📄 কা'বা গৃহের চাবি
উছমান ইব্ন তাল্হা (عثمان ابن طلحة) ছিলেন কা'বা গৃহের চাবি রক্ষক। তিনি সোমবার ও বৃহস্পতিবার দিন কা'বা গৃহের দরজা খুলিতেন। একবার রাসূলুল্লাহ (স) হিজরতের পূর্বে কোন একদিন প্রয়োজনবশত উছমানকে দরজা খুলিতে বলিলে তিনি অতি কর্কশ ভাষায় অসম্মতি জ্ঞাপন করিয়াছিলেন। তখন রাসূলুল্লাহ (স) বলিয়াছিলেন, "হে উছমান! একদিন এই চাবি আমার হাতে আসিবে, তখন আমি যাহাকে ইচ্ছা তাহাকেই দান করিব"। তখন উছমান বলিয়াছিলেন, যদি তাহাই হয় তবে সেই দিনটি হইবে কুরায়শদের জন্য বড়ই অবমাননাকর ও ধ্বংসের। উত্তরে রাসূলুল্লাহ (স) বলিলেন, "না, বরং সেই দিনই হইবে কুরায়শদিগের প্রতিষ্ঠা ও প্রকৃত মর্যাদার দিন” (যাদুল মা'আদ, পৃ. ১৬৮)। উছমান ইব্ন তালহা (রা) আমৃত্যু এই চাবির হেফাজত করেন। তাঁহার কোন সন্তান না থাকায় ইনতিকালের সময় তিনি ইহা তদীয় ভ্রাতা শায়বা ইব্ন তালহা (রা)-কে সোপর্দ করিয়া যান। অদ্যাবধি তাঁহার বংশধরগণের কাছেই ইহা রক্ষিত আছে। কা'বার কুঞ্জি রক্ষক এই খান্দান তাঁহাদের পূর্বপুরুষ শায়বা ইব্ন তালাহা (রা)-র নামে শায়বী খান্দান হিসাবে পরিচিত।
📄 কা'বা গৃহে আযান
অতঃপর যুহরের নামাযের সময় উপস্থিত হইল। রাসূলুল্লাহ (স) হযরত বিলাল (রা)-কে আযান দিতে বলিলেন। হযরত বিলাল (রা) উচ্ছসিত কন্ঠে প্রাণ ভরিয়া আযান দিলেন। তখন কুরায়শ সরদার আত্তাব, হারিছ ও আবূ সুফয়ান সভা হইতে কিছু দূরে উপবিষ্ট ছিলেন (হায়কাল, পৃ. ৪১০)। তাহারা রাসূলুল্লাহ (স)-এর বশ্যতা স্বীকার করিয়া ছিলেন বটে; কিন্তু এখনও তাহাদের অন্তরে অহঙ্কার, পরাজয়ের গ্লানি বিদ্যমান ছিল। আত্তাব বলিলেন, আমার পিতার অদৃষ্ট অতি সুপ্রসন্ন, তাই এই আযান ধ্বনি শুনিবার পূর্বেই আল্লাহ তা'আলা তাহাকে সসম্মানে দুনিয়া হইতে উঠাইয়া লইয়া গিয়াছেন। হারিছ বলিলেন, যদি ইসলামের সত্যতা উপলব্ধি করিতে পারিতাম তবে ইহা শিরোধার্য করিয়া লইতে আমার কোনই আপত্তি ছিল না। আবু সুফয়ান বলিলেন, "আমি কিছুই বলিব না। যদি কিছু বলি তবে আমাদের নিকটস্থ কাঁকরসমূহ যাইয়া রাসূলুল্লাহ (স)-কে তাহা জানাইয়া দিবে" (সীরাত ইব্ন হিশাম, ২খ., পৃ. ৪১৬; যাদুল মা'আদ, পৃ. ১৬৯)।
অতঃপর রাসূলুল্লাহ (স) তাহাদের নিকট গিয়া বলিলেন, তোমরা কে কি বলিয়াছ তাহা সবই আমি জানিতে পারিয়াছি। তৎপর তিনি তাহাদিগকে তাহাদের উক্তিসমূহ হুবহু শুনাইয়া দিলেন। আত্তাব ও হারিছ তৎক্ষণাৎ কলেমা পাঠ করিয়া মুসলমান হইয়া গেলেন। তাহারা বলিলেন, আমাদের কথাগুলি কেহই শুনিতে পায় নাই। আল্লাহ তা'আলাই এই সংবাদ আপনাকে জানাইয়া দিয়াছেন। আপনি যে আল্লাহর নবী ইহাতে আমাদের কোন সন্দেহ নাই (তাফরীহুল আযাকিয়া, ২খ., পৃ. ২৭৪)। তৎপর রাসূলুল্লাহ (স) উম্মে হাবীবা (রা)-র গৃহে যাইয়া গোসল করিলেন এবং আট রাক'আত নামায পড়িলেন। কেহ মনে করেন, বিজয় লাভের শুকরিয়া স্বরূপ তিনি এই নামায পড়িয়াছেন। আবার কেহ মনে করেন, তিনি সালাতুদ দুহা (চাশতের নামায) পড়িয়াছেন (আসাহহুস সিয়ার, পৃ. ২৬২-২৬৩; সীরাত ইব্ন হিশাম, পৃ. ৪১৬; যাদুল মা'আদ, পৃ. ১৬৯)।
রাসূলুল্লাহ (স)-এর প্রতি আনুগত্য স্বীকারের জন্য জনগণ আস-সাফা পাহাড়ে একত্র হইল। তাহাদের জন্য তিনি আস-সাফায় আসন গ্রহণ করেন। উহার নিচে বসিয়া উমার (রা) রাসূলুল্লাহ (স)-এর কাছে আনুগত্য স্বীকার করিতে আসা মানুষের উপর শর্ত আরোপ করিতেছিলেন এবং তাহারা সাধ্যমত আল্লাহ ও রাসূল (স)-কে মান্য করিবে ও তাহাদের কথা শুনিবে- এই প্রতিশ্রুতি আদায় করিতেছিলেন (ইবন ইসহাক, শহীদ আখন্দ অনূদিত সীরাতে রাসূলুল্লাহ (স), ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ৩খ., পৃ. ৫০৩)। এইভাবে স্বেচ্ছায় ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার প্রয়াসী পুরুষগণের বায়'আতের পালা শেষ হইল। ইহার পর মহিলাগণও দলে দলে আসিতে আরম্ভ করিলেন। রাসূলুল্লাহ (স) মহিলাদের নিকট হইতে ইসলামের বিধানাবলী মানিয়া চলিবার প্রতিশ্রুতি গ্রহণ করিতেন। তৎপর তিনি পানিতে পরিপূর্ণ একটি পেয়ালার মধ্য হাত ডুবাইতেন। তাঁহার মুবারক হাত পানি হইতে বাহির করিবার পর উক্ত পেয়ালাতে মহিলাগণ হাত ডুবাইয়া বায়আতের প্রতিজ্ঞাসমূহ সুদৃঢ় করিতেন (ইন জারীর তাবারী, ২খ., পৃ. ১৬৪৪; মাওলানা শিবলী নুমানী, সীরাতুন্নবী, ২খ., পৃ. ৫২১; সায়্যিদ আবুল হাসান আলী নাদবী, আস-সীরাতুন নাবাবিয়্যা, পৃ. ২৯৬)। রাসূলুল্লাহ (স) বায়আত গ্রহণকালে কোন নারীর হাত স্পর্শ করেন নাই।
📄 কয়েকজন অপরাধীর মৃত্যুদণ্ড
ঐতিহাসিকদের মতে মক্কাতে এমন কয়েকজন অপরাধী ছিল যাহাদিগকে কোন অবস্থাতেই ক্ষমা করা সম্ভবপর ছিল না। এইজন্যই রাসূলুল্লাহ (স) তাহাদিগকে হত্যা করিবার নির্দেশ দেন। ১. মিক্যাস ইন্ন সাবাবা, ২. হুয়ায়রিছ ইব্ন নাকীদ, ৩. আবদুল্লাহ ইব্ন খাতাল এবং ৪. কুরায়বা নামক তাহার একটি দাসী ছিল ইহাদের মধ্যে প্রধানতম।
ইবন খাতাল বিশ্বাসঘাতকতা, স্বেচ্ছাপূর্বক নরহত্যা ইত্যাদি গুরুতর অপরাধে অপরাধী ছিল এবং সেজন্য মক্কা বিজয়ের বহু পূর্বে তাহার প্রতি প্রাণদণ্ডের আদেশ প্রদত্ত হইয়াছিল (বিশ্বনবী, পৃ. ৮০৪)। ইব্ন খাতাল অনেক দিন পূর্বে মদীনায় যাইয়া ইসলাম গ্রহণ করে। পূর্বে তাহার নাম ছিল আবদুল উয্যা। মুসলমান হওয়ার পর তাহার নাম রাখা হয় 'আবদুল্লাহ। রাসূলুল্লাহ যাকাত আদায় করিবার জন্য তাহাকে দায়িত্ব দিয়া পাঠান। মুহাদ্দিছগণ ইব্ন খাতাল্লার অপরাধের কথা বিস্তারিতরূপে বর্ণনা করিয়াছেন (তাবারী, ৩খ., পৃ. ১১৯)।
এই সকল বর্ণনার সারমর্ম এই যে, ইব্ন খাতাল মুসলমান হইয়া মদীনায় অবস্থান করিতেছিল। এই সময় মহানবী (স) আরও দুইজন মুসলমানের সঙ্গে তাহাকে যাকাত আদায় করিবার জন্য স্থানান্তরে প্রেরণ করেন। এই দুইজনের মধ্যে একজন মুযায়না বংশের আর একজন আনসারী। এই আনসারীকেই মহানবী (স) এই ক্ষুদ্র দলের আমীর নিয়োগ করেন। আনসারীর নিকট (সরকারী তবীলের) টাকাকড়ি মওজুদ ছিল। পথিমধ্যে সুযোগ বুঝিয়া ইব্ন খাতাল মহানবী (স)-এর নিয়োজিত আমীরকে হত্যা করিয়া তাঁহার তহবিলের সমস্ত টাকাকড়ি অপহরণ করে এবং আত্মরক্ষার্থে মক্কায় পালাইয়া যায়। অপর লোকটি পালাইয়া মদীনায় উপস্থিত হয়। এই বিশ্বাসঘাতকতা, ইচ্ছাপূর্বক নরহত্যা, রাজদ্রোহ ও সরকারী তহবিল তসরুপের অপরাধে সেই সময় তাহার প্রাণদণ্ডের আজ্ঞা প্রদত্ত হইয়াছিল। দুবৃত্ত ইন্ন খাতাল পালাইবার সুযোগ না পাইয়া কা'বাগৃহে প্রবেশ করিয়া বায়তুল্লাহর পর্দা জড়াইয়া রহিল। সে মনে করিল, কাবা গৃহের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে এখানে তাহাকে কেহ হত্যা করিবে না। কিন্তু ইসলামের প্রতিষ্ঠা এবং কুফরের বিলোপ সাধনের জন্য আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (স)-কে সেই দিনের জন্য কা'বাগৃহ প্রাঙ্গণে অপরাধীকে হত্যা করিবার অনুমতি দিয়াছিলেন। সুতরাং রাসূলুল্লাহ (স) কা'বা শরীফেই তাহাকে হত্যা করিবার নির্দেশ দেন। তাঁহার নির্দেশ পাইয়া হযরত সাঈদ এবং আবূ বারযা সেই স্থানেই তাহাকে হত্যা করেন (মাওলানা আশিক ইলাহী মীরাঠী, ইসলাম, পৃ. ৩২৬; শিবলী নুমানী, সীরাতুন্নবী, পৃ. ৫২৩)।
মিয়াসের প্রাণদণ্ডের কারণ সম্পর্কে জানা যায় যে, সেও ছিল একজন খুনী আসামী এবং মহানবী (স) মক্কা বিজয়ের পূর্বেই তাহার প্রাণদণ্ডের আদেশ প্রদান করিয়াছিলেন।
মিয়াসও কিছুদিন পূর্বে তাহার ভ্রাতা হিশামসহ মুসলমান হইয়া হিজরত করিয়া মদীনায় গমন করে। ঘটনাক্রমে একজন আনসারী তাহার ভ্রাতা হিশামকে শত্রুদলের লোক মনে করিয়া হত্যা করে। ভুলক্রমে হত্যা সংঘটিত হইয়াছে প্রমাণিত হওয়ায় রাসূলুল্লাহ (স) শরীআত অনুযায়ী মিয়াসকে হত্যাকারীর নিকট হইতে রক্তপণ বাবদ এক শত উট আদায় করিয়া দেন। পাপিষ্ঠ মিয়াস উটগুলি উসুল করিবার পর সুযোগমত এক সময় উক্ত আনসারীকে হত্যা করিয়া মক্কায় পলায়ন করে। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ (স) এই খুনীকেও হত্যা করিবার নির্দেশ দেন। হযরত নুমায়লা ইব্ন আবদুল্লাহ রাসূলুল্লাহ (স)-এর আদেশে সেখানেই তাহাকে হত্যা করেন (মাওলানা আশিক ইলাহী, পৃ. ৩২৬; মাওলানা শিবলী নুমানী, সীরাতুন্নবী, পৃ. ৫২৩; সহীহুল বুখারী, ২খ., পৃ. ৬১৪)।
হুয়ায়রিছ অসৎ প্রকৃতির লোক ছিল। রাসূলুল্লাহ (স)-কে নানা প্রকারে কষ্ট দেওয়াই ছিল তাহার স্বভাব। সে অতি কুৎসিৎ ভাষায় রাসূলুল্লাহ (স)-কে গালাগালি করিত এবং কুৎসাগাথা রচনা করিয়া সভা-সমিতিতে আবৃত্তি করিত। কোন কোন ঐতিহাসিকের মতে সে জনৈকা মুহাজির মহিলাকে হিজরত করিবার সময় আক্রমণ করিয়া উটের উপর হইতে ফেলিয়া দিতে চেষ্টা করে। ইহাতে উক্ত মহিলা আহত হন। মদীনায় পৌছিবার কিছু দিন পর সেই আঘাতের কারণেই তাঁহার মৃত্যু হয়।
মক্কা বিজয়ের পর তাহাকে হত্যা করিবার জন্য হযরত আলী (রা) অনুসন্ধান করিতে লাগিলেন। তিনি তাহার বাড়ি গিয়া তাহাকে ডাকিলেন। উত্তর আসিল, সে বাড়িতে নাই, মাঠে গিয়াছে। আলী (রা) ফিরিয়া আসিতেছেন, এমন সময় দেখিতে পাইলেন যে, সে অপর পথে স্বগৃহ হইতে বাহির হইয়া পলায়নের চেষ্টা করিতেছে আলীকে দেখামাত্র আক্রমণ করিয়া বসিল। আলী (রা) এক আঘাতেই তাহাকে জাহান্নামে পৌঁছাইয়া দিলেন (মাওলানা আশিক ইলাহী, পৃ. ৩২৭)।
কুরায়বা ছিল ইব্ন খাতালের দাসী। তাহার সুর ছিল অতি মধুর। সে রাসূলুল্লাহ (স)-এর কুৎসাগাথা গাহিয়া নৃত্য করিত এবং লোকদিগকে হাসাইত। কাফিরগণ তাহার বিদ্রূপব্যঞ্জক গান শুনিয়া খুব আনন্দিত হইত। এই পাপিষ্ঠাকেও মক্কা বিজয়ের দিন হত্যা করা হয় (মাওলানা আবদুর রউফ দানাপুরী, পৃ. ২৬৬; মাওলানা আশিক ইলাহী, পৃ. ৩২৭)। নিহত গায়িকার নাম সম্বন্ধে যথেষ্ট মতভেদ দেখা যায়। কেহ বলিয়াছেন কারিবা, কেহ বলিয়াছেন ফতনী, আবার কেহ কেহ আর্নাব ও উম্মে সা'দ বলিয়াছেন। হাফেজ ইব্ন হাজার বলিয়াছেন, এইগুলি একই ব্যক্তির নাম (মাওলানা আকরম খাঁ, পৃ. ৮০৮)।
📄 মূর্তি ধ্বংসসাধন
আল্লাহ্র বিধানকে স্বচ্ছ এবং তাওহীদের প্রতিষ্ঠা করাই ছিল মক্কা বিজয়ের প্রধান উদ্দেশ্য। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ (স) ঘোষণা করিয়াছিলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছেন সে যেন নিজগৃহের মূর্তিসমূহ ভাঙ্গিয়া ফেলে (যাদুল মা'আদ, ১খ., পৃ. ৪১৭)। মক্কাবাসীগণ এত বড় পরাজয়ের সময়ও তাহাদিগকে সাহায্য করিতে অক্ষম হওয়ায় মূর্তি বিগ্রহের প্রতি বীতশ্রদ্ধ হইয়া পড়িয়াছিল। এতদিন তাহারা মনে করিত যে, ইহারা প্রভু। ইহাদের প্রতি যে বিন্দুমাত্র বেআদরী করিবে তাহার সর্বনাশ হওয়া অনিবার্য। অথচ আজ তাহারা স্বচক্ষে দেখিতে পাইল যে, মুসলমানগণ এই প্রভুদিগকে ভাঙ্গিয়া চূর্ণবিচূর্ণ করিয়া ফেলিলেন, অথচ তাহাদের কোনই ক্ষতি হইল না।
রাসূলুল্লাহ (স)-এর এই ঘোষণার পর যাহারা ইসলাম গ্রহণ করিয়াছিলেন তাহারা সকলেই নিজ নিজ গৃহের মূর্তিসমূহ ভাঙ্গিয়া ফেলিলেন। রাসূলুল্লাহ (স)-এর আদেশক্রমে সাহাবীগণ সাধারণ স্থানে প্রতিষ্ঠিত বৃহৎ মূর্তিগুলিও ভাঙ্গিয়া চূর্ণ-বিচূর্ণ করিয়া দিলেন। হুবল ছিল পৌত্তলিকদিগের সর্বশ্রেষ্ঠ প্রভু। ইহা মানবাকৃতিতে গঠিত ছিল, ইয়াকৃত আহমার নামক অতি মূল্যবান রত্ন দ্বারা প্রস্তুত করা হইয়াছিল। ইহা ছিল কা'বা গৃহের ভিতরে। আদনানের প্রপৌত্র খুযায়মা ইহাকে কা'বা গৃহে স্থাপন করিয়াছিল। হুবল মূর্তির সম্মুখে সাতটি তীর রাখা ছিল। কয়েকটি তীরের উপর 'হাঁ' আর কয়েকটির উপর 'না' লিখা ছিল। 'আরবগণ কোন গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করিবার পূর্বে এই তীরগুলি দ্বারা লটারি করিয়া শুভাশুভ নির্ধারণ করিত। উহুদ রণক্ষেত্রে আবু সুফ্যান এই হুবলের জয়ধ্বনিই করিয়াছিলেন। রাসূলুল্লাহ (স) যখন কা'বাগৃহে প্রবেশ করিয়াছিলেন তখন অন্যান্য মূর্তিদের সহিত হুবল মূর্তিকেও ধ্বংস করিয়া দিলেন (মাওলানা শিবলী নুমানী, সীরাতুন্নবী পৃ. ৫২৭-৫২৮)।
মক্কার আশেপাশে বড় বড় আরও অনেক দেবতা-বিগ্রহ ছিল। তম্মধ্যে লাত, উয্যা, মানাত ও সুওয়া ছিল অধিক প্রসিদ্ধ। উয্যা প্রতিষ্ঠিত ছিল নাখলার প্রতিমাগৃহে (হায়কাল, পৃ. ৪১৩)। আরবগণ বিশ্বাস করিত যে, গ্রীষ্মকালে আল্লাহ তা'আলা উয্যা-এর নিকট অবস্থান করেন, আর শীতকালে অবস্থান করেন লাত-এর নিকট। তাহারা উয্যার নিকট ঐ সকল অনুষ্ঠান পালন করিত যাহা কা'বাগৃহে পালন করিত (যুরকানী, পৃ. ৪০০)।
এই কৃত্রিম প্রভুদের ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ (স) ত্রিশজন অশ্বারোহীসহ হযরত খালিদকে প্রেরণ করেন। তাঁহারা অবিলম্বে উষ্যাকে ধ্বংস করিয়া মক্কায় প্রত্যাবর্তন করেন। এক রিওয়ায়াতে আছে, প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (স) হযরত খালিদকে জিজ্ঞাসা করিলেন, তুমি উয্যাকে ধ্বংস করিবার সময় কি দেখিলে? তিনি বলেন, আমি কিছুই দেখি নাই। রাসূলুল্লাহ (স) বলিলেন, তবে তুমি উয্যাকে ধ্বংস করিতে পার নাই। ইহা শুনিয়া খালিদ (রা) ক্রোধান্বিত হইয়া পুনরায় তথায় গিয়া দেখিতে পাইলেন, কৃষ্ণকায় উলঙ্গ একটি স্ত্রীলোক এলোকেশে উক্ত প্রতিমার ঘর হইতে বাহির হইতেছে। খালিদ (রা) তরবারির আঘাতে ঐ শয়তানীকে হত্যা করিলেন। মক্কায় ফিরিয়া এই সংবাদ জানাইলে রাসূলুল্লাহ (স) বলিলেন, এটাই ছিল উয্যা। এবার তুমি তাহাকে ধ্বংস করিতে পারিয়াছ (আত্-তাবাকাতুল কুবরা, ১খ., পৃ. ১৪৫-১৪৬; যাদুল মা'আদ, পৃ. ১৬৬; আসাহ্হুস সিয়ার, পৃ. ২৬৯)।
সুওয়া ছিল হুযায়ল গোত্রের শ্রেষ্ঠ দেবতা। ইহাকে ধ্বংস করিবার জন্য রাসূলুল্লাহ (স) হযরত আমর ইবনুল আস (রা)-কে প্রেরণ করেন। তিনি তথায় পৌছিলে তাঁহার অভিপ্রায় জানিতে পারিয়া দেবালয়ের সেবায়েত বলিল, আপনি আমাদের প্রভুকে ধ্বংস করিতে পারিবেন না। আপনি নিজেই তাহার কোপে পতিত হইয়া ধ্বংস হইয়া যাইবেন। আমর (রা) বলিলেন, ওরে বোকা! তুমি এখনও এই ভুল ধারাণায় আছ। ইহা একটি জড় পদার্থ মাত্র, ইহার কোন শক্তি নাই। এই বলিয়া তিনি মূর্তি ভাঙ্গিয়া চূর্ণবিচূর্ণ করিয়া বলিলেন, কোথায় তোমার প্রভু। আত্মরক্ষাও করিতে সক্ষম হইল না। তখন সেবায়েত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মুসলমান হইয়া গেল (তাবাকাত ইবন সা'দ, পৃ. ১৪৬; যাদুল মা'আদ, পৃ. ১৬৭)।
'মানাত' ছিল আওস, খাযরাজ ও গাস্সান গোত্রসমূহের বড় দেবতা। মদীনা হইতে মক্কার দিকে সাত মাইল দূরে কাদীদ-এর নিকট মুশাল্লাল নামক স্থানে ছিল মানাতের দেবালয়। বর্ণিত গোত্রসমূহের লোকেরা এই দেবতার হজ্জ করিত। মানাতের প্রভুত্বের অবসান ঘটাইবার জন্য রাসূলুল্লাহ (স) আবদুল আশহাল গোত্রের হযরত সা'দ ইব্ন যায়দকে প্রেরণ করেন। তিনি তথায় পৌছিয়া মানাত নামক পাথরটি ভাঙ্গিয়া ফেলেন।
অন্য এক রিওয়ায়াতে আছে যে, হযরত সা'দ (রা) তথায় পৌছিলে দেবালয়ের সেবায়েত তাঁহাকে আগমনের কারণ জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, মানাতকে ধ্বংস করিবার উদ্দেশ্যে আসিয়াছি। সে বলিল, এই সম্পর্কে আমার বলিবার কিছু নাই। আপনি জানেন আর প্রভু মানাত জানেন। হযরত সা'দ মানাতকে ধ্বংস করিবার উদ্দেশ্যে অগ্রসর হইয়া দেখিতে পাইলেন, এলোকেশে একটি উলঙ্গ স্ত্রীলোক মুখে হাত মারিতে মারিতে বাহির হইতেছে। সেবায়েত স্ত্রীলোকটিকে লক্ষ্য করিয়া বলিল, হে প্রভু মানাত! এই ব্যক্তি তোমার অবাধ্য বান্দা। হযরত সা'দ (রা) নির্ভয়ে অগ্রসর হইয়া তরবারির আঘাতে স্ত্রীলোকটিকে হত্যা করিলেন। অতঃপর দেবলেয়ের ভিতরে প্রতিষ্ঠিত দেবতাসমূহকে ভাঙ্গিয়া চুরমার করিয়া দিলেন (আত-তাবাকাতুল কুবরা, ১খ., পৃ. ১৪৬-১৪৭; যাদুল মা'আদ, পৃ. ১৬৭-১৬৮)।
মক্কা বিজয়ের পর তিনি পনের দিন পর্যন্ত মক্কায় অবস্থান করিলেন (নু'মানী, সীরাতুন্নবী, পৃ. ৫২৭; হায়কাল, পৃ. ৪১৩)। এই সময় তিনি সাহাবীদিগকে কয়েকটি ক্ষুদ্র দলে বিভক্ত করিয়া বিশিষ্ট সাহাবীগণের নেতৃত্বে ইসলাম প্রচারের জন্য মক্কার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে প্রেরণ করেন। এই সময় ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ ইব্ন ওয়ালীদের নেতৃত্বে সাড়ে তিন শত সাহাবীকে বানু জাযীমা গোত্রের নিকট প্রেরণ করেন (সীরাত ইবন ইসহাক, ৩খ., পৃ. ৫১৫; বিস্তারিত দ্র. শিরো, সারিয়্যা খালিদ ইবনুল ওয়ালীদ)।