📘 সীরাত বিশ্বকোষ > 📄 কুরায়যার যুদ্ধে নিহত ইয়াহুদীদের সংখ্যা

📄 কুরায়যার যুদ্ধে নিহত ইয়াহুদীদের সংখ্যা


হযরত সা'দ (রা)-র সিদ্ধান্ত অনুসারে বানু কুরায়যার একদলকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এবং আরেক দলকে বন্দী করা হয় (দ্র. ৩৩: ২৬)। কিন্তু সেই দিন ঠিক কতজন ইয়াহুদীকে হত্যা করা হয়, সেই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতভেদ পরিলক্ষিত হয়। তবে অধিকাংশ ঐতিহাসিক তাহাদের সংখ্যা ছয় শত হইতে নয় শত পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছেন যাহা ইউরোপীয় লেখকগণকে মহানবী (স)-এর চরিত্রে কালিমা লেপনে রসদ যোগাইয়াছে। নিম্নোক্ত বিশ্লেষণের মাধ্যমে নিহতদের প্রকৃত ও নির্ভরযোগ্য সংখ্যা পাওয়া যাইবে।
কুরায়যা গোত্রে অভিযানকালে তাহাদের পুরুষলোকদিগের সংখ্যা কত ছিল তাহা তিরমিযী, নাসাঈ প্রভৃতি হাদীছ গ্রন্থে বিশ্বস্ত সূত্রে হযরত জাবির (রা) কর্তৃক এইভাবে বর্ণিত হইয়াছে: (كانوا اربع مائة فلما فرغت من قتلهم الخ الحديث مائة رجل) (তাহাদের পুরুষদের সংখ্যা ছিল চারি শত)। অতঃপর তাহাদিগকে হত্যার পর হযরত সা'দ (রা) ইনতিকাল করেন। এই চারি শত পুরুষের মধ্যে যাহারা যুদ্ধে লিপ্ত বা যুদ্ধে লিপ্ত হইতে সমর্থ কেবল তাহাদিগকে সা'د (রা) হত্যার আদেশ দেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত সা'দের এতদসংক্রান্ত উক্তিই উহার প্রকৃষ্ট প্রমাণ বহন করে। তিনি বলিয়াছিলেন, إنى احكم فيهم أن تقتل المقاتلة )আমি যুদ্ধে নিযুক্ত বা যুদ্ধ করিতে সক্ষম পুরুষদিগকে হত্যার আদেশ করিতেছি)। সা'د (রা)-র এই উক্তিতে প্রাপ্ত এবং অপ্রাপ্তবয়স্ক সকল পুরুষ যোদ্ধাকে হত্যা করিবার নির্দেশ প্রদান করা হইয়াছিল, যাহা স্পষ্টতই বুঝা যাইতেছে। কিন্তু নবী (স) তাহাদের মধ্য হইতে কেবল প্রাপ্তবয়স্কদিগকে হত্যার নির্দেশ প্রদান করেন (যাদুল মা'আদ, ৩খ., পৃ. ১৩২; আবূ দাউদ, হাদীছ নং ৪৪০৪; তিরমিযী, পৃ. ১৫৪৮; নাসাঈ, ৬খ.; ইবন মাজা, পৃ. ৪৫৪১)। অপ্রাপ্ত-বয়স্কদিগকে বন্দী করিয়া রাখা হয় (প্রাগুক্ত)। অতঃপর তাহাদিগকে নবী (স) মুক্ত করিয়া দেন। ইহাদের মধ্য হইতে আতিয়া আল-কুরাজীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ও তাহার কয়েকজন সঙ্গী প্রাণে রক্ষা পাইয়া মুসলমান হন (আর-রাহীক, পৃ. ২৯১)। প্রখ্যাত মুহাদ্দিছ ইবনে আসাকির কুরায়যার ঘটনা প্রসঙ্গে একখানা হাদীছ বর্ণনা করিয়াছেন, নিম্নে তাহা উল্লেখ করা হইল। রাসূলুল্লাহ্ (স) তাহাদিগের তিন শত পুরুষ হত্যা করিলেন এবং অবশিষ্ট লোকদিগকে বলিলেন, তোমরা সিরিয়া প্রদেশে চলিয়া যাও। অবশ্য আমি তোমাদের গতিবিধির সন্ধান রাখিব। অতঃপর তিনি তাহাদিগকে সিরিয়াতে পাঠাইয়া দিলেন (মোহাম্মদ আকরম খাঁ, মোস্তফা চরিত, পৃ. ৪৭১-৪৭২; কানযুল 'উম্মাল, ৫খ., পৃ. ২৮২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সা'দ ইব্‌ন মু'আয (রা)-র শাহাদাতবরণ

📄 সা'দ ইব্‌ন মু'আয (রা)-র শাহাদাতবরণ


খন্দক যুদ্ধে আহত হওয়ার পর হযরত সা'দ (রা) আল্লাহ্র দরবারে দু'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্! তুমি ভালভাবেই জান যে, আমার নিকট ইহা অপেক্ষা প্রিয় আর কিছুই নাই যে, আমি তোমার সন্তুষ্টি বিধানের জন্য ঐ কওমের সঙ্গে জিহাদ করিব যাহারা তোমার রাসূল (স)-কে অস্বীকার করিয়াছে। হে আল্লাহ্! আমার মনে হয় তুমি আমাদের ও তাহাদের মধ্যে যুদ্ধের উপসংহার টানিয়াছ। যদি কুরায়শদের সঙ্গে এখনও যুদ্ধের কোন কিছু অবশিষ্ট থাকে তাহা হইলে আমাকে জীবিত রাখ যাহাতে তোমার রাস্তায় তাহাদের বিরুদ্ধে জিহাদ করিতে পারি। আর যদি তুমি যুদ্ধ শেষ করিয়া দিয়া থাক, তাহা হইলে এই আঘাতকে বাকী রাখিয়া ইহাকে আমার মৃত্যুর কারণ করিয়া দাও" (বুখারী, ২খ., পৃ. ৫৯১; মুসলিম, ২খ., পৃ. ৯৫)।
শাহাদাতের আকাঙ্খা ব্যক্ত করিয়া তিনি যেই দু'আ করিয়াছিলেন তাহা কবুল হয়, বান্ কুরায়যার যাবতীয় ব্যাপার সম্পন্ন হওয়াব পর তাহার ফলাফল প্রকাশ পায়। তাহাদের করুণ পরিণতি অবলোকন করিয়া তাঁহার চক্ষু শীতল হয়। অতঃপর তাঁহার জখম হইতে রক্ত প্রবাহিত হইতে থাকে। হযরত আয়েশা (রা)-র বর্ণনা অনুযায়ী তাঁহার বক্ষ হইতে প্রবলবেগে রক্ত বাহির হয়। তিনি তখন মসজিদে অবস্থান করিতেছিলেন। উক্ত মসজিদে তাঁহার পার্শ্বেই ছিল বানু গিফার-এর একটি তাঁবু। সা'দ (রা)-এর দিক হইতে হঠাৎ রক্তের স্রোতধারা নিজেদের দিকে আসিতে দেখিয়া তাহারা ভীত-সন্ত্রস্ত ও বিচলিত হইয়া পড়ে। তাহারা হত-বিহ্বল চিত্তে শিবিরস্থ লোকদিগকে জিজ্ঞাসা করে, তোমাদের দিক হইতে ইহা কী আসিতেছে? অনুসন্ধান করিতে গিয়া জানা যায় যে, হযরত সা'দ (রা)-র দেহের ক্ষত হইতে রক্ত প্রবাহিত হইতেছে। প্রচুর রক্ত ক্ষরণে তিনি সেখানেই ইনতিকাল করেন (বুখারী, ২খ., পৃ. ৫৯১; মুসলিম, ২খ., পৃ. ৯৫; ইব্‌ন হিশাম, ৩খ., পৃ. ১৬৩)।
হযরত জিবরাঈল (আ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্ (স) তাঁহার মৃত্যুর সংবাদ পান। জাবির (রা) বলেন, আমি আল্লাহ্র রাসূলকে বলিতে শুনিয়াছি : সা'দ ইব্‌ন মু'আযের মৃত্যুতে আল্লাহ্ আরশ কাঁপিয়া উঠে (বুখারী, ১খ., পৃ. ৫৩৬; মুসলিম, ২খ., পৃ. ২৯৪; তিরমিযী ২খ., পৃ. ২২৫)।
এই ব্যাপারে এক আনসারী (রা)-এর নিম্নলিখিত কবিতাংশ বিশেষভাবে উল্লেখযোগ্য: ما اهتز عرش الله موت هالك - سمعنا به الا لسعد ابي عمر
"আমরা আবূ উমার সা'দ ছাড়া কোন ব্যক্তির মৃত্যুতে আল্লাহ্র আরশের কম্পনের কথা শুনি নাই" (ইস্তী'আব, ২খ., পৃ. ৩২; ইব্‌ن হিশাম, ৩খ., পৃ. ১৬৩)।
বানু কুরায়যাকে অবরোধকালে খালিদ ইব্‌ন সুওয়ায়দ (রা) নামক একজন সাহাবী বুনানা নামক কুরায়যার এক নারীর নিক্ষিপ্ত যাতা (চাকতি)-র আঘাতে নিহত হন। তাঁহাকে তিনি দুইজন শহীদের মর্যাদা পাইবেন বলিয়া রাসূলুল্লাহ্ (স) সুসংবাদ দেন (ইব্‌ن হিশام, ৩খ., পৃ. ১৬৪)। অবরোধকালে উক্কাশার ভ্রাতা আবু সিনান ইব্‌ন মিহসান নামক অপর এক সাহাবীও ইনতিকাল করেন। বানু কুরায়যার কবরস্থানে তাঁহাকে দাফন করা হয় (প্রাগুক্ত; আর-রাহীক, পৃ. ১৯২)।

গ্রন্থপঞ্জী : (১) আল-বুখারী, আস-সাহীহ, দেওবন্দ, ভারত ১৩৮৪-১৩৮৭ হি., ১খ., পৃ. ৫৩৬, ২খ., পৃ. ৫৯০-৯১; (২) মুসলিম, আস-সাহীহ, দিল্লী, ভারত ১৩৭৬ হি., ২খ., পৃ. ৯৫, ২৯৪; (৩) আত-তিরমিযী, আল-জামি, দিল্লী, ভারত, তা. বি., ২খ., পৃ. ২২৫; (৪) আবূ দাউদ, আস-সুনান, দেওবন্দ, ভারত, তা. বি., ২খ., পৃ. ১৪, ২৭৭; বৈরূত, লেবানন ১৩৯৪ হি./ ১৯৭৪ খৃ., ৫খ., পৃ. ৩৯০-৯১; (৫) ইব্‌ন হাজার আল-আসকালানী, ফাতহুল বারী, বৈরূত, লেবানন ১৪০২ হি., ৭খ., পৃ. ১২২-২৩, ১১খ., পৃ. ৪১; (৬) ইব্‌ন হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যা, মিসর, তা. বি., ৩খ., পৃ. ১৪৮-৬৪; (৭) ইব্‌ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, মিসর ১৯৩২ খৃ., ৪খ., পৃ. ১১৮-১২৬; (৮) ইবনুল আছীর, আল-কামিল ফীত তারিখ, বৈরূত, লেবানন, ২খ., পৃ. ৭৫-৭৭; (৯) আবদুর রাউফ দানাপুরী, আসাহ্হুস সিয়ার, দেওবন্দ, ভারত, তা. বি., পৃ. ১৫১; (১০) ইবনুল কায়্যিম, যাদুল মা'আদ, বৈরূত, লেবানন, ২খ., পৃ. ৭২-৭৪; (১১) ইব্‌ন সা'দ, আত-তাবাকাতুল কুবরা, বৈরূত, লেবানন, তা. বি., ২খ., পৃ. ৭৪-৭৮; (১২) ইব্‌ন সায়্যিদিন নাস, 'উয়ূনুল আছার, বৈরূত, লেবানন, ২খ., পৃ. ৬৮-৭৮; (১৩) ইব্‌ন আবদিল বার, আল-ইসতীআব, কায়রো তা. বি., ২খ., পৃ. ৩২; (১৪) সাফীউর রাহমান মুবারাকপুরী, আর-রাহীকুল মাখতুম, পৃ. ২৮৮-২৯২; (১৫) ইবনুল জাওযী, তালকীহু ফুহুলি আহলিল আছার, দিল্লী, ভারত, পৃ. ১২; (১৬) সায়্যিদ মাহমূদ আলুসী আল-বাগদাদী, রূহুল মা'আনী, বৈরূত, লেবানন, তা. বি., ৯খ., পৃ. ১৯৫; (১৭) আত্-তাসহীল ফী 'উলূমিত তানযীল, ৩খ., পৃ. ১৩৬; (১৮) মুহাম্মাদ আলী আস্-সাবুনী, সাওয়াতুত তাফাসীর, বৈরূত ১৪০২ হি. ১৯৮১ খৃ., ১খ., পৃ. ৫০০, ২খ., পৃ. ৫২২; (১৯) আল্লামা শিবলী নু'মানী ও সুলায়মান নদবী, সীরাতুন নবী (স), ভারত, ১৯৯৫ খৃ., ১খ., পৃ. ২৫৩-৫৫; (২০) ইদরীস কান্ধলবী, সীরাতুল মুস্তাফা (স), ভারত তা. বি., ২খ., পৃ. ৩২৩-৩৩১; (২১) শাহ্ মু'ঈনুদ্দীন আহমদ নদবী, তারীখ ইসলাম, লাহোর, পাকিস্তান, ১খ., ৬৯; (২২) আবুল হাসান আলী নদবী, নবীয়ে রহমত, অনু. আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী, ঢাকা, বাংলাদেশ, পৃ. ২৭০-২৭৭; (২৩) পবিত্র বাইবেল, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা ১৯৭৩ খৃ. গণনা পুস্তক, অধ্যায় ৩১, আয়াত ৭-১০; দ্বিতীয় বিবরণ, অধ্যায় ২০, আয়াত ১০-১৪; (২৪) R.V.C. Bodley, The Messenger, The life of Muhammad, London, 1964 Page 202-3; (২৫) মোহাম্মদ আকরম খাঁ, মোস্তফা চরিত, ঢাকা, বাংলাদেশ, জুন ২০০০ খৃ., পৃ. ৪৬৮-৪৭৩; (২৬) আলী মুত্তাকী জৌনপুরী, কানযুল উম্মাল, ৫খ., পৃ. ২৮২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00