📄 বন্দী কাফিরদের মধ্যে পরবর্তী কালে ইসলাম গ্রহণকারীদের তালিকা
বদর যুদ্ধে মুসলমানদের হাতে যাহারা বন্দী হইয়াছিলেন পরবর্তী কাল তাহাদের অনেকেই ইসলাম গ্রহণ করেন এবং খালিস মুমিন হিসাবে বাকী জীবন অতিবাহিত করেন। তাহারা হইলেন :
১। রাসূলুল্লাহ (স)-এর চাচা আল-'আব্বাস ইবন 'আবদিল মুত্তালিব (রা)।
২। আকীল ইব্ন আবী তালিব (রা), আলী (রা)-এর ভ্রাতা।
৩। নাওফাল ইবনুল হারিছ (রা)।
৪। আবুল আস ইবনুর রাবী' (রা), রাসূলুল্লাহ (স)-এর জামাতা।
৫। আবূ 'আযীয যুরারা ইবন উমায়র আল-আবদারী (রা)।
৬। আস-সাইব ইব্ন আবী হুবায়শ (রা)।
৭। খালিদ ইব্ন হিশাম আল-মাখযূমী (রা)।
৮। 'আবদুল্লাহ ইব্ন আবিস সাইব (রা)।
৯। আল-মুত্তালিব ইব্ন হানতাব (রা)।
১০। আবূ ওয়াদা'আ আস-সাহমী (রা)।
১১। আবদুল্লাহ ইবন উবাই ইব্ন খালাফ আল-জুমাহী (রা)।
১২। ওয়াহ্হ্ব ইবন উমায়র আল-জুমাহী (রা)।
১৩। সুহায়ল ইবন আমর আল-আমিরী (রা)।
১৪। উম্মুল মুমিনীন সাওদা বিন্ত যাম'আ (রা)-এর ভ্রাতা 'আবদুল্লাহ ইব্ন যাম্'আ (রা)।
১৫। কায়স ইবনুস সাইব (রা)।
১৬। নিসতাস (রা) মাওলা উমায়্যা ইব্ন খালাফ।
১৭। আস-সাইব ইবন উবায়দ (রা), বদর যুদ্ধের পরই নিজের মুক্তিপণ আদায় করিয়া ইসলাম গ্রহণ করেন।
১৮। আদিয়্যি ইবনুল খিয়ার।
১৯। আল-ওয়ালীদ ইবনুল মুগীরা, তাহার ভ্রাতা হিশাম ও খালিদ মুক্তিপণ দিয়া তাহাকে মুক্ত করে। মুক্ত হওয়ার পরপরই তিনি ইসলাম গ্রহণ করেন। ইহাতে তাহারা তাহাকে তিরস্কার করিলে তিনি বলেন, আমার সম্পর্কে লোকজন এই ধারণা করিবে যে, আমি বন্দীত্বের ফলে ঘাবড়াইয়া গিয়া ইসলাম গ্রহণ করিয়াছি। ইহা আমি ভাল মনে করি নাই বিধায় বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করি নাই। এই অপরাধে তাহার মামার বংশ তাহাকে আটক রাখে। রাসূলুল্লাহ (স) কুনূতের মধ্যে তাহার জন্য দু'আ করেন। অতঃপর সেখান হইতে মুক্ত হইয়া তিনি উমরাতুল কাযার সময় রাসূলুল্লাহ (স)-এর সহিত আসিয়া মিলিত হন।