📘 সীরাত বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ (স)-কে হত্যার উদ্যোগ

📄 রাসূলুল্লাহ (স)-কে হত্যার উদ্যোগ


গাতাফান গোত্রের এক লোকের নাম ছিল গওরাছ। মতান্তরে শব্দ সংকোচনের (تصغير) মাধ্যমে তাহার নাম ছিল গুওয়ায়রিছ ইব্‌দুল হারিছ। সে একদা তাহার গোত্রীয় লোকদের বলিল, আমি তোমাদের পক্ষ হইতে মুহাম্মাদকে হত্যা করি? তাহারা বলিল, হাঁ, করিতে পার। তবে তাহা কি করিয়া সম্ভব হইবে? সে বলিল, তিনি যখন অসতর্ক অবস্থায় থাকিবেন তখন অতর্কিত আক্রমণ করিয়া তাহাকে খতম করি। এই উদ্দেশ্য লইয়া সে রাসূলুল্লাহ (স)-এর নিকট আসিল। সঙ্গী সাহাবায়ে কিরাম (রা) বিক্ষিপ্তভাবে বৃক্ষরাজির শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। হযরত জাবির (রা) বর্ণনা করেন, এমতাবস্থায় আমরা রাসূলুল্লাহ (স)-কে একাকী রাখিয়া নিজ নিজ সুবিধামত স্থানে আশ্রয় লই। রাসূলুল্লাহ (স) স্বীয় তরবারি গাছের সহিত ঝুলাইয়া রাখিয়া শুইয়া পড়েন। আমরা সবাই ঘুমাইয়া পড়িলে রাসূলুল্লাহ (স) আমাদেরকে আহবান করেন। আমরা তৎক্ষণাৎ উপস্থিত হইয়া দেখিতে পাইলাম, এক বেদুঈন উপবিষ্ট রহিয়াছে। তিনি ঐ লোকটির প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন, সে আমার তরবারি ছিনতাই করিয়াছে। আমার ঘুমন্ত অবস্থায় সে তাহা হাতে লইয়া আমাকে জিজ্ঞাসা করে, 'আমার হাত হইতে আপনাকে এখন কে বাঁচাইবে'? আমি বলিলাম, আল্লাহ। সে তিনবার তাহা আমাকে জিজ্ঞাসা করিল এবং তিনবারই আমি একই উত্তর দিলাম। ইহারই প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা অবতীর্ণ করেন:
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَنْ يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ.
"হে মু'মিনগণ! তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ স্মরণ কর যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করিতে চাহিয়াছিল। তখন তিনি তাহাদের হাত সংযত করিয়াছিলেন" (৫: ১১)।
হালাবী বলেন, যদিও এই ব্যাপারে উক্তি রহিয়াছে যে, আয়াতটি বানু নাযীর গোত্রের জনৈক লোক যখন পাথর নিক্ষেপ করিয়া রাসূলুল্লাহ (স)-কে হত্যা করিবার পায়তারা করিয়াছিল তখন অবতীর্ণ হয়। এই উভয় উক্তির মধ্যে কোন বিরোধ নাই। কারণ একটি আয়াত একাধিক ঘটনার সহিত সম্পর্কিত হইতে পারে।
এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে, রাসূলুল্লাহ (স) এই লোকটির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ হইতে বিরত থাকিলেন কেন? উহার উত্তর এই যে, উহার দ্বারা রাসূলুল্লাহ্ (স) ইসলামের প্রতি অবিশ্বাসীদের আকর্ষণ বৃদ্ধির উদ্দেশ্যেই তাহা করিয়াছিলেন (হালাবী, প্রাগুক্ত)। বাস্তবেও লোকটি মুক্তিপ্রাপ্তির পর তাহার গোত্রের কাছে ফিরিয়া গিয়া বলে, আমি দুনিয়ার সর্বোত্তম ব্যক্তির নিকট হইতে ফিরিয়া আসিয়াছি। অতঃপর সে ইসলাম গ্রহণ করিয়া একজন সাহাবীর মর্যাদা লাভ করে।
হযরত জাবির (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ (স)-এর সঙ্গেই ছিলাম। ইত্যবসরে আমরা দেখিতে পাইলাম একজন সাহাবী একটি পাখির ছানা ধরিয়া লইয়া আসিলেন। রাসূলুল্লাহ (স) ছানাটির দিকে তাকাইতেছিলেন। ছানাটি এই সাহাবীর হাতে থাকা অবস্থায় উহার মাতা-পিতা কিংবা উহাদের যে কোন একজন তাহার সম্মুখে আসিয়া শুইয়া পড়িল। লোকজন এই দৃশ্য দেখিয়া বিস্ময়াভিভূত হইয়া গেল। রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমরা পাখিটির তদীয় ছানার প্রতি দয়ামায়া দেখিয়া বিস্মিত হইতেছ? আমি শপথ করিয়া বলিতেছি, এই পাখি তাহার ছানার জন্য যতটুকু দয়ামায়া দেখাইতেছে, আল্লাহ তাঁহার বান্দাদের প্রতি ইহা হইতে অধিক দয়াবান (ওয়াকিদী, প্রাগুক্ত)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00