📄 ভীত-সন্ত্রস্ত বানু কুরায়যার নমনীয় মনোভাব
বিশ্বাসঘাতকতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য রাসূলুল্লাহ (স)-এর পক্ষ হইতে কেমন কঠিন শাস্তি ভোগ করিতে হইবে তাহা আবু লুবাবার মাধ্যমে অবগত হওয়ার পরও বানু কুরায়যা রাসূলুল্লাহ (স)-এর সিদ্ধান্ত মানিয়া লইতে প্রস্তুত হয়। অথচ তাহারা মুসলমানদের তুলনায় অনেক অনুকূল ও ভাল অবস্থানে ছিল। দীর্ঘ অবরোধের ধকল সামাল দেওয়ার ক্ষমতা তাহাদের ছিল। কারণ তাহাদের পর্যাপ্ত কূপ, পানি ও খাদ্যসামগ্রী মওজুদ ছিল। দুর্গও ছিল বেশ সুরক্ষিত ও দুর্ভেদ্য। অপরদিকে মুসলমানগণ খন্দকের যুদ্ধের পূর্ব হইতে যুদ্ধ সংক্রান্ত কার্যাবলী চালাইয়া আসার কারণে যেমন চরম ক্লান্ত অবস্থায় ছিলেন, আবার বানু কুরায়যাকে অবরোধকালে দুর্গের বাহিরে উন্মুক্ত আকাশের নিচে অবস্থানের ফলে তাহাদেরকে তীব্র ক্ষুধার যন্ত্রণা এবং প্রচণ্ড শীতের কষ্টও ভোগ করিতে হইতেছিল। ইহার পরও এমন কী ঘটিয়াছিল যাহার কারণে তাহারা রাসূলুল্লাহ (স)-এর ফয়সালা শিরধার্য করিয়া লইতে বাধ্য হয়। প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলা তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করেন। ফলে তাহারা যুদ্ধ করার সাহস হারাইয়া ফেলে।
হিজরতের পর মদীনায় ইয়াহুদী গোত্রসমূহের অবস্থানসমূহ
বুহায়রা মাজমাউল আস্সায়াল রূমা কূপ উহুদ পর্বতমালা বাগ-বাগিচা আল-কানাত উপত্যকা
উত্তর
আল-আককীক উপত্যকা কালো প্রস্তরময় ভূমি (হাররা) সাল'আ পর্বত বনূ হারিছার বসতি আবদুল আশহাল গোত্রের বসতি বনূ জুফার গোত্রের বসতি
ইয়াসরিব নগরী মসজিদে নববী আল-বকী' বনু কায়নুকার আবাস
ইয়াসরিব নগরী বৃতহান উপত্যকা মাহযূর উপত্যকা মুযায়নীব উপত্যকা আল-আওয়ালী (উচ্চভূমি) বাগানসমূহ
কুবা রানুনা উপত্যকা বাগ-বাগিচা বনূ নাযীরের বসতি কা'ব ইব্ন আশরাফের দুর্গ আইর পাহাড়
যুলহুলায়ফা
কা'ব ইবন আশরাফের ভগ্ন দুর্গ। তাফহীমুল কুরআনের সৌজন্যে (আধুনিক প্রকাশনী)।
📄 সা'দ ইব্ন মু'আয (রা)-এর ফায়সালা
তাহাদের মনোবল ভাঙ্গিয়া পড়ে। এই ভাঙ্গন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। তখন আলী (রা) ও যুবায়র ইবনুল আওয়াম (রা) উচ্চস্বরে সম্মুখে অগ্রসর হইয়া যান এবং আলী (রা) বলিতে থাকেন, হে ঈমানদার বাহিনী! আল্লাহ্র কসম, হয় হামযা (রা)-র ন্যায় শাহাদাতের স্বাদ আস্বাদন করিব অথবা তাহাদের দুর্গ জয় করিয়া উহাতে আমাদের বিজয়ের পতাকা উড্ডীন করিব। আলী (রা)-এর বীরোচিত ঐ ঘোষণায় তাহারা অতিমাত্রায় ভীত-সন্ত্রস্ত হইয়া দ্রুত রাসূলুল্লাহ্ (স)-এর যে কোন সিদ্ধান্ত দ্বিধাহীন চিত্তে মানিয়া লইতে সম্মত হয়। রাসূলুল্লাহ (স) এই ঘটনা অবহিত হইয়া বানু কুরায়যার পুরুষদিগকে বন্দী করার নির্দেশ প্রদান করেন। ফলে তাহাদিগকে মুহাম্মাদ ইব্ন সালাম আল-আনসারী সাহাবীর তত্ত্বাবধানে বাঁধিয়া ফেলা হয়। তাহাদের নারী ও শিশুদিগকে পুরুষদিগের নিকট হইতে পৃথক ও বিচ্ছিন্ন করিয়া একপার্শ্বে রাখা হয় (আর-রাহীকুল মাখতুম, পৃ. ২৮৯)।
খাযরাজ ও বানু কায়নুকা'-এর মধ্যে যেমন মৈত্রী চুক্তির সম্পর্ক ছিল, খাযরাজের মুকাবিলায় আওস বানু কুরায়যার মধ্যেও তেমন ইসলাম-পূর্ব কাল হইতে মৈত্রী চুক্তির বন্ধন ছিল। সুতরাং বানু কুরায়যার ব্যাপারে রাসূলুল্লাহ (স) যেই নির্দেশ দিবেন তাহাই তাহারা মানিয়া লইবে, এমন কথা জানার পর আওস গোত্র তাহাদের সাহায্যার্থে রাসূলের নিকট ছুটিয়া আসিয়া আবেদন করিল, “হে আল্লাহর রাসূল! আবদুল্লাহ্ ইবন উবাই ইব্ন সালূলের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের ভাই খাযরাজ গোত্রের মিত্র বানু কায়নুকা-এর সঙ্গে ইতোপূর্বে যেমন ক্ষমার আচরণ করিয়াছিলেন, আমাদের মিত্র বানু কুরায়যার সহিতও অনুরূপ আচরণ করার বিনীত অনুরোধ করিতেছি।" রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমরা কি ইহাতে সন্তুষ্ট নও যে, তোমাদের মধ্য হইতেই একজন তাহাদের ব্যাপারে ফয়সালা দিবেন? তাহারা জি হাঁ বলিয়া স্বতস্ফূর্ত সম্মতি জ্ঞাপন করিলে তিনি বলিলেনঃ তোমাদের গোত্রপতি সা'দ ইব্ন মু'আযকেই এই দায়িত্ব প্রদান করা হইল। তিনিই এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিবেন। ইহাতে তাহারা সন্তুষ্টি প্রকাশ করিয়া বলিল, তিনি (সা'দ) যেই রায় প্রদান করিবেন আমরা তাহা মানিয়া লইব (আল-কামিল, পৃ. ৭৫; বিদায়া, পৃ. ১২৩)।
হযরত সা'দ (রা) খন্দকের যুদ্ধে হিববান ইব্ন আল-আরকা নামক এক কুরায়শ সৈন্যের নিক্ষিপ্ত তীরে মারাত্মকভাবে আহত হইয়া রাসূলের নির্দেশে মসজিদে নববীতে যুদ্ধাহত মুসলমানদের জন্য সাময়িকভাবে প্রতিষ্ঠিত চিকিৎসা শিবিরে রূফায়দা নাম্নী এক মুসলিম মহিলার তত্ত্বাবধানে তখন পর্যন্ত চিকিৎসার্থে অবস্থান করিতেছিলেন (বিদায়া, পৃ. ১২৩; ইব্ন হিশাম, ঐ, পৃ. ১৫৩)। তিনি ছিলেন সুন্দর ও বলিষ্ঠদেহী। বানু কুরায়যা সম্বন্ধে চূড়ান্ত ফয়সালার জন্য তিনি রাসূলুল্লাহ (স) কর্তৃক বিচারক মনোনীত হইলে তাঁহাকে আনিবার জন্য তাঁহার কওমের কয়েকজন লোক সেখানে গমন করে।
অতঃপর তাহারা একটা গাধার পৃষ্ঠে চামড়ার বালিশ স্থাপন করিয়া উহার উপর তাহাদের অসুস্থ নেতাকে আরোহণ করাইয়া রাসূলের দরবারে লইয়া আসেন। পথিমধ্যে তাঁহার দুই পার্শ্বে চলমান আওস গোত্রের লোকজন তাঁহাকে বলিতে থাকে, হে আবূ আমর! আপন মিত্রদের সহিত ভাল আচরণ করিবেন। কেননা রাসূলুল্লাহ (স) তাহাদের সঙ্গে সদাচরণের জন্যই আপনাকে বিচারকের দায়িত্ব প্রদান করিয়াছেন। তাহাদের এই আবেদনের প্রতি কোন মনোযোগ না দিয়া তিনি নীরব থাকেন। কিন্তু তাহারা যখন একই কথা বারবার বলিতে লাগিল, তখন তিনি বলিলেন, ভাগ্যক্রমে সা'দের জন্য আজ যথার্থ সিদ্ধান্ত প্রদানে আল্লাহ্র সন্তুষ্টির মুকাবিলায় কোন ভর্ৎসনাকারীর ভর্ৎসনার পরওয়া না করার সুযোগ আসিয়াছে (ইবন হিশাম, ঐ, পৃ. ১৫৩; বিদায়া, ঐ, পৃ. ১২৩; আল-কামিল, পৃ. ৭৬)।
এতদশ্রবণে তাহাদের অনেকেই বুঝিয়া ফেলিল যে, তিনি হত্যারই নির্দেশ প্রদান করিবেন (কামিল, পৃ. ৭৬)। ফলে সেখান হইতেই তাহাদের কিছু লোক হতাশ হইয়া বানু আবদিল আশহাল-এর আবাসস্থালে প্রত্যাবর্তন করিল। তাহাদের নিকট সা'দের ঐ উক্তি শ্রবণ করিয়া বানু কুরায়যার পুরুষগণ বিলাপ করিতে শুরু করিল।
যাহা হউক, সা'দ (রা) যখন রাসূলুল্লাহ্ (স)-এর নিকট পৌছিলেন, তখন রাসূলুল্লাহ (স) উপস্থিত সাহাবাগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমরা তোমাদের সরদারের উদ্দেশ্যে দণ্ডায়মান হও (বুখারী, ২খ., পৃ. ৫৯১; আবূ দাউদ, ৫খ., পৃ. ৩৯১; মুসলিম, ২খ., পৃ. ৯৫; কামিল, পৃ. ৭৬; বিদায়া, পৃ. ১২৩; ইব্ন হিশাম, পৃ. ১৫৩)। মুহাজিরগণ মনে করিলেন, রাসূলুল্লাহ (স) আনসারগণকে উদ্দেশ্য করিয়াই এই নির্দেশ দিয়াছেন। আনসারগণ ভাবিলেন, তিনি উপস্থিত সকল মুসলমানকে লক্ষ্য করিয়াই উহা বলিয়াছেন (বিদায়া, পৃ. ১২৩)। অনন্তর তাহারা দাঁড়াইয়া গেলেন।
যখন তাঁহাকে অবতরণ করাইয়া নির্দিষ্ট আসনে বসান হইল তখন রাসূলুল্লাহ (স) বলিলেন, এই সকল লোক নিজেদের ফায়সালার ভার তোমার উপর অর্পণ করিয়াছে। সাহাবাগণ বলিলেন, ইহারা (বানু কুরায়যা) আপনার সিদ্ধান্ত মানিয়া লইতে প্রস্তুত রহিয়াছে। আপনার যে কোন আদেশ তাহারা শিরোধার্য করিয়া লইবে। তিনি বলিলেন, আমার হুকুম কি তাহাদের উপর কার্যকর হইবে? তাহারা বলিল, হাঁ। তিনি বলিলেন, মুসলমানগণের ক্ষেত্রে? তাহারা বলিলেন, হাঁ, মুসলমানদের ক্ষেত্রেও। এবার তিনি রাসূলুল্লাহ্ (স)-এর প্রতি ইঙ্গিত করিয়া তাঁহার সম্মানার্থে স্বীয় চেহারা অন্যদিকে ঘুরাইয়া বলিলেন, এখানে যিনি আছেন তাঁহার ক্ষেত্রেও কি আমার ফয়সালা গ্রহণযোগ্য হইবে? রাসূলুল্লাহ (স) বলিলেন, "হাঁ, আমার ক্ষেত্রেও।” এবার সা'দ (রা) দ্ব্যার্থহীন ভাষায় তাহাদের ব্যাপারে নিজের রায় ঘোষণা করিলেন: (ক) "যোদ্ধা পুরুষদিগকে হত্যা করা হইবে; (খ) তাহাদের ধন-সম্পদ (মুসলমানদের মধ্যে) বণ্টন করা হইবে; (গ) তাহাদের শিশু ও মহিলাদিগকে দাস-দাসীতে পরিণত করা হইবে।" এই রায় শ্রবণ করিয়া আল্লাহ্র রাসূল (স) বলিলেন, তুমি তাহাদের ব্যাপারে অবশ্যই আল্লাহ্র নির্দেশ মুতাবিক ফয়সালা দিয়াছ (ইব্ন হিশাম, ৩খ., পৃ. ১৫৩; বিদায়া, পৃ. ১২৩)।
📄 তাওরাতের বিধান মুতাবিক ফায়সালা
বানু কুরায়যা সম্বন্ধে সা'দ ইব্ন মু'আয (রা)-এর উপরিউক্ত রায় ছিল হুবহু তাওরাতের বিধান অনুযায়ী, যাহা সম্পর্কে তাহারা ছিল পুরাপুরি ওয়াকিফহাল। তাওরাতে বর্ণিত সেই বিধান ছিল নিম্নরূপ:
"যখন তুমি কোন শহরের উপর আক্রমণের উদ্দেশ্যে উহার নিকটে আসিয়া উপনীত হইবে তখন প্রথমে সেই শহরের কর্ণধারের নিকট সন্ধির বার্তা পাঠাইবে। যদি সে সন্ধির প্রস্তাবে সম্মত হইয়া তোমার জন্য শহরের দ্বার উন্মুক্ত করিয়া দেয় তাহা হইলে সেথায় (সেই শহরে) যত লোককে পাওয়া যাইবে তাহারা সবাই তোমার করদাতা (প্রজা) ও দাস হইয়া যাইবে। আর যদি সন্ধি না করে, বরং তোমার সহিত যুদ্ধে লিপ্ত হয় তাহা হইলে ঐ শহর অবরোধ করিয়া রাখিবে। অনন্তর যখন তোমার ঈশ্বর সদাপ্রভু উহা তোমার করায়ত্বে করিয়া দিবেন তখন সেখানকার সকল পুরুষকে খড়গ দ্বারা হত্যা করিবে। অবশিষ্ট নারী, শিশু, জীবজন্তু এবং শহরের সকল জিনিস গণিমতের সম্পদ হিসাবে পরিগণিত হইবে। সুতরাং তোমার ঈশ্বর সদাপ্রভু প্রদত্ত ঐ শত্রুসম্পদ লুট ভোগ করিবে” (দ্বিতীয় বিবরণ, অধ্যায় ২০, পদ ১০-১৪; পবিত্র বাইবেল, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা-১৯৭০; সীরাতুন্নবী (স), পৃ. ২৫৩)।
প্রাচীন কাল হইতেই ঐ বিধান বানু ইসরাঈলের মধ্যে প্রচলিত ছিল। যেমন তাওরাতের এক বর্ণনানুসারে তাহারা (বানু ইসরাঈল) মূসা (আ)-এর উপর আল্লাহ্র প্রত্যাদেশ অনুসারে মাদয়ানবাসীর সহিত যুদ্ধ করিয়া সেখানকার সকল পুরুষকে বধ করে। তাহাদের সহিত মাদয়ানের ইবি, রেশম, সূর, হুর ও রেবা নামক পাঁচ রাজাকে হত্যা করে। খড়গ দ্বারা হত্যা করে বিয়োরের পুত্র বিলিয়মকেও। তাহারা মাদয়ানের সকল স্ত্রীলোক ও বালক-বালিকাদিগকে বন্দী করিয়া লইয়া যায়। তাহাদের সমস্ত পশু, মেষপাল ও সকল সম্পত্তি লুট করিয়া লয়। পোড়াইয়া ফেলে তাহাদের সমস্ত ছাউনী, বাসস্থান ও শহর (পবিত্র বাইবেল, গণনা পুস্তক, ৩১ অধ্যায়, ৭-১০ পদ, বাইবেল সোসাইটি বাংলাদেশ, ঢাকা ১৯৭০; নবীয়ে রহমত, পৃ. ২৭৫)।
সুতরাং বানু কুরায়যার সম্বন্ধে সা'দ (রা)-এর ফায়সালা তাওরাতের ঐ বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ ছিল যাহা তাহাদের পূর্বপুরুষ হইতেই প্রচলিত ও অনুসৃত হইয়া আসিতেছিল। উক্ত ফয়সালাকে রাসূলুল্লাহ্ (স) আসমানী ফায়সালা হিসাবে আখ্যা দিয়াছেন। ঐ রায় শোনার পর স্বয়ং ইয়াহুদীদের মুখ হইতে যাহা উচ্চারিত হয় তাহা হইতেও প্রমাণিত হয় যে, তাহারা নিজেরাও উহাকে খোদায়ী বিধানের মতই মনে করিয়াছিল। নিম্নে উহার দৃষ্টান্ত পেশ করা হইলঃ বানু কুরায়যা ফিতনার মূল হোতা হুয়াই ইব্ন আখতাবকে ফয়সালা অনুযায়ী বধ করার জন্য উপস্থিত করা হইলে সে রাসূলুল্লাহ্ (স)-এর দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়াছিল, "আল্লাহ্র শপথ!
১০০ তোমার সহিত যেই বৈরী আচরণ ও শত্রুতা করিয়াছি সেইজন্য আমি আদৌ অনুতপ্ত নহি। নিজেকে আমি ঐজন্য বিন্দুমাত্রও ভর্ৎসনা করি না, দেইনা সামান্যতমও ধিক্কার। তবে যেই ব্যক্তি আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহ্ তাহাকে পরিত্যাগ করেন। অতঃপর উপস্থিত জনগণকে সম্বোধন করিয়া সে বলে, আল্লাহ্র বিধান পালনে আমার কোন অসুবিধা নাই, নাই কোন আপত্তি। ইহাতো (সা'দ-এর ফায়সালা) পূর্ব নির্ধারিত এক খোদায়ী বিধান এবং আল্লাহ্ কর্তৃক বানু ইসরাঈলের ভাগ্যে লিপিবদ্ধ এক অলঙ্ঘনীয় শাস্তি” (সীরাতুন্নবী ১খ., পৃ. ২৫৪; আর-রাহীকুল মাখতুম পৃ. ২৯১)।
📄 দণ্ডাদেশ কার্যকর
সা'দ ইব্ন মু'আয (রা)-এর ঘোষিত রায় কার্যকর করার লক্ষ্যে আল্লাহর রাসূলের নির্দেশক্রমে প্রথমত বানু কুরায়যার প্রাপ্তবয়স্ক পুরুষগণকে মদীনার বানু নাজ্জার গোত্রের এক আনসার মহিলা হারিছ-কন্যা কানীসা (كنيسة)-এর বাড়িতে বন্দী করিয়া রাখা হয়। তাহাদের জন্য খনন করা হয় কতেক পরিখা। অতঃপর উক্ত পরিখাসমূহে একের পর এক লইয়া গিয়া তাহাদের শিরশ্ছেদ করা হইতে থাকে। এক পর্যায়ে বন্দীশালার অবশিষ্ট বন্দীগণ তাহাদের নেতা কা'ব ইব্ন আসাদকে বলিল, "আমাদের সঙ্গে কেমন আচরণ করা হইবে বলিয়া আপনার মনে হয়?” উত্তরে সে বলিল, "তোমরা কি সর্বক্ষেত্রেই নির্বোধ? কিছুই বুঝ না? দেখিতেছ না যে, আহবানকারী তোমাদের যাহাকে ডাকিয়া লইয়া যাইতেছে সে আর ফিরিয়া আসিতেছে না? আল্লাহ্র কসম! আমাদেরকে হত্যাই করা হইবে" (আর-রাহীক, পৃ. ২৯০)।
ঐতিহাসিকদের বর্ণনানুযায়ী বানু কুরায়যার গোত্রপতি কা'ব ইব্ন আসাদসহ তাহাদের ছয় হইতে সাত, মতান্তরে আট হইতে নয় শত প্রাপ্তবয়স্ক পুরুষের শিরশ্ছেদ করা হয় (আর-রাহীক, পৃ. ২৯০; ইব্ন হিশাম, ৩খ., পৃ. ১৫৪)। তবে তিরমিযী, নাসাঈ প্রভৃতি হাদীছ গ্রন্থে চারি শত এবং ইব্ন আসাকির-এ তিন শত যোদ্ধাকে হত্যা করা হয় বলিয়া উল্লিখিত হইয়াছে (মাওলানা তাফাজ্জল হোসেন, হযরত মুহাম্মদ মুস্তফা, পৃ. ৬৩১; মাওলানা মোহাম্মদ আকরম খাঁ, মোস্তফা চরিত, পৃ. ৭১৩-৭১৫)।
এই সংখ্যা আরো অনেক কম ছিল বলিয়া মাওলানা মোহাম্মদ আকরম খাঁ অনেক যুক্তি-প্রমাণ পেশ করিয়াছেন। তাহাদের সঙ্গে বানু নাযীর গোত্রপতি, আহযাব যুদ্ধের শীর্ষ পর্যায়ের এক অপরাধী, উম্মুল মু'মিনীন হযরত সাফিয়্যা (صفية) (রা)-র পিতা হুয়াই ইব্ন আখতাব, যাহার প্ররোচনায় বানু কুরায়যা রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে চুক্তি ভঙ্গ করিয়া খন্দক যুদ্ধে আরব মুশরিকদের পক্ষাবলম্বন করিয়াছিল, কুরায়যা গোত্রপতি কা'বকে প্ররোচিত করার সময় বিপদে তাহার পার্শ্বেই থাকিবার যেই প্রতিশ্রুতি দিয়াছিল তাহা রক্ষার্থে অবরোধের পূর্ব হইতেই সে বানু কুরায়যার সঙ্গে তাহাদের দুর্গেই অবস্থান করিয়া আসিতেছিল, তাহাকেও হত্যা করা হয়। হত্যার পূর্বে স্কন্ধের সঙ্গে দুই হাত রশি দ্বারা বাঁধা অবস্থায় বন্দীশালা হইতে বাহির করিয়া পরিখার পার্শ্বে উপস্থিত করা হইলে সে (হুয়াই) রাসূলের নিকট কৃত অপরাধে বিন্দুমাত্র অনুতপ্ত হয় নাই। সে পূর্বেই নিজের পরিধেয় বস্ত্র চতুর্দিক হইতে এক বিঘত পরিমাণ ছিড়িয়া ফেলিয়াছিল যাহাতে উহা কেহ লুণ্ঠন করিতে না পারে (আর-রাহীক, পৃ. ২৯১)।
খাল্লাদ ইব্ন সুওয়ায়দ (خلاد بن سوید) নামক একজন মুসলমানকে পেষণযন্ত্র বা প্রস্তর নির্মিত জাতা নিক্ষেপ করিয়া হত্যা করার অপরাধে "বুনানা" (بنانة) নামক বানু কুরায়যার কেবল একজন নারীকে হত্যা করা হয় (সীরাতুল মুস্তফা, ২খ., পৃ. ৩২৯; আর-রাহীকুল মাখতুম, পৃ. ২৯১)। তাহার স্বামীর নাম ছিল হাকাম আল-কুরাজী (حكم القرظی) ('উয়নুল আছার, ২খ., পৃ. ৭৮)।
উক্ত মহিলা যেই সাহসিকতার সঙ্গে প্রাণ দেয়, বিস্ময়কর ভাব-লেশহীন চিত্তে যেইভাবে মৃত্যুকে বরণ করে তাহা আবূ দাউদ ও সীরাতে ইবন হিশামে নিম্নোল্লেখিতভাবে বর্ণিত হইয়াছে। যাহাদিগকে হত্যা করা হইবে তাহাদের তালিকায় নিজের নাম থাকার কথা ঐ নারী পূর্ব হইতে জানিত। হত্যাস্থানে একেকজন অপরাধী নামানুসারে পর্যায়ক্রমে যাইতেছিল এবং মৃত্যুর শাস্তি গ্রহণ করিতেছিল। ঘোষক একেকজনের নাম ধরিয়া ডাকিতেছিল, উক্ত ধ্বনি তাহার কর্ণে আসিয়া পৌঁছিতেছিল। তাহার পরও একান্ত স্বাভাবিক অবস্থায় হযরত আয়েশা (রা)-এর সঙ্গে সে আলাপচারিতায় লিপ্ত ছিল এবং কথায় কথায় হাসিতেছিল, কখনও সশব্দে—আবার কখনও মুখ চাপিয়া। হঠাৎ তাহার নামের ডাক পড়িলে সে ভাবলেশহীন চিত্তে উঠিয়া দাঁড়ায়। হযরত আয়েশা (র) বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার! তোমার কী হইল? কোথায় যাইতেছ? সে বলিল, আমি এক ঘটনা ঘটাইয়াছিলাম, করিয়াছিলাম এক অপরাধ, উহার শাস্তি ভোগ করিতে যাইতেছি। আমাকে এখন হত্যা করা হইবে। এই বলিয়া সে প্রফুল্ল ও সন্তুষ্ট চিত্তে হত্যাস্থলে আসিয়া তরবারির নিচে মাথা রাখে। আয়েশা (রা) এই ঘটনা যখনই বর্ণনা করিতেন, ভাষায় ও বর্ণনায় তাহার বিস্ময়ের প্রকাশ ঘটিত। তিনি বলিতেন, আল্লাহ্ শপথ! অচিরেই হত্যার সম্মুখীন হইতে হইবে ইহা জানা সত্ত্বেও পূর্বক্ষণে আমার সম্মুখে অধিক হাস্য, প্রফুল্লতা ও আনন্দোচ্ছলতার যেই বিস্ময়কর স্মৃতি উক্ত নারী রাখিয়া গিয়াছে তাহা আমি আজিও ভুলিতে পারি নাই (আবূ দাউদ, ২খ., পৃ. ১৪; ইবন হিশাম, ২খ., পৃ. ১৫৫)।
রাসূলুল্লাহ (স)-এর নির্দেশ ছিল শুধু প্রাপ্তবয়স্ক পুরুষগণকে হত্যা করার। এইজন্য কিশোর 'আতিয়্যা আল-কুরাজী অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে মৃত্যুদণ্ড হইতে মুক্তিলাভ করে। জীবিত ছাড়া পাইয়া সে ইসলাম গ্রহণ করে (ইবন হিশাম, ঐ, পৃ. ১৫৭)। অপরদিকে রিফা'আ ইব্ সামওয়াল আল-কুরাজী (رفاعة بن سموأل القرظي) প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বাঁচিয়া যায়, প্রাণে রক্ষা পায়—শুধু সালমা বিনত কায়স নামক রাসূলুল্লাহ (স)-এর এক খালার একান্ত আবেদনের ভিত্তিতে। তিনি রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে উভয় কিবলামুখী হইয়া সালাত আদায় করিয়াছিলেন এবং তাঁহার কাছে বায়'আত গ্রহণ করেন। তাহার আবেদনের কারণে রাসূলুল্লাহ (স) রিফাআকে তাঁহার যিম্মায় ছাড়িয়া দিলে সে প্রাণে রক্ষা পায় এবং ইসলাম গ্রহণ করে (ইব্ن হিশাম, ঐ, পৃ. ১৫৭)।
ছাবিত ইব্ন কায়স (রা)-এর নিকট যুবায়র ইব্ন বাতা (الزبير بن باطا)-র প্রাপ্য সম্পত্তি ছিল। রাসূলুল্লাহ (স) যুবায়র, তাহার পরিবার ও সম্পত্তির মালিকানা ছাবিতকে প্রদান করিয়াছিলেন। সেই সূত্রে তিনি তাহার সব কিছুর মালিক হইয়াছিলেন। অতঃপর যুবায়র ছাবিতের নিকট সব কিছুর উপর হইতে মালিকানা ছাড়িয়া দেওয়ার বিনীত আবেদন করিলে তিনি স্বীয় মালিকানা ছাড়িয়া দিয়া বলিলেন, "আল্লাহ্র রাসূল আমার নিকট তোমাকে, তোমার সম্পদ ও পরিবারকে দান করিয়াছিলেন। সেই সূত্রে আমি তোমাদের সব কিছুর মালিক হইয়াছিলাম। এখন সবই তোমার।" যুবায়র যখন তাহার কওমের (বানু কুরায়যা) লোকজনকে হত্যার ব্যাপারে অবহিত হইল, তখন অত্যন্ত মর্মাহত ও নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হইয়া বলিল, হে ছাবিত! তুমি যদি আমাকে আমার প্রিয়জনদিগের সহিত হত্যার মাধ্যমে মিলিত না কর তাহা হইলে তোমার নিকট আমি আমার সম্পদও চাহিব। অনন্তর তাহার আকাঙ্খানুযায়ী ছাবিত (রা) তাহাকে শিরশ্ছেদের স্থানে পৌছাইয়া দেন। ছাবিত এই ব্যাপারে যুবায়র-পুত্র আবদুর রাহমান্ ইব্ন বাতার নিকট তাহার পিতাকে বাঁচাইতে ব্যর্থ হওয়ার কথা জানান। ইহাতে প্রভাবিত হইয়া সে ইসলাম গ্রহণ করে (আর-রাহীক, পৃ. ২৯১)।
হযরত সা'দ ইব্ন যায়দ আল-আন্সারী (রা)-র তত্ত্বাবধানে বানু কুরায়যার বন্দী মহিলা ও শিশুদিগকে বিক্রয়ের জন্য নজদ-এ পাঠান হয়। সা'দ উহাদের বিনিময়ে অশ্ব ও অস্ত্র ক্রয় করেন (ইব্ন হিশাম, ৩খ., পৃ. ১৫৭; সীরাতুল মুসতাফা, ২খ., পৃ. ৩২৯)।
অবশ্য আমর ইবন খুনাফার কন্যা রায়হানার আবেদনক্রমে রাসূলুল্লাহ (স) কুরায়যার মহিলাদের মধ্য হইতে কেবল তাহাকেই উপরিউক্ত দল হইতে পৃথক করিয়া নিজের মালিকানায় রাখিয়া দেন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করিলে তাহার প্রতি তিনি সন্তোষ প্রকাশ করেন। ইব্ন ইসহাকের বর্ণনানুযায়ী রাসূলুল্লাহ (স)-এর মৃত্যু পর্যন্ত তিনি তাঁহার মালিকানায় ছিলেন। অর্থাৎ তিনি তাহাকে স্বীয় দাসী অবস্থায় রাখিয়াই ইন্তিকাল করেন (ইব্ন হিশাম, ঐ, পৃ. ১৫৭)। আর কালবীর বর্ণনানুযায়ী তিনি তাহাকে মুক্ত করিয়া দেন এবং ৬ষ্ঠ হিজরীতে তাঁহাকে বিবাহ করেন। বিদায় হজ্জ সম্পাদন করিয়া মক্কা হইতে রাসূলুল্লাহ্ (স)-এর প্রত্যাবর্তনের পর হযরত রায়হানা ইন্তিকাল করেন। তিনি তাঁহাকে জান্নাতুল বাকীতে দাফন করেন (আর-রাহীক, পৃ. ২৯১)। অপর এক বর্ণনামতে রাসূলুল্লাহ (স) তাঁহাকে তাঁহার পরিবারের সহিত বসবাসের জন্য মুক্ত করিয়া দেন। অতঃপর তিনি তাঁহার পরিবারের নিকট চলিয়া যান (ইসাবা, ৪খ., পৃ. ৪০৯)। ইব্ন হিশামের বর্ননানুযায়ী বানু কুরায়যার কিছু সংখ্যক শিশু ও মহিলাকে মুসলমানগণের মধ্যেও বণ্টন করা হইয়াছিল।
বানু কুরায়যা হইতে প্রাপ্ত সকল সম্পদ রাসূলুল্লাহ্ (স) মুসলমানগণের মধ্যে বণ্টন করিয়া দেন। তবে প্রথমে উক্ত সম্পদের এক-পঞ্চমাংশ পৃথক করেন। অতঃপর অশ্বারোহী সৈন্যের জন্য তিন অংশ অর্থাৎ অশ্বের দুই অংশ এবং অশ্বারোহীর জন্য এক অংশ নির্ধারণ করেন। পদাতিক সৈন্যের জন্য এক অংশ ধার্য করেন। যুদ্ধলব্ধ সম্পদে দুই অংশ নির্ধারণ এবং পঞ্চমাংশ পৃথক করার ইহাই ছিল প্রথম ঘটনা। বণ্টনের ঐ নিয়মই তখন হইতে প্রবর্তিত হয় এবং ঐ ধারাই পরবর্তীতে চালু থাকে (ইবন হিশাম, ঐ, পৃ. ১৫৭; আর-রাহীক, পৃ. ২৯১; যুরকানী, ২খ., পৃ. ১৩৭)। প্রাপ্ত সকল সম্পত্তি ৩ হাজার ৭২ অংশে বিভক্ত হয় (তাবাকাত ইবন সা'দ, ২খ., পৃ. ৭৫)।
বানু কুরায়যার অধিবাসীদের মধ্যে মুষ্টিমেয় এমন কিছু লোক ছিল যাহারা অবরোধের শেষ প্রান্তে রাসূলুল্লাহ (স)-এর যে কোন নির্দেশ মানিয়া লওয়ার সিদ্ধান্ত গ্রহণের পূর্ব রাত্রেই ইসলাম গ্রহণ করেন। ফলে তাহাদের জীবন, সম্পদ ও স্ত্রী-পুত্রদিগকে রক্ষা করা হয়। তাহারা যাবতীয় ক্ষতি হইতে নিষ্কৃতি পায়। আমর ইব্ন সুদা নামে তাহাদের মধ্যে এমন এক সৌভাগ্যবান ব্যক্তিও ছিল যে রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে বিশ্বাসঘাতকতায় বানু কুরায়যার সঙ্গে অংশগ্রহণ করে নাই। রাসূলুল্লাহ (স)-এর নিরাপত্তা বাহিনী প্রধান মুহাম্মাদ ইবন মাসলামা উক্ত রাত্রে দুর্গ হইতে তাহাকে বাহির হইতে দেখেন এবং তাহাকে চিনিতে পারিয়া ছাড়িয়া দেন। তিনি জানিতে পারেন নাই তাহার গন্তব্যস্থল (আর-রাহীক, পৃ. ২৯১)। এইভাবে বানু কুরায়যার কিছু সংখ্যক লোক শাস্তি হইতে রক্ষা পায়। বানু কুরায়যার ঘটনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন: وَأَنْزَلَ الَّذِينَ ظَاهَرُوهُمْ مِّنْ أَهْلِ الْكِتَابِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا . وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَأَمْوَالَهُمْ وَأَرْضًا لَّمْ تَطَئُوهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
"কিতাবীদের মধ্যে যাহারা উহাদিগকে সাহায্য করিয়াছিল তাহাদিগকে তিনি তাহাদের দুর্গ হইতে অবতরণ করাইলেন এবং তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিলেন। এখন তোমরা উহাদের কতককে হত্যা করিতেছ এবং কতককে করিতেছ বন্দী। আর তিনি তোমাদিগকে অধিকারী করিলেন উহাদের ভূমি, ঘরবাড়ি ও ধনসম্পদের এবং এমন ভূমির যাহা তোমরা এখনও পদানত কর নাই। আল্লাহ্ সর্ব বিষয়ে সর্বশক্তিমান" (৩৩: ২৬, ২৭)।