📘 সীরাত বিশ্বকোষ > 📄 সারিয়‍্যা 'উয়ায়না ইন্ন হিস্স আল-ফাযারী

📄 সারিয়‍্যা 'উয়ায়না ইন্ন হিস্স আল-ফাযারী


ইবনুল কায়্যিম বর্ণনা করিয়াছেন যে, হিজরী নবম সালের মুহাররাম মাসে/ ৬৩০ সালে রাসূলুল্লাহ (স) হযরত 'উয়ায়না ইব্‌ন হিস্স-এর নেতৃত্বে পঞ্চাশজন সাহাবীর একটি সারিয়‍্যা বানু তামীম গোত্রের উদ্দেশে প্রেরণ করেন। এই সারিয়‍্যাতে কোন মুহাজির ও আনসার সাহাবী শরীক ছিলেন না (তাবাকাত, ২খ., পৃ. ১৬০; আসাহহুস সিয়ার, পৃ. ২০৭)। কিন্তু বহু সংখ্যক ঐতিহাসিক ও সীরাতবিদের মতে এই সারিয়‍্যা অষ্টম হিজরীতে সংঘটিত হইয়াছিল। তাহাদের বর্ণনামতে রাসূলুল্লাহ (স) তায়েফ বিজয় করিয়া মদীনা মুনাওওয়ারায় প্রত্যাবর্তনের পরপরই এই সারিয়‍্যা প্রেরণ করেন (হযরত মুহাম্মদ মুস্তফা (স) : সমকালীন পরিবেশ ও জীবন, পৃ. ৮২৯)। বানু তামীমের অবস্থান ছিল সুক্‌য়া (سقيا) নামক অঞ্চলে। ইহা আল-জুহফা (الجحفة) হইতে প্রায় সতের মাইল দূরত্বে অবস্থিত। এই অঞ্চলটি মদীনা মুনাওওয়ারা হইতে দক্ষিণে (সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ১৩৫)।

এই সারিয়‍্যা প্রেরণের প্রেক্ষাপট ছিল এই যে, রাসূলুল্লাহ (স) হযরত বিশর ইব্‌ন সুফ্য়ান (بشر بن سفیان) আল-আদাবীবোনু খুযা'আ গোত্রে (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৪৯), মতান্তরে বানু কা'ব গোত্রে (আসাহহুস সিয়ার, পৃ. ৩০৭) যাকাত আদায় করিবার জন্য প্রেরণ করেন। এই গোত্রের পাশাপাশি একই জলাশয়ের ধারে বানু তামীমও বাস করিত। তাহারা বানু কা'ব/বানু খুযা'আকে যাকাত না দেওয়ার জন্য প্ররোচিত করিল। তাহারা বলিল, আল্লাহ্র শপথ! একটি উটও যাইতে দিব না। তাহারা সাহাবী বিশর ইব্‌ন সুফয়ানকে বাধা প্রদান করিল এবং অস্ত্রে সজ্জিত হইয়া তাঁহাকে আক্রমণ করিতে পর্যন্ত উদ্যত হইল। অনন্যোপায় হইয়া তিনি মদীনা মুনাওওয়ারায় ফিরিয়া আসিলেন। বানু তামীমের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ অবগত হইয়া রাসূলুল্লাহ (স) তাহাদিগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ৫০ জন অশ্বারোহীসহ হযরত 'উয়ায়না ইব্‌ন হিস্স (عيينة من حصن)-কে প্রেরণ করেন (সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২৩৪)।

'উয়ায়না ইব্‌ন হিস্স (রা) রাত্রিবেলা বাহিনীসহ বানু তামীমের মরূদ্যানে আসিয়া পৌঁছেন এবং অতর্কিত আক্রমণ করিয়া তাহাদিগকে পরাস্ত করেন। বানু তামীমের ১১ জন পুরুষ, ২১ জন মহিলা ও ৩০ জন বালক-বালিকা মুসলমানদের হাতে বন্দী হয়। তাহারা বন্দীদেরকে লইয়া মদীনা মুনাওওয়ারায় ফিরিয়া আসেন। বন্দীদেরকে রামালা বিনতুল হারিছ (রা)-র গৃহে আটক রাখা হয় (আসাহহুস সিয়ার, পৃ. ৩০৭)।

বন্দীদের মুক্তির জন্য বানু তামীমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (স)-এর খেদমতে হাযির হইল। তাহাদের সংখ্যা ছিল ১০ জন (সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ১৩৪), মতান্তরে ৭০ হইতে ৯০ জন (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৪২)। এই প্রতিনিধি দলে বানু তামীমের নিম্নোক্ত সর্দারগণ অন্তর্ভুক্ত ছিল : 'উতারিদ ইব্‌ন হাজিব, যিবরিকান ইব্‌ন বদর, 'আমর ইব্‌ন আল-আহতাম, কায়স ইব্‌ন আসিম, আকরা' ইব্‌ন হাবিস, নু'আয়ম ইব্‌ন সা'দ, রাবাহ ইবনুল হারিছ, হিজাব ইব্‌ন ইয়াযীদ প্রমুখ (আসাহহুস সিয়ার, পৃ. ৩০৭; সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২৩৪)।

বানু তামীম ছিল অশিক্ষিত গোঁয়ার। ইহারা ছিল অভদ্র। ইহারা যখন মদীনায় আসিয়া পৌঁছিল তখন দ্বিপ্রহর। যুহরের নামাযের জামা'আত অত্যাসন্ন। হযরত বিলাল (রা) মসজিদে আযান দিয়াছেন। রাসূলুল্লাহ (স) গৃহাভ্যন্তরে নামাযের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। রাসূলুল্লাহ (স)-এর আগমনে বিলম্ব হইতেছে দেখিয়া তামীম গোত্র তাঁহার বাঁড়ির বাহিরে দাঁড়াইয়া ককর্শ স্বরে তাঁহাকে ডাকিতে লাগিলঃ "মুহাম্মাদ! মুহাম্মাদ!! বাড়ীতে আছ কি? বাহির হইয়া আস। আমরা তোমাকে আমাদের গৌরবপূর্ণ যশগাথা গাহিয়া শুনাইব। তোমার সহিত কাব্য প্রতিযোগিতায় অবতীর্ণ হইব। জানিয়া রাখিও, আমাদের প্রশংসা যেমনি সুন্দর, নিন্দাবাদও তেমনি জঘন্য" (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৫০; সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২৩৪)। তাহাদের এই অভদ্রোচিত ডাক শুনিয়া রাসূলুল্লাহ (স) ভীষণ মনঃকষ্ট পাইলেন। মহান আল্লাহ্র নিকটও ইহা অত্যন্ত অপসন্দনীয় হইল। ইহাদের সম্বন্ধে অবতীর্ণ হয় সূরা হুজুরাতের নিম্নোক্ত আয়াত:

إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ. وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَهُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ.

"যাহারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে, তাহাদের অধিকাংশই নির্বোধ, তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত, তাহাই উহাদের জন্য উত্তম হইত। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু" (৪৯:৪-৫; তাফসীর রূহুল মা'আনী, ১৪খ., পৃ. ২১২; ইব্‌ন হিশাম, ৪খ., পৃ. ১৪৬-১৪৭)।

রাসূলুল্লাহ (স) নামাযের জন্য প্রস্তুত হইয়া হুজরা হইতে বাহিরে তাশারীফ আনিলেন। নামায শেষে তামীম গোত্রের প্রতিনিধিদলের সঙ্গে তাঁহার আলাপ-আলোচনা হয়। প্রথমে তামীম গোত্রের পক্ষে তাহাদের বাগ্মী ও কবি তাহাদের গৌরব বর্ণনা করিয়া বক্তৃতা দেন ও কবিতা আবৃত্তি করেন। অতঃপর কবি হাসান ইন্ন ছাবিত (রা) রাসূলুল্লাহ (স)-এর নির্দেশে তামীম গোত্রের বক্তব্যের জবাব কবিতায় প্রদান করেন। অতঃপর তামীম গোত্রের নেতৃবৃন্দ স্বীকার করে যে, তাহাদের বক্তব্য অনক সুন্দর ও তাৎপর্যপূর্ণ। ইন্ন ইসহাক সারিয়্যা ইবন 'উয়ায়না ও বানু তামীমের প্রতিনিধিদলের মদীনায় আগমনের ঘটনা দুইটিকে ভিন্ন ভিন্ন স্থানে পৃথকভাবে উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন যে, রাসূলুল্লাহ (স) 'উয়ায়না ইন্ন হিস্স-এর সারিয়‍্যাকে বানু তামীমের একটি ক্ষুদ্র শাখাগোত্র বানু আনবার-এর উদ্দেশ্যে প্রেরণ করেন। তিনি সেখানে পৌঁছিয়া হামলা করেন এবং কিছু নারী ও পুরুষকে বন্দী করিয়া মদীনায় লইয়া আসেন।

অতঃপর তাহাদের মুক্তির ব্যাপারে আলোচনা করিবার জন্য বানু তামীমের একটি প্রতিনিধি দল মদীনায় রাসূলুল্লাহ (স)-রখেদমতে উপস্থিত হয়। রাসূলুল্লাহ (স) তাহাদের বন্দীদেরকে নিঃশর্তভাবে মুক্ত করিয়া দেন আর কতিপয় বন্দীকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেন। বানু তামীমের প্রতিনিধি দলে নিম্নোক্ত ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিল: রাবী'আ ইবন রাফে, সাবুরা ইন্ন 'আমর, কা'কা' ইব্‌ন মাবাদ, ওয়ারদান ইন্ন মুহরিয, কায়স ইব্‌ন 'আসিম, মালিক ইব্‌ন 'আমর, আকরা' ইব্‌ন হাবিস, ফিরাস ইব্‌ন হারিছ প্রমুখ। "আসাহহুস সিয়ার" গ্রন্থের লেখকের মতানুযায়ী ঘটনা দুইটি বানু তামীমের একই প্রতিনিধিদল সম্বন্ধে (আসাহহুস সিয়ার, পৃ. ৩১০)।

বানু তামীম গোত্র ইসলাম গ্রহণ করিয়া রাসূলুল্লাহ (স) সমীপে আরয করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্য হইতে আমাদের জন্য একজন আমীর নির্ধারণ করিয়া দিন। উপস্থিত সাহাবাদিগের মধ্য হইতে হযরত আবূ বাকর সিদ্দীক (রা) কা'কা' ইব্‌ন হারিছের নাম প্রস্তাব করিলেন। হযরত উমার (রা) প্রস্তাব করিলেন আকরা' ইব্‌ন হাবিসের নাম। ইহা লইয়া উভয়ের মধ্যে মজলিসেই কথা কাটাকাটি হইল। শেষ পর্যন্ত বিতর্ক বিবাদের পর্যায়ে পৌঁছিয়া গেল এবং উভয়ের কণ্ঠস্বর সরগরম হইল। রাসূলুল্লাহ (স) হযরত আবূ বাকর (রা)-এর প্রস্তাব সমর্থন করিলেন। ইহার প্রেক্ষিতে সূরা হুজরাতের নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়:

يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَى اللهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرَ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولَ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللهُ قُلُوبُهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ.

"হে মু'মিনগণ! আল্লাহ ও তাঁহার রাসূলের সমক্ষে তোমরা কোন বিষয়ে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় কর; আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মু'মিনগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বল তাহার সহিত সেইরূপ উচ্চস্বরে কথা বলিও না। কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে তোমাদের অজ্ঞাতসারে। যাহারা আল্লাহ্র রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নীচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন। তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার" (৪৯: ১-৩; রূহুল মা'আনী, ১৪খ., পৃ. ২০১)।

টিকাঃ
(১) ইব্‌ন কাছীর, তাফসীরুল কুরআনিল 'আযীম, আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরূত ১৯৯৫ খৃ., সূরাতুল হুজুরাত ও উহার তাফসীর দ্র.; (২) আল্লামা আলুসী, রূহুল মা'আনী, দারুল ফিকর, বৈরূত, ১৪খ., পৃ. ২০১, সূরাতুল হুজুরাত-এর তাফসীর দ্র.; (৩) ইব্‌ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, দারুল মা'রিফা, বৈরূত ১৯৯৭ খৃ., ৫খ., পৃ. ৪৫; (৪) ইব্‌ন কাছীর, আস-সীরাতুন নাবাবিয়্যা, দারুল ফিকর, বৈরূত ১৯৭৮ খৃ., দ্বিতীয় সং, ৪খ., পৃ. ৭৯; (৫) ইদরীস কান্ধলাবী, সীরাতুল মুস্তাফা, আশ্রাফী বুক ডিপো., দিল্লী তা. বি., ৩খ., পৃ. ৭৪; (৬) আবদুর রউফ দানাপুরী, আসাহহুস সিয়ার, মাকতাবায়ে থানবী, দেওবন্দ তা. বি., পৃ. ৩০৭; (৭) ইব্‌ন হিশাম, আস্-সীরাতুন নাবাবিয়্যা, আল-মাকতাবাতুত্-তাওফীকিয়‍্যা, মিসর, তা. বি,. ৪খ., পৃ. ১৪৬-১৫২; (৮) মুহাম্মাদ রিদা, মুহাম্মাদ রাসূলুল্লাহ, দারুল কুতুবিল 'ইলমিয়‍্যা, বৈরূত ১৯৭৫ খৃ., পৃ. ৩৩৩; (৯) শিবলী নু'মানী, সীরাতুন-নবী, দারুল ইশা'আত, করাচী ১৯৮৪ খৃ., ২খ., পৃ. ২৮; (১০) ইব্‌ন সায়্যিদিন নাস, 'উয়ুনুল আছার, দারুল মা'রিফা, বৈরূত তা. বি,. ২খ., পৃ. ২০৩।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সারিয়‍্যা কুতবা ইবন 'আমের

📄 সারিয়‍্যা কুতবা ইবন 'আমের


নবম হিজরীর সফর মাসে/ ৬৩০ খৃ. রাসূলুল্লাহ (স) হযরত কুত্বা ইবন 'আমের (রা)-এর নেতৃত্বে একটি সারিয়‍্যা খাছ'আম গোত্রের উদ্দেশ্যে প্রেরণ করেন। সৈন্যসংখ্যা বিশজন, বাহন হিসাবে দশটি উট অর্থাৎ প্রতি দুইজন সৈন্যের জন্য একটি উট (আসাহহুস সিয়ার, পৃ. ৩১১)।

খাছ'আম গোত্রের আবাদী ছিল তিহামা (تهامة) মরু অঞ্চলের তাবালাহ (تباله)-এর নিকটবর্তী একটি এলাকা, ইয়ামানে যাওয়ার পথে অবস্থিত (মুহাম্মাদ রাসূলুল্লাহ, পৃ. ৩৩৪)। তবে ইবন সায়্যিদিন নাসের বর্ণনামতে ইহা তুরাবাহ (ترابه) অঞ্চলের নিকট বীশা (بيشة) এলাকায় অবস্থিত ছিল ('উযূনুল আছার, ২খ., পৃ. ২০৬)।

কুতবা ইন্ন 'আমের (রা) শত্রু এলাকায় পৌঁছিয়া স্থানীয় এক ব্যক্তিকে আটক করিয়া তাহার কাছে খাছ'আমের অবস্থান জানিতে চাহিলেন। কিন্তু লোকটি 'মুক' সাজিয়া গেল, কোন কথাই বলিল না। কিন্তু পরক্ষণেই লোকটি সময়-সুযোগ বুঝিয়া চিৎকার করিয়া কওমের লোকদেরকে ডাকিয়া মুসলমানদের আগমন সম্বন্ধে সতর্ক করিতে লাগিল। মুসলমানগণ তাহার এই প্রতারণার দরুন তাহাকে হত্যা করে। অতঃপর কুতবা (রা) বাহিনীসহ সেখানেই অবস্থান করিলেন (সীরাতে মুস্তাফা, ৩খ., পৃ. ৮০)।

রাত্রিবেলা কতুবা (রা) খাছ'আমীদের উপর হামলা করিলেন। প্রচণ্ড লড়াই হইল। উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হইল। পরিশেষে মুসলমানদের বিজয় হইল। তাহারা খাছ'আমের বহু নারী-পুরুষ ও গবাদী পশু আটক করিয়া মদীনায় লইয়া আসিলেন। রাসূলুল্লাহ (স) গনীমত হইতে খুমুস্ পরিশোধের পর অবশিষ্ট গনীমত মুজাহিদদের মাঝে বন্টন করিয়া দিলেন। প্রত্যেক মুজাহিদ চার-চারটি করিয়া উট ভাগে পাইলেন। গনীমত বণ্টনের সময় দশটি ছাগল একটি উটের সমমান নির্ধারিত হয় (সীরাতে মুস্তাফা, ৩খ., পৃ. ৮০)।

অধিকাংশ সীরাতবিদ লিখিয়াছেন যে, এই যুদ্ধে সেনাপতি হযরত কুতবা ইবন 'আমের (রা) রণাঙ্গনে শত্রুর হাতে শাহাদাত বরণ করেন। কিন্তু ইবন হাজার ইব্‌ন হাতিমের সূত্রে লিখিয়াছেন যে, কুতবা (রা) রাসূলের ওফাতের পরও দীর্ঘকাল জীবিত ছিলেন এবং উমার (রা)-এর খেলাফতকালে ইন্তিকাল করেন। ইবন হিব্বানের বর্ণনামতে তিনি হযরত উছমান (রা)-এর খেলাফত কালে ইনতিকাল করেন (আসাহহুস সিয়ার, টীকা ২, পৃ. ৩১১)।

আল্লামা ইবনুল কায়্যিম (রা) যাদুল মা'আদ (২খ., পৃ. ২০৩)-এ লিখিয়াছেন, এই যুদ্ধের ঘটনায় এই কাহিনীও বর্ণিত আছে যে, মুসলমান সৈন্যগণ যখন খাছ'আমীদের আটককৃত নারী ও গবাদী পশু লইয়া মদীনা অভিমুখে ফিরিতেছিল, তখন কতিপয় খাছ'আমী যোদ্ধা তাহাদের পশ্চাদ্ধাবনের চেষ্টা করে। তখন অলৌকিকভাবে এক সয়লাব তাহাদের ও মুসলমানদের মাঝে বাধা হইয়া দাঁড়ায়। খাছ'আমীগণ এই পানির স্রোত অতিক্রম করিতে না পারিয়া অপর প্রান্তেই দাঁড়াইয়া রহিল এবং শুধু তাকাইয়া দেখিল, মুসলমানগণ তাহাদের নারী ও গবাদী পশু সম্পদগুলি নির্বিঘ্নে মদীনার দিকে হাঁকাইয়া লইয়া যাইতেছে।

টিকাঃ
(১) ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যা, যাদুল মা'আদ, দারুল মা'রিফা, বৈরূত তা. বি., ২খ., পৃ. ২০৩; (২) ইব্ন সায়্যিদিন নাস, 'উয়ূনুল আছার, দারুল মা'রিফা, বৈরূত তা. বি., ২খ., পৃ. ২০৬; (৩) মুহাম্মাদ রিদা, মুহাম্মাদ রাসূলুল্লাহ (স), দারুল কুতুবিল 'ইলমিয়্যা, বৈরূত ১৯৭৫ খৃ., পৃ. ৩৩৪ (৪) ইদরীস কান্ধলাবী, সীরাতুল মুস্তাফা, রব্বানী বুক ডিপো, দিল্লী ১৯৮২, ২খ., পৃ. ২৪১; (৫) আবদুর রউফ দানাপুরী, আসাহহুস সিয়ার, মাকতাবায়ে থানবী, দেওবন্দ, পৃ. ৩১১।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সারিয়‍্যা দাহ্হাক ইন্ন সুফ্যান

📄 সারিয়‍্যা দাহ্হাক ইন্ন সুফ্যান


নবম হিজরীর রবীউল আওয়াল মাসে নাজদের সন্নিহিত এলাকায় অবস্থিত কিলাব গোত্রের জনগণকে ইসলামের দাওয়াত প্রদান ও তাহাদের নিকট হইতে যাকাত সংগ্রহের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (স) একটি সেনা অভিযান প্রেরণ করেন। কিলাব গোত্রের অকুতোভয় বীর সেনানী হযরত দাহ্হাক ইব্‌ন সুফয়ান ইব্‌ন আওফ কিলাবীর উপর এই অভিযানের নেতৃত্ব অর্পিত হয়। আসাদ ইব্‌ন সালামা নামক এক সাহাবী তাঁহার সহযোদ্ধা ছিলেন। কিলাব গোত্রের জনগণ ইসলাম গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে এবং নানা তীর্যক মন্তব্য করিয়া মুসলমানদের অপমানিত করে। ফলে সংঘর্ষ অনিবার্য হইয়া উঠে। যুজ্ (رع) নামক এলাকায় যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম সেনাবাহিনীর তীব্র প্রতিরোধ ও প্রচণ্ড আক্রমণের মুখে কিলাব গোত্রের অমুসলিম সদস্যগণ যুদ্ধক্ষেত্র হইতে পালাইয়া যায়। যুদ্ধের ময়দানে রুখ নামক একটি কূপ ছিল। লড়াই চলাকালীন সেই কূপের নিকটেই উসায়দ (اسید) ইব্‌ন সালামা তাঁহার পিতা সালামার দেখা পান। সালামা তখন ঘোড়ার উপর সওয়ার ছিলেন। উসায়দ তাঁহার পিতা সালামাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়া নিরাপত্তার আশ্বাস দিলেন। কিন্তু ইসলাম গ্রহণ তো দূরের কথা, সালামা উল্টা তাঁহার ছেলে উসায়দ ও তাঁহার দীনের বিরূপ সমালোচনা করিতে থাকে। তীব্র উত্তেজনায় উসায়দ শাণিত তরবারি দিয়া পিতার ঘোড়ার পায়ে আঘাত করিলে ঘোড়াটি মাটিতে লুটাইয়া পড়ে এবং সালামা রুখ (ع) নামক কূপে পতিত হয়। ঠিক সেই মুহূর্তে একজন মুসলিম যোদ্ধা আগাইয়া আসিয়া তরবারির আঘাতে সালামাকে হত্যা করিলেন। উসায়দ (রা) নিজ হস্তে পিতাকে হত্যা করেন নাই। যুদ্ধশেষে হযরত দাহ্হাক ইব্‌ন সুফ্য়ান (রা) বিপুল সংখ্যক যুদ্ধলব্ধ দ্রব্যসামগ্রী (গনীমত) লইয়া মদীনায় প্রত্যাবর্তন করেন (যাদুল মা'আদ, ২খ., পৃ. ২০৩; তাহযীবুত তাহযীব, ৪খ., পৃ. ৪৪৪; 'উয়ূনুল আছার, ২খ., পৃ. ২৩৯; মুখতাসারু সীরাতির রাসূল, পৃ. ৫০১; সীরাতুল মুসতাফা, ২খ, পৃ. ২৪০; আত-তাবাকাতুল কুবরা, ২খ., পৃ. ১১৭; আসাহহুস সিয়ার, পৃ. ৩১১-১২)।

রাসূলুল্লাহ (স) দাহ্হাক ইব্‌ন সুফ্য়ান (রা)-এর নেতৃত্বে অভিযান প্রেরণের সময় কিলাব গোত্রের নিকট ইসলাম গ্রহণের দাওয়াত সম্বলিত একটি পত্র লিখিয়াছিলেন। কিন্তু গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ তো দূরের কথা, পত্রটি পানিতে ধৌত করিয়া পানি ভর্তি বালতির তলায় চুবাইয়া রাখে। এই সংবাদ রাসূলুল্লাহ (স)-এর নিকট পৌঁছিলে তিনি মন্তব্য করেন: তাহাদের কি হইল, আল্লাহ তা'আলা কি তাহাদের জ্ঞান-বুদ্ধি বিলুপ্ত করিয়া দিয়াছেন! রাসূলুল্লাহ (স)-এর মন্তব্যের পর কিলাব গোত্রের একটি লোকের মস্তিষ্কও সুস্থ রহিল না। সকলেই অপ্রকৃতস্থ হইয়া পড়ে। এমনকি অনেকের বাকশক্তি রহিত হইয়া যায়, বোবার মত আচরণ করিতে থাকে। কেহ তাহাদের কথা বুঝিতে সক্ষম হইত না (সীরাতু হালাবিয়া, ৬খ., পৃ. ১০১)।

সামসাময়িক কালের প্রখ্যাত আরব কবি 'আব্বাস ইবন মিরদাস আস-সুলামী সারিয়্যা দাহ্হাক ইবন সুফ্য়ানের উপর মন্তব্য করিয়া বলেনঃ

ان الذين وفوا بما عاهدتهم + جيش بعثت عليهم الضحاكا امرته ضرب النسان كانه + لما تكشفنه العدو براكا طورا يعانق باليدين وتارة + يفرى الجماجم حازما مناكا.

“নিশ্চয় যাহারা আপনার সহিত কৃত অঙ্গীকার পূর্ণ করিয়াছে তাহারা তো সেই বাহিনী যাহাদের নেতৃত্বের ভার দিয়া পাঠাইয়াছিলেন দাহ্হাককে।

যাহাকে আপনি আমীর বানাইয়াছেন তিনি সুদক্ষ সমরকুশলী; শত্রু যখন তাঁহাকে বাধ্য করে তখন যেন তিনি প্রত্যাবর্তন করেন।

কখনও তিনি দুই হাত দিয়া আলিঙ্গন করেন, আর কখনও প্রচণ্ড নিশ্চিত আঘাতে কর্তন করিয়া দেন মস্তকসমূহ” (ইবনুল আছীর, উসদুল গাবা, ৩খ., পৃ. ৭৫)।

হযরত দাহ্হাক ইবন সুফ্য়ান ইব্ন ‘আওফ আল-আমেরী আল-কিলাবী ছিলেন রাসূলুল্লাহ (স)-এর প্রিয় সাহাবী ও দেহরক্ষী। তাঁহার গোত্রের যাহারা ইসলাম কবুল করিয়াছিল তিনি তাহাকে তাহাদের প্রশাসক নিয়োগ করেন।

টিকাঃ
(১) ইব্‌ন কায়্যিম আল-জাওযী, যাদুল মা‘আদ, দারুল কুতুবিল আরাবী, বৈরুত, তা. বি., ২খ., পৃ. ২০০; (২) ইব্‌ন হাজার আল-‘আসকালানী, তাহযীবুত তাহযীব, আল-মাকতাবাতুত তাওফীক্বীয়্যাহ, ১‍১ম সং, লাহোর ১৩২৫ হি, ৪খ., পৃ. ৮৪৪; (৩) আবদুল্লাহ ইব্‌ন শায়েখ মুহাম্মাদ ইব্‌ন আবদুল ওয়াহ্হাব, মুখতাসারু সীরাতির রাসূল, মাকতাবাতুদ্দ দারিস সালাম, ১‍ম সং, রিয়াদ ১৪১৪/১৯৯৪ খৃ.; পৃ. ৫০১; (৪) ইদরীস কান্দলাবী, সীরাতুল মুস্তফা, রব্বানী বুক ডিপো, দিল্লী ১৯৯৫ খৃ., ২খ., পৃ. ২৪০; (৫) আবুল বারাকাত আবদুর রউফ দানাপুরী, আসাহ্হুস সিয়ার, দারুল ইশা‘আত, কলিকাতা ১৩৫১/১৯৩২, পৃ. ৩১১-১২; (৬) ইব্‌ন সাইয়্যিদিন্নাস, ‘উয়ূনুল আছার ফী ফুনূনিল মাগাযী ওয়াশ-শামাইল ওয়াস-সিয়ার, মুআসসাসাতু ইয্‌য়্যিদ্দীন, বৈরুত, ১‍ম সং ১৪০৬/১৯৮৬, ২খ., পৃ. ২০৯; (৭) ইবনুল আছীর, উসদুল গাবা, দার ইহইয়াউত তুরাছিল আরাবী, বৈরুত, তা. বি., ৩খ., পৃ. ৭৪; (৮) ইব্‌ন আবদিল বার্‌র, আল-ইসতী‘আব, দারুল জাবাল, ১‍ম সং, বৈরুত ১৪১৩/১৯৯০, ২খ., পৃ. ৭৪২; (৯) আশিক ইলাহী মিরাঠী, তারিখ-ই ইসলাম, দারুল কিতাব, দেওবন্দ ১৩০০ হি, ৪খ., পৃ. ৩৪৩; (১০) ড. রউফ ইকবাল, আহদে নববীকে গাযওয়া ওয়া সারাঈয়া, ইসলামিক পাবলিকেশন্স লিমিটেড, ১ সং, লাহোর ১৯৮৪ খৃ., পৃ. ২০৫; (১১) আলী ইব্‌ন বুরহানউদ্দীন হালাবী, সীরাতু আল-হালাবিয়্যা, কুতুবখানা কাসেমী, দেওবন্দ ১৩৮৮/১৯৬৯, ৬খ., পৃ. ১০১।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সারিয়‍্যা 'আলকামা ইন্ন মুজাযযি আল-মুদলিজী

📄 সারিয়‍্যা 'আলকামা ইন্ন মুজাযযি আল-মুদলিজী


৮ম হিজরী রাবীউল আখির মাস। আবিসিনিয়ার সমুদ্রতীরে জুদ্দা নামক একটি বসতি ছিল। মদীনায় একটি সংবাদ পৌছিল যে, জুদ্দার একদল আক্রমণকারী নৌকাযোগে জিদ্দায় অবতরণ করিতেছে। আক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে তিন শত মুজাহিদের একটি বাহিনী হযরত 'আলকামা ইব্‌ন মুজাযযিীযের অধিনায়কত্বে প্রেরিত হইল। মুজাহিদ বাহিনী সমুদ্রবক্ষে একটি দ্বীপে অবতরণ করিল। সংবাদ পাইয়া শত্রুদল পলায়ন করিল আর মুজাহিদ বাহিনীও মদীনার পথে রওয়ানা হইল। পথে এক স্থানে তাহারা শিবির স্থাপন করিল। অধিনায়ক বাহিনীকে অগ্নি প্রজ্জ্বলনের আদেশ দিলেন। দাউ দাউ করিয়া অগ্নি প্রজ্জ্বলিত হইলে অধিনায়ক 'আলকামা সৈন্যদিগকে আদেশ করিলেন, "তোমাদের মধ্যে কে আছে এই অগ্নিতে ঝাঁপ দিতে পারে"? কতিপয় সৈনিক কাপড়-চোপড় সামলাইয়া অগ্নিতে ঝাঁপ দিতে উদ্যত হইলে তিনি বলিলেন, ক্ষান্ত হও। আমি তোমাদিগকে উপহাসচ্ছলে এইরূপ আদেশ করিয়াছি। অতঃপর বাহিনী মদীনায় প্রত্যাবর্তন করিল। মহানবী (স)-এর খেদমতে ঘটনাটি বর্ণনা করা হইলে তিনি বলিলেন, "যদি তোমরা উহাতে প্রবেশ করিতে তবে কখনও আর তাহা হইতে বাহির হইতে পারিতে না"। অতঃপর তিনি বলিলেন, "আল্লাহর নাফরমানীমূলক কাজে কখনও নেতার আদেশের অনুসরণ করিতে নাই"। অপর এক বর্ণনায় আসিয়াছে, "নেতাদের কেহ যদি তোমাদিগকে আল্লাহ বিরোধী কাজের আদেশ দেন তাহা হইলে তোমরা তাহার আদেশ পালন করিও না” (ইব্‌ন হিশাম, সীরাতুন নবী, ২খ., পৃ. ৮৭৫; ইব্‌ন সা'দ, আত-তাবাকাতুল কুবরা, ২খ., পৃ. ১৬৩; ইব্‌ন সায়ি‍্যদিন নাস, উয়ূনুল আছার, ২খ., পৃ. ২৫৭)।

টিকাঃ
(১) ইব্‌ন হিশাম, সীরাতুন নবী, ইতেকাদ পাবলিশিং হাউস, সুইওয়ালান, দিল্লী, আগস্ট ১৯৮২; (২) ইব্‌ন সা'দ, আত-তাবাকাতুল কুবরা, দারু সাদের, বৈরূত; (৩) ইব্‌ সায়্যিদিন নাস, উয়ূনুল আছার, দারুল কালাম, বৈরূত ১৯৯৩ খৃ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00