📘 সীরাত বিশ্বকোষ > 📄 গাযওয়ার বিবরণ

📄 গাযওয়ার বিবরণ


মাহমূদ শাকের বলেন যে, আবওয়া অভিযান সমাপ্ত হওয়ার কয়েক দিন পরই এই গাযওয়া সংঘটিত হইয়াছিল। রাসূলুল্লাহ (স)-কে ওহীর মাধ্যমে জানানো হইয়াছিল যে, কুরায়শদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া হইতে মক্কায় ফিরিয়া যাইতেছে। মহানবী (স) তখন দুই শত সৈন্যের এক বাহিনী লইয়া ঐ কাফেলার পথরোধ করার উদ্দেশ্যে মদীনা হইতে বাহির হইলেন। ইন্ন কাছীরের বর্ণনানুযায়ী, এই সময় রাসূলুল্লাহ (স) সাইব ইব্‌ন উছমান ইবন মাজ'ঊন (রা)-কে মদীনায় তাঁহার প্রতিনিধি নিযুক্ত করিয়া যান। তবে ওয়াকিদীর বর্ণনায় এই ক্ষেত্রে সা'দ ইব্‌ন মু'আয (রা)-এর নাম উল্লেখ করা হইয়াছে।

এই অভিযানে হযরত সা'দ ইব্‌ন আবী ওয়াককাস (রা)-কে পতাকা বহন করার দায়িত্ব প্রদান করা হয়। পতাকার রং ছিল সাদা।

কুরায়শদের উক্ত কাফেলা ছিল বাণিজ্যিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। কাফেলার নেতৃত্বে ছিল উমায়্যা ইব্‌ন খালাফ, লোকসংখ্যা ছিল এক শত। কাফেলাটি আড়াই হাজার উট লইয়া ফিরিতেছিল। রাসূলুল্লাহ (স) সৈন্য লইয়া বুওয়াত পর্যন্ত পৌছিলেন। কিন্তু রাসূলুল্লাহ (স)-এর আগমনের ব্যাপারটি উপলব্ধি করিতে পারিয়া কুরায়শ সর্দার কাফেলা লইয়া অন্য পথে গমন করিল। ফলে এই অভিযানেও কুরায়শদের সহিত মুসলমানদের কোন সম্মুখ সংঘর্ষও হয় নাই। রাসূলুল্লাহ্ (স) প্রায় একমাস সেখানে অবস্থান করিয়া কাফেলাসহ মদীনাতে ফিরিয়া আসিলেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গাযওয়ার ফলাফল

📄 গাযওয়ার ফলাফল


গাযওয়া বুওয়াত ইসলামের ইতিহাসে একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। ইহা মুসলমানদের অভ্যন্তরীণ পরিমণ্ডল, মদীনার পার্শ্ববর্তী অঞ্চল ও মক্কার কাফিরদের মাঝে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই গাযওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য ফল হইল ইসলামের বিরুদ্ধে সকল অপতৎপরতা রোধে আনসার-মুহাজির নির্বিশেষে সকল মুসলমানের ঐক্যবদ্ধভাবে একই পতাকাতলে সমবেত হওয়া। ইহা ছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফল হইল মদীনার পার্শ্ববর্তী এলাকার সকল মিত্র গোত্রের সহিত সম্পর্কের উন্নতি। এই ঘটনার প্রায় দুই মাস পর পরবর্তী গাযওয়া 'উশায়রা সংঘটিত হইয়াছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00