📄 ইয়ামান অভিযানের ফলাফল
হযরত আলী (রা) ইয়ামানের বিভিন্ন অঞ্চলে কয়েকবার অভিযান পরিচালনা করিয়া প্রতিবারই বিজয় লাভ করিয়াছিলেন। উহার ফলাফল নিম্নে উদ্ধৃত করা হইলঃ
(১) হযরত আলী (রা) ইয়ামান অভিযানে অনেক মালে গনীমত লাভ করিয়াছিলেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হইলে স্বর্ণমুদ্রা, দাসী, স্বাধীন মহিলা, শিশু, গবাদি পশু ও অন্যান্য দ্রব্যসামগ্রী।
(২) মাহিজ, হামদান ও নাখ'আ সম্প্রদায় স্বধর্ম ত্যাগ করিয়া মুসলমান হওয়ার পরম সৌভাগ্য অর্জন করে।
(৩) বিজিত প্রদেশে সুষ্ঠু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ (স) প্রশাসক হিসাবে হযরত আবূ মূসা আল-আশ'আরী (রা) ও হযরত মু'আয ইব্ন জাবাল (রা)-কে প্রেরণ করেন।
(৪) ইয়ামানীগণের পক্ষ হইতে ইসলামের প্রতি শত্রুতা চিরতরে নিঃশেষ হয়।
📄 ইয়ামানে প্রশাসক নিয়োগ
ইয়ামান অভিযানে হযরত আলী (রা) বিজয়ের গৌরব অর্জন করিলেন এবং ইয়ামান ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হইল। রাসূলুল্লাহ (স) সেখানে ইসলামী শিক্ষা দেওয়া এবং ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য হযরত মু'আয ইবন জাবাল ও আবূ মূসা আল-আশ'আরী (রা)-কে পৃথক পৃথক প্রদেশে গভর্ণর করিয়া পাঠাইলেন। মু'আয ইবন জাবাল (রা)-কে ইয়ামান পাঠাইবার পূর্বে নিম্নোক্ত নসীহত করিলেন:
يسرا ولا تعسر وبشرا ولا تنفرا. "জনগণের সহিত তোমরা উভয়ে কোমল ব্যবহার করিও, কঠোর ব্যবহার করিও না এবং সুখী করিও, অসুখী করিও না" (ইরশাদুস সারী শারহু সহীহ আল-বুখারী, ৬খ., ৪১৮)।
হযরত বারা'আ ইবন 'আযিব (রা) বর্ণনা করিয়াছেন: كنت مع على بن ابي طالب في خيله التي بعثه رسول الله ﷺ الى اليمن فجفاني على بعض الجفاء فوجدت في نفسي عليه فلما قدمت المدينة اشتكيته في مجالس المدينة وعند من لقيته فأقبلت يوما ورسول الله ﷺ جالس في المسجد فلما راني أنظر الى عينيه نظر الى حتى جلست إليه فلما جلست إليه قال إنه والله يا عمرو بن شاش لقد اذبتني فقلت إنا الله وإنا اليه راجعون اعوذ بالله والاسلام أن أو ذي رسول الله ﷺ فقال من اذى عليا فقد اذا ني.
"রাসূলুল্লাহ (স) কর্তৃক প্রেরিত ইয়ামান অভিযানের অশ্বরোহী বাহিনীতে আলী (রা)-এর সহিত আমিও ছিলাম। তিনি আমার সহিত কোন একটি ব্যাপারে দুর্ব্যবহার করিলে আমি মনে কষ্ট পাইয়াছি। অতঃপর আমি মদীনায় প্রত্যাবর্তন করিয়া মদীনার বিভিন্ন সভায় উক্ত ব্যাপারে অভিযোগ করিলাম। আর যাহার সহিত সাক্ষাত হইত তাহাকেই ঐ ব্যাপারে বলিতাম। একদিন রাসূলুল্লাহ (স) মসজিদে উপবিষ্ট অবস্থায় আমি সেইখানে হাযির হইলাম। রাসূলুল্লাহ (স)-এর দৃষ্টি আমার চোখের উপর পড়িলে তিনি ইশারায় তাঁহার নিকট বসিবার জন্য নিদের্শ দিলেন। আমি তাঁহার নিকট বসিলে তিনি বলিলেনঃ আল্লাহর শপথ! হে আমর ইব্ন শাশ! তোমার অভিযোগ আমাকে কষ্ট দিয়াছে। আমি বলিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজি'উন। রাসূলুল্লাহ (স)-কে কোন ব্যাপারে কষ্ট দেওয়া হইতে আমি আল্লাহ ও তাঁহার দীনের আশ্রয় লইতেছি। রাসূলুল্লাহ (স) বলিলেন, যে কেহ আলীকে কষ্ট দেয়, সে আমাকেই কষ্ট দেয়” আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., ১২১)।