📄 সাহাবীদের সহিত পরামর্শ
অতঃপর রাসূলল্লাহ (স) সম্মুখে অগ্রসর হইয়া আস-সাফরা নামক গ্রামে পৌছিলেন। ইহা ছিল দুইটি পর্বতের মধ্যখানে অবস্থিত। তিনি উক্ত পর্বতদ্বয়ের নাম জিজ্ঞাসা করিলেন। লোকজন বলিল, উহার একটিকে বলা হয় 'মুসলিহ' এবং অপরটিকে মুখরি'। তিনি উহার অধিবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তাঁহাকে বলা হইল, ইহারা গিফার গোত্রের দুইটি শাখা বানুন-নাজজার ও বানূ হুরাক। রাসূলুল্লাহ (স) উহার মধ্য দিয়া যাইতে অপছন্দ করিলেন। তিনি পর্বতদ্বয় ও সেখানকার অধিবাসী গোত্রের শাখাদ্বয়ের নাম শুনিয়াই তাহা অপছন্দ করিলেন। অতঃপর তিনি উক্ত পথ ত্যাগ করিলেন এবং আস-সাফরাকে বামে রাখিয়া ডান দিকে একটি উপত্যকার মধ্য দিয়া চলিলেন যাহাকে যাফেরান বলে। আড়াআড়ি ভাবে তিনি উক্ত উপত্যকা পাড়ি দিয়া সেখানে অবতরণ করিলেন।
সাহাবীদের সহিত পরামর্শ: এই সময় রাসূলুল্লাহ (স)-এর নিকট সংবাদ আসিল যে, কুরায়শগণ বাণিজ্য কাফেলাকে রক্ষা করিতে পূর্ণ যুদ্ধের প্রস্তুতি লইয়া আগমন করিতেছে। তিনি সাহাবীদের নিকট পরামর্শ চাহিলেন এবং তাহাদিগকে কুরায়শদের সংবাদ অবহিত করাইলেন। তখন আবু বাক্স সিদ্দীক (রা) উঠিয়া দাঁড়াইলেন এবং তিনি উত্তম পরামর্শ দিলেন। অতঃপর উমার ইবনুল খাত্তাব (রা) উঠিয়া দাঁড়াইলেন এবং তিনিও উত্তম পরামর্শ দিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! উহারা কুরায়শ, সম্মানিত লোক। আল্লাহ্র কসম, যেদিন হইতে তাহারা সম্মান লাভ করিয়াছে তাহার পর আর কখনও অপdস্থ হয় নাই। আল্লাহ্র কসম! যেদিন হইতে তাহারা কুফরী করিয়াছে আর কখনও ঈমান আনয়ন করে নাই। আল্লাহ্র কসম! উহারা কখনও উহাদের সম্মান ভূলুণ্ঠিত হইতে দিবে না, বরং অবশ্যই আপনার সহিত যুদ্ধ করিবে। সুতরাং আপনি সেইজন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন।
অতঃপর মিকদাদ ইব্ন 'আমর (রা) দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ আপনাকে যাহা দেখাইয়াছেন (ভিন্ন বর্ণনায় যাহার নির্দেশ দিয়াছেন) সেইদিকে আমাদিগকে লইয়া চলুন। আমরা আপনার সঙ্গেই থাকিব। আল্লাহ্র কসম! আমরা আপনাকে সেইরূপ বলিব না, মূসা (আ)-কে বানূ ইসরাঈল যেইরূপ বলিয়াছিল। আল্লাহ্র বাণী: فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلا إِنَّا هُهُنَا قَاعِدُونَ. "তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানেই বসিয়া থাকিব" (৫ঃ ২৪); বরং আপনি ও আপনার প্রতিপালক গিয়া যুদ্ধ করুন, আমরাও আপনাদের সহিত একত্র হইয়া যুদ্ধ করিব। এক বর্ণনায় ইহাও আছে, আমরাও আপনার ডানে-বামে, অগ্রে-পশ্চাতে থাকিয়া যুদ্ধ করিব। তিনি আরও বলিলেন, সেই সত্তার কসম! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, আপনি যদি আমাদিগকে 'বারকুল গিমাদ' (ইয়ামানের, মতান্তরে হাবশার একটি স্থান) নামক স্থানেও লইয়া যান তবুও আমরা সেখানে পৌঁছা পর্যন্ত আপনার সহিত চলিতে থাকিব। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (স)-এর মুখমণ্ডল উজ্জ্বল হইয়া উঠিল। তিনি তাহাকে ধন্যবাদ দিলেন এবং তাহার জন্য দু'আ করিলেন।
ইহার পরও রাসূলুল্লাহ (স) বলিলেন, ওহে লোকসকল! আমাকে পরামর্শ দাও। ইহা দ্বারা তিনি আনসারদের পরামর্শই কামনা করিতেছিলেন। কারণ তাহারা ছিল সংখ্যায় বেশী। উপরন্তু বায়'আতে 'আকাবার সময় তাহারা যে শপথ করিয়াছিল তাহাতে বলিয়াছিল, "ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের গৃহে না পৌঁছা পর্যন্ত আমরা আপনার দায় দায়িত্ব হইতে মুক্ত। আপনি যখন আমাদের নিকট পৌঁছিবেন তখন আপনার দায়দায়িত্ব আমাদের উপর বর্তাইবে। আমরা আমাদের সন্তান-সন্ততি ও মহিলাদিগকে যেভাবে রক্ষা করি আপনাকেও সেভাবে রক্ষা করিব”। তাই রাসূলুল্লাহ (স) আকাঙ্ক্ষা করিতেছিলেন যে, মদীনার বাহিরে যেসব শত্রু তাঁহাকে আক্রমণ করিবে সেইসব শত্রুর বিরুদ্ধে রাসূলুল্লাহ (স)-কে সাহায্য করা আনসারগণ নিজদের জন্য জরুরী মনে করিবে না। আর তাঁহারও উচিৎ নহে তাহাদিগকে নিজ দেশের শত্রুর বিরুদ্ধে লইয়া যাওয়া।
রাসূলুল্লাহ (স)-এর এই কথা শুনিয়া সা'দ ইব্ন মু'আয (রা) বলিলেন, আল্লাহ্র কসম! ইয়া রাসূলাল্লাহ! আপনি মনে হয় আমাদিগকে লক্ষ্য করিয়াই বলিতেছেন? রাসূলুল্লাহ (স) বলিলেন, হাঁ। সা'দ (রা) বলিলেন, আমরা আপনার উপর ঈমান আনয়ন করিয়াছি, আপনাকে সত্য নবী বলিয়া বিশ্বাস করিয়াছি এবং সাক্ষ্য দিয়াছি যে, আপনি যাহা লইয়া আসিয়াছেন তাহাই সত্য। এই ব্যাপারে আমরা আপনাকে আমাদের পক্ষ হইতে শ্রবণ ও আনুগত্য করার অঙ্গীকার প্রদান করিয়াছি। তাই ইয়া রাসূলাল্লাহ! আপনি যেখানে ইচ্ছা আমাদিগকে লইয়া চলুন। আমরা আপনার সঙ্গেই থাকিব। সেই সত্তার কসম! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, আপনি যদি আমাদিগকে লইয়া সমুদ্রে ঝাঁপাইয়া পড়েন তবে আমরাও আপনার সহিত ঝাঁপাইয়া পড়িব। আমাদের মধ্য হইতে একজন লোকও পিছনে থাকিবে না। আমরা ইহা অপছন্দ করিব না যে, আপনি আগামী কাল আমাদিগকে আমাদের শত্রুর সম্মুখে হাজির করিবেন। আমরা যুদ্ধের ময়দানে ধৈর্যশীল, সাক্ষাতের ক্ষেত্রে সত্যবাদী। হয়তোবা আল্লাহ আপনাকে এমন জিনিস দেখাইবেন যাহাতে আপনার চক্ষু জুড়াইয়া যাইবে। তাই আল্লাহ্র রহমত ও বরকতে আমাদিগকে লইয়া চলুন।
হাফিজ ইব্ন কাছীর (র) ইন মারদুয়ায়হ্ সূত্রে বর্ণনা করেন যে, সা'দ ইব্ন মু'আয (রা) ইহাও বলিয়াছিলেন, আপনি যদি আমাদিগকে ইয়ামানের বারকুল গিমাদেও লইয়া যান তবে আমরা অবশ্যই আপনার সহিত যাইব। আমরা তাহাদের মত হইব না যাহারা মূসা (আ)-কে বলিয়াছিল, "তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এখানেই বসিয়া থাকব বরং আপনি ও আপনার প্রতিপালক গিয়া যুদ্ধ করুন, আমরাও আপনাদের অনুসরণ করিব। আপনি হয়তোবা এক কাজের জন্য বাহির হইয়াছিলেন, আল্লাহ তদস্থলে অন্য এক কাজের ব্যবস্থা করিয়াছেন, তাহার প্রতিই লক্ষ্য রাখুন। আল-উমাবী তাঁহার মাগাযীর বর্ণনায় ইহাও উল্লেখ করিয়াছেন যে, সা'দ (রা) বলিয়াছিলেন, আমাদের সম্পদ হইতে যাহা ইচ্ছা গ্রহণ করুন, আর যাহা ইচ্ছা আমাদিগকে দিন। তবে আমাদের নিকট হইতে আপনি যাহা গ্রহণ করিবেন তাহাই আমাদের নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় যাহা আমাদের জন্য রাখিয়া দিবেন তাহার তুলনায়। আপনি আমাদিগকে যে কোনও আদেশ দিবেন আমরা তাহা মান্য করিব। আল্লাহ্র কসম! আপনি যদি বারকুল গিমাদেও পৌছিয়া যান, আমরাও আপনার সহিত যাইব।
রাসূলুল্লাহ (স) সা'দ ইব্ন মু'আয (রা)-এর কথা শুনিয়া খুবই আনন্দিত হইলেন এবং তাঁহাকে ধন্যবাদ দিলেন। অতঃপর তিনি বলিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ আমাকে দুইটি দলের একটির অঙ্গীকার করিয়াছেন। আল্লাহর কসম! আমি যেন এখনই কুরায়শ কওমের পরাজয় দেখিতে পাইতেছি। সহীহ মুসলিম-এর রিওয়ায়াতে এই বক্তব্য খাযরাজ গোত্রের নেতা সা'দ ইব্ন উবাদা (রা)-এর বলিয়া উল্লেখ করা হইয়াছে।
তবে ইহা সা'দ ইব্ন মু'আয (রা)-এর বক্তব্য বলিয়াই প্রসিদ্ধ। ইবন ইসহাক, মূসা ইব্ন উকবা, ইবন সা'দ প্রমুখ ইহাই বর্ণনা করিয়াছেন। সা'দ ইবন উবাদা (রা)-এর বদর যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে মতভেদ রহিয়াছে। ইব্ন্ন উকবা ও ইব্ন ইসহাক তাঁহাকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে উল্লেখ করেন নাই। আল-ওয়াকিদী, ইবনুল কালবী ও আল-মাদাইনী তাঁহাকে বদরী সাহাবীদের মধ্যে গণ্য করিয়াছেন। ইবন সা'দ-এর বর্ণনা হইল, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত হইতেছিলেন এবং আনসারদের খাযরাজ গোত্রের সকলের ঘরে ঘরে গিয়া তাহাদিগকে বাহির করিবার জন্য উদ্বুদ্ধ করিতেছিলেন। কিন্তু তিনি অসুস্থ হইয়া পড়ায় আর যুদ্ধে যোগদান করিতে পারেন নাই। রাসূলুল্লাহ (স) বলেন, সা'দ যদিও বদর যুদ্ধে অংশগ্রহণ করিতে পারে নাই তবুও সে উহাতে যোগদানে আগ্রহী ছিল।
কোনও কোনও বর্ণনায় পাওয়া যায় যে, রাসূলুল্লাহ (স) তাঁহাকে গনীম'তের অংশ প্রদান করিয়াছিলেন। কিন্তু ইহা সুপ্রমাণিত নহে। যুদ্ধ সম্পর্কিত রিওয়ায়াত যাহারা বর্ণনা করিয়াছেন তাহাদের কেহই বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে তাঁহার নাম উল্লেখ করেন নাই; বরং তিনি উহুদ ও খন্দকসহ অন্যান্য সকল যুদ্ধে রাসূলুল্লাহ (স)-এর সহিত অংশগ্রহণ করেন।
অতঃপর রাসূলুল্লাহ (স) যাফিরান হইতে রওয়ানা হইয়া 'আল-আসাফির' নামক উপত্যকার নিকট দিয়া চলিলেন। তারপর আসাফির ও বদর-এর মধ্যে অবস্থিত আদ-দাব্বা নামক একটি শহরে অবতরণ করিলেন। ডানে রহিল পর্বতের ন্যায় বিশাল হান্নান নামক একটি বালুকার ঢিবি। তিনি বদরের নিকটবর্তী এক স্থানে অবতরণ করিলেন। অতপর তিনি ও আবূ বাক্র (রা) কুরায়শদের খবরাখবর লইতে বাহনে চড়িয়া রওয়ানা হইলেন। তাঁহারা আরবের এক বৃদ্ধলোকের নিকট আসিয়া থামিলেন। কুরায়শ এবং মুহাম্মাদ ও তাঁহার সাথী-সঙ্গীদের সম্পর্কে তাহার নিকট কি সংবাদ আছে তিনি তাহাকে তাহা জিজ্ঞাসা করিলেন। বৃদ্ধলোকটি বলিল, তোমরা কাহারা, সেই কথা না বলা পর্যন্ত আমি তোমাদিগকে কোনও সংবাদই দিব না। রাসূলুল্লাহ (স) বলিলেন, আপনি যখন আমাদিগকে উক্ত সংবাদ বলিবেন তখন আমরাও আপনাকে বলিব যে, আমরা কাহারা। বৃদ্ধ বলিল, ইহা কি উহার বিনিময়ে? তিনি বলিলেন, হাঁ।
বৃদ্ধ বলিল, আমার নিকট এই সংবাদ পৌছিয়াছে যে, মুহাম্মাদ ও তাঁহার সাথী-সঙ্গীবৃন্দ অমুক অমুক দিন বাহির হইয়াছে। সংবাদদাতা সত্য হইলে তাহারা আজ অমুক অমুক স্থানে আছে। যে স্থানে রাসূলুল্লাহ (স) ছিলেন, লোকটি সেই স্থানের কথাই বলিল। সে আরও বলিল, আমার নিকট সংবাদ পৌছিয়াছে যে, কুরায়শগণ অমুক অমুক দিন বাহির হইয়াছে। সংবাদদাতা যদি আমার নিকট সত্য বলিয়া থাকে তবে তাহারা আজ অমুক অমুক স্থানে আছে। ঠিক যেখানে কুরায়শগণ ছিল বৃদ্ধ লোকটি সেখানকার কথাই বলিল। লোকটি তাহার সংবাদ প্রদান করিয়া বলিল, তোমরা কোথা হইতে আসিয়াছ? রাসূলুল্লাহ (স) বলিলেন, আমরা পানির নিকট হইতে আসিয়াছি। অতঃপর তাহারা বৃদ্ধের নিকট হইতে প্রস্থান করিলেন। বৃদ্ধ তখন বলিতেছিল, কোন্ পানির নিকট হইতে? ইরাকের পানি? ইব্ন হিশামের বর্ণনামতে উক্ত বৃদ্ধের নাম ছিল সুফয়ান আদ-দামরী।
রাসূলুল্লাহ (স) সাহাবীদের নিকট ফিরিয়া আসিলেন। সন্ধ্যাবেলা তিনি আলী ইবন আবী তালিব, আয-যুবায়র ইবনুল 'আওওয়াম ও সা'দ ইব্ন আবী ওয়াককাস (রা)-কে সংবাদ সংগ্রহের জন্য বদর-এর কূপের নিকট পাঠাইলেন। তাঁহারা কুরায়শদের উটের পানি পান করাইবার স্থানে পৌঁছিয়া বানু হাজ্জাজের দাস আসলাম ও বানুল 'আস ইব্ন সাঈদের দাস 'আবীদ আবূ ইয়াসারকে পাইয়া ধরিয়া লইয়া আসিলেন এবং তাহাদিগকে জিজ্ঞাসাবাদ শুরু করিলেন। রাসূলুল্লাহ (স) তখন দাঁড়াইয়া সালাত আদায় করিতেছিলেন। দাসদ্বয় বলিল, আমরা কুরায়শদের পানি পান করানোর দায়িত্বে নিয়োজিত। তাহাদের জন্য পানি সংগ্রহের নিমিত্ত তাহারা আমাদিগকে প্রেরণ করিয়াছে। সাহাবায়ে কিরাম তাহাদের এই সংবাদ অপছন্দ করিলেন। তাঁহারা সন্দেহ করিতেছিলেন যে, ইহারা আবূ সুফ্যানের লোক। তাই তাঁহারা উহাদিগকে প্রহার করিতে লাগিলেন। প্রহারের মাত্রা বাড়িয়া গেলে তাহারা বলিল, আমরা আবূ সুফয়ানের লোক। ইহা শুনিয়া সাহাবায়ে কিরাম প্রহার বন্ধ করিলেন।
রাসূলুল্লাহ (স) রুকু-সিজদা সমাপ্ত করিয়া সালাম ফিরাইয়া বলিলেন, ইহারা যখন তোমাদের নিকট সত্য কথা বলিয়াছিল তখন তোমরা প্রহার করিয়াছ, আর যখন মিথ্যা কথা বলিয়াছে তখন ছাড়িয়া দিয়াছ। আল্লাহ্র কসম! তাহারা সত্য বলিয়াছে। তাহারা কুরায়শদের লোক। তাহাদিগকে লক্ষ্য করিয়া তিনি বলিলেন, তোমরা আমাকে কুরায়শদের সংবাদ দাও। তাহারা বলিল, আল্লাহ্র কসম। তাহারা এই বালুর ঢিবির অপর প্রান্তে রহিয়াছে। রাসূলুল্লাহ (স) তাহাদিগকে বলিলেন, উহাদের সংখ্যা কত? তাহারা বলিল, বহু। রাসূলুল্লাহ (স) বলিলেন, উহাদের সংখ্যা কত? তাহারা বলিল, আমরা জানি না। তিনি বলিলেন, তাহারা প্রতি দিন কতটি পশু যবেহ করে? উহারা বলিল, একদিন নয়টি, একদিন দশটি। তখন রাসূলুল্লাহ (স) বলিলেন, তাহাদের সংখ্যা হইবে নয় শত হইতে এক হাজারের মধ্যে। অতঃপর তিনি তাহাদিগকে বলিলেন, তাহাদের মধ্যে কুরায়শ নেতা কে কে আছে? তাহারা বলিল, উতবা ইবন রাবী'আ, শায়ba ইবন রাবী'আ, আবুল বাখতারী ইব্ন্ন হিশাম, হাকীম ইব্ন্ন হিযাম, নাওফাল ইব্ন খুওয়ায়লিদ, আল-হারিছ ইবন 'আমের ইবন নাওফাল, তু'আয়মা ইন্ন আদী ইব্ন নাওফাল, আন-নাদূদ্র ইবনুল হারিছ, যাম'আ ইবনুল আসওয়াদ, আবূ জাহল ইব্ন হিশাম, উমায়্যা ইব্ন খালাফ, নুবায়হ ও মুনাব্বিহ ইবনুল হাজ্জাজ ও সুহায়ল ইব্ন 'আমর ইব্ন 'আব্দ উদ্দ। অতঃপর রাসূলুল্লাহ (স) সাহাবীদের লক্ষ্য করিয়া বলিলেন, মক্কা তাহার কলিজার টুকরাগুলিকে তোমাদের দিকে নিক্ষেপ করিয়াছে।
📄 দূতদ্বয়ের সংবাদ সংগ্রহ
দূতদ্বয়ের সংবাদ সংগ্রহ: বাসবাস ইবন 'আমর ও 'আদী ইবন আবিয-যাগবা (রা) পূর্বেই কুরায়শদের তথ্যানুসন্ধানে বাহির হইয়াছিলেন। তাঁহারা বদর প্রান্তরে আসিয়া অবতরণ করিয়া পানির নিকটবর্তী একটু উঁচু ভূমিতে তাঁহাদের উট বাঁধিয়া রাখিলেন। অতঃপর তাঁহারা পানি আনিবার জন্য পানির মশক সঙ্গে লইলেন। মাজদী ইব্ন আমর আল-জুহানী তখন পানির নিকট ছিলেন। 'আদী ও বাসবাস শুনিতে পাইলেন যে, পানির নিকটেই স্থানীয় দুইজন দাসী ঝগড়া করিতেছে, এক দাসী অপরজনকে পাকড়াও করিয়াছে। পাকড়াওকৃত দাসী তাহার সঙ্গিনীকে বলিতেছে, আগামী কাল বা পরশু এখানে একটি কাফেলা আসিবে। তখন তাহাদের কাজ করিয়া আমি তোমার পাওনা পরিশোধ করিয়া দিব। তখন মাজদী বলিল, তুমি সত্য বলিয়াছ। সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিল। 'আদী ও বাsbাস ইহা শ্রবণ করিলেন। অতঃপর তাঁহারা তাহাদের উটের নিকট গিয়া কিছুক্ষণ বসিলেন এবং সেখান হইতে রাসূলুল্লাহ (স)-এর নিকট আগমন করিয়া যাহা তাঁহারা শ্রবণ করিয়াছেন তাহা বিবৃত করিলেন।
📄 কাফেলাসহ আবূ সুফ্যানের পলায়ন
কাফেলাসহ আবু সুয়ানের পলায়ন: অপরদিকে আবু সুফ্যান ইবন হারব মুসলমানদের ভয়ে ভীত হইয়া পড়িয়াছিল। তাই সে তাহার কাফেলার আগে ভাগে অগ্রসর হইয়া উক্ত পানির নিকট আগমন করিল। এখানে আসিয়া সে মাজদী ইন্ন 'আমরকে জিজ্ঞাসা করিল, তুমি কি এখানে কাহারও আগমন টের পাইয়াছ? সে বলিল, আমি তো অপরিচিত কাহাকেও দেখি নাই। তবে দুইজন আরোহীকে দেখিয়াছি, যাহারা এই উঁচু ভূমিতে তাহাদের উট বাঁধিয়া রাখিয়া তাহাদের মশকে পানি ভরিয়া চলিয়া গিয়াছে। তখন আবূ সুফ্যান তাহাদের উট বাঁধার স্থানে গমন পূর্বক উটের বিষ্ঠা সংগ্রহ করিল, অতঃপর উহা ভাঙ্গিয়া ফেলিল এবং উহাতে খেজুরের আঁটি পাইয়া বলিয়া উঠিল, আল্লাহর কসম! ইহা ইয়াছরিবের খেজুরের আঁটি। এক বর্ণনামতে সে উহা তকিয়া দেখিয়া এই মন্তব্য করিয়াছিল, অতঃপর দ্রুত তাহার সঙ্গী দের নিকট ফিরিয়া আসিল এবং কাফেলাকে লইয়া বদর প্রান্তর বাম দিকে রাখিয়া পশ্চিমে সমুদ্রকূলের দিকে চলিয়া গেল। কাফেলাসহ সে খুব দ্রুতবেগে ছুটিতে লাগিল। এইভাবে একরাত্র এক দিন চলিবার পর তাহারা মুসলমানদের নাগালের বাহিরে চলিয়া গেল।
📄 কুরায়শদের নিকট আবু সুফ্যানের সংবাদ প্রেরণ
কুরায়শদের নিকট আবু সুফিয়ানের সংবাদ প্রেরণ : আবু সুফিয়ান যখন দেখিল যে, সে তাহার কাফেলাসহ মুসলিম বাহিনীর নাগালের বাহিরে চলিয়া আসিয়াছে। কাফেলার সবাই এখন নিরাপদ, তখন কায়স ইবন ইমরুল কায়স-এর মাধ্যমে কুরায়শদের নিকট সংবাদ পাঠাইল যে, তোমরা তো তোমাদের কাফেলা, তোমাদের লোকজন ও তোমাদের সম্পদ রক্ষা করিতে বাহির হইয়াছিলে। অথচ আল্লাহ উহা রক্ষা করিয়াছেন। তাই তোমরা ফিরিয়া আস। এই সংবাদ পাইয়া আবু জাহল ইবন হিশাম বলিল, আল্লাহর কসম! আমরা বদর প্রান্ত হতে অবতরণ না করিয়া ফিরিবনা। বদর প্রান্তরে আরবের মেলা বসিত। প্রতি বৎসর এখানকার বাজারে আরবের সকলে একত্র হইত। তাই আবু জাহল বলিল, আমরা এইখানে তিনদিন অবস্থান করিব। উট যবেহ করিব, খাওয়া-দাওয়া করিব এবং মদ পান করিব, আর গায়িকা দাসীরা আমাদিগকে গান শুনাইবে। সমস্ত আরবের লোকজন আমাদের আগমন সমাগমের কথা শুনিবে। ফলে ইহার পর হইতে তাহারা সর্বদা আমাদিগকে ভয় করিবে। তাই চল, আমরা তথায় গমন করি।
কিন্তু বুদ্ধিমান নেতৃবর্গ সম্মুখে অগ্রসর হওয়া অপছন্দ করিতেছিল। যাহারা পিছুটান দিতেছিল তন্মধ্যে উল্লেখযোগ্য হইল : আল-হারিছ ইবন আমের, উমাইয়্যা ইবন খালাফ, উতবা ও শায়ba ইবন রাবী'আ, হাকীম ইবন হিযাম, আবুল বাখতারী, ‘আলী ইবন উমাইয়্যা ইবন খালাফ, আল-‘আস ইবন মুনাব্বিহ প্রমুখ। কিন্তু আবু জাহল তাহাদিগকে কাপুরুষতার অপবাদ দিতে লাগিল। আর এই কাজে উকবা ইবন আবী মু‘আয়াত ও আন-নাদর ইবনুল হারিছ ইবন কালদা তাহাকে সহযোগিতা করিতে লাগিল। অবশেষে সম্মুখে অগ্রসর হইবার জন্য সকলে ঐক্যবদ্ধ হইল। উল্লেখ্য যে, কুরায়শগণ এই সময় আল-জুহফা নামক স্থানে অবস্থান করিতেছিল। এই সময় যুহরা গোত্রের মিত্র আল-আখনাস ইবন শারীক যুহরা গোত্রকে লক্ষ্য করিয়া বলিল, হে যুহরা গোত্র! আল্লাহ তোমাদের সম্পদ রক্ষা করিয়াছেন, তোমাদের সঙ্গী মাখরামা ইবন নাওফালকে ছাড়াইয়া আনিয়াছেন। আর তোমরা তো বাহির হইয়াছিলে তাহাকে ও তাহার সম্পদ রক্ষা করিতে। তাই আমার উপর কাপুরুষতার দায়ভার চাপাইয়া ফিরিয়া চল। কারণ ধ্বংস ও যুদ্ধের জন্য বাহির হওয়ার এখন আর কোনও প্রয়োজন নাই। সে (আবু জাহল) যাহা বলিতেছে এইরুপ করার কোনো প্রয়োজন নাই। যুহরা গোত্র তাহাকে খুবই মান্য করিত। তাই তাহার কথামত তাহারা ফিরিয়া গেল। ফলে যুহরা গোত্রের কেহই বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই। অনুরূপভাবে 'আদী ইব্ন কা'ব গোত্রেরও কেহ উক্ত যুদ্ধে অংশগ্রহণ করে নাই।
মক্কা হইতে বাহির হইবার সময় সকল গোত্রের লোক কুরায়শদের সঙ্গী হইলেও কা'ব ইবন 'আদী গোত্রের কেহই তাহাদের সহিত বাহির হয় নাই। ইবন সা'দ-এর বর্ণনামতে তাহারা কুরায়শদের সঙ্গে ছিল কিন্তু ছানিয়্যা লাফ্ট (বা লিফাত) নামক স্থানে আসিবার পর শেষ রাত্রে উপকূল দিয়া তাহারা মক্কায় ফিরিয়া যায়। ফলে বানু যুহরা ও বানু কা'ব এই দুই গোত্রের কেহই বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আবূ তালিবের পুত্র তালিবের সহিত কুরায়শদের কাহারও কাহারও দ্বন্দ্ব ছিল। তাহারা বলিল, আল্লাহ্র কসম, হে বানু হাশিম! আমরা জানি যে, তোমরা যদিও আমাদের সহিত আসিয়াছ, তোমাদের হৃদয় অবশ্যই মুহাম্মাদের দলে শামিল আছে।