📘 সীরাত বিশ্বকোষ > 📄 অভিযানে অংশগ্রহণকারীদের মদীনায় প্রত্যাবর্তন

📄 অভিযানে অংশগ্রহণকারীদের মদীনায় প্রত্যাবর্তন


মহান আল্লাহর অপার করুণায় কোন সমস্যা ছাড়াই এই অভিযান সমাপ্ত হইল। ইসলামের ঘোর শত্রু আবু রাফে' হত্যা মিশন সফল হইল। এই অভিযানে অংশগ্রহণকারী সকল সাহাবী মদীনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওয়ানা হইলেন। তাঁহারা দুই দিন অপেক্ষা করিলেন। যখন শত্রুদের খোঁজাখুঁজি বন্ধ হইল তখন তাঁহারা রওয়ানা হইলেন (আত-তাবাকাতুল কুবরা, ২খ., পৃ. ২৯৫)। শত্রুপক্ষের অনিষ্ট হইতে নিরাপদ থাকিবার জন্য তাঁহারা অত্যন্ত সতর্কতার সহিত পথ চলিতেন। তাঁহারা রাত্রির অন্ধকারে পথ অতিক্রম করিতেন আর দিনের বেলায় লোকচক্ষুর অন্তরালে অত্যন্ত সন্তর্পণে লুকাইয়া থাকিতেন। তাঁহারা পালাক্রমে একজন করিয়া নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করিতেন। উক্ত দায়িত্বপ্রাপ্ত সাহাবী কোন সমস্যার মুখামুখী হইলে অথবা কোন সন্দেহ ও সংশয়পূর্ণ কিছু দেখিলে সাথে সাথে অন্যদিগকে সতর্ক করিতেন। এইভাবে তাঁহারা মদীনার নিকট পৌছিলেন। হযরত 'আবদুল্লাহ ইব্‌ন উনায়স বলেন, 'আমরা মদীনা মুনাওয়ারায় পৌঁছিবার কিছু পূর্বে নিরাপত্তামূলক পাহারার দায়িত্বের পালা আমার উপরই অর্পিত হইয়াছিল। আমি শত্রুদের আনাগোনা অনুমান করিলাম এবং সাথে সাথে আমার সাথীদিগকে সতর্ক করিলাম। তাঁহারা পূর্বাপেক্ষা আরও সতর্ক অবস্থায় পথ চলিতে লাগিলেন। আমি তাঁহাদের পিছনে পিছনে অবস্থা পর্যবেক্ষণ করিতে করিতে অগ্রসর হইতেছিলাম। কিছুক্ষণ পর আমিও তাহাদের সহিত মিলিত হইলাম। আমরা এইভাবে পথ চলিতে চলিতে মদীনা মুনাওয়ারায় পৌছাইয়া গেলাম (ফাতহুল বারী, ৭খ., পৃ. ৪০০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 একটি অলৌকিক ঘটনা

📄 একটি অলৌকিক ঘটনা


'আবদুল্লাহ ইবন 'উতায়কের দৃষ্টিশক্তি দুর্বল হইবার কারণে তিনি পড়িয়া যান এবং পায়ে আঘাতপ্রাপ্ত হন। তিনি প্রাথমিক পর্যায়ে প্রচণ্ড ব্যথার কারণে হাঁটিতে পারিতেছিলেন না। এক বর্ণনামতে, অল্প সময়ের ব্যবধানে এই পা এমনভাবে ভাল হইয়া গেল যে, তিনি সারা জীবন ঐ পায়ে আর কখন কোন সমস্যা অনুভব করেন নাই। এই প্রসঙ্গে তিনি নিজেই বলেন:
فلما كان في وجه الصبح صعد الناعية فقال انعى أبا رافع قال فقمت أمشي ما بي قلبة.
"যখন প্রভাত হইল, মৃত্যুর সংবাদ ঘোষণাকারী উপরে উঠিল এবং বলিল, আমি আবূ রাফে'-এর মৃত্যুসংবাদ ঘোষণা করিতেছি। আমি (আবদুল্লাহ) আমি তখন দাঁড়াইলাম এবং কোন ব্যথা অনুভূত হইল না” (বুখারী, ৫খ., পৃ. ২১৩)।
অপর বর্ণনায় আছে, তিনি প্রচণ্ড ব্যথা লইয়া রাসূলুল্লাহ (স)-এর সমীপে উপস্থিত হইলে তাহার পায়ে রাসূলুল্লাহ (স) হাত বুলাইয়া দিলেন এবং তাহা সুস্থ হইয়া গেল। যেমন তিনি বলিয়াছেন:
فانتهيت إلى النبي ﷺ فحدثته فقال لى ابسط رجلك فبسطت رجلي. فمسحها فكأنها لم أشتكها قط.
"আমি রাসূলুল্লাহ (স)-এর নিকট পৌঁছিয়া তাঁহাকে সমস্ত ঘটনা বর্ণনা করিলাম। তিনি বলিলেন, তোমার পা বিছাইয়া দাও। আমি আমার পা বিছাইয়া দিলাম, তিনি তাহার উপর হাত বুলাইয়া দিলেন। ইহাতে পা এমন সুস্থ হইয়া গেল যে, কোন সমস্যাই হয় নাই" (সাহীহুল বুখারী, ৫খ., পৃ. ২১১)।
উপরে উল্লিখিত প্রথম বর্ণনায় 'আবদুল্লাহ ইবন 'উতায়কের আঘাতপ্রাপ্ত পা রাসূলুল্লাহ (স)-এর সহিত সাক্ষাতের পূর্বেই ভাল হওয়ার প্রমাণ পাওয়া যায় যাহা মূলত দ্বিতীয় বর্ণনার সহিত বাহ্যিক সাংঘর্ষিক মনে হয়। কেননা দ্বিতীয় বর্ণনায় তাঁহার পা রাসূলুল্লাহ (স)-এর স্পর্শে সুস্থ হইবার প্রমাণ পাওয়া যায়। উভয় বর্ণনার মধ্যে এইভাবে সমন্বয় সাধন করা সম্ভব যে, তিনি পায়ে ব্যথা পাইবার পর অভিযানের কাজ সম্পন্ন করা লইয়া শারীরিক ও মানসিক দিক দিয়া এত বেশী পেরেশানীতে ছিলেন যে, পায়ে ব্যথাটুকু উপলব্ধি পর্যন্ত করেন নাই। মহান আল্লাহর নিকৃষ্টতম শত্রুকে নিশ্চিহ্ন করিবার জিহাদে স্বয়ং আল্লাহ তাহার পায়ের ব্যথা ভুলিয়া থাকিবার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। ইহার পর যখন তিনি তাঁহার উপর অর্পিত গুরুদায়িত্ব পালন করিয়া মানসিক প্রশান্তি লাভ করিলেন এবং রাসূলুল্লাহ (স)-এর নিকট ফিরিয়া আসিলেন তখন পূর্বোক্ত ব্যথা পুনরায় অনুভূত হইল। তিনি বিষয়টি মহানবী (স)-এর নিকট পেশ করিলেন। তিনি তাঁহার আঘাতপ্রাপ্তস্থান হাত দ্বারা স্পর্শ করিলেন। মহান আল্লাহর অফুরন্ত কুদরতে তাঁহার পাটি পরিপূর্ণ ত্রুটিমুক্ত হইয়া সুস্থতা লাভ করিল। সুতরাং উভয় বর্ণনায় কোন বৈপরীত্য নাই বলিয়াই প্রতীয়মান হয়।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আবু রাফে'-এর হত্যাকারী

📄 আবু রাফে'-এর হত্যাকারী


অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে কাহার তরবারির আঘাতে আল্লাহ্র এই দুশমন নিহত হইয়াছে সেই প্রসঙ্গে বর্ণিত হইয়াছে যে, অংশগ্রহণকারী সকল সাহাবীই নিজেদের তাহার হত্যাকারী বলিয়া দাবি করিলেন। মূলত তাঁহারা সকলেই যেহেতু একই সাথে তাহাকে আঘাত করিয়াছিলেন, সেইজন্য তাঁহাদের দাবি ছিল যথার্থ। তাহার পরও কোন ব্যক্তির সরাসরি আঘাতে আল্লাহর এই দুশমন নিহত হইয়াছিল সূক্ষ্মভাবে তাহা নির্ধারণের জন্য রাসূলুল্লাহ (স) তাঁহাদের সকলকে তাঁহাদের তরবারি রাসূলুল্লাহ (স)-এর সমীপে উপস্থিত করিবার আহবান জানাইলেন। তাঁহাদের সকলেই তাঁহাদের তরবারি রাসূলুল্লাহ (স)-এর সমীপে উপস্থিত করিলেন। রাসূলুল্লাহ (স) দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করিয়া বলিলেন, 'আবদুল্লাহ ইব্‌ন উনায়স-এর তরবারি তাহাকে হত্যা করিয়াছে। কেননা এই তরবারিতে উহার খাদ্যচিহ্ন পরিষ্কারভাবে দেখা যাইতেছে (ইব্‌ন হিশাম, আস-সীরাহ, ৩খ., পৃ. ১০৯৭; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ., পৃ. ১৪০)।
সুতরাং বলা যায়, উল্লিখিত অভিযানে অংশগ্রহণকারী ছয়জন সাহাবীই আবু রাফে'-এর হত্যাকাণ্ডে অবদান রাখিয়াছেন, তবে আবদুল্লাহ ইবন উনায়সের আঘাতেই সে নিহত হয়।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ইসলামে ঘুমন্ত অবস্থায় হত্যা ও গুপ্তহত্যা

📄 ইসলামে ঘুমন্ত অবস্থায় হত্যা ও গুপ্তহত্যা


ইমাম বুখারী (র) আবু রাফে' হত্যার ঘটনাসম্বলিত দুইটি বর্ণনা একটি বিশেষ শিরোনামের অধীন উল্লেখ করিয়াছেন। উক্ত শিরোনামটি হইল: "বাব কাতলিন না'ইমিল মুশরিক” (অনুচ্ছেদঃ ঘুমন্ত মুশরিককে হত্যা করা)।
আবু রাফে'কে মূলত ঘুমাইতে যাইবার পূর্ব মুহূর্তে হত্যা করা হইয়াছিল। অথবা যখন বলা হইল, আবু রাফে' কোথায়, তখন সে উত্তরও দিয়াছিল। ইহাতে বুঝা গেল যে, তাহাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় নাই। অন্যথায় সে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হইত না। ইসলামের দৃষ্টিতে দুইটি অবস্থায় ঘুমন্ত থাকিলেও কাফিরকে হত্যা করা বৈধ। (এক) উক্ত কাফিরকে পূর্ব হইতে ইসলামের দাওয়াত দানের পরও সে ইসলাম গ্রহণ না করিলে তাহাকে পুনরায় ঘুম হইতে জাগাইয়া ইসলামের দাওয়াত দান করার কোন প্রয়োজন নাই। এই পরিস্থিতিতে তাহাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করায় কোন দোষ নাই। (দুই) উক্ত কাফির যদি কুফুরীর মধ্যে এমন আকণ্ঠ নিমজ্জিত থাকে যে, এই কুফুরী হইতে পরিত্রাণ পাইয়া হিদায়াত লাভের সামান্য আশাটুকু নাই, তখনও তাহাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা বৈধ (ফাতহুল বারী, ৬খ., পৃ. ১৮০)।
ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি মনে করেন যে, কোন ব্যক্তি ইসলাম ও ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকীস্বরূপ, তাহা হইলে এই ফিতনা নিরসনের লক্ষ্যে তিনি তাহাকে গুপ্তহত্যা করাইবার এখতিয়ার রাখেন। ইসলামে এই পরিস্থিতিতে গুপ্তহত্যা বৈধ (ফাতহুল বারী, ৬খ., পৃ. ১৮০)। কা'ব ইব্‌ন আশরাফ-এর গুপ্তহত্যার ঘটনা (বুখারী, ৫খ., পৃ. ২১০-২১৩) ও আবূ রাফে'-এর গুপ্তহত্যা এই মানদণ্ডে সন্দেহাতীতভাবেই বৈধ ছিল। এই বিষয়ে সামান্য সন্দেহ-সংশয়েরও কোন অবকাশ নাই। রাসূলুল্লাহ (স)-এর জীবদ্দশায় ইসলামের আরও অনেক শত্রু ইসলামের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত থাকিলেও তিনি তাহাদিগকে এইভাবে গুপ্তহত্যার ব্যবস্থা করান নাই। ইহাতে বুঝা যায় যে, একটি বিশেষ পর্যায়ে ইসলাম এই গুপ্তহত্যাকে অনুমোদন করিয়াছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00