📄 সারিয়্যা সাঈদ ইব্ন যায়দ আল-আশহালী
ইবন হিশামসহ কতিপয় ঐতিহাসিকের মতানুসারে মক্কা ও মদীনার মধ্যস্থলে কুদায়দ অঞ্চলে আওস ও খায়রাজের উপাস্য দেবতা মানাত-এর বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ইবন সা'দ, শায়খ আবদুল হক প্রমুখের অভিমত অনুসারে মুশাল্লাল নামক স্থানে আওস, খাযরাজ ও গাস্সান গোত্রের উপাস্য দেবতা মানাতের বিগ্রহ স্থাপিত ছিল (মাদারিজুন নুবুওয়াহ, ২খ., পৃ. ৫১১; তাবাকাত, ২খ., পৃ. ১৪৬)। অষ্টম হিজরীর রমযান মাসে পবিত্র মক্কা নগরী বিজয়ের পর মহানবী (স) হযরত সাঈদ ইব্ন যায়দের নেতৃত্বে বিশজন অশ্বারোহী সৈনিকের একটি বাহিনী মানাত বিগ্রহ ধ্বংস করার উদ্দেশ্যে প্রেরণ করিলেন। সাঈদ ইবন যায়দ যখন সেখানে উপস্থিত হইলেন এবং পুরোহিতের সহিত সাক্ষাত করিলেন, তখন অভিযানের উদ্দশ্যে অবগত হইয়া পুরোহিত বলিল, "যাও, মানাত! তোমার রোষের প্রতিফলন দেখাইয়া দাও"। ইবন সায়্যিদিন নাস উল্লেখ করিয়াছেন, ওহে মানাত! আমাদের মধ্যে কিছু বৈরী লোক আছে যাহারা তোমার অপ্রিয়ভাজন ও বিরুদ্ধবাদী। হজরত সাঈদ বিগ্রহের নিকটবর্তী হইলে দেখিতে পাইলেন, একটি নগ্ন কৃষ্ণকায়া নারী আলুলায়িত কেশে সম্মুখে আসিয়া উপস্থিত হইল এবং নিজের বক্ষ চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ! হায় সর্বনাশ!! হযরত সাঈদ অসির আঘাতে তাহাকে ছিন্নভিন্ন করিয়া ফেলিলেন। অতঃপর সম্মুখে অগ্রসর হইয়া আঘাত হানিয়া বিগ্রহটিকে চুরমার করিয়া দিলেন। কোষাগারে হানা দিয়া দেখিলেন, কোষাগার একেবারেই শূন্য। অতঃপর তিনি মহানবী (স)-এর দরবারে ফিরিয়া আসিলেন (মাদারিজুন্ নুবুওয়াহ, ২খ., পৃ. ৫১১; তারীখে তাবারী, (উর্দু), ১খ., পৃ. ৪০৬; যাদুল মা'আদ, ২খ., পৃ. ৩৪৯; উয়ূনুল আছার, ২খ., পৃ. ২৩৪)।
📄 গাযওয়া তায়েফ
হুনায়নের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে পরাজিত হাওয়াযিন ও ছাকীফ গোত্রের একটি দল পলায়ন করিয়া তায়েফে চলিয়া যায়। তাহাদের সরদার মালিক ইব্ন আওফও ছিল সেই পলাতক দলের অন্তর্ভুক্ত। এই দিকে রাসূলুল্লাহ (স) স্বয়ং একটি বাহিনী লইয়া তায়েফে উপস্থিত হইয়া যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। এই যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয় (আসাহ্হুস সিয়ার, পৃ. ২৫৩)।
হাওয়াযিনদের মত ছাকীফ গোত্রের লোকজনও যেমন ছিল অভিজাত, তেমনই ছিল যোদ্ধা। তীর নিক্ষেপে তাহারাও ছিল হাওয়াযিনদের মত বিখ্যাত। তাহাদের একটি মযবুত ও সুরক্ষিত দুর্গ ছিল। পলাতক হাওয়াযিন নেতা তাহার সৈন্যদলসহ ছাকীফ গোত্রের লোকজনের সংগে মিলিত হইয়া মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন শুরু করিল। তাহারা তাহাদের দুর্গটি পুনরায় সংস্কার করিয়া এক বৎসরের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রণসম্ভার সংগে লইয়া উহাতে প্রবেশ করিল। দুর্গের চতুর্দিকে ভারি ভারি পাথর নিক্ষেপ করার জন্য 'মিনজানীক' নামক ক্ষেপণাস্ত্র এবং ইহা ব্যবহার করার জন্য সিদ্ধহস্ত সৈন্য মোতায়েন করিল। উপরন্তু তাহারা বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ করিল (তারীখুল খামীস, ২খ., পৃ. ১২২; হযরত মুহাম্মদ মুস্তফা (স): সমকালীন পরিবেশ ও জীবন, পৃ. ৮১৫)।
ইবন সা'দ লিখিয়াছেন, রাসূলুল্লাহ্ (স) তায়েফ যুদ্ধের সংকল্প করিলে তুফায়ল ইব্ন আমর আদ্-দাওসীকে 'যুল-কাফফায়ন'-এর দেবালয় ধ্বংস করিবার জন্য প্রেরণ করিলেন। ইহা ছিল আমর ইব্ন জুম্মা আদ্-দাওসীর কাষ্ঠ নির্মিত মূর্তি। নবী করীম (স) তাহাকে বলিলেন, এই ব্যাপারে তুমি তোমার নিজের সম্প্রদায়ের সাহায্য লইয়া মূর্তি ধ্বংস করার পর তায়েফে আসিয়া আমাদের সংগে মিলিত হইবে। তিনি নবী করীম (স)-এর নিকট হইতে বিদায় লইয়া তড়িৎ গতিতে নিজের সম্প্রদায়ের নিকট উপস্থিত হইলেন এবং যুল-কাফফায়ন-এর মূর্তি ধ্বংস করিয়া ইহার মুখ আগুন দিয়া পোড়াইয়া দিলেন। অতঃপর তিনি তাহার সম্প্রদায়ের চারি শত লোক লইয়া চারদিন পর নবী করীম (স)-এর সংগে তায়েফে আসিয়া মিলিত হইলেন। ঐতিহাসিকগণের সর্বসম্মত মত অনুযায়ী, যুল-কাফফায়ন-এর মূর্তি ধ্বংস করার সময় তিনি নিম্নবর্ণিত কবিতা আবৃত্তি করিতেছিলেন:
يا ذا الكفين لست عبادك + ميلادنا اكبر من ميلادك انى حثوت النار في فؤادك.
“হে যুল-কাফফায়ন মূর্তি! নহি আমি পূজারী তোমার, তোমা হইতে মহত্তর জন্ম আমার। জ্বালাইতেছি আগুন আমি হৃদয়ে তোমার” (আসাহহুস সিয়ার, পৃ. ২৫৩; সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২২২; যুরকানী, ৩খ., পৃ. ২৮; উয়ূনুল আছার, ২খ., পৃ. ২০)।
ইবন ইসহাক লিখিয়াছেন, নবী করীম (স) হুনায়ন হইতে রওয়ানা হইয়া নাখলা ইয়ামানিয়া, কারন ও মুলায় হইয়া বুরাতুর-রুগাতে আসিয়া পৌঁছেন। ইহা ‘লিয়াহ্’ এলাকায় অবস্থিত। এইখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এই লিয়াহ্ নামক স্থানেই ছিল মালিক ইব্ন আওফের দুর্গ। রাসূলুল্লাহ্ (স)-এর নির্দেশে দুর্গটি ধ্বংস করা হয়। অতঃপর সেইখান হইতে তায়েফে গিয়া সাহাবাগণসহ নবী করীম (স) দুর্গের পার্শ্বে অবস্থান গ্রহণ করেন (আসাহহুস সিয়ার, পৃ. ২৫৩)।
ইবন সা'দ লিখিয়াছেন, নবী করীম (স) যখন হুনায়ন হইতে রওয়ানা করেন তখন তিনি খালিদ ইব্দুল ওয়ালীদকে সেনাদলের অগ্রভাগে মোতায়েন করেন। আর ছাকীফ গোত্র যখন 'আওতাস' হইতে পলায়ন করিতেছিল তখন তাহারা আসিয়া তায়েফের দুর্গে অবস্থান গ্রহণ করিয়া দুর্গটি বন্ধ করিয়া দেয় এবং এক বৎসরের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রণসম্ভার মওজুদ রাখিয়া যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতঃপর নবী করীম (স) যখন তাঁহার সৈন্যবাহিনী লইয়া দুর্গের নিকটবর্তী হইলেন, তখন তাহারা দুর্গের অভ্যন্তর হইতে অজস্র তীর নিক্ষেপ করিতে থাকে। ফলে অনেক মুসলমান শাহাদাত বরণ করিলেন এবং অনেকে আহত হইলেন। অতঃপর নবী করীম (স) সেই স্থান হইতে সরিয়া গিয়া একটু দূরে অবস্থান নিলেন। আর এই স্থানেই এখন তায়েফের মসজিদ অবস্থিত। এই সময় দুইজন উম্মুল মুমিনীন হযরত উম্মু সালামা (রা) ও হযরত যয়নাব (রা) নবী করীম (স)-এর সংগে ছিলেন। তাঁহাদের দুইজনের জন্য দুইটি গম্বুজরূপী তাঁবু বানানো হইল। তায়েফ অবরোধকালে নবী করীম (স) এই দুই তাঁবুর মধ্যবর্তী স্থানে সালাত আদায় করিতেন। পরবর্তী কালে ছাকীফ গোত্র যখন ইসলাম গ্রহণ করে, তখন আমর ইবন উমায়্যা ইব্ন ওয়াহ্ব এই স্থানটিতে মসজিদ নির্মাণ করেন (ইবন হিশাম, আস্-সীরাতুন নাবabiyyah, ৪খ., পৃ. ৮০-৮১; আসাহহুস সিয়ার, পৃ. ২৫৪)।
হযরত তুফায়ল আদ্-দাওসী (রা) যুল-কাফফায়ন দেবালয় ধ্বংস করিয়া চারদিন পর দাওস গোত্রের চারি শত লোক সংগে লইয়া দুর্গ ধ্বংস করার উপযোগী বহু যুদ্ধাস্ত্রসহ তায়েফে পৌছিলেন। তিনি 'মিনজানীক' নামক ক্ষেপণাস্ত্র এবং দাব্বাবা সঙ্গে লইয়া আসিলেন যাহা দ্বারা যথাক্রমে ভারি প্রস্তর নিক্ষেপ করিয়া দুর্গের প্রাচীর ভাঙ্গা যায় এবং দুর্গমূলে প্রাচীর সুড়ঙ্গ করা যায়। মুসলমান সৈন্যগণ যখন দাব্বাবায় বসিয়া দুর্গমূলে পৌঁছিলেন তখন শত্রুরা অগ্নিবৎ উত্তপ্ত লৌহশলাকা দাব্বাবার উপর নিক্ষেপ করিতে লাগিল। দাব্বাবাসমূহ কাষ্ঠ ও চর্মনির্মিত হওয়ার দরুন তাহা জ্বলিয়া যাইতে লাগিল। এমতাবস্থায় দাব্বাবার ভিতর হইতে বাহির হইলে মুসলিম বাহিনীর উপর বৃষ্টির ন্যায় তীর বর্ষিত হইতে লাগিল। সুতরাং দুর্গ-প্রাচীর ভাঙ্গা মুসলিম সৈন্যদের পক্ষে কিছুতেই সম্ভব হইল না। অপরদিকে আঙ্গুর বাগানের আড়াল হইতেও তীর নিক্ষিপ্ত হইতে লাগিল। ফলে রাসূলুল্লাহ (স) আঙ্গুর বাগান কাটিয়া স্থানটি পরিষ্কার করিয়া ফেলার নির্দেশ দিলেন। ইহার দরুন মূল্যবান ফলজ সম্পদ নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় নবী করীম (স) তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুরোধে এই কাজ হইতে বিরত রহিলেন (মুল্লা মাজদুদ্দীন, সীরাতে মুস্তাফা, পৃ. ৭১০; ইব্ন হিশাম, আস-সীরাত আন-নাবাবিয়্যা, ৪খ., পৃ. ৮১; আসাহহুস সিয়ার, পৃ. ২৫৪; শিবলী নু'মানী, সীরাতুন্নাবী, ১খ., পৃ. ৩১২)।
এই সময় রাসূলুল্লাহ্ (স) ঘোষণা করিলেন যে, তায়েফ নগরে যে সমস্ত ক্রীতদাস রহিয়াছে তাহারা যদি মুসলিম বাহিনীর সংগে যোগ দেয় তবে তাহারা দাসত্বমুক্ত হওয়ার সুযোগ পাইবে। এই ঘোষণার ফলে বহু ক্রীতদাস ইসলাম গ্রহণ করিয়া মুসলমানদের সংগে যোগ দিল (ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যা, পৃ. ৪৯৭)। নুফায় নামক দুর্গত্যাগী এক ক্রীতদাস অতি প্রত্যূষে দুর্গ হইতে বাহির হইয়া আসিয়া ইসলাম গ্রহণ করিয়া মুসলিম বাহিনীর সাথে যোগ দিল। 'অতি প্রত্যুষ' শব্দটির আরবী হইল 'বুব্রা'। যেহেতু তিনি অতি প্রত্যূষে বাহির হইয়া আসিয়া ইসলাম গ্রহণ করিয়াছিলেন, সেই হেতু তিনি 'বুকরা' নামে অধিক পরিচিত হন এবং শেষ পর্যায়ে তিনি একজন শীর্ষস্থানীয় ও নিষ্ঠাবান সাহাবী হিসাবে পরিগণিত হন।
তায়েফের যুদ্ধে কতজন ক্রীতদাস মুসলিম বাহিনীর সাথে যোগ দিয়াছিল এই বিষয়ে কয়েকটি মত রহিয়াছে। ইমাম বুখারীর মতে তেইশজন ক্রীতদাস মুসলিম সেনাবাহিনীর সাথে মিলিয়া গিয়াছিল (সাহীহ্ বুখারী, ২খ., পৃ. ৬২০)। দানাপুরীর মতানুযায়ী বিশজন ক্রীতদাস বাহির হইয়া আসিয়া মুসলিম সেনাবাহিনীর সাথে যোগদান করেন। নবী করীম (স) তাহাদের সকলকে মুক্ত করিয়া দেন এবং তাহাদিগকে দেখাশোনা করার জন্য বিভিন্ন সাহাবীকে দায়িত্ব প্রদান করেন (আসাহহুস সিয়ার, পৃ. ২৯০; মাওলানা ইদরীস-কান্ধলভী, সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২২৩; সাহীহ্ বুখারী, ২খ., পৃ. ৬২০)।
মাওলানা শাহ্ আবদুল হক মুহাদ্দিছ দেহলবী (র) লিখিয়াছেন, এই অবরোধ চলাকালে নবী করীম (স) হযরত আলী (রা)-কে আশেপাশের ছাকীফ গোত্রের দেবমন্দিরসমূহ ভাঙ্গিয়া ফেলার জন্য প্রেরণ করেন। তিনি কয়েকদিনের মধ্যেই সমস্ত দেবমন্দির ও তাহাতে রক্ষিত মূর্তিসমূহ ধ্বংস করিয়া ফেলেন। ইহাতে নবী করীম (স) তাঁহার উপর খুবই সন্তুষ্ট হন এবং দীর্ঘক্ষণ তাঁহার সংগে একান্তে আলাপ করেন। সাহাবীগণ তাহা দেখিয়া বিস্ময়াভিভূত হন (আসাহহুস সিয়ার, পৃ. ২৯০)।
ইবন ইসহাক লিখিয়াছেন, তায়েফের অবরোধ চলাকালে নবী করীম (স) একদিন হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে করিয়া বলিলেন, আমি স্বপ্নে দেখিলাম একটি দুগ্ধপূর্ণ পাত্র আমাকে দেওয়া হইল। সীরাতে ইবন হিশামের বর্ণনামতে, মাখনপূর্ণ পাত্র তাঁহাকে দেওয়া হইল। কিন্তু একটি মোরগ আসিয়া ঠোকর মারিয়া সমস্ত দুধ, মতান্তরে মাখন ফেলিয়া দিল। হযরত আবূ বাক্স সিদ্দীক (রা) বলিলেন, আমার ধারণা, আপনি যে এই দুর্গ বিজয়ের আকাঙ্খা করিতেছেন তাহা এই অভিযানে সফল হইবে না। নবী করীম (স) বলিলেন, আমারও যেন তাহাই মনে হইতেছে। অতঃপর বিষয়টি লইয়া নবী করীম (স) নাওফাল ইব্ন মু'আবিয়া আদ-দীলির সংগে পরামর্শ করিলেন। তিনিও অনুরূপ মত ব্যক্ত করিলেন। আবূ বাক্স সিদ্দীক (রা) উমার (রা)-এর নিকট এই ঘটনা বর্ণনা করিলেন। তদুপরি উছমান ইব্ন মায'উন (রা)-এর স্ত্রী হযরত খাওলা বিন্তে হাকীম (রা) নবী করীম (স)-এর নিকট এই ঘটনার ইঙ্গিত পাইয়া তাহা উমার (রা)-কে জানাইলেন। ইহার পর উমার (রা) নবী করীম (স)-এর খেদমতে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি এইরূপ বলিয়াছেন? তিনি বলিলেন, হাঁ। উমার (রা) জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে এই বিষয়ে আপনিও কি এই পর্যন্ত স্পষ্টভাবে আদিষ্ট হন নাই? তিনি বলিলেন, না। তিনি পুনরায় নবী করীম (স)-কে জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে কি আমি এই অবরোধ উঠাইয়া সকলকে প্রত্যাবর্তন করিতে বলিব? তিনি বলিলেন, তাহাই কর। অতঃপর তাহাই করা হইল।
এই অবস্থায় জিহাদের চেতনায় উজ্জীবিত সাহাবীগণ বলিলেন, আমরা কি তায়েফ বিজয় না করিয়া ফিরিয়া যাইব? নবী করীম (স) সাহাবীগণের মনোবল দেখিয়া বলিলেনঃ ঠিক আছে, আগামী দিন যুদ্ধ কর। পরদিন মুসলিম বাহিনী বিপুল উৎসাহ-উদ্দীপনাসহ প্রাণপণ যুদ্ধ করিল, কিন্তু কোন লাভ হইল না, বরং ক্ষতি হইল। অতঃপর নবী করীম (স) বলিলেন, আর নয়। ইনশাআল্লাহ্ আমরা আগামী দিন এইখান হইতে রওয়ানা হইব। এই কথা শুনিয়া সকলেই খুশী হইলেন। তাঁহাদের এত দ্রুত এই মানসিক পরিবর্তন দেখিয়া নবী করীম (স) মৃদু হাসিলেন। সাহাবাগণ বলিলেন, ইয়া রাসূলুল্লাহ! ছাকীফ গোত্রের লোকদের জন্য আপনি বদদো'আ করুন। নবী করীম (স) দোয়া করিলেন, হে আল্লাহ! ছাকীফ গোত্রকে আপনি হিদায়াত দান করুন। তাহাদেরকে মুসলমান করিয়া আমার নিকট পাঠাইয়া দিন। ইহার পর নবী করীম (স) জি'রানা-এর দিকে রওয়ানা হন।
ইবন ইসহাক লিখিয়াছেন, তায়েফে মোট বারজন সাহাবী শাহাদাত বরণ করেন। তন্মধ্যে সাতজন ছিলেন কুরায়শ, চারজন আনসার এবং অপর একজন ছিলেন লায়ছ গোত্রের। শাহাদাত বরণকারী কুরায়শগণ ছিলেন : (১) সাঈদ ইবনুল আস্, (২) আরাফাত ইব্ন জানাব, (৩) আবূ বাক্স সিদ্দীক (রা)-এর জ্যেষ্ঠ পুত্র আবদুল্লাহ, (৪) আবদুল্লাহ্ ইব্ন আবী উমায়্যা, (৫) আবদুল্লাহ ইব্ন আমের, (৬) সায়েব ইবনুল হারিছ ও (৭) তাঁহার সহোদর ভাই আবদুল্লাহ। আনসারগণের মধ্যে শাহাদাত লাভ করিয়াছিলেন : (১) ছাবিত ইবনুল যাযা, (২) হারিছ ইব্ন সাহল, (৩) মুনযির ইব্ন আবদুল্লাহ ও (৪) রুকায়ম ইব্ন ছাবিত (রা)। ইবন সা'দ লিখিয়াছেন, তায়েফের দুর্গ মোট আঠার দিন অবরুদ্ধ ছিল। তিনি অন্য বর্ণনায় বলিয়াছেন, নবী করীম (স) তায়েফবাসীর উপর চল্লিশ দিন পর্যন্ত মিনজানীক নামক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখেন। ইবন ইসহাক বলেন, বিশ দিনের অধিক এবং ইব্ন হিশামের বর্ণনায় সতের দিন তায়েফ অবরুদ্ধ ছিল। তবে এই কথা সর্বসম্মত যে, নবী করীম (স) তায়েফের যুদ্ধে মিনজানীক মোতায়েন করিয়াছিলেন। আর ইহাই ইসলামের ইতিহাসে প্রথম মিনজানীক মোতায়েন। তুফায়ল ইব্ন আমর আদ-দাওসী যখন যুল কাফফায়ন-এর দেবালয় ধ্বংস করিতে গিয়াছিলেন তখন তাঁহার সংগে মিনজানীক সামগ্রী এবং দুর্গের প্রাচীর বিধ্বংসী দাব্বাবা নামক যুদ্ধাস্ত্র ছিল (ইবন হিশাম, সীরাত আন-নাবাবিয়্যা, ৪খ., পৃ. ৮০-৮৫; আসাহহুস সিয়ার, পৃ. ২৯০-২৯২; সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২২৩; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৫খ., পৃ. ২৮২- ২৮৯; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ৩৪৫-২৫২)।
অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার অসাধারণ দৃষ্টান্তের আরেকটি দিক হচ্ছে এ যে, তিনি কখনোই কোনো অমুসলিমের বিপক্ষে সুনির্ধারিত প্রমানাধি ছাড়া বিচারকার্য সঞ্চালন করতেন না।
আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ قَالَ فَقَالَ الْأَشْعَثُ بْنُ قَيْسٍ فِي وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنْ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ بَيْنَةٌ قَالَ قُلْتُ لَا قَالَ فَقَالَ لِلْيَهُودِي احْلِفُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا إِلَى آخِرِ الْآيَةِ»
"যে ব্যক্তি কোনো মুসলিমের অর্থ-সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করে সে আল্লাহর সমীপে এমন অবস্থায় হাযির হবে যে, আল্লাহ তার ওপর রাগান্বিত থাকবেন। আশ'আস ইবন কায়েস ¹³⁵ রাদিয়াল্লাহু 'আনহু বলেন, আল্লাহর কসম! এটা আমার সম্পর্কেই ছিল। আমার ও এক ইয়াহুদী ব্যক্তির সাথে যৌথ মালিকানায় এক খণ্ড জমি ছিল। সে আমার মালিকানার অংশ অস্বীকার করে বসল। আমি তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কোনো সাক্ষী আছে কি? আমি বললাম, না। তখন তিনি ইয়াহুদীকে বললেন, তুমি কসম কর। আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ্! সে তো কসম করবে এবং আমার সম্পত্তি নিয়ে নেবে। তখন আল্লাহ তা'আলা (এ আয়াত) নাযিল করেন,
﴿إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا ﴾ [آل عمران: ۷۷]
"যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছমূল্যে বিক্রি করে......"। [সূরা আলে ইমরান: ৭৭] ¹³⁶
নিশ্চয় এটি এক বিরল দৃষ্টান্ত..!!
এটি এমন দু'জনের মধ্যকার বিবাদ, যাদের একজন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অন্যজন ইয়াহুদী। তারা পরস্পরের মধ্যে ফায়সালা করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসল। কাজেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দু'জনের মাঝে কোনো প্রকার পক্ষপাতিত্ব ব্যতীত শরী'আতের বিধান প্রয়োগ করা ছাড়া অন্য কোনো পন্থা অন্বেষণ করেন নি। আর এ ক্ষেত্রে ইসলামী শরী'আত বাদী আশ'আস ইবন কায়েসকে এ বাধ্যবাধকতা আরোপ করে যে, সে সাক্ষ্য ও প্রমাণ পেশ করবে। যদি সে প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপনে ব্যর্থ হয় তাহলে বিবাদীকে এ মর্মে শপথ করতে বলা যে, বাদী তার ওপর যে অভিযোগ উত্থাপন করেছে সে ঐ অভিযুগে অভিযুক্ত নয়। তখন বিবাদীর শপথকে সত্যায়ন করা হবে এবং সে অভিযোগ থেকে অব্যাহতি পাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত হাদীসের অর্থও তাই। তিনি বলেন,
الْبَيِّنَةُ عَلَى المُدَّعِي وَالْيَمِينُ عَلَى مَنْ أَنْكَرَ
"অভিযোগকারী প্রমাণ পেশ করবে। আর (প্রমাণ পেশ করতে না পারলে) যে অস্বীকার করে সে শপথ করবে"।
ইয়াহূদী যে মিথ্যার আশ্রয় নিতে বিন্দুমাত্রও দ্বিধাবোধ করবে না রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সম্যক জ্ঞাত ছিলেন। কারণ, তারা শুধু মানুষের সাথে কেন বরং স্বয়ং আল্লাহর ওপরই তো মিথ্যারোপ করে অভ্যস্থ। আল্লাহ তা'আলা বলেন,
وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ ﴾ [ال عمران: ٧٥]
"আর তারা জেনে-শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে।” [সূরা আলে ইমরান, আয়াত: ৭৫]
আর ইয়াহূদী যখন এ কথা জানলো যে সাহাবীর কাছে নিজ মালিকানার স্বপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ নেই তার শপথের ভিত্তিতেই বিষয়টি শুরাহা হবে। তখন তার মধ্যে আরো বেশি নৈতিক অবক্ষয় দেখা দিল। অপরদিকে সাহাবীও এটি অনুভব করলেন যে, তার আশা ব্যর্থতায় পর্যবশিত হতে যাচ্ছে। কারণ ইয়াহুদী তো বিনা দ্বিধায় মিথ্যা শপথ করে বসবে। কাজেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিছুই করতে পারবেন না এবং ইয়াহুদীকে সুযোগ দেওয়া ছাড়া রাসূলের সামনে আর কোনো পথই খোলা থাকবে না।
এটি কি সার্বজনিন ন্যায়পরায়ণতা নয় যার এতো সরল বাস্তবায়ন কোনো মানুষ কল্পনাও করতে পারে না?!
এটাই ইসলাম...।
এটাই সে আসমানী দীন, যা জমিনে মানব জীবন পরিচালনার জন্য এসেছে...।
ইনিই আমাদের মহান রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সভ্যতা ও চারিত্রিক বৈশিষ্ট্যে সৃষ্টিকূলের সেরা...।
কোনো ইয়াহূদীর বিপক্ষে সাক্ষী-প্রমাণের অভাবে মুসলিমের দাবী প্রত্যাখ্যাত হওয়ার মতো ঘটনা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুধু একবার নয়; বরং বারবার ঘটেছে। পৃথিবীতে আরো গুরুতর কলহেরও সৃষ্টি হয়েছে এবং পূর্বোক্ত ঘটনার চেয়ে কঠিনতর পরিস্থিতির অবতারণাও হয়েছে।
কিন্তু সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া ছিল একই রকম। কেননা তাঁর সকল চিন্তা-চেতনার উৎস তো একই। ধর্ম, চরিত্র ও ন্যায়পরায়ণতা তাঁর মতে এমন বিষয় যা কখনো বিভক্ত হয় না।
সাহল ইবন আবি হাসমাহ রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেন,
أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ فَتَفَرَّقُوا فِيهَا وَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا وَقَالُوا لِلَّذِي وُجِدَ فِيهِمْ قَدْ قَتَلْتُمْ صَاحِبَنَا قَالُوا مَا قَتَلْنَا وَلَا عَلِمْنَا قَاتِلًا فَانْطَلَقُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا فَقَالَ الْكُبْرَ الْكُبْرَ فَقَالَ لَهُمْ تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَهُ قَالُوا مَا لَنَا بَيِّنَةٌ قَالَ فَيَحْلِفُونَ قَالُوا لَا تَرْضَى بِأَيْمَانِ الْيَهُودِ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْطِلَ دَمَهُ فَوَدَاهُ مِائَةٌ مِنْ إِبْلِ الصَّدَقَةِ»
“তার (সাহল ইবন আবি হাসমাহ-এর) গোত্রের একদল লোক খায়বার গমন করল ও তথায় তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল। তারা তাদের একজনকে নিহত অবস্থায় পেল। (খায়বারে তখন ইয়াহুদীদের আবাস ছিল) যাদের কাছে তাকে নিহত অবস্থায় পাওয়া গেল তাদেরকে তারা বলল, তোমরা আমাদের সাথীকে হত্যা করেছ। তারা বলল, আমরা না তাকে হত্যা করেছি, না তার হত্যাকারী সম্পর্কে জানি। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলল, হে আল্লাহর রাসূল! আমরা খায়বার গিয়েছিলাম আর আমাদের একজনকে তথায় নিহত অবস্থায় পেলাম। তখন তিনি বললেন, বায়োবৃদ্ধকে বলতে দাও। বায়োবৃদ্ধকে বলতে দাও। ¹³⁷ তারপর তিনি তাদেরকে বললেন, তোমাদেরকে তার হত্যাকারীর বিরুদ্ধে প্রমাণ পেশ করতে হবে। তারা বলল, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তিনি বললেন, তাহলে ওরা কসম করে নেবে। তারা বলল, ইহুদীদের কসমে তো আমাদের কোনো আস্থা নেই। এ নিহতের রক্ত মূল্যহীন হয়ে যাক তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। তাই সদকার একশত উট প্রদান করে তার রক্তপণ আদায় করলেন।” ¹³⁸
আল্লাহু আকবার! এটি কতো বড় আশ্চর্যজনক ঘটনা!!
সহীহ মুসলিমের বর্ণনা মতে এ ঘটনাটি খায়বার উপত্যকায় ইয়াহূদীরা মুসলিমদের সাথে পরাজিত হবার পর ইয়াহুদীরা মুসলিমদের সাথে চুক্তি সম্পাদন করে বসবাসের অনুমতি প্রাপ্ত হবার পরের ঘটনা। স্বভাবতই তখন ইয়াহুদীরা দুর্বল অবস্থায় এবং মুসলিমগণ শক্তিশালী অবস্থানে ছিল। মুসলিমগণ চাইলে তাদের এ সামর্থ্য ছিল যে, নিজেদের কোনো মতকে জোরপূর্বক ইয়াহূদীদের ওপর চাপিয়ে দেবেন।
কিন্তু বাস্তবতা পৃথিবী দেখেছে..!
ইমাম মুসলিমের ¹³⁹ বর্ণনা মতে, ইয়াহূদী অধ্যুসিত এলাকায় আব্দুল্লাহ ইবন সাহল রাদিয়াল্লাহু 'আনহু নামীয় এক আনসার সাহাবীকে হত্যা করা হলো। সেই সাথে মুসলিম শিবিরে প্রকট সংশয় ও সন্দেহ সৃষ্টি হলো যে, কোনো ইয়াহূদীই তাকে হত্যা করেছে। কিন্তু তাদের কাছে এ সন্দেহের স্বপক্ষে কোনো প্রমাণ ছিল না। আর অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে সন্দেহ কখনোই সফল হতে পারে না। এজন্যই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইয়াহূদীকে কোনো ধরণের শাস্তিই প্রদান করেন নি; বরং ইয়াহুদীদের প্রতি শুধুমাত্র এ আহ্বান করলেন যে, তোমরা শপথ করে বল যে, তোমরা এ কাজ কর নি।
এহেন পরিস্থিতিতে আনসারদের মধ্যে হাহাকার রব উঠল। কেননা তারা খুব ভালো করে জানতেন যে, ইয়াহুদীরা মিথ্যা শপথ করতে বিন্দু মাত্র পিছপা হবে না। এ কারণে আনসারদের মধ্যে এ ধারণাও তৈরি হতে চলল যে, তারা তাদের রক্তপণের অধিকার হারাতে বসেছেন। আর আনসারদের বিষণ্ণতা ও প্রমাণহীন দাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে কোনো প্রভাব ফেলতে পারে নি। তিনি ইয়াহুদীদেরকে জরিমানা করা বা তাদের কাউকে কিসাস হিসেবে হত্যা করা কিংবা কোনো প্রকারের শাস্তি প্রদানের আবেদন প্রত্যাখান করলেন। তখন আনসারদের মাঝে এ অনুভূতি জাগ্রত হলো যে, তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কারণ তাদের হত্যাকৃত ব্যক্তির রক্তের বিপরীতে তারা কিছুই পাচ্ছেন না। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যবস্থা গ্রহণ করলেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না...। তিনি নিজ উদ্যোগে মুসলিমদের রাষ্ট্রীয় সম্পদ থেকে ঐ আনসারীর রক্তপণ আদায় করার ব্যবস্থা গ্রহণ করলেন। যেন আনসারদের মন শান্ত হয়ে যায় এবং ইয়াহূদীদের উপর প্রতিশোধ চিন্তা না করে। কাজেই ইয়াহুদীদের প্রতি শুধু সন্দেহের কারণে দণ্ডারোপ করা সম্ভব না হওয়া অবস্থায় ইসলামী রাষ্ট্র সেই রক্তপণের বোঝা বহন করে। এ হাদীসের মন্তব্যে ইমাম নববী ¹⁴⁰ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রক্তপণ এ জন্যে আদায় করলেন যেন সংঘাতের পথ বন্ধ হয়ে যায় এবং পারস্পরিক সম্পর্ক সংশোধিত হয়। ¹⁴¹ তিনি চেয়েছেন সংঘাতের পথ চিরতরে বন্ধ হোক। যেন আনসাররা রক্তপণ পেয়ে এ বিষয়টি ভুলে যায় আর ইয়াহুদীরাও প্রতিশোধের আতঙ্ক থেকে নিরাপত্তাবোধ করে।
প্রিয় পাঠক! দেখুন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ পদক্ষেপটি কতো মুগ্ধকর ও অভূতপূর্ব!!
নবম হিজরীতে বনু হানীফার প্রতিনিধি দলের সাথে মুসাইলামাহ আল-হানাফী (পরবর্তীতে মুসাইলামাতুল কাযযাব নামে পরিচিতি) যখন মদীনায় আসল তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে অবস্থান গ্রহণ করেন সেটি এ ঘটনার চেয়েও বেশি চমকপ্রদ। ¹⁴²
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। তিনি বলেন:
قَدِمَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَقُولُ إِنْ جَعَلَ لِي مُحَمَّدُ الْأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِطْعَةُ جَرِيدٍ حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ فَقَالَ: لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللهُ وَإِنِّي لَأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيهِ مَا رَأَيْتُ فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا أَنَا نَائِمُ رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَأَهَمَّنِي شَأْنُهُمَا فَأُوحِيَ إِلَيَّ فِي الْمَنَامِ أَنْ انْفُخُهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارًا فَأَوَّلْتُهُمَا كَذَابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي فَكَانَ أَحَدُهُمَا الْعَنْسِيَّ وَالْآخَرُ مُسَيْلِمَةَ الْكَذَّابَ صَاحِبَ الْيَمَامَةِ»
"(ভণ্ড নবী) মুসায়লামা কাযযাব রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মদীনায় আসলো। এসে বলতে লাগলো, মুহাম্মাদ যদি তার (মৃত্যুর) পরে নেতৃত্ব আমাকে দেওয়ার অঙ্গীকার করেন, তাহলে আমি তার অনুসরণ করব। সে তার কাওমের অনেক লোকজন নিয়ে মদীনায় আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন। তাঁর সাথে ছিলেন সাবিত ইবন কায়স ইবন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল খেজুর শাখার একটি টুকরা। অবশেষে তিনি সহচর বেষ্টিত মুসায়লামার সামনে গিয়ে থামলেন এবং কথাবার্তার এক পর্যায়ে বললেন তুমি যদি (আমার কাছে এ) নগণ্য খেজুর ডালের টুকরাটিও দাবি কর, তবু আমি তা তোমাকে দেব না এবং আমি কিছুতেই তোমার ব্যাপারে আল্লাহর বিধান লঙ্ঘন করব না। আর যদি তুমি পাশ্চাতে ফিরে যাও (অবাধ্য হও), তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ঘায়েল করবেন। আর আমি অবশ্যই মনে করি যে, যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, তা তোমার ব্যাপারেই দেখানো হয়েছে।
তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি ঘুমন্ত ছিলাম, এমতাবস্থায় আমার কাছে পৃথিবীর ভাণ্ডারসমূহ নিয়ে আসা হলো। তখন আমার হাতে দু'টি সোনার কংকন রেখে দেওয়া হলে সে দু'টি আমার জন্য বড় ভারী মনে হলো এবং এগুলো আমাকে দুশ্চিন্তায় ফেলল। তখন আমার কাছে অহীর মাধ্যমে জানান হলো যে, আমি যেন সে দু'টির ওপরে ফুঁক দেই। তখন আমি ফুঁক দিলে সে দু'টি অন্তর্হিত হয়ে গেল। আমি সে দু'টির ব্যাখ্যা করলাম সে হলো মিথ্যুক (ভণ্ড নবী) যে দু'জনের মাঝে আমি রয়েছি (অর্থাৎ) সান'আ অধিবাসী আসওয়াদ আল-আনসী এবং ইয়ামামা অধিবাসী মুসায়লামাতুল কাযযাব। "¹⁴³
আল্লাহু আকবার। কতো বড় বিষ্ময়কর ঘটনা!!
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে, এক লোক তার শর্ত না মানার কারণে ইসলামে দিক্ষীত হওয়াকে প্রত্যাখ্যান করছে। অথচ তার সম্প্রদায়ের সকলেই ইসলাম গ্রহণ করে নিয়েছে। অপরদিকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়ে এক স্বপ্নও দেখেছেন। আর নবীদের স্বপ্ন তো সত্যই হয়ে থাকে। তিনি দেখলেন যে, ঐ ব্যক্তি তাঁর অবর্তমানে মিথ্যা নবুওয়াতের দাবী করবে। তার এ অপকর্মের ভয়াবহতা ও তার বিভ্রান্তিকর মতবাদের প্রচার প্রসার ও দাওয়াতের কারণে সৃষ্ট সম্ভাব্য বিশৃঙ্খলতার বিষয়েও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্যক জ্ঞাত ছিলেন। মুসাইলামার এতো সব গুরুতর অপতৎপরতা, সেই সাথে সে সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা যথেষ্ট ক্ষমতাবান, অপরদিকে সে সময় বনু হানীফা ও আরবদের দৈন্যদশা থাকার পরও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন পরিস্থিতিতেও তাকে শাস্তি প্রদান বা তাকে প্রতিরোধ প্রক্রিয়া গ্রহণ করেন নি। মদীনায় তার স্বাধীনতাবোধকেও হরণ করেন নি। তার অপচেষ্টার জন্য তাকে কোনো দণ্ডারোপও করেন নি। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ করার কারণ হলো তিনি চান নি শুধুমাত্র স্বপ্নের ফলাফলের ভিত্তিতে তার ওপর কোনো আদেশ জারি করেন। সে কারণেই তার বিপক্ষে প্রকৃত সাক্ষ্য-প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন এবং এ বিষয়ে তাঁর সুষ্পষ্ট ধারণা ও বিশ্বাস ছিল যে, মুসায়লামার দ্বারা অদূর ভবিষ্যতে কী অপকর্ম প্রকাশ পাবে? কিন্তু শুধুমাত্র উপস্থিত সময়ে সাক্ষ্য-প্রমাণ বিদ্যমান না থাকার কারণে তিনি মুসায়লামাকে নিরাপদে ছেড়ে দিলেন।
এমনই ছিল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য ন্যায়পরায়ণতা...।
ভূপৃষ্ঠে বিদ্যমান অপরাপর কোনো ধরণের ন্যায়-নিষ্ঠারই যার সাথে তুলনা হতে পারে না...।
টিকাঃ
¹³⁵. আল-আশ'আস ইবন কায়েস আল-কিন্দী। দশম হিজরীতে ইসলাম গ্রহণের জন্য কিন্দা রাজ্যের প্রতিনিধি হয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর মুরতাদ হয়ে গিয়েছিল। অতঃপর আবার ইসলামে ফিরে এসেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ বোনকে তার সাথে বিবাহ দেন। তিনি কাদিসিয়্যাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সিল্ফীনের যুদ্ধেও অংশ নেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের চল্লিশ দিন পর মারা যান। অধিক জানতে দেখুন: ইবনুল আসীর: উসদুল গাবাহ (১/৯৭), ইবন হাজার: আল-ইসাবাহ (জীবনী নং ২০৫)
¹³⁶. সহীহ বুখারী: (কিতাবুল খুসূমাত: বাব কালামুল খুসূম বা'দুহুম ফী বা'দ) হাদীস নং ২২৮৫; সহীহ মুসলিম: (কিতাবুল ঈমান: বাব ওয়াইদ মান ইক্বতাত্বা'আ হাক্কা মুসলিম বি ইয়ামিন ফাজেরাহ বিন নার) হাদীস নং ২০৯।
¹³⁷. তোমাদের মধ্যে যিনি সিনিয়র তাকে কথা বলতে দাও। অধিক জানতে দেখুন: ইবন হাজার আসকালানী: আল-ফাতহুল বারী (১২/২৩৩,২৩৪)
¹³⁸. সহীহ বুখারী: (كتاب الديات: باب القسامة) হাদীস নং ৬৫০২; সহীহ মুসলিম : ( كتاب القسامة والمحاربين والقصاص والديات: باب القسامة) হাদীস নং ১৬৬১।
¹³⁹. মুসলিম ইবন হাজ্জাজ, আল-ইমাম আল হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হাসান আন-নিসাবুরী। ২০৫ হিজরীতে তার জন্ম হয়। হাদীসের সেই সহীহ গ্রন্থের (সহীহ মুসলিম) প্রণেতা অধিকাংশ আলেমগণ যাকে সহীহ বুখারীর পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বলেছেন। ২৬১ হিজরীতে নাইসাবুরে ইন্তেকাল করেন। অধিক জানতে দেখুন: ইবনুল আসীর: আল-বিদায়া ওয়ান-নিহায়া: (১১/৩৩), ইমাম যাহাবী: তাযকিরাতুল হুফফায (২/৫৮৮)।
¹⁴⁰. মহীউদ্দিন আবু যাকারিয়া আন-নববী আদ-দামেশক্বী আশ-শাফে'ঈ (২৩১-২৭৬ হিজরী)। স্বীয় যমানায় বড় ফকীহগণের অন্যতম একজন। তিনি অনেক গ্রন্থ রচনা করেন তন্মধ্যে যেগুলো সম্পূর্ণ করতে পেরেছেন তা থেকে শরহে মুসলিম' ও 'আর-রাওজাহ' অন্যতম। আর যে কিতাবগুলো তিনি সম্পূর্ণ করে যেতে পারেন নি তা থেকে উল্লেখ্য শরহুল মুহাযযাব যা 'আল-মাজমু'ঊ' নামে নামকরণ করা হয়। এটি তিনি 'কিতাবুর-রিবা' পর্যন্ত লিখতে পেরেছিলেন। দেখুন: ইবনুল আসীর: আল-বিদায়া ওয়ান-নিহায়া: (১৩/২৮৭)।
¹⁴¹. আন-নববী: আল-মিনহাজু শারহু সহীহ মুসলিম ইবন আল-হাজ্জাজ (১১/১৪৭)।
¹⁴². ইবন কাসীর: আল-বিদায়া ওয়ান-নিহায়া: (৫/৪৮)
¹⁴³. সহীহ বুখারী: (کتاب المناقب باب علامات النبوة في الإسلام) হাদীস নং ৩৪২৪; সহীহ মুসলিম: (کتاب الرؤيا: باب رؤيا النبي صلى الله عليه وسلم) হাদীস নং ২২৯০।
📄 সারিয়্যা 'উয়ায়না ইন্ন হিস্স আল-ফাযারী
ইবনুল কায়্যিম বর্ণনা করিয়াছেন যে, হিজরী নবম সালের মুহাররাম মাসে/ ৬৩০ সালে রাসূলুল্লাহ (স) হযরত 'উয়ায়না ইব্ন হিস্স-এর নেতৃত্বে পঞ্চাশজন সাহাবীর একটি সারিয়্যা বানু তামীম গোত্রের উদ্দেশে প্রেরণ করেন। এই সারিয়্যাতে কোন মুহাজির ও আনসার সাহাবী শরীক ছিলেন না (তাবাকাত, ২খ., পৃ. ১৬০; আসাহহুস সিয়ার, পৃ. ২০৭)। কিন্তু বহু সংখ্যক ঐতিহাসিক ও সীরাতবিদের মতে এই সারিয়্যা অষ্টম হিজরীতে সংঘটিত হইয়াছিল। তাহাদের বর্ণনামতে রাসূলুল্লাহ (স) তায়েফ বিজয় করিয়া মদীনা মুনাওওয়ারায় প্রত্যাবর্তনের পরপরই এই সারিয়্যা প্রেরণ করেন (হযরত মুহাম্মদ মুস্তফা (স) : সমকালীন পরিবেশ ও জীবন, পৃ. ৮২৯)। বানু তামীমের অবস্থান ছিল সুক্য়া (سقيا) নামক অঞ্চলে। ইহা আল-জুহফা (الجحفة) হইতে প্রায় সতের মাইল দূরত্বে অবস্থিত। এই অঞ্চলটি মদীনা মুনাওওয়ারা হইতে দক্ষিণে (সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ১৩৫)।
এই সারিয়্যা প্রেরণের প্রেক্ষাপট ছিল এই যে, রাসূলুল্লাহ (স) হযরত বিশর ইব্ন সুফ্য়ান (بشر بن سفیان) আল-আদাবীবোনু খুযা'আ গোত্রে (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৪৯), মতান্তরে বানু কা'ব গোত্রে (আসাহহুস সিয়ার, পৃ. ৩০৭) যাকাত আদায় করিবার জন্য প্রেরণ করেন। এই গোত্রের পাশাপাশি একই জলাশয়ের ধারে বানু তামীমও বাস করিত। তাহারা বানু কা'ব/বানু খুযা'আকে যাকাত না দেওয়ার জন্য প্ররোচিত করিল। তাহারা বলিল, আল্লাহ্র শপথ! একটি উটও যাইতে দিব না। তাহারা সাহাবী বিশর ইব্ন সুফয়ানকে বাধা প্রদান করিল এবং অস্ত্রে সজ্জিত হইয়া তাঁহাকে আক্রমণ করিতে পর্যন্ত উদ্যত হইল। অনন্যোপায় হইয়া তিনি মদীনা মুনাওওয়ারায় ফিরিয়া আসিলেন। বানু তামীমের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ অবগত হইয়া রাসূলুল্লাহ (স) তাহাদিগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ৫০ জন অশ্বারোহীসহ হযরত 'উয়ায়না ইব্ন হিস্স (عيينة من حصن)-কে প্রেরণ করেন (সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২৩৪)।
'উয়ায়না ইব্ন হিস্স (রা) রাত্রিবেলা বাহিনীসহ বানু তামীমের মরূদ্যানে আসিয়া পৌঁছেন এবং অতর্কিত আক্রমণ করিয়া তাহাদিগকে পরাস্ত করেন। বানু তামীমের ১১ জন পুরুষ, ২১ জন মহিলা ও ৩০ জন বালক-বালিকা মুসলমানদের হাতে বন্দী হয়। তাহারা বন্দীদেরকে লইয়া মদীনা মুনাওওয়ারায় ফিরিয়া আসেন। বন্দীদেরকে রামালা বিনতুল হারিছ (রা)-র গৃহে আটক রাখা হয় (আসাহহুস সিয়ার, পৃ. ৩০৭)।
বন্দীদের মুক্তির জন্য বানু তামীমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (স)-এর খেদমতে হাযির হইল। তাহাদের সংখ্যা ছিল ১০ জন (সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ১৩৪), মতান্তরে ৭০ হইতে ৯০ জন (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৪২)। এই প্রতিনিধি দলে বানু তামীমের নিম্নোক্ত সর্দারগণ অন্তর্ভুক্ত ছিল : 'উতারিদ ইব্ন হাজিব, যিবরিকান ইব্ন বদর, 'আমর ইব্ন আল-আহতাম, কায়স ইব্ন আসিম, আকরা' ইব্ন হাবিস, নু'আয়ম ইব্ন সা'দ, রাবাহ ইবনুল হারিছ, হিজাব ইব্ন ইয়াযীদ প্রমুখ (আসাহহুস সিয়ার, পৃ. ৩০৭; সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২৩৪)।
বানু তামীম ছিল অশিক্ষিত গোঁয়ার। ইহারা ছিল অভদ্র। ইহারা যখন মদীনায় আসিয়া পৌঁছিল তখন দ্বিপ্রহর। যুহরের নামাযের জামা'আত অত্যাসন্ন। হযরত বিলাল (রা) মসজিদে আযান দিয়াছেন। রাসূলুল্লাহ (স) গৃহাভ্যন্তরে নামাযের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। রাসূলুল্লাহ (স)-এর আগমনে বিলম্ব হইতেছে দেখিয়া তামীম গোত্র তাঁহার বাঁড়ির বাহিরে দাঁড়াইয়া ককর্শ স্বরে তাঁহাকে ডাকিতে লাগিলঃ "মুহাম্মাদ! মুহাম্মাদ!! বাড়ীতে আছ কি? বাহির হইয়া আস। আমরা তোমাকে আমাদের গৌরবপূর্ণ যশগাথা গাহিয়া শুনাইব। তোমার সহিত কাব্য প্রতিযোগিতায় অবতীর্ণ হইব। জানিয়া রাখিও, আমাদের প্রশংসা যেমনি সুন্দর, নিন্দাবাদও তেমনি জঘন্য" (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৫০; সীরাতুল মুস্তাফা, ২খ., পৃ. ২৩৪)। তাহাদের এই অভদ্রোচিত ডাক শুনিয়া রাসূলুল্লাহ (স) ভীষণ মনঃকষ্ট পাইলেন। মহান আল্লাহ্র নিকটও ইহা অত্যন্ত অপসন্দনীয় হইল। ইহাদের সম্বন্ধে অবতীর্ণ হয় সূরা হুজুরাতের নিম্নোক্ত আয়াত:
إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ. وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَهُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ.
"যাহারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে, তাহাদের অধিকাংশই নির্বোধ, তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত, তাহাই উহাদের জন্য উত্তম হইত। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু" (৪৯:৪-৫; তাফসীর রূহুল মা'আনী, ১৪খ., পৃ. ২১২; ইব্ন হিশাম, ৪খ., পৃ. ১৪৬-১৪৭)।
রাসূলুল্লাহ (স) নামাযের জন্য প্রস্তুত হইয়া হুজরা হইতে বাহিরে তাশারীফ আনিলেন। নামায শেষে তামীম গোত্রের প্রতিনিধিদলের সঙ্গে তাঁহার আলাপ-আলোচনা হয়। প্রথমে তামীম গোত্রের পক্ষে তাহাদের বাগ্মী ও কবি তাহাদের গৌরব বর্ণনা করিয়া বক্তৃতা দেন ও কবিতা আবৃত্তি করেন। অতঃপর কবি হাসান ইন্ন ছাবিত (রা) রাসূলুল্লাহ (স)-এর নির্দেশে তামীম গোত্রের বক্তব্যের জবাব কবিতায় প্রদান করেন। অতঃপর তামীম গোত্রের নেতৃবৃন্দ স্বীকার করে যে, তাহাদের বক্তব্য অনক সুন্দর ও তাৎপর্যপূর্ণ। ইন্ন ইসহাক সারিয়্যা ইবন 'উয়ায়না ও বানু তামীমের প্রতিনিধিদলের মদীনায় আগমনের ঘটনা দুইটিকে ভিন্ন ভিন্ন স্থানে পৃথকভাবে উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন যে, রাসূলুল্লাহ (স) 'উয়ায়না ইন্ন হিস্স-এর সারিয়্যাকে বানু তামীমের একটি ক্ষুদ্র শাখাগোত্র বানু আনবার-এর উদ্দেশ্যে প্রেরণ করেন। তিনি সেখানে পৌঁছিয়া হামলা করেন এবং কিছু নারী ও পুরুষকে বন্দী করিয়া মদীনায় লইয়া আসেন।
অতঃপর তাহাদের মুক্তির ব্যাপারে আলোচনা করিবার জন্য বানু তামীমের একটি প্রতিনিধি দল মদীনায় রাসূলুল্লাহ (স)-রখেদমতে উপস্থিত হয়। রাসূলুল্লাহ (স) তাহাদের বন্দীদেরকে নিঃশর্তভাবে মুক্ত করিয়া দেন আর কতিপয় বন্দীকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেন। বানু তামীমের প্রতিনিধি দলে নিম্নোক্ত ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিল: রাবী'আ ইবন রাফে, সাবুরা ইন্ন 'আমর, কা'কা' ইব্ন মাবাদ, ওয়ারদান ইন্ন মুহরিয, কায়স ইব্ন 'আসিম, মালিক ইব্ন 'আমর, আকরা' ইব্ন হাবিস, ফিরাস ইব্ন হারিছ প্রমুখ। "আসাহহুস সিয়ার" গ্রন্থের লেখকের মতানুযায়ী ঘটনা দুইটি বানু তামীমের একই প্রতিনিধিদল সম্বন্ধে (আসাহহুস সিয়ার, পৃ. ৩১০)।
বানু তামীম গোত্র ইসলাম গ্রহণ করিয়া রাসূলুল্লাহ (স) সমীপে আরয করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্য হইতে আমাদের জন্য একজন আমীর নির্ধারণ করিয়া দিন। উপস্থিত সাহাবাদিগের মধ্য হইতে হযরত আবূ বাকর সিদ্দীক (রা) কা'কা' ইব্ন হারিছের নাম প্রস্তাব করিলেন। হযরত উমার (রা) প্রস্তাব করিলেন আকরা' ইব্ন হাবিসের নাম। ইহা লইয়া উভয়ের মধ্যে মজলিসেই কথা কাটাকাটি হইল। শেষ পর্যন্ত বিতর্ক বিবাদের পর্যায়ে পৌঁছিয়া গেল এবং উভয়ের কণ্ঠস্বর সরগরম হইল। রাসূলুল্লাহ (স) হযরত আবূ বাকর (রা)-এর প্রস্তাব সমর্থন করিলেন। ইহার প্রেক্ষিতে সূরা হুজরাতের নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়:
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَى اللهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرَ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولَ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللهُ قُلُوبُهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ.
"হে মু'মিনগণ! আল্লাহ ও তাঁহার রাসূলের সমক্ষে তোমরা কোন বিষয়ে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় কর; আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মু'মিনগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বল তাহার সহিত সেইরূপ উচ্চস্বরে কথা বলিও না। কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে তোমাদের অজ্ঞাতসারে। যাহারা আল্লাহ্র রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নীচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন। তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার" (৪৯: ১-৩; রূহুল মা'আনী, ১৪খ., পৃ. ২০১)।
টিকাঃ
(১) ইব্ন কাছীর, তাফসীরুল কুরআনিল 'আযীম, আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরূত ১৯৯৫ খৃ., সূরাতুল হুজুরাত ও উহার তাফসীর দ্র.; (২) আল্লামা আলুসী, রূহুল মা'আনী, দারুল ফিকর, বৈরূত, ১৪খ., পৃ. ২০১, সূরাতুল হুজুরাত-এর তাফসীর দ্র.; (৩) ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, দারুল মা'রিফা, বৈরূত ১৯৯৭ খৃ., ৫খ., পৃ. ৪৫; (৪) ইব্ন কাছীর, আস-সীরাতুন নাবাবিয়্যা, দারুল ফিকর, বৈরূত ১৯৭৮ খৃ., দ্বিতীয় সং, ৪খ., পৃ. ৭৯; (৫) ইদরীস কান্ধলাবী, সীরাতুল মুস্তাফা, আশ্রাফী বুক ডিপো., দিল্লী তা. বি., ৩খ., পৃ. ৭৪; (৬) আবদুর রউফ দানাপুরী, আসাহহুস সিয়ার, মাকতাবায়ে থানবী, দেওবন্দ তা. বি., পৃ. ৩০৭; (৭) ইব্ন হিশাম, আস্-সীরাতুন নাবাবিয়্যা, আল-মাকতাবাতুত্-তাওফীকিয়্যা, মিসর, তা. বি,. ৪খ., পৃ. ১৪৬-১৫২; (৮) মুহাম্মাদ রিদা, মুহাম্মাদ রাসূলুল্লাহ, দারুল কুতুবিল 'ইলমিয়্যা, বৈরূত ১৯৭৫ খৃ., পৃ. ৩৩৩; (৯) শিবলী নু'মানী, সীরাতুন-নবী, দারুল ইশা'আত, করাচী ১৯৮৪ খৃ., ২খ., পৃ. ২৮; (১০) ইব্ন সায়্যিদিন নাস, 'উয়ুনুল আছার, দারুল মা'রিফা, বৈরূত তা. বি,. ২খ., পৃ. ২০৩।
📄 সারিয়্যা কুতবা ইবন 'আমের
নবম হিজরীর সফর মাসে/ ৬৩০ খৃ. রাসূলুল্লাহ (স) হযরত কুত্বা ইবন 'আমের (রা)-এর নেতৃত্বে একটি সারিয়্যা খাছ'আম গোত্রের উদ্দেশ্যে প্রেরণ করেন। সৈন্যসংখ্যা বিশজন, বাহন হিসাবে দশটি উট অর্থাৎ প্রতি দুইজন সৈন্যের জন্য একটি উট (আসাহহুস সিয়ার, পৃ. ৩১১)।
খাছ'আম গোত্রের আবাদী ছিল তিহামা (تهامة) মরু অঞ্চলের তাবালাহ (تباله)-এর নিকটবর্তী একটি এলাকা, ইয়ামানে যাওয়ার পথে অবস্থিত (মুহাম্মাদ রাসূলুল্লাহ, পৃ. ৩৩৪)। তবে ইবন সায়্যিদিন নাসের বর্ণনামতে ইহা তুরাবাহ (ترابه) অঞ্চলের নিকট বীশা (بيشة) এলাকায় অবস্থিত ছিল ('উযূনুল আছার, ২খ., পৃ. ২০৬)।
কুতবা ইন্ন 'আমের (রা) শত্রু এলাকায় পৌঁছিয়া স্থানীয় এক ব্যক্তিকে আটক করিয়া তাহার কাছে খাছ'আমের অবস্থান জানিতে চাহিলেন। কিন্তু লোকটি 'মুক' সাজিয়া গেল, কোন কথাই বলিল না। কিন্তু পরক্ষণেই লোকটি সময়-সুযোগ বুঝিয়া চিৎকার করিয়া কওমের লোকদেরকে ডাকিয়া মুসলমানদের আগমন সম্বন্ধে সতর্ক করিতে লাগিল। মুসলমানগণ তাহার এই প্রতারণার দরুন তাহাকে হত্যা করে। অতঃপর কুতবা (রা) বাহিনীসহ সেখানেই অবস্থান করিলেন (সীরাতে মুস্তাফা, ৩খ., পৃ. ৮০)।
রাত্রিবেলা কতুবা (রা) খাছ'আমীদের উপর হামলা করিলেন। প্রচণ্ড লড়াই হইল। উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হইল। পরিশেষে মুসলমানদের বিজয় হইল। তাহারা খাছ'আমের বহু নারী-পুরুষ ও গবাদী পশু আটক করিয়া মদীনায় লইয়া আসিলেন। রাসূলুল্লাহ (স) গনীমত হইতে খুমুস্ পরিশোধের পর অবশিষ্ট গনীমত মুজাহিদদের মাঝে বন্টন করিয়া দিলেন। প্রত্যেক মুজাহিদ চার-চারটি করিয়া উট ভাগে পাইলেন। গনীমত বণ্টনের সময় দশটি ছাগল একটি উটের সমমান নির্ধারিত হয় (সীরাতে মুস্তাফা, ৩খ., পৃ. ৮০)।
অধিকাংশ সীরাতবিদ লিখিয়াছেন যে, এই যুদ্ধে সেনাপতি হযরত কুতবা ইবন 'আমের (রা) রণাঙ্গনে শত্রুর হাতে শাহাদাত বরণ করেন। কিন্তু ইবন হাজার ইব্ন হাতিমের সূত্রে লিখিয়াছেন যে, কুতবা (রা) রাসূলের ওফাতের পরও দীর্ঘকাল জীবিত ছিলেন এবং উমার (রা)-এর খেলাফতকালে ইন্তিকাল করেন। ইবন হিব্বানের বর্ণনামতে তিনি হযরত উছমান (রা)-এর খেলাফত কালে ইনতিকাল করেন (আসাহহুস সিয়ার, টীকা ২, পৃ. ৩১১)।
আল্লামা ইবনুল কায়্যিম (রা) যাদুল মা'আদ (২খ., পৃ. ২০৩)-এ লিখিয়াছেন, এই যুদ্ধের ঘটনায় এই কাহিনীও বর্ণিত আছে যে, মুসলমান সৈন্যগণ যখন খাছ'আমীদের আটককৃত নারী ও গবাদী পশু লইয়া মদীনা অভিমুখে ফিরিতেছিল, তখন কতিপয় খাছ'আমী যোদ্ধা তাহাদের পশ্চাদ্ধাবনের চেষ্টা করে। তখন অলৌকিকভাবে এক সয়লাব তাহাদের ও মুসলমানদের মাঝে বাধা হইয়া দাঁড়ায়। খাছ'আমীগণ এই পানির স্রোত অতিক্রম করিতে না পারিয়া অপর প্রান্তেই দাঁড়াইয়া রহিল এবং শুধু তাকাইয়া দেখিল, মুসলমানগণ তাহাদের নারী ও গবাদী পশু সম্পদগুলি নির্বিঘ্নে মদীনার দিকে হাঁকাইয়া লইয়া যাইতেছে।
টিকাঃ
(১) ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যা, যাদুল মা'আদ, দারুল মা'রিফা, বৈরূত তা. বি., ২খ., পৃ. ২০৩; (২) ইব্ন সায়্যিদিন নাস, 'উয়ূনুল আছার, দারুল মা'রিফা, বৈরূত তা. বি., ২খ., পৃ. ২০৬; (৩) মুহাম্মাদ রিদা, মুহাম্মাদ রাসূলুল্লাহ (স), দারুল কুতুবিল 'ইলমিয়্যা, বৈরূত ১৯৭৫ খৃ., পৃ. ৩৩৪ (৪) ইদরীস কান্ধলাবী, সীরাতুল মুস্তাফা, রব্বানী বুক ডিপো, দিল্লী ১৯৮২, ২খ., পৃ. ২৪১; (৫) আবদুর রউফ দানাপুরী, আসাহহুস সিয়ার, মাকতাবায়ে থানবী, দেওবন্দ, পৃ. ৩১১।