📘 সীরাত বিশ্বকোষ > 📄 মক্কা অভিযানের কারণ

📄 মক্কা অভিযানের কারণ


মৃতা যুদ্ধের পরবর্তী কিছু দিনের মধ্যে কুরায়শগণ (কুরেশ) হুদায়বিয়ার সন্ধির পর একটি ঘটনার অবতারণা করে (Muhammad Husayn Haykal, Life of Muhammad, tr. Ismail Raji A. Al Faruqi, Delhi. 1997, p. 395)। অষ্টম হিজরী, রমযান মাসে হুদায়বিয়ার সন্ধির পর শান্তির আবহাওয়ার ভিতর দিয়া পূর্ণ দুইটি বৎসর অতিবাহিত হইয়া গেল। রাসূলুল্লাহ (স) মাত্র একবার সাহাবীগণকে সঙ্গে লইয়া পবিত্র কা’বা যিয়ারত করিলেন।
এই সন্ধি বলবৎ থাকা অবস্থায় স্বাধীনভাবে হজ্ব, উমরাহ, তাওয়াফ প্রভৃতি উদ্যাপন করিতে পারা যাইবে, এই আশায় মুসলমানগণ প্রফুল্ল। কিন্তু ঝগড়া-কলহ যাহাদের মজ্জাগত হইয়া পড়িয়াছে, শান্তির আবহাওয়া কি তাহাদের ভাল লাগে? কুরায়শগণ আর তিষ্ঠিয়া থাকিতে পারিল না। সন্ধি ভঙ্গ করিয়া অশান্তি সৃষ্টি করিবার জন্য তাহাদের মন ব্যাকুল হইয়া উঠিল। হুদায়বিয়া সন্ধির ৬ নং শর্তে বলা হইয়াছে যে, “আরবের যে কোন গোত্র স্বাধীনভাবে মুসলমান অথবা কুরায়শদের সহিত মিত্রতা স্থাপন করিতে পারিবে, ইহাতে কোন পক্ষই বাধা দিতে পারিবে না”।
হুদায়বিয়ার সময়ে বানু খুযা’আ মুসলমানদের মিত্র হিসাবে হুদায়বিয়ার স্বাক্ষরিত দশ বৎসরের সন্ধির অন্তর্ভুক্ত হয়। পক্ষান্তরে বানু বকর মক্কার কুরায়শদের সহিত মিত্রতার কথা ঘোষণা করে। অতি প্রাচীন কাল হইতে বানু বকর ও বানু খুযা'আ গোত্র বংশানুক্রমে যুদ্ধে ব্যাপৃত ছিল। বানু বক্‌র অতীতে বানু খুযা’আর নিকট পরাজয় স্বীকার করিবার কারণে তাহাদের অন্তরে সেই আক্রোশ ছিল। বানু খুযা’আ ইসলামী রাষ্ট্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করিত।
বদরের যুদ্ধের প্রাক্কালে তাহারা দ্রুত গতিসম্পন্ন উষ্ট্রে আরোহণপূর্বক মক্কার কুরায়শ ও তাহাদের মিত্রদের সম্মিলিত বাহিনীর মদীনা আক্রমণের সংবাদ রাসূলুল্লাহ (স)-কে প্রদান করে। এই কারণে কেবল বানু বকর নহে, বরং মক্কার কুরায়শও তাহাদেরকে পথের কণ্টক মনে করিত। মক্কার কুরায়শ এক সুনির্দিষ্ট গোপন পরিকল্পনার মাধ্যমে মদীনার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করিবার সিদ্ধান্ত গ্রহণ করে। এই পরিকল্পনা অনুযায়ী সর্বাগ্রে মুসলমানদের মিত্র ও সহযোগী দলসমূহের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার এবং পরে প্রস্তুতি সম্পন্ন করিয়া মদীনা আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় (ইসলামী বিশ্বকোষ, ২০খ., পৃ. ৭০৫)। তখন তাহারা পরস্পর খুযা’আ গোত্রের মুসলমানদের মিত্র হওয়ার ফলে তাহারা মুসলমানদের রক্ষণাধীন বলিয়া পরিগণিত হয়। তাহাদের চিরশত্রু বানু বক্‌র বংশের লোকেরা কুরায়শের সহায়তায়
পূর্ববৎ তাহাদিগের উপর কোনও প্রকার অত্যাচার-অনাচার ঘটাইতে না পারে, পৌত্তলিক খুযা'আ গোত্র কেবল এই আশায় মহানবী (স) তথা মুসলমানদের সহিত সন্ধিসূত্রে আবদ্ধ হইয়াছিল।
হুদায়বিয়ার সন্ধিকে সকলেই মুসলমানদের পক্ষে নিতান্ত হেয় মনে করিলেও আল্লাহ তা'আলা ইহাকেই ফাতহুম মুবীন (স্পষ্ট বিজয়) বলিয়া উল্লেখ করিয়াছেন। সন্ধি স্থাপনের পর অল্প দিনের মধ্যে এই মহাবিজয়ের মহিমা প্রকাশ পাইতে লাগিল এবং কুরায়শরা মনে করিল যে, মক্কা ও তাহার দক্ষিণ অঞ্চলের আরব গোত্রগুলিও অল্প দিনের মধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া যাইবে।
হুদায়বিয়ার সন্ধির ফলে যখন আরব গোত্রসমূহ নিশ্চিন্ত হইয়া উঠিল তখন বানু বাকর গোত্র পুরাতন শত্রুতা চরিতার্থ করার জন্য খুযা'আদিগকে আক্রমণ করিবার নিমিত্ত বদ্ধপরিকর হইল। মুসলমানদের পক্ষাবলম্বন করিবার দরুন কুরায়শগণও খুযা'আদিগকে বিষ-দৃষ্টিতে দেখিতেছিল। মক্কার নিকট বাস করিয়া মুসলমানদের সহিত মিতালি করা কুরায়শদিগের পক্ষে সহ্য হইল না। অচিরেই বানু বাকর খুযা'আকে আক্রমণ করিয়া বসিল। কুরায়শগণও অস্ত্রশস্ত্র দিয়া বানু বাক্সকে সাহায্য করিল। এমনকি কতিপয় কুরায়শী যুবক, যেমন ইকরামা ইব্‌ন আবূ জাহল, সাফওয়ান ইবন উমায়‍্যা, সুহায়ল ইব্‌ন 'আমর প্রমুখ ব্যক্তি ছদ্মবেশে খুযা'আদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামিয়া স্বহস্তে অসি চালনা করিতেও কুণ্ঠিত হয় নাই (ইবন হিশাম, আস্-সীরা, ১৯৫৫ খৃ., ৪খ., ২৩২)। কুরায়শদিগকে সঙ্গে লইয়া বানু বাক্স মক্কার নিম্ন অঞ্চলে আল-ওয়াতীর নামক জলাশয়ের নিকট খুযা'আদিগকে হত্যা করে (ইবন ইসহাক, সীরাতে রাসূলুল্লাহ (স), ৩খ., পৃ. ৪৮২)। খুযা'আগণ এই অতর্কিত আক্রমণে কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়ে এবং প্রাণ ভয়ে ছুটিয়া গিয়া কা'বা গৃহে আশ্রয় লয়। পৌত্তলিকগণও কা'বাগৃহের চতুসীমা হারাম শরীফের মধ্যে নরহত্যা নিষিদ্ধ বলিয়া বিশ্বাস করিত। কিন্তু বানু বাক্স গোত্রের সরদার নাওফাল বলিল, "এমন সুবর্ণ সুযোগ আর পাওয়া যাইবে না। কা'বা গৃহের মর্যাদার কথা ভুলিয়া যাও” (আসাহহুস সিয়ার, ১৯৯০ খৃ., পৃ. ২৪৪; ইব্‌ন হিশাম, ৪খ., পৃ. ৩৯৪; যাদুল মা'আদ, ১৯২৮ খৃ., ১খ., ১৫০)। সুতরাং পাষণ্ডগণ কা'বা প্রাঙ্গণে হারাম শরীফের মধ্যে খুযা'আদিগকে নিষ্ঠুরভাবে হত্যা করিল। কুরায়শগণ হুদায়বিয়ার সন্ধি শর্ত ভঙ্গ করিয়া প্রকাশ্যে বানু বাক্র সম্প্রদায়ের সহিত যোগ দিল (John Davenport, Apology for Muhammad and the Quran, Lndon 1869, P. 105) ।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 খুযা'আর প্রতিনিধিবর্গ

📄 খুযা'আর প্রতিনিধিবর্গ


রাসূলুল্লাহ (স) মসজিদে নব্বীতে অবস্থান করিতেছিলেন, এমন সময় হঠাৎ শুনিতে পাইলেন, মজলুম খুযা'আ গোত্রের কবি 'আমর ইবন সালিম করুণ কণ্ঠে এই লোকগাঁথা আবৃত্তি করিতেছেন:
ان قريشا اخلفوك الموعدا - ونقضوا ميثاقك المؤكدا. هم بيتونا بالوتير هجدا - وقتلونا ركعا وسجدا.
“হে মুহাম্মাদ! কুরায়শগণ আপনার সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছে। তাহারা আপনার সুদৃঢ় প্রতিজ্ঞাপত্রখানা বাতিল করিয়া দিয়াছে। তাহারা রাত্রির অন্ধকারে ওয়াতীর জলাশয়ের নিকটবর্তী স্থানে আমাদিগকে অতর্কিতে আক্রমণ করিয়াছে এবং আমাদিগকে রুকু ও সিজদারত অবস্থায় হত্যা করিয়াছে" (ইবনুল কায়্যিম, পৃ. ২৪৯; আল-ওয়াকিদী, আল-মাগাযী, ১৯৬৬ খৃ., ১খ., ৭৮৯; ইব্‌ন হিশাম, পৃ. ৩৯৪-৩৯৫)। 'আমর ইবন সালিম খুযা'ঈ কুরায়শ ও বানু বাক্সের অত্যাচারের সমস্ত ঘটনা বর্ণনা করিয়া প্রার্থনা করিল, হুযুর! আমরা ইসলাম গ্রহণ করিলাম; অতঃপর তাহারা আমাদের উপর আক্রমণ করিয়া নির্মমভাবে অত্যাচার করিয়াছে। তৎপর বলিল:
فانصر هداك الله نصرا ابدا.
"হে রাসূল! আপনি আমাদিগকে সাহায্য করুন। আল্লাহ তা'আলা সর্বদা আপনাকে পথ প্রদর্শন করিবেন" (ফাতহুল বারী, ৭খ., পৃ. ৬৬৫; Haykal, p. 397)। উপরিউক্ত ঘটনা হইতে মনে হয় যে,
১. কুরায়শ পক্ষ হাওয়াযিন ও ছাকীফ প্রভৃতি গোত্রগুলির সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইয়া মদীনা আক্রমণের জন্য প্রস্তুত হইতেছিল।
২. এই নিমিত্ত সন্ধি ভঙ্গ করিবার উদ্দেশ্যে তাহারা বানু বাক্সকে উপলক্ষ করিয়া খুযা'আদিগের উপর আক্রমণ করিয়াছিল।
৩. কুরায়শগণের সহিত পরামর্শ ও ষড়যন্ত্র করিয়া এবং তাহাদিগের সাহায্যে ও সাহচর্যে বানু বাক্স এই নির্মম অত্যাচার করিতে সমর্থ হইয়াছিল।
৪. সন্ধির শর্তানুসারে বানু বাক্সকে এই কার্যে কোন প্রকার সাহায্য ও উৎসাহ দান করা কুরায়শের পক্ষে আইনসঙ্গত ছিল না; বরং বানু বাক্স স্বতপ্রবৃত্ত হইয়া খুযা'আদিগকে হত্যা করিতে উদ্যত হইলে তাহাদিগকে বারণ করা অথবা তাহাদিগের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া মদীনায় সংবাদ প্রদান করা কুরায়শের পক্ষে একান্ত কর্তব্য ছিল। সুতরাং কুরায়শ পক্ষ ইচ্ছা পূর্বক সন্ধিভঙ্গ করিয়াছিল (মোস্তফা চরিত, ৪র্থ সংস্করণ, ১৯৭৫ খৃ., পৃ. ৭৮৬)।
খুযাঈ কবির মদীনা আগমনের কয়েক দিন পর বুদায়ল ইন্ন ওয়ারাকা চল্লিশজন খুযাঈকে সঙ্গে লইয়া রাসূলুল্লাহ (স)-এর খিদমতে হাযির হইল এবং তাঁহাকে সমস্ত ঘটনা শুনাইয়া প্রতিকার প্রার্থনা করিল। মহানবী (স) বিবেচনা করিলেন যে, চুক্তি অনুযায়ী এখন খুযা'আদিগকে সাহায্য করা তাঁহার কর্তব্য। এই নির্মম অত্যাচারের কাহিনী শুনিয়া রাসূলুল্লাহ (স) যারপর নাই দুঃখিত হইলেন। হুদায়বিয়ার সন্ধির শর্তানুসারে কুরায়শগণ কিংবা তাহাদের মিত্র বানু বাক্স মুসলমানদের মিত্র গোত্র খুযা'আদিগকে আক্রমণ করিতে পারে না। রাসূলুল্লাহ (স) বুঝিতে পারিলেন, সন্ধি ভঙ্গ করিবার জন্য ইচ্ছাকৃতভাবেই তাহারা এই আক্রমণ
চালাইয়াছিল। তথাপি তিনি তাহাদের বিরুদ্ধে সামরিক অভিযানে না যাইয়া প্রথমত তাহাদের নিকট দূত পাঠাইলেন। দূতের মারফত যে প্রস্তাব পাঠান হইল তাহা এই:
১. হয় তোমরা বানু খুযা'আ গোত্রকে উপযুক্ত রক্তপণ দিয়া এই অন্যায়ের প্রতিকার কর;
২. অথবা বানু বাক্স গোত্রের সহিত সকল সম্বন্ধ ছিন্ন কর;
৩. অথবা হুদায়বিয়ার সন্ধি বাতিল হইয়াছে বলিয়া ঘোষণা কর।
কুরায়শগণ পূর্ব হইতেই পরামর্শ করিয়া সন্ধি ভঙ্গ করিবার সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিল। কাজেই কুরায়শদের মুখপাত্র কারাতা ইব্‌ন উমার রাসূলুল্লাহ (স)-এর প্রেরিত দূতকে পরিষ্কার ভাষায় জানাইয়া দিল, আমরা শেষ শর্তটাই গ্রহণ করিলাম অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি বাতিল ঘোষণা করিলাম (যুরকানী, পৃ. ৩৪৯)। দূত মদীনায় ফিরিয়া আসিয়া রাসূলুল্লাহ (স)-কে সব কথা জানাইলেন। রাসূলুল্লাহ (স) তখন বুঝিতে পারিলেন, কুরায়শদের প্ররোচনায়ই বানু বাক্স এই সব কাণ্ড করিতে সাহসী হইয়াছে। এখন সামরিক অভিযান ছাড়া আর কোন উপায় নাই (যুরকানী, পৃ. ৩৪৯)। তখন তিনি অতি সন্তর্পণে মক্কা অভিযানের আয়োজন করিতে প্রবৃত্ত হইলেন। হযরত ঈসা (আ)-এর ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার সময় সক্ষাগত হইল (যিশইয়, ২১ঃ ১১-১৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 কুরায়শদের নূতন ফন্দী

📄 কুরায়শদের নূতন ফন্দী


এদিকে কুরায়শগণ ভাবিতে লাগিল, আমরা ইতোপূর্বে বহুবার মুসলমানদের সহিত শক্তি পরীক্ষা করিয়া দেখিয়াছি। যখন তাহারা দুর্বল ছিল, তাহাদের সংখ্যা কম ছিল, আর্থিক অনটনে ছিল তখনও যুদ্ধে আমাদের কোন সুফল ফলে নাই। আর আজ তাহাদের কোন অভাব-অনটন নাই, সংখ্যাও পূর্বাপেক্ষা অনেক বেশী। এমতাবস্থায় সন্ধি বাতিল করা ভাল হয় নাই। হয়ত শীঘ্রই মুসলমানগণ মক্কা আক্রমণ করিয়া বসিবে। এই আশঙ্কা তাহাদিগকে বিচলিত করিয়া তুলিল। তাই তাহারা পূর্ব সন্ধি বহাল করিবার জন্য আবূ সুফ্যানকে দূতরূপে মদীনায় প্রেরণ করিবার সিদ্ধান্ত করিল (যাদুল মা'আদ, পৃ. ১৫০)।
আবূ সুফ্যান মনে করিলেন, বানু খুযাআ গোত্রের হত্যাকাণ্ডের সংবাদ হয়ত এখনও মদীনায় পৌঁছে নাই। কাজেই মেয়াদ বাড়াইয়া হুদায়বিয়ার সন্ধিকে নূতনভাবে সুদৃঢ় করিয়া লইতে আর কোন অন্তরায় নাই। তাই আবূ সুফ্যান মুসলমানদিগকে প্রতারিত করিয়া স্বীয় সংকল্পে কৃতকার্য হইবার প্রাণভরা আশা লইয়া অবিলম্বে মদীনাভিমুখে রওয়ানা করিলেন (যাদুল মা'আদ, পৃ. ১৫০)। তিনি মদীনায় পৌছিয়া'সর্বপ্রথম তাহার কন্যা উম্মুল মুমিনীন হযরত উম্মে হাবীবা (রা)-এর গৃহে প্রবেশ করিলেন। হযরত উম্মে হাবীবা (রা) পিতাকে দেখিয়া তড়িঘড়ি করিয়া বিছানা গুটাইয়া রাখিলেন। আবূ সুফ্যান বলিলেন, "তুমি বিছানা গুটাইলে কেন? আমি এই বিছানায় বসিবার উপযুক্ত নহি, না এই বিছানাটি আমার উপযুক্ত নহে”? হযরত উম্মে হাবীবা (রা) বলিলেন, "হে পিতা! আপনি অপবিত্র কাফির, রাসূলুল্লাহ (স)-এর বিছানায়
বসিবার উপযুক্ত নহেন। এইজন্যই আমি বিছানাখানি সরাইয়া রাখিলাম (যাদুল মা'আদ, পৃ. ১৫০)।
এই কথা শুনিয়া আবু সুফ্যান মনক্ষুণ্ণ হইয়া বাহির হইয়া গিয়া মসজিদে নববীতে রাসূলুল্লাহ (স)-এর সহিত সাক্ষাত করিলেন এবং আগমনের উদ্দেশ্য বর্ণনা করিলেন। রাসূলুল্লাহ (স) বলিলেন, কোন নূতন ঘটনা ঘটিয়াছে নাকি? তিনি বলিলেন, না। রাসূলুল্লাহ (স) বলিলেন, "তবে সন্ধি সম্পর্কে আলোচনা করিবার প্রয়োজন কি"? তিনি ইহার কোন সদুত্তর দিতে ব্যর্থ হইয়া যথাক্রমে হযরত আবূ বাক্স (রা), হযরত উমার (রা) ও হযরত আলী (রা)-এর সহিত এই বিষয়ে আলোচনা করিলেন। কিন্তু ইহাতেও কোন ফল হইল না। অতঃপর তিনি হযরত ফাতিমা (রা)-এর নিকট বলিলেন, আপনি আপনার শিশুপুত্র হযরত হাসান (রা)-কে বলিয়া দিন, তিনি যেন নিজের দায়িত্বে কুরায়শদিগকে নিরাপত্তা দান করেন”। হযরত ফাতিমা বলিলেন, "আমার শিশুপুত্র রাসূলুল্লাহ (স)-এর সম্মুখে নিরাপত্তা দানের দায়িত্ব গ্রহণ করিতে পারে না"। তৎপর আবূ সুফ্যান হযরত আলী (রা)-কে বলিলেন, "হুদায়বিয়ার সন্ধি নবায়ন করিবার জন্য আপনি মুহাম্মাদ (স)-এর নিকট সুপারিশ করুন”। তিনি আবূ সুফ্যানকে উপহাস করিয়া বলিলেন, "তুমিই ত বানু কিনানার সরদার। আবার অন্যের সুপারিশের প্রয়োজন কি? তুমি নিজেই সন্ধি নবায়ন করিবার ঘোষণা করিয়া দাও"। আবূ সুফ্যান বলিলেন, ইহাতে কোন কাজ হইবে কি? হযরত আলী (রা) বলিলেন, কাজ না হইলেই বা কি করিবে। ইহা ছাড়া আর কোন উপায়ও দেখি না। তৎপর আবু সুফয়ান মসজিদ প্রাঙ্গণে দাঁড়াইয়া ঘোষণা করিলেন, মদীনা বাসীগণ, শোন! আমি হুদায়বিয়ার সন্ধিকে পুনঃবলবৎ ও সুদৃঢ় করিয়া গেলাম। অতঃপর তিনি মদীনা হইতে মক্কার দিকে প্রস্থান করিলেন (ইব্‌ন হিশাম, আস-সীরাহ, ২খ., পৃ. ৩৯৬-৩৯৭)।
আবু সুফ্য়ান মক্কা পৌছিলে কুরায়শগণ সমবেত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি কি করিয়া আসিয়াছেন? তিনি সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। কুরায়শগণ বলিল, মুহাম্মাদ (স) আপনার কথা মঞ্জুর করিয়াছেন কি? তিনি বলিল, না। তখন তাহারা বলিল, হযরত আলী (রা) যে আপনার সহিত উপহাস করিয়াছেন তাহাও আপনি বুঝিতে পারিলেন না? তিনি কসম করিয়া বলিলেন, উপহাস হউক বা যথার্থ হউক, কিন্তু আমি যাহা করিয়া আসিয়াছি তাহা ছাড়া আর কিছু করিবার কোন উপায়ই ছিল না। তখন কুরায়শগণ বলিল, আবু সুফ্য়ান সন্ধি বলবৎ হওয়ার সংবাদ লইয়া আসিলে আমরা নিশ্চিন্ত হইতে পারিতাম। আর যুদ্ধের সংবাদ আনিলেও আমরা প্রস্তুত হইতে পারিতাম্। কিন্তু তিনি অযথা মদীনায় গমন করিয়াছেন, কোন সংবাদই আনিতে সক্ষম হন নাই (মাওলানা শিবলী নু'মানী; সীরাতুন্নবী, ১খ., পৃ. ৫১১)। আবূ সুফ্য়ানের কোন উদ্দেশ্যই সফল হয় নাই (ইসলামী বিশ্বকোষ, ২০ খ., পৃ. ৭০৫)।
কুরায়শগণ তখন অন্তসারশূন্য অবস্থায় উপনীত। মুখে দন্ত-দর্প এবং অভিমান ও আত্মম্ভরিতা যথেষ্ট থাকিলেও নিজেদের মনে করিবার মত শক্তি তখন আর তাহাদের ছিল না।
সর্বাপেক্ষা গুরুতর কথা এই যে, মক্কার অধিবাসীদের মধ্যে অনেকে কুরায়শের অগোচরেই মুস্তফা চরিত্বের প্রতি আকৃষ্ট হইয় গিয়াছিল। মক্কার নিকটবর্তী দুর্ধর্ষ আরবগণ হুদায়বিয়ার সন্ধি ও তাহার পরের বৎসরের উমরা উপলক্ষে মহানবী (স)-এর যেটুকু পরিচয় পাইয়াছিল তাহাতেই তাহারা কুরায়শের প্রবঞ্চনা ও স্বার্থপরতার বিষয় কিছু পরিমাণে অবগত হয়। কাজেই কুরায়শদের অঙ্গুলি সংকেত মাত্র বেদুঈন আরবের হাজার হাজার ফৌজ প্রস্তুত হইয়া যাওয়া এখন আর সম্ভবপর ছিল না। উল্লেখ্য যে, হাওয়াযিন ও ছাকীফের লোকেরা নিজেদের দেশ ছাড়িয়া মক্কাবাসীদের সাহায্যার্থে অগ্রসর হইতে প্রস্তুত নহে। এই সংবাদ জানিবার পরই আবু সুফ্যান মদীনায় গমন করিয়াছিলেন (মোস্তফা চরিত, পৃ. ৭৯০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সমরায়োজন

📄 সমরায়োজন


রাসূলুল্লাহ (স) মুসলমানদিগকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন। অতি সতর্কতার সহিত যুদ্ধের আয়োজন চলিতে লাগিল। সমস্ত পরিকল্পনা গোপন রাখিয়া তিনি সৈন্য সংগ্রহে মনোনিবেশ করিলেন। এমনকি প্রথমে হযরত আবূ বাক্সও কিছুই জানিতে পারেন নাই। এই অভিযানের সংবাদ যাহাতে বাহিরে পৌঁছিতে না পারে সেজন্য কয়েক দিনের জন্য বিদেশী লোকদিগের বর্হিগমন নিষিদ্ধ ঘোষিত হইল (মোস্তফা চরিত, পৃ. ৭৮৭)। তিনি মুসলমান গোত্রসমূহের মধ্যে ঘোষণা করিয়া দিলেন:
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَيُحْضِرْ رَمَضَانَ بِالْمَدِينَةِ. “যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আন'য়ন করিয়াছে সে যেন রমযান মাসে মদীনায় উপস্থিত থাকে” (মৌলভী মুহাম্মাদ আহসান, তাফরীহুল আযকিয়া ফী আহওয়ালিল আম্বিয়া, ২খ., পৃ. ২৬৬)।
এই ঘোষণার ফলে আসলাম, গিফার, মুযায়না, আশজা, জুহায়না প্রভৃতি গোত্রের বহুসংখ্যক সৈন্য আসিয়া মদীনায় সমবেত হইল। অভিযানের সংবাদ যাহাতে মক্কায় পৌঁছিতে না পারে তজ্জন্য তিনি পূর্ণ ব্যবস্থা অবলম্বন করিলেন। হযরত আবূ বাক্স (রা) একদিন আসিয়া দেখিতে পাইলেন যে, উম্মুল মুমিনীন হযরত আইশা (র) রাসূলুল্লাহ (স)-এর যুদ্ধাস্ত্রসমূহ বাহির করিতেছেন। তিনি তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ (স) কাহার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবেন তাহা তুমি বলিতে পার কি? তিনি বলিলেন, আমি তাহা জানি না (ইন্ন হিশাম, পৃ. ৩৮৯)। এত কঠোরভাবে যুদ্ধের আয়োজন গোপন রাখার কারণ আর কিছুই নহে, মক্কাবাসিগণ অভিযানের সংবাদ জানিতে পারিলে তাহারাও বিপুলভাবে সমরায়োজন করিবে, ফলে পবিত্র কা'বা গৃহের প্রাঙ্গণে একটা ভীষণ রক্তারক্তি কাণ্ড ঘটিবে। অথচ আল্লাহ্ ঘরের মর্যাদাহানি রাসূলুল্লাহ (স)-এর অভিপ্রেত ছিল না। তিনি চাহিয়াছিলেন, শত্রুদের প্রাণ রক্ষা করিতে এবং পবিত্র স্থানের মর্যাদা অক্ষুণ্ণ রাখিতে। এজন্যই তিনি মক্কাবাসীকে প্রস্তুত হওয়ার সুযোগ দেন নাই। তিনি শুধু সতর্কতা অবলম্বন করিয়াই ক্ষান্ত হন নই, বরং আল্লাহ্র দরবারেও মুনাজাত করিলেন:
اللَّهُمَّ خُذِ الْعُيُونَ وَالأَخْبَارَ عَنْ قُرَيْشٍ حَتَّى نَبْغَتُهَا فِي بِلادِهَا . “হে আল্লাহ! যে পর্যন্ত না আমরা কুরায়শদের দেশে গিয়া হঠাৎ তাহাদের সম্মুখে উপস্থিত হই সে পর্যন্ত তাহাদের নিকট যুদ্ধবার্তা এবং গুপ্তচর পৌঁছিতে দিও না" (ইবন হিশাম, পৃ. ৩৮৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00