📄 বর্ধিত দান সাফল্য আনিয়াছিল
ড. আকরম যিয়া উমারী বলেন, সর্দারদিগকে রাসূলুল্লাহ (স)-এর উক্তরূপ দান ঐ সমস্ত সর্দার ও তাহাদের অনুসারিগণকে ইসলামের প্রতি আকর্ষণ করিয়াছিল এবং পরবর্তী কালে তাহারা উত্তম ও নিষ্ঠাবান মুসলমানরূপে ইসলামের জন্য লড়িয়াছেন, জানমাল দিয়া ইসলামের সেবা করিয়াছেন, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন 'উয়ায়না ইব্ন হিস্স্ন আল-ফাযারী তারপরও বৈরী-ভাবাপন্ন ছিল, যেমন ইব্ন হাযম বলিয়াছেন। [জাওয়ামিউস সীরা, পৃ. ২৪৮] আকরা' ইব্ন হাবিস (রা) পরবর্তী কালে তাঁহার দশটি সন্তানসহ ইয়ারমুকের যুদ্ধে লড়িয়াছিলেন। [তাবাকাত, ৭/৩৭; ইসতী'আব, ১/১০৩; ইসাবা, ১/৫৮; আস-সীরাতুন নাবাবিয়্যা আস-সাহীহা, পৃ. ৫১২]
📄 হাওয়াযিন প্রতিনিধিদের আগমন ও বন্দীমুক্তি
গনীমতের বিলি-বণ্টন সম্পন্ন হইলে বিলম্বে হাওয়াযিন গোত্রের ১৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল আসিয়া রাসূলুল্লাহ (স)-এর নিকট ইসলাম গ্রহণ করে এবং তাহাদের হৃত সম্পদ ও বন্দীদের মুক্তি প্রার্থনা করে। রাসূলুল্লাহ (স) জিজ্ঞাসা করিলেন, মাল ও বন্দীদের মধ্যে কোনটি তোমাদের নিকট অগ্রগণ্য? তাহারা বন্দীদের কথা বলিলে তিনি বলিলেন, আমার ও বনী মুত্তালিবদের ভাগে যাহারা পড়িয়াছে তাহাদিগকে আমি মুক্তি দিতে পারি। অন্যদের দায়িত্ব আমি নিতে পারি না, তবে সুপারিশ করিতে পারি মাত্র। সেইমতে তিনি সুপারিশ করিলে ছয় হাজার বন্দী একত্রে মুক্তি লাভ করিল। আক্রা ইবন হাবিস তাঁহার নিজের ও তামীম গোত্রের এবং উয়ায়না ইব্ন হিস্স তাঁহার নিজের এবং নিজ গোত্রের বহু ফাযারীর ভাগে পড়া বন্দীদিগকে তারপরও মুক্তি দিতে অনীহা প্রকাশ করিলে তাহাদিগকে পরবর্তীতে একটির বদলে ছয়টি করিয়া বন্দী দানের ওয়াদা দিয়া রাসূলুল্লাহ (স) তাহাদিগকে মুক্ত করিয়া দিয়াছিলেন। [সীরাতুন নবী, ইব্ন হিশাম, ৮/১৫০-১৫১, বঙ্গানু.]