিজয়


আভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ইসলামের চরম এক দুর্দিনে খৃস্টান পরাশক্তির বিরুদ্ধে এই অভিযানের সাফল্য ছিল ইসলামের এক মহাবিজয়। তখনকার সময় যাহারা ধর্মান্তরিত হইয়াছিল, সালাত ও যাকাত আদায় করিতে অস্বীকৃতি জানাইয়াছিল, তাহাদের জন্য এই সাফল্য ছিল বিরাট এক হুমকি। এই সাফল্য হইতে বিরুদ্ধবাদীরা এই কথা বুঝিতে সক্ষম হইয়াছিল যে, ইসলামের নবী ইনতিকাল করিলেও তাঁহার আদর্শের সৈনিকরা জীবিত আছেন। রাসূলুল্লাহ (স)-এর উপস্থিতিতে তাহারা যেইভাবে দুর্দমনীয় ছিল, তাঁহার অবর্তমানেও তাহারা একইভাবে রহিয়াছেন। সুতরাং মদীনায় শত্রুদের আক্রমণের পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হইয়া যায়। অভ্যন্তরীণভাবে যাহারা ধর্মত্যাগে উৎসাহ প্রদানে লিপ্ত ছিল তাহারাও বুঝিতে পারিল যে, মুসলমানগণ আদৌ দুর্বল নয়। সুতরাং তাহাদের বিরুদ্ধে কোন চক্রান্ত করা নিজেদের ধ্বংস ডাকিয়া আনারই নামান্তর।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বিজয়ী কাফেলাকে মদীনায় সংবর্ধনা

📄 বিজয়ী কাফেলাকে মদীনায় সংবর্ধনা


মুসলিম জনসাধারণ যখন শুনিতে পাইল যে, কাফেলা মদীনায় ফিরিয়া আসিতেছে তখন তাহারা কাফেলাকে সংবর্ধনা দানের জন্য প্রস্তুতি গ্রহণ করিল। স্বয়ং খলীফা হযরত আবূ বাক্র (রা) মুহাজিরদেরকে সংগে লইয়া পথে বাহির হইয়া আসিলেন। আনসারগণও অভ্যর্থনায় ব্যাপকভাবে অংশ গ্রহণ করিলেন, এমনকি পর্দার অন্তরালের মহিলাগণও উসামা (রা) ও তাঁহার সঙ্গীদের নিরাপদে ফিরিয়া আসায় রাস্তায় বাহির হইয়া পড়েন। উসামা (রা) তাঁহার ঘোড়া সাবহা-এর উপর আরোহণ করিয়া মদীনায় প্রবেশ করেন। তখনও তাঁহার অগ্রভাগে পতাকা লইয়া বুরায়দা (রা) অগ্রসর হইতেছিলেন। মসজিদে নববীতে আসিয়া তিনি অবতরণ করেন এবং দুই রাক্'আত সালাত আদায় করিয়া গৃহে ফিরেন (ওয়াকিদী, প্রাগুক্ত, পৃ. ১১২৫)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00