📘 সীরাত বিশ্বকোষ > 📄 বিজয়ের আদর্শ

📄 বিজয়ের আদর্শ


মক্কা বিজয়ের মাধ্যমে নবী করীম (স)-এর রহুল আকাঙ্ক্ষিত বিজয় অর্জিত হইল বটে, কিন্তু তিনি কোন দেশ বিজয়ী সম্রাটের বেশে মক্কায় প্রবেশ করেন নাই, বরং আল্লাহর একজন অতি অনুগত ও বিনয়ী বান্দার বেশে সেখানে প্রবেশ করিলেন। তাঁহার সওয়ারীর পিঠে উপবিষ্ট অবস্থায় করুণ স্বরে তিনি তিলাওয়াত করিতেছিলেন সূরা আল-ফাহ্, যাহাতে মহাবিজয়ের, নিরাপদে মক্কা প্রবেশের, (খায়বারে) প্রচুর গনীমত-সম্ভার লাভের, সর্বোপরি পরকালে ঈমানদারদের চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত লাভের সুসংবাদ রহিয়াছে এবং যাহা ৬ষ্ঠ হিজরীতে হুদায়বিয়া হইতে প্রত্যাবর্তনকালে আল্লাহ তা'আলা নাযিল করিয়াছিলেন। দুই বৎসর যাইতে না যাইতেই আজ সেই স্বপ্ন আল্লাহ্ পাক পরিপূর্ণভাবে বাস্তবায়িত করিয়া তাঁহার ওয়াদা পূর্ণ করিলেন। তাই মসজিদুল হারামে প্রবেশ করিয়া ৩৬০টি মূর্তি অপসারণ করিয়া কা'বার প্রতি কোণে প্রতিটি প্রাচীরের পার্শ্বে দাঁড়াইয়া তাকবীর ধ্বনি উচ্চারণ করিয়া, সেখানে শুকরানা সালাত আদায় করিয়া বিশ্বের শ্রেষ্ঠ কুশলী ও বিজয়ী নবী (স) কা'বার দরজা খুলিয়াই যে খুৎবা দিলেন তাহার প্রথম কথাটিই ছিল:
لا اله الا الله وحده لا شريك له صدق وعده ونصر عبده وهزم الاحزاب وحده.
"আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই এবং তাঁহার কোন শরীক নাই। তিনি তাঁহার ওয়াদাকে সত্য করিয়া দেখাইয়াছেন, তাঁহার বান্দাকে তিনি সাহায্য করিয়াছেন এবং তিনি একাই সকল বাহিনীকে পরাস্ত করিয়াছেন"।
অন্য কথায়, তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করিয়া দিলেন, এই বিজয়ের কৃতিত্ব তাঁহার নিজের নহে, এই কৃতিত্ব একমাত্র আল্লাহ্। তিনি নিজে তাঁহার বান্দা মাত্র, মনিব তাঁহার বান্দার সহিত বিজয়দানের যে অঙ্গীকার করিয়াছিলেন আজিকার বিজয় সেই অঙ্গীকার পূরণেরই বহিঃপ্রকাশ। বিজয়ের গৌরব একমাত্র মনিবেরই প্রাপ্য, বান্দার নহে। সুবহানাল্লাহ্! পৃথিবীর কোন বিজয়ী বীর কি বিজয়ের মহাআনন্দের মুহূর্তে এইভাবে আত্মবিলীন করিয়া তাঁহার মনিবের বিজয়বার্তা ঘোষণা করিয়া পরম তৃপ্তি লাভ করিয়াছেন? আত্মনিবেদনের এই মহা-কৃতিত্ব কেবল আল্লাহ্ রাসূল নবীকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এরই প্রাপ্য।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মক্কা বিজয় মহা বিজয়ের দ্বার উন্মোচিত করিল

📄 মক্কা বিজয় মহা বিজয়ের দ্বার উন্মোচিত করিল


যুদ্ধের জয়কে যদি জয় বলা হয় তাহা হইলে বিনা যুদ্ধের জয়কে বলিতে হয় মহাবিজয়। সূরা 'আন-নাসর' নাযিল করিয়া আল্লাহ্ তা'আলা মক্কা বিজয়ের বিজয় স্মৃতিকে অমর করিয়া দিলেন। মক্কা বিজয়ের সময় সূরাটি নাযিল হয়। [সহীহ বুখারী, ৫/১৮৯, হাদীছ নং ৪২৯৪]
اذا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ.
"যখন আসিল আল্লাহর সাহায্য ও বিজয়"।
তাফসীরবিদগণের সকলেই এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেন যে, উক্ত সূরায় বিজয় বলিতে মক্কা বিজয়ই বুঝান হইয়াছে। [তাফসীরে মা'আরিফুল কুরআন, সংক্ষিপ্ত, পৃ. ১৪৮১] পরবর্তী আয়াতেই উহার সুফলের কথা বর্ণিত হইয়াছে এইভাবেঃ
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا .
"আর তুমি দেখিতে পাইলে মানুষ আল্লাহ্ দীনে প্রবেশ করিতেছে দলে দলে"।
আল্লামা শাব্বীর আহমাদ উছমানী (র) উহার ব্যাখ্যায় লিখেন, “মক্কা মু'আজ্জমা (আল্লাহ্ যমীনে উহা যেন আল্লাহ্র রাজধানী)-এর বিজয় ছিল বড় একটি সিদ্ধান্তের ব্যাপার। অধিকাংশ আরব গোত্রের দৃষ্টি উহার প্রতি নিবদ্ধ ছিল। ইহার পূর্বে একজন দুইজন করিয়া ইসলাম গ্রহণ করিত, কিন্তু মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম গ্রহণ করিতে লাগিল, এমনকি গোটা আরব-উপদ্বীপ ইসলামের কলেমা পড়িয়া নিতে শুরু করিল। এইভাবে নবুওয়াতের অভীষ্ট লক্ষ্য অর্জিত হইল। [তাফসীরে উছমানী, উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে, পৃ. ৭৯০]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00