📘 সীরাত বিশ্বকোষ > 📄 আবূ হুযায়ফা (রা)-কে রাসূলুল্লাহ (স)-এর সান্ত্বনা দান

📄 আবূ হুযায়ফা (রা)-কে রাসূলুল্লাহ (স)-এর সান্ত্বনা দান


রাসূলুল্লাহ (স) যখন কুরায়শ নেতৃবৃন্দের লাশ বদরের কূপে নিক্ষেপ করার নির্দেশ দিলেন তখন উতবা ইব্‌ন আবী রাবী'আর লাশ কূপের দিকে লইয়া যাওয়া হইল। এই সময় রাসূলুল্লাহ (স) উতবার পুত্র সাহাবী আবূ হুযায়ফা (রা)-এর চেহারায় বিষণ্ণতার ছাপ দেখিতে পাইলেন। তিনি এতই দুঃখভারাক্রান্ত হইয়াছিলেন যে, তাহার মুখমণ্ডল বিবর্ণ হইয়া গিয়াছিল। রাসূলুল্লাহ (স) তাহাকে স্নেহভরে ডাকিয়া বলিলেন, হে আবূ হুযায়ফা! তোমার মনে হয়তবা তোমার পিতা সম্পর্কে কোনও আঘাত লাগিয়াছে। তিনি বলিলেন, না। আল্লাহ্র কসম, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার পিতা সম্পর্কে বা তাহার নিহত হওয়া সম্পর্কে বেদনাহত নহি। তবে আমি আমার পিতার সঠিক সিদ্ধান্ত, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা সম্পর্কে জানিতাম। তাই আমি আশা করিতাম যে, তাহার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতাই তাহাকে ইসলামে দীক্ষিত করিবে। আমার এইরূপ আশাবাদী থাকার পর তাহার এই পরিণতি দেখিয়া এবং তাহার কুফরীর উপর নিহত হওয়ার কথা স্মরণ করিয়া দুঃখিত ও ব্যথিত হইয়াছি। অতঃপর রাসূলুল্লাহ (স) তাহার মঙ্গলের জন্য দু'আ করিলেন এবং তাহাকে সান্ত্বনা দিলেন (ইবন হিশাম, আস-সীরা, ২খ., পৃ. ২৮২; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৪খ., পৃ. ৫৬-৫৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 কতিপয় কুরায়শ যুবকের পরিণতি

📄 কতিপয় কুরায়শ যুবকের পরিণতি


এই যুদ্ধে কাফির কুরায়শদের সহিত তাহাদের কিছু যুবক নিহত হয়, যাহাদের সম্পর্কে এই আয়াত নাযিল হয়: إِنَّ الَّذِينَ تَوَفَّهُمُ الْمَلَئِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيراً .
"যাহারা নিজেদের উপর জুলুম করে তাহাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তাহারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তাহারা বলে, আল্লাহর যমীন কি এমন প্রশস্ত ছিল না যেথায় তোমরা হিজরত করিতে? ইহাদেরই আবাসস্থল জাহান্নাম, আর উহা কত মন্দ আবাস" (৪:৯৭)!

তাহারা হইল: (১) আসাদ ইব্‌ন আবদিল উয্যা ইন্ন কুসায়্যি গোত্রের আল-হারিছ ইবন যামআ ইবনুল আসওয়াদ; (২) মাখযূম গোত্রের আবু কায়স ইবনুল ফাকীহ ইব্‌দুল মুগীরা, (৩) একই গোত্রের আবূ কায়স ইবনুল ওয়ালীদ ইবনুল মুগীরা; (৪) জুমাহ গোত্রের আলী ইব্‌ উমায়া ইন্ন খালাফ; (৫) সাহম গোত্রের আল-আস ইব্‌ন মুনাব্বিহ ইবনুল হাজ্জাজ।
রাসূলুল্লাহ (স) মক্কায় থাকিতেই ইহারা ইসলাম গ্রহণ করে। অতঃপর রাসূলুল্লাহ (স) যখন মদীনায় হিজরত করেন তখন ইহাদের বাপ-দাদা ও নিকটাত্মীয়রা ইহাদিগকে মক্কায় আটক করিয়া রাখে এবং নির্যাতন ও চাপ প্রয়োগ করিয়া দীন ইসলাম ত্যাগ করায়। অতঃপর তাহারা তাহাদের কওমের সহিত বদর প্রান্তরে আগমন করে এবং যুদ্ধে সকলেই নিহত হয় (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ., পৃ. ৩৯৬; উয়ূনুল আছার, ১খ., পৃ. ৩০৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যুদ্ধলব্ধ সম্পদ (গনীমত) লাভ ও উহার সুষ্ঠু বণ্টন

📄 যুদ্ধলব্ধ সম্পদ (গনীমত) লাভ ও উহার সুষ্ঠু বণ্টন


এই যুদ্ধে কাফিরদের নিকট হইতে মুসলমানগণ প্রচুর গনীমত লাভ করেন। যুদ্ধশেষে রাসূলুল্লাহ (স) সেগুলি একত্র করার নির্দেশ দেন। অতএব তাহা একত্র করা হয়। উক্ত সম্পদের মধ্যে ছিল ১৫০টি উট, বহু আসবাবপত্র, কাপড়-চোপড় ও চামড়া যাহা মুশরিকগণ ব্যবসায়ের উদ্দেশ্যে লইয়াছিল, ১০টি ঘোড়া, বহু অস্ত্রশস্ত্র এবং আবু জাহলের উট যাহা পরবর্তী কালে রাসূলুল্লাহ (স)-এর নিকটই থাকিত। তিনি উহাতে চড়িয়া যুদ্ধ করিতেন। মাদীক ও নাযিয়া-র মধ্যবর্তী সায়র নামক স্থানে পৌছিয়া গনীমতের সম্পদ বণ্টন করা হয় (ইউসুফ সালিহী আশ-শামী, প্রাগুক্ত, ৪খ., পৃ. ৬২)।

এই সময় ইহার বণ্টন লইয়া মুসলমানদের মধ্যে কিছুটা মতপার্থক্য পরিলক্ষিত হয়। কাফিরগণ যখন পরাজয় বরণ করিতেছিল তখন মুসলমানগণ তিনভাগে বিভক্ত ছিলেন। একদল পলায়নপর কাফিরদের পশ্চাদ্ধধাবন করিয়া তাহাদিগকে বন্দী ও হত্যা করিতেছিলেন। একদল তাহাদের পরিত্যক্ত সম্পদ সংগ্রহ ও জড়ো করিতেছিলেন। আর একদল কাফিরদের পুন আক্রমণের আশংকায় রাসূলুল্লাহ (স)-এর প্রহরায় নিযুক্ত ছিলেন।

অতঃপর রাত্রিবেলা যখন সকলে একত্র হইলেন তখন যাহারা উহা সংগ্রহ করিয়াছিলেন তাহারা বলিলেন, উহা আমাদেরই প্রাপ্য।
আর যাহারা শত্রুদের পশ্চাদ্ধাবন করিয়া হত্যা ও বন্দী করিয়াছিলেন তাহারা বলিলেন, আল্লাহর কসম! আমরা না হইলে তোমরা ইহা পাইতে না। আমরা তাহাদিগকে তোমাদের হইতে ফিরাইয়া রাখিয়াছি, তাই তোমরা উহা লাভ করিয়াছ।
আর যাহারা রাসূলুল্লাহ (স)-এর প্রহরায় ছিলেন তাহারা বলিলেন, আল্লাহ্র কসম! তোমরা উহাতে আমাদের তুলনায় অধিক হকদার নহ। আল্লাহ যখন আমাদিগকে বিজয় দান করেন তখন ইচ্ছা করিলে আমরা শত্রুদিগকে হত্যা করিতে পারিতাম। আমরা ইচ্ছা করিলে সম্পদ সংগ্রহও করিতে পারিতাম, যখন উহাতে বাধা দেওয়ার কোনও লোকই ছিল না। কিন্তু আমরা রাসূলুল্লাহ (স) সম্পর্কে আশংকা করিয়াছিলাম যে, দুশমনগণ ফিরিয়া আসিয়া তাঁহাকে আক্রমণ করিয়া বসে কিনা। তাই আমরা তাঁহার সম্মুখে অবস্থান করিয়াছিলাম। সুতরাং উক্ত গনীমতের ব্যাপারে তোমরা আমাদের তুলনায় অধিক হকদার নহ। এই মতবিরোধ ও বাদানুবাদের অবসান ঘটাইয়া আল্লাহ তা'আলা ঘোষণা করিলেন যে, ইহার মালিক আল্লাহ ও তাঁহার রাসূল (ইব্‌ন হিশাম, আস-সীরা, ২খ., পৃ. ২৮৩)। আয়াত নাযিল হইল :
يَسْتَلُونَكَ عَنِ الْأَنْفَالِ قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُّؤْمِنِينَ.
“লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে। বল, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও রাসূলের। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন কর এবং আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য কর, যদি তোমরা মুমিন হও” (৮: ১)।

অতঃপর আল্লাহ তা'আলা ইহা বণ্টনের দায়িত্ব রাসূলুল্লাহ (স)-এর উপর ন্যস্ত করিলেন। এই বিষয়ে আল্লাহ আরও ইরশাদ করিলেন :
وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَالرَّسُولِ وَلَذِي الْقُرْبَى وَالْيَتَمَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِنْ كُنْتُمْ أَمَنْتُمْ بِاللهِ وَمَا أَنْزَلْنَا عَلَى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
"তোমরা আরও জানিয়া রাখ যে, যুদ্ধে যাহা তোমরা লাভ কর তাহার এক-পঞ্চমাংশ আল্লাহর, রাসূলের, রাসূলের স্বজনদের, ইয়াতীমদের, মিসকীনদের এবং পথচারীদের যদি তোমরা ঈমান রাখ আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন (বদর যুদ্ধের দিন) আমি আমার বান্দার প্রতি নাযিল করিয়াছি, যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান” (৮ : ৪১)।

অতঃপর রাসূলুল্লাহ (স) সকল সাহাবীর মধ্যে তাহা সমভাবে বণ্টন করিলেন। আবূ উমামা (রা) বলেন, আমি উবাদা ইবনুস সামিত (রা)-কে গণীমত সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, বদর যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কেই গনীমতের আয়াত নাযিল হয়, যখন আমরা গনীমত লইয়া মতবিরোধ করিতেছিলাম। এই ব্যাপারে আমাদের স্বভাব কলুষিত হইতেছিল। তখন উহার কর্তৃত্ব আল্লাহ আমাদের হাত হইতে নিয়া তাঁহার রাসূলের উপর ন্যস্ত করিলেন। অতঃপর রাসূলুল্লাহ (স) মুসলমানদের মধ্যে সমভাবে উহা বণ্টন করিলেন (ইব্‌ন হিশাম, ২খ., পৃ. ২৮৩; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ., পৃ. ৩০১-৩০২)। এক বর্ণনামতে খাব্বাব ইবনুল আরাত্ (রা)-কে তিনি উহা বণ্টনের দায়িত্ব প্রদান করেন (সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৪খ., পৃ. ৬২)।

রাসূলুল্লাহ (স) গনীমত সমভাবে বণ্টনের নির্দেশ দিলে সা'দ ইব্‌ন মুআয (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি জাতিকে রক্ষাকারী অশ্বারোহী সৈন্যদিগকে ও দুর্বলদিগকে একই সমান অংশ প্রদান করিবেন? রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমার মাতার পুত্রবিয়োগ ঘটুক! দুর্বলদের কারণেই তো তোমাদিগকে সাহায্য করা হইয়াছে (সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৪খ., পৃ. ৬২)।

যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ (স)-এর পক্ষ হইতে একজন লোক ঘোষণা করিলেন, যে ব্যক্তি কোনও শত্রুসৈন্যকে হত্যা করিবে, সে সেই নিহত ব্যক্তির সঙ্গে থাকা সম্পদ পাইবে। যে কাহাকেও বন্দী করিবে সে সেই বন্দীটির মালিক হইবে। ঐ সূত্র অনুযায়ী হত্যাকারীকে তিনি নিহত ব্যক্তির সম্পদ প্রদান করেন। ইহা ছাড়া যেসব সম্পদ যুদ্ধের ময়দানে পাওয়া গিয়াছে অথবা বিনা যুদ্ধে তাহারা সংগ্রহ করিয়াছে উহাই সকলের মধ্যে বণ্টন করা হয়।
গনীমতের সম্পদ ৩১৭ ভাগে বণ্টন করা হয়। মুজাহিদ ছিল ৩১৩ জন। অশ্বারোহীর দুইভাগ, দুইজন অশ্বারোহী থাকায় তাহাদের ৪ ভাগ। এতদ্ব্যতীত ৮ জন লোক যুদ্ধে অংশগ্রহণ না করিলেও রাসূলুল্লাহ (স) সঙ্গত কারণেই তাহাদিগকে অংশ প্রদান করেন। তন্মধ্যে তিনজন মুহাজির। তাঁহারা হইলেন: (১) উছমান ইব্‌ন আফফান (রা) যাঁহাকে রাসূলুল্লাহ (স) স্বীয় অসুস্থ্য কন্যা রুকায়্যার সেবা-শুশ্রূষার জন্য রাখিয়া যান। যায়দ ইব্‌ন হারিছা (রা) যেদিন বিজয়ের সুসংবাদ লইয়া মদীনায় আগমন করেন সেই দিন তিনি ইনতিকাল করেন। (২) তালহা ইবন উবায়দিল্লাহ ও (৩) সাঈদ ইব্‌ন যায়দ (রা); রাসূলুল্লাহ (স) তাঁহাদিগকে মুশরিকদের বাণিজ্য প্রতিনিধি দলের সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর হিসাবে প্রেরণ করিয়াছিলেন। আর পাঁচজন আনসার, তাহারা হইলেনঃ (১) আবু লুবাবা ইব্‌ন আবদিল মুনযির (রা), রাসূলুল্লাহ (স) তাঁহাকে মদীনার শাসক বানাইয়াছিলেন; (২) আসিম ইব্‌ন আদী (রা), রাসূলুল্লাহ (সা) তাঁহাকে কুবাবাসী ও মদীনার উচ্চ ভূমির শাসক নিযুক্ত করিয়াছিলেন; (৩) আল-হারিছ ইব্‌ন হাতিব (রা), রাসূলুল্লাহ (স) তাঁহাকে বানু আমর ইব্‌ন আওফ-এর তদারকির দায়িত্ব দিয়াছিলেন; (৪) আল-হারিছ ইবনুস সিম্মা ও (৫) খাওওয়াত ইব্‌ন জুবায়র (রা); বদর রওয়ানা হওয়ার পথে আর-রাওহা নামক স্থানে পৌঁছিবার পর তাহাদের উভয়ের পা ভাঙ্গিয়া যায়। ফলে তাঁহারা বাধ্য হইয়া মদীনায় প্রত্যাবর্তন করেন। আর এক বর্ণনামতে সা'দ ইবন উবাদা ও সা'দ ইবন মালিক আস-সাইদী এবং আনসারদের অপর দুই ব্যক্তিকেও গনীমতের অংশ প্রদান করা হয় (প্রাগুক্ত)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মদীনায় বিজয়ের সুসংবাদ প্রেরণ

📄 মদীনায় বিজয়ের সুসংবাদ প্রেরণ


বদর যুদ্ধে জয়লাভের পর মদীনায় উহার সংবাদ প্রেরণের জন্য রাসূলুল্লাহ (স) আবদুল্লাহ ইন্ন রাওয়াহা (রা)-কে মদীনার উচ্চ ভূমিতে এবং যায়দ ইবন হারিছা (রা)-কে মদীনার নিম্নভূমিতে প্রেরণ করিলেন। তাঁহারা আল-আকীক নামক স্থান হইতে পৃথক হইয়া গেলেন এবং উভয়ে রবিবার বেলা বিদ্বপ্রহরের পূর্বেই মদীনায় আসিয়া পৌছিলেন। ইবন রাওয়াহা (রা) তাঁহার সওয়ারীতে থাকিয়া ঘোষণা করিতেছিলেন, হে আনসার সম্প্রদায়! তোমরা সুসংবাদ গ্রহণ কর যে, রাসূলুল্লাহ (স) নিরাপদ আছেন এবং মুশরিকগণ নিহত ও বন্দী হইয়াছে। রাবী'আর পুত্রদ্বয় (উতবা ও শায়বা), আল-হাজ্জাজের পুত্রদ্বয় (নুবায়হ ও মুনাব্বিহ), আবূ জাহল ইব্‌ন হিশাম, যাম'আ ইবনুল আসওয়াদ ও উমায়‍্যা ইব্‌ন খালাফ নিহত হইয়াছে এবং সুহায়ল ইব্‌ন আমর বন্দী হইয়াছে। আসিম ইব্‌ন আদী (রা) বলেন, আমি তাঁহার মুখামুখী দাঁড়াইয়া বলিলাম, তুমি যাহা বলিতেছ তাহা কি ঠিক হে ইব্‌ন রাওয়াহা? তিনি বলিলেন, হাঁ, আল্লাহ্র কসম! আগামী কালই রাসূলুল্লাহ (স) বন্দীদের লইয়া ফিরিয়া আসিবেন। তিনি মদীনার উচ্চভূমিতে অবস্থিত আনসারদের বাড়ি বাড়ি গিয়া এই সংবাদ পৌঁছাইয়া দিতেছিলেন। বালকগণও তাঁহার সঙ্গে যাইতেছিল এবং বলিতেছিল, পাপিষ্ঠ আবু জাহল নিহত হইয়াছে। এইভাবে তিনি বনূ উমায়্যা ইবন যায়দ-এর বাড়ি পর্যন্ত গিয়া পৌছিলেন (ইউসুফ সালিহী আশ-শামী, প্রাগুক্ত, ৪খ., পৃ. ৫৭; ইব্‌ন হিশাম, আস-সীরা, ২খ., পৃ. ২৮৪)।

অপরদিকে যায়দ ইব্‌ন হারিছা (রা) রাসূলুল্লাহ (স)-এর আল-কাসওয়া বা আল-আদবা নামক উষ্ট্রীর পিঠে আরোহণ করিয়া মদীনার নিম্নভূমিতে বসবাসকারী সাহাবীদিগকে সুসংবাদ শুনাইতে লাগিলেন। উসামা ইব্‌ন যায়দ (রা) বলেন, আমরা তখন জান্নাতুল বাকীতে রাসূলুল্লাহ (সা)-এর কন্যা রুকায়‍্যার কবরের মাটি সমান করিতেছিলাম। তিনি উছমান (রা)-এর স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ (স) আমাকে ও উছমান (রা)-কে তাঁহার সেবা-শুশ্রূষার জন্য রাখিয়া গিয়াছিলেন। তখন আমাদের নিকট সংবাদ আসিল যায়দ ইব্‌ন্ন হারিছা (রা) আসিয়াছেন। আমি তাড়াতাড়ি তাঁহার নিকট গেলাম। তিনি তখন মসজিদে অবস্থান করিতেছিলেন, আর লোকজন তাঁহাকে ঘিরিয়া ধরিয়াছিল। তিনি বলিতেছিলেন, উতবা ইবন রাবী'আ, শায়বা ইবন রাবী'আ, আবু জাহল ইব্‌ন হিশাম, যাম'আ ইবনুল আসওয়াদ, আবুল বাখতারী, আল-আস ইবন হিশাম, উমায়‍্যা ইব্‌ন খালাফ, নুবায়হ ও মুনাব্বিহ ইবনুল হাজ্জাজ নিহত হইয়াছে এবং সুহায়ল ইব্‌ন আমরসহ অনেকে বন্দী হইয়াছে। উসামা (রা) বলেন, তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে পিতা! ইহা কি সত্য? তিনি বলিলেন, হাঁ, আল্লাহর কসম। হে বৎস (প্রাগুক্ত)।

এক বর্ণনামতে কিছু লোক যায়দ ইব্‌ন হারিছা (রা)-এর কথা বিশ্বাস করিতেছিল না। তাহারা বলিতেছিল, যায়দ পরাজিত হইয়া ফিরিয়া আসিয়াছে। ইহাতে মুসলমানগণ রাগান্বিত ও শঙ্কিত হইয়া পড়িল। উসামা ইব্‌ন যায়দ (রা) বলেন, ইহার ফলে আমি বন্দীদিগকে না দেখা পর্যন্ত তাহার কথা বিশ্বাস করিতে পারি নাই। এক মুনাফিক আবু লুবাবা ইব্‌ন আবদিল মুনযিরকে বলিল, তোমাদের সঙ্গীগণ এমনভাবে বিভক্ত হইয়া পড়িয়াছে যে, আর কখনও একত্র হইতে পারিবে না। আর তাঁহার নেতৃস্থানীয় সাহাবীগণ নিহত হইয়াছে। মুহাম্মাদ নিহত হইয়াছে। এই তাঁহার উস্ত্রী, উহা আমরা চিনি। আর এই যায়দ, ভয় ও আতঙ্কের কারণে কি বলিতেছে তাহা সে নিজেই জানে না। সে পরাজিত হইয়াই আসিয়াছে। আবূ লুবাবা (রা) বলিলেন, আল্লাহ তোমার কথা মিথ্যা প্রতিপন্ন করুন। ইয়াহুদীগণও বলিত লাগিল, সে পরাজিত হইয়াই আসিয়াছে।
উসামা ইবন যায়দ (রা) বলেন, আমি একান্তে আমার পিতার নিকট গিয়া বলিলাম, হে পিত! আপনি যাহা বলিতেছেন তাহা কি সত্য? তিনি বলিলেন, হাঁ, আল্লাহর কসম! আমি যাহা বলিতেছি তাহা সত্য হে বৎস। তখন আমি মনে একটু শক্তি পাইলাম এবং উক্ত মুনাফিকের নিকট আসিয়া বলিলাম, তুমিই রাসূলুল্লাহ (স) ও মুসলমানদের সম্পর্কে অপপ্রচারকারী। রাসূলুল্লাহ (স) ফিরিয়া আসিলে আমরা অবশ্যই তোমাকে তাঁহার সম্মুখে হাযির করিব এবং তিনি তোমার গর্দান উড়াইয়া দিবেন। তখন সে বলিল, হে আবু মুহাম্মাদ! ইহা লোকজনের মুখে আমার শোনা কথা (সুবুলুল হুদা, প্রাগুক্ত, ৪খ., পৃ. ৫৭-৫৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00