📘 সীরাত বিশ্বকোষ > 📄 অপবাদের ঝড়

📄 অপবাদের ঝড়


মুনাফিক চক্র এই ঘটনাকে সুবর্ণ সুযোগ মনে করিয়া উম্মুল মু'মিনীন হযরত আইশা (রা)-এর চরিত্রে কলংক আরোপ করিল। রটিত অপবাদ মুহূর্তে গোটা বাহিনীর মধ্যে নিদারুণ চাঞ্চল্যের সৃষ্টি করিল। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবাই ছিল রাসূলুল্লাহ (স)-এর শত্রু ও দুঃশ্চরিত্র ব্যক্তি। সে নিজে ও যায়দ ইবন রিফাআ এবং তাহার অপরাপর দোসরগণ অপবাদ রটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উটের লাগাম ধরিয়া সাফওয়ান (রা) যখন কাফেলার কাছাকাছি আসিয়া পৌছিল, আবদুল্লাহ ইবন উবাই বলিয়া উঠিল, "আল্লাহর শপথ! আইশা ও সাফওয়ান একে অপর হইতে বাঁচিতে পারে নাই। দেখ, তোমাদের নবীর স্ত্রী পরপুরুষের সহিত রাত্রি যাপন করিয়া প্রকাশ্যে ফিরিয়া আসিতেছে।" কতিপয় সরলপ্রাণ মুসলমান কান কথায় সাড়া দিয়া এই আলোচনায় মাতিয়া উঠিল। পুরুষদের মধ্যে কবি হাসান ইব্‌ন ছাবিত, মিস্তাহ ইব্‌ন উছাছা ও নারীদের মধ্যে হামনা বিনত জাহ্শ ছিল অপবাদ প্রচারে সোচ্চার (তাফসীর মাযহারী, ৮খ., ৩০১; তাফহীমুল কুরআন, ৩খ., ৩১২; মাআরিফুল কুরআন, মদীনা সংস্করণ, পৃ. ৯৩২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 অপবাদ রটনার উদ্দেশ্য

📄 অপবাদ রটনার উদ্দেশ্য


বানু মুস্তালিকের এই যুদ্ধে যাওয়া ও আসার পথে মুনাফিকরা বেশ কয়েকবার ষড়যন্ত্রে মাতিয়া উঠে। আনসার ও মুহাজিরদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করিয়া দুই দলকে সশস্ত্র অবস্থায় মুখোমুখী করায়। রাসূলুল্লাহ (স)-এর তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে বড় ধরনের কোন অঘটন ঘটিতে পারে নাই। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবন উবাই প্রকাশ্যে ঘোষণা দিল, لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ. "আমরা মদীনায় প্রত্যাবর্তন করিলে তথা হইতে প্রবল অবশ্য দুর্বলকে বহিষ্কার করিবে” (৬৩:৮)।
এইখানে ‘প্রবল’ দ্বারা মুনাফিক ও ‘দুর্বল’ দ্বারা মু'মিনকে বুঝানো হইয়াছে। মুনাফিকদের ষড়যন্ত্রের নেপথ্যে বহুবিধ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ ও উদ্দেশ্য রহিয়াছে।
এক : রাসূলুল্লাহ (স) ও হযরত আবূ বাক্‌র (রা)-র পরিবারকে জনসমক্ষে অসম্মানিত ও হেয় প্রতিপন্ন করা যাহাতে ইসলামের ধারক-বাহকদের প্রভাব নষ্ট হইয়া যায় (সীরাতে আয়েশা, পৃ. ৯২)।
দুইঃ নবী (স)-এর পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করা।
তিন : মুসলমানদের ঐক্যবদ্ধ ও সামজিক শক্তিকে চূর্ণবিচূর্ণ করিয়া দেওয়া এবং সন্দেহ ও ভুল বুঝাবুঝির সৃষ্টি করা।
চার : নৈতিকতা ও চারিত্রিক পবিত্রতা ছিল মুসলমানদের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। এই শক্তিই প্রতিপক্ষের উপর সর্বদা তাহাদের বিজয় সুনিশ্চিত করিয়াছে। মুনাফিকদের উদ্দেশ্য ছিল অপবাদ রটনার মাধ্যমে নৈতিকতার ভিতকে ধ্বসাইয়া দেওয়া।
পাঁচ : অপবাদের ঘটনাকে কেন্দ্র করিয়া মুহাজির ও আনসারদের মধ্যে যদি সত্যিই কোন লড়াই বাঁধিয়া যাইত তাহা হইলে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবাই-এর অসৎ উদ্দেশ্য সফল হইত।
ছয় : নিজ স্ত্রীর চরিত্র সম্পর্কিত কুৎসা ছড়াইয়া আল্লাহ্র রাসূল (স)-কে মানসিকভাবে পর্যুদস্ত করা যাহাতে তাঁহার সাংগঠনিক শক্তি দুর্বল হইয়া পড়ে।
সাত : কবি হাসান ইব্‌ন্ন ছাবিত যে হযরত আইশা (রা)-র বিরুদ্ধে অপবাদ রটনায় যোগ দিলেন ইহার পিছনে হযরত সাওয়ানের বদনাম করাই ছিল মূল উদ্দেশ্য। কারণ হাস্সান ছিলেন মদীনার স্থায়ী বাসিন্দা আর সাফওয়ান অভিবাসী হইয়াও এত খ্যাতি ও সম্মান পাইতেছেন ইহা তিনি সহ্য করিতে পারেন নাই। শ্লেষাত্মক এক কবিতায় তিনি বলেন: أمسى الجلابيب قد محزوا وقد كثروا - ابن الفريعة أمسى بعيضة البلد قد شكلت أمه من كنت صاحبه - أوكان منتشبا في برثن الاسد.
"চাদর পরিহিত লোকেরা শক্তিশালী হইয়া গিয়াছে, সংখ্যায় তাহারা এখন প্রচুর। ফুরায়আর পুত্র এখন শহরের অনন্য ব্যক্তিত্ব। তুমি যাহার সাথী তাহার মা নির্ঘাত সন্তানহারা অথবা সে পড়িয়াছে সিংহের পাঞ্জায়” (ইবন হিশাম, সীরাতুন্নবী, ৩খ, পৃ. ২০৫)।
হামনা বিন্ত জাহ্শ উম্মুল মুমিনীন হযরত যয়নাব বিন্ত জাহশের বোন। হযরত যয়নাব (রা) যেহেতু হযরত আইশা (রা)-র সতীন, তাঁহার কুৎসা রটনা করিলে বোনের রাস্তা পরিষ্কার হইয়া যাইবে, ইহাই তিনি মনে করিয়াছিলেন। মিস্তাহ হযরত আবূ বাক্‌র (রা)-এর খালাত ভাই। আর্থিক দুরবস্থার কারণে হযরত আবূ বাক্‌র (রা) তাহার ভরণ-পোষণ করিতেন (তারীখ তাবারী, ২খ., পৃ. ৬১৪, ৬১৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 অপবাদের প্রতিক্রিয়া

📄 অপবাদের প্রতিক্রিয়া


হযরত আইশা সিদ্দীকা (রা) মদীনায় প্রত্যাবর্তনের অব্যবহিত পর অসুস্থ হইয়া পড়েন এবং অসুস্থতার মেয়াদ ছিল প্রায় একমাস। এইদিকে লোকমুখে অপবাদ চর্চা অব্যাহত গতিতে চলিতে লাগিল। এমনকি ইহা রাসূলুল্লাহ (স), হযরত আবূ বাক্‌র (রা) ও হযরত আইশা (রা)-র মাতা উম্মে রূমান (রা)-এর কানে পর্যন্ত পৌঁছিল। কিন্তু হযরত আইশা (রা) এই ব্যাপারে কিছুই জানিতে পারিলেন না, কিন্তু রাসূলুল্লাহ (স)-এর আচরণের মধ্যে সামান্য পরিবর্তন লক্ষ্য করিলেন। রাসূলুল্লাহ (স) চিন্তাক্লিষ্ট হইয়া পড়িলেন, দিন দিন তাঁহার মানসিক কষ্ট বৃদ্ধি পাইতে লাগিল। পূর্বে হযরত আইশা (রা) রোগাক্রান্ত হইলে আল্লাহর রাসূল (স) যেইভাবে সহমর্মিতা ও আন্তরিকতা প্রদর্শন করিতেন, এইবার যেন তাহার কিছুটা ব্যতিক্রম হইতেছে, আইশা (রা)-র ইহা আর বুঝিতে বাকী রহিল না।
রাসূলুল্লাহ (স) হযরত আইশা (রা)-এর শুশ্রূষাকারীদের নিকট কেবল জিজ্ঞাসা করিতেন, সে কেমন আছে (كيف تيكم)। এমতাবস্থায় হযরত আইশা (রা) রাসূলুল্লাহ (স)-এর অনুমতি লইয়া সেবা ও শুশ্রূষা লাভ করিবার উদ্দেশ্যে পিত্রালয়ে চলিয়া যান। এক রাত্রিতে হযরত আইশা (রা) ও মিসতাহের মা (যিনি হযরত আবূ বাক্‌র (রা)-এর খালাত বোন ছিলেন) প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মদীনার দূর প্রান্তরে 'আল-মানাসী' নামক স্থানে যাইতেছিলেন। উল্লেখ্য যে, আরবের লোকেরা প্রাচীন যুগে বাড়ীর অভ্যন্তরে শৌচাগার নির্মাণে অভ্যস্ত ছিল না। হাঁটার সময় মিস্তাহের মা পরিধেয় বস্ত্রে হোঁচট খাইয়া বলিয়া উঠিলেন, 'মিসতাহের সর্বনাশ হউক' (تعس مسطح)! হযরত আইশা (রা) বলেন, তুমি তাহার সম্পর্কে এমন বিরূপ মন্তব্য কেন করিতেছ? সে তো হিজরতকারী এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে একজন। বৃদ্ধা জবাব দিলেন, হায়রে আবূ বাক্‌রের সরল মেয়ে! তুমি কি সংবাদটি এখনও পাও নাই? হযরত আইশা (রা) সংবাদটি কি জানিবার আগ্রহ প্রকাশ করিলে বৃদ্ধা ঘটনার আদ্যোপান্ত বর্ণনা দিলেন। ঘটনার আকস্মিকতায় হযরত আইশা (রা) বিহ্বল হইয়া পড়িলেন এবং রোগের প্রকোপ বৃদ্ধি পাইল। প্রাকৃতিক প্রয়োজন না সারিয়াই তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন। মিথ্যা কলংকের এই সংবাদে তিনি ভীষণভাবে ব্যথিত হইলেন। অপবাদের কথা জানিবার পর হযরত আইশা (রা) বলেন, আমি অন্তরে এমন দুঃখ পাইয়াছিলাম যে, মাঝে মধ্যে ভাবিতাম, কোন কূপে ঝাপ দিয়া আত্মহত্যা করিলে বোধ হয় বাঁচি (সহীহ বুখারী, ২খ., পৃ. ৫৯৪-৫)।
হযরত আইশা (রা) মা'কে বলিলেন, লোকেরা নানা কথা বলিতেছে অথচ আপনারা তাহার বিন্দুবিসর্গ কিছুই জানাইলেন না। মা জবাবে বলিলেন: يا بنية هوني عليك فو الله لقلما كانت إمراة قط وضية عند رجل يحبها ولها ضرائر إلا أكثرن عليها .
"বেটী! এই বিষয়টি লইয়া বেশী দুশ্চিন্তা করিওনা। কারণ সতীন আছে এমন স্বামীর অতি প্রিয় সুন্দরী নারীকে তাহার সতীনেরা বদনাম করিবে না, এমন খুব কমই হইয়া থাকে” (সহীহ বুখারী, ২খ., পৃ. ৫৯৫)।
ক্ষোভে, দুঃখে ও বেদনায় হযরত আইশা (রা)-র শরীরে কম্পন দেখা দিল। মা তাঁহার গায়ের উপর কাপড় জড়াইয়া দিলেন। সারারাত ধরিয়া তিনি অপবাদের আঘাতে অঝোর ধারায় কাঁদিতে লাগিলেন, এক মুহূর্তের জন্যও অশ্রুধারা বন্ধ হইল না, পানাহার ত্যাগ করিলেন; এইভাবে ভোর হইয়া গেল (সায়্যিদ সুলায়মান নদবী, সীরাতে আইশা, পৃ. ৯০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ (স)-এর জিজ্ঞাসাবাদ

📄 রাসূলুল্লাহ (স)-এর জিজ্ঞাসাবাদ


হযরত আইশা সিদ্দীকা (রা) যে নিষ্পাপ ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী এই কথা স্বীকৃত সত্য, তবুও অপবাদকারীদের মুখ বন্ধ করিবার জন্য পরামর্শ ও অনুসন্ধানের প্রয়োজন পড়ে। ওহী আসিতে বিলম্ব হওয়ায় রাসূলুল্লাহ (স) উসামা (রা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলেন। উসামা (রা) বলেন, হে আল্লাহ্র রাসূল! তিনি তো আপনার সহধর্মিনী। আপনার নবুওয়াতের মর্যাদার সহিত সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ তাঁহার চরিত্র। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের আদৌ কোন প্রয়োজন নাই। আমি তাঁহার সম্পর্কে উত্তম বৈ কিছুই জানি না (أهلك وما نعلم إلا خيرا)। তাই আপনি তাঁহাকে নিজের কাছেই রাখুন।
অতঃপর রাসূলুল্লাহ (স) হযরত আলী ইব্‌ন আবী তালিব (রা)-কে ডাকিয়া তাঁহার মত জানিতে চাহিলেন। তিনি রাসূলুল্লাহ (স)-এর দুঃখ-দুশ্চিন্তা ও উদ্বেগের কথা বিবেচনা করিয়া বলিলেন: يا رسول الله لم يضيق الله عليك والنساء سواها كثير سل الجارية تصدقك.
“হে আল্লাহর রাসূল! আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেন নাই। তিনি ছাড়া তো মেয়েলোক আরও আছে। আপনি গৃহপরিচারিকাকে জিজ্ঞাসা করুন। সেই আপনাকে সত্য কথা বলিয়া দিবে” (সহীহ বুখারী, ২খ., পৃ. ৫৯৫)।
ইবন হাজার আসকালানী (র) এই প্রসঙ্গে বলেন, আল্লাহ না করুন! হযরত আইশা (রা)-র পবিত্রতা ও সতীত্ব সম্বন্ধে হযরত আলীর বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এই মন্তব্য কেবল আল্লাহ্ রাসূল (স)-কে সান্ত্বনা দেওয়ার জন্য করিয়াছিলেন। দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত হইয়া যেন আল্লাহর রাসূল দাম্পত্য সম্পর্ক দ্রুত ছিন্ন না করেন, এইজন্য তিনি গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য রাসূলুল্লাহ (স)-কে পরামর্শ দেন। কারণ হযরত আলী (রা)-র নিশ্চিত বিশ্বাস ছিল যে, গৃহপরিচারিকা তাঁহার চেয়ে হযরত আইশা (রা)- এর চারিত্রিক সততা সম্পর্কে অধিকতর জ্ঞাত" (ফাতহুল বারী, ৮খ., পৃ. ৩৮৭)।
রাসূলুল্লাহ (স) গৃহপরিচারিকা বরীরাহকে ডাকিয়া আনিয়া বলিলেন: আমি যে আল্লাহ্‌ রাসূল এই কথার তুমি কি সাক্ষ্য দিতে পার? বরীরাহ জবাবে বলিল, হাঁ। রাসূলুল্লাহ (স) বলেন, তোমার নিকট আমি কতিপয় বিষয়ে জানিতে আগ্রহী; তুমি কিন্তু কোন তথ্য গোপন করিবে না। অন্যথায় আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে সকল কিছু অবহিত করাইবেন। বরীরাহ বলিল, আপনি অনুগ্রহ করিয়া প্রশ্ন করুন, আমি কোন কথা গোপন করিব না। রাসূলুল্লাহ (স) বারীরাহকে বলিলেন: اي بريرة هل رايت من ضيئ يريبك.
"হে বারীরাহ! তোমার সন্দেহের উদ্রেক হয় এমন কোন কাজ আমার পরিবারকে করিতে দেখিয়াছ কি"?
বারীরাহ জবাব দিল: والذي بعثك بالحق ما رأيت عليها امرا قط اغمضه غير انها جارية حديثة السن تنام عن عجين اهلها فتاتي الداجن فتاكله.
"আল্লাহর কসম! যিনি আপনাকে সত্য দীন সহকারে প্রেরণ করিয়াছেন। আমি তো আইশার মধ্যে কখনও কোন দোষই খুঁজিয়া পাই না। তবে হাঁ, তিনি অল্পবয়স্কা হওয়ার কারণে রুটর জন্য খামির তৈয়ার করিয়া ঘুমাইয়া পড়েন। তখন ছাগল আসিয়া তাহা খাইয়া ফেলে" (সহীহ বুখারী, ২খ., পৃ. ৫৯৬)।
ইন্ন কায়্যিম (র) লিখিয়াছেন, নেতৃস্থানীয় সাহাবায়ে কিরামের সম্মুখে বিষয়টি যখন আলোচিত হয় তখন হযরত আবু আয়্যুব আনসারী (রা), যায়দ ইব্‌ন হারিছা (রা)-সহ অন্যান্যরা বলেন, আল্লাহ পবিত্র মহান। ইহা তো এক গুরুতর অপবাদ (سُبْحَانَكَ هُذَا بُهْتَانٌ عظیم)। শাহ আবদুল হক মুহাদ্দিছ দেহলবী (র) সীরাত বিশেষজ্ঞদের মতামত উদ্ধৃত করিয়া লিখিয়াছেন, হযরত উমার ইবন খাত্তাব (রা) ও হযরত উছমান ইব্‌ন আফফান (রা) এই প্রসঙ্গে বলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ পাক আপনার স্ত্রীকে এইরূপ গর্হিত ও অপবিত্র কর্মে সম্পৃক্ত করিবেন, ইহা তো হইতে পারে না (জালালুদ্দীন সুয়ূতী, দুররুল মানছুর, ৫খ., পৃ. ৩৪; আবুল বারাকাত আবদুর রউফ দানাপুরী, আসাহহুস সিয়ার, পৃ. ১৩৭)। ইন্ন কাছীর লিখিয়াছেন, আবূ আয়্যুব খালিদ ইব্‌ন যায়দ আল- আনসারীকে একদা তাঁহার স্ত্রী বলিলেন, হে আয়্যুবের বাবা! শোন নাই, হযরত আইশার ব্যাপারে লোকেরা কি যেন কানাঘুষা করিতেছে? তিনি জবাবে বলিলেন: نعم فذلك الكذب اكنت فاعلة ذلك يا ام ايوب قالت لا والله ماكنت لا فعله قال فعائشة والله خير منك.
"হাঁ শুনিয়াছি, সব মিথ্যা। তুমি কি এইরূপ গর্হিত কর্ম করিতে পার, হে আয়্যুবের মা? তিনি বলিলেন, না, আল্লাহ্র কসম! এমন কাজ আমি করিতে পারি না। আয়্যুবের বাবা বলিলেনঃ আল্লাহ্র কসম! আইশা (রা) তোমার চেয়ে অনেক বেশী উত্তম মহিলা” (ইব্‌ন কাছীর, তাফসীরুল কুরআনিল-আযীম, ৩খ, ৩০১)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00