📘 সীরাত বিশ্বকোষ > 📄 গাযওয়া বদর আল-আখিরা

📄 গাযওয়া বদর আল-আখিরা


উহুদ যুদ্ধ হইতে প্রত্যাবর্তনের সময় কুরায়শ নেতা আবূ সুফ্যান বলিয়াছিল, তোমাদের এবং আমাদের মধ্যে ওয়াদা রহিল যে, আগামী বৎসর বদর প্রান্তরে আবার মুকাবিলা হইবে। মুসলমানগণ এই চ্যালেঞ্জ গ্রহণ করিয়াছিলেন। দিন যত ঘনাইয়া আসিতে লাগিল মুসলমানদের প্রস্তুতিও চলিতে লাগিল। রাসূলুল্লাহ (স) ও সাহাবা কিরাম সিদ্ধান্ত লইলেন যে, আবূ সুফ্যান এবং তাহার কওমের সহিত মুকাবিলা করিয়া এই কথা বুঝাইয়া দিতে হইবে যে, মুসলমানরা দুর্বল নহে এবং মুখের ফুৎকারে আল্লাহর মনোনীত এই দীনকে নির্বাপিত করা যাইবে না।
প্রতিশ্রুতি অনুযায়ী রাসূলুল্লাহ (স) হিজরী চতুর্থ সালের শা'বান অথবা যুল-কা'দা মাসে (৬২৫ খৃ.) বদর প্রান্তরে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতির অংশ হিসাবে রাসূলুল্লাহ (স) হযরত 'আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা)-এর উপর মদীনার শাসনভার ন্যস্ত করিলেন। ইব্‌ন হিশামের মতে মদীনার দায়িত্বভার 'আবদুল্লাহ ইবন উবাই-এর উপর অর্পণ করা হয়। দেড় হাজার জানবায যোদ্ধা ও দশটি ঘোড়া সমভিব্যাহারে বদর অভিমুখে যাত্রার প্রস্তুতি গ্রহণ করিলেন। হযরত আলী (রা)-র হস্তে সোপর্দ করা হয় সেনাবাহিনীর পতাকা (সীরাত ইব্‌ন হিশাম, ৩খ., পৃ. ১২৩; যাদুল মা'আদ, ২খ., পৃ. ১১২)।
যুদ্ধের জন্য বাছাইকৃত দশটি ঘোড়া দশজন বিশিষ্ট যোদ্ধার জন্য নির্দিষ্ট ছিল। এইসব অশ্বারোহীগণ হইলেন : (১) রাসূলুল্লাহ (স); (২) হযরত আবূ বাক্স (রা); (৩) হযরত উমার (রা); (৪) হযরত আবু কাতাদা (রা); (৫) হযরত সা'ঈদ ইব্‌ন যায়দ (রা); (৬) হযরত মিকদাদ (রা); (৭) হযরত হুবাব (রা); (৮) হযরত যুবায়র (রা); (৯) হযরত আব্বাদ ইব্‌ন বিশর (রা); (১০) অজ্ঞাত ('উয়ূনুল আছার, ২খ., পৃ. ৮২)। নু'আয়ম ইবন মাসউদ নামক জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (স)- এর নেতৃত্বে সাহাবীগণের বদর অভিমুখে যাত্রা করিবার সংবাদ কুরায়শদের নিকট পৌঁছাইয়া দেন, পরবর্তীতে অবশ্য তিনি ইসলাম গ্রহণ করেন। কুরায়শ নেতা আবূ সুফ্যান আসলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। সে এমন কোন ওজরের অপেক্ষায় ছিলেন যাহাতে যুদ্ধে যাইতে না হয়। তিনি নু'আয়মকে প্রতিশ্রুতি দিলেন যে, তুমি যদি মদীনা প্রত্যাবর্তন করিয়া মুসলমানদেরকে যুদ্ধাভিযান হইতে বিরত রাখিতে পার আমি তোমাকে দশটি অথবা বিশটি উট পুরস্কার প্রদান করিব।
আবু সুফ্যান নু'আয়ম ইবন মাস'উদকে একটি ঘোড়ার উপর আরোহণ করাইয়া বলিলেন, আমি এই মুহূর্তে সেনাদল লইয়া বদর প্রান্তরে যাত্রা করা সঠিক মনে করি না। যদি মুহাম্মাদ (স) যুদ্ধের জন্য আসেন আর আমি উপস্থিত না হই তাহা হইলে মুসলমানদের সাহস বাড়িয়া যাইবে। তাই আমি চাই যুদ্ধের ভয়ে আমরা প্রাণ বাঁচাইয়াছি এই কথা না বলিয়া বরং জনগণ বলুক, যুদ্ধের ভয়ে মুসলমানরা নিজেরাই পশ্চাতে হটিয়াছে। সুতরাং আমি চাই, তুমি মদীনা যাও এবং মুসলমানদের বল, আমি এক বিশাল সেনাবাহিনী লইয়া অগ্রসর হইতেছি যাহার মুকাবিলা মুসলমানরা করিতে পারিবে না। সুহায়ল ইবন 'আমরের মাধ্যমে আমি তোমাকে প্রতিশ্রুত উটগুলি প্রদান করিব। নু'আয়ম ইবন মাসউদ সুহায়ল ইবন আমরের নিকট আসিয়া বলিল, উক্ত উটের ব্যাপারে তুমি যদি যামিন হও তবে আমি মদীনা গিয়া মুহাম্মাদ (স)-এর বাহিনীর অগ্রাভিযাত্রা বন্ধ করিয়া দিব। সুহায়ল এই প্রস্তাবে সম্মতি দিলে নু'আয়ম দ্রুত মদীনা রওনা হইয়া গিয়া মুসলমানদের উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি এইমাত্র মক্কা হইতে মদীনা প্রত্যাবর্তন করিয়াছি। আবূ সুফ্যান বিশাল সেনাবাহিনী লইয়া তোমাদের সহিত যুদ্ধ করিবার জন্য ব্যাপক প্রস্তুতি লইতেছে। তোমরা তাহাদের মুকাবিলায় যুদ্ধের ময়দানে টিকিয়া থাকিতে পারিবে না।
নু'আয়ম মুসলমানদেরকে জনে জনে এই কথা বুঝাইয়া ভীতি-বিহ্বলতা সৃষ্টি করিবার প্রয়াস চালাইল। এই অপপ্রচারে স্বল্প সংখ্যক মুসলমানের মনোবল দুর্বল হইয়া পড়িল। মদীনার মুনাফিক ও ইয়াহুদীগণ মুসলমানদের এই ভীতিপ্রদ অবস্থায় উৎফুল্ল হইল।
হযরত আবূ বাকর (রা) ও হযরত উমার (র) নেতিবাচক এই প্রচারণা শুনিয়া রাসূলুল্লাহ (স)-এর নিকট গিয়া বলিলেন, 'হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা স্বীয় নবীকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করিবেন এবং তাঁহার দীনকে বিজয়ী করিবেন, ইহাতে কোন সন্দেহের অবকাশ নাই। শত্রুগণ আমাদের সহিত মুকাবিলা করিবার প্রস্তুতি লইয়াছে-এইজন্য আমরা পিছনে পড়িয়া থাকিতে পারি না। কারণ ইহাতে তাহারা আমাদের ভীরু ও কাপুরুষ মনে করিবে। সুতরাং প্রতিশ্রুতি অনুযায়ী চলুন। আল্লাহ্র শপথ! ইহাতেই রহিয়াছে কল্যাণ ও সমৃদ্ধি।' রাসূলুল্লাহ (স) তাঁহাদের দৃঢ় প্রত্যয়ী বক্তব্য শুনিয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং বলিলেন:
والذي نفسي بيده لاخر جن وان لم يخرج معنا احد. “ঐ সত্তার কসম যাঁহার হস্তে আমার প্রাণ! আমার সহিত কেহ না আসিলেও মুকাবিলার জন্য আমি অবশ্যই রওয়ানা হইব” (কিতাবুল মাগাযী, ১খ., পৃ. ৩৭৫; তাফসীর মাযহারী, ২খ., পৃ. ২৭৮-৯)।
রাসূলুল্লাহ (স)-এর এই দৃপ্ত ঘোষণার ফলে মুশরিকগণ মুসলমানদের অন্তরে যে অহেতুক ভীতির সঞ্চার করিয়াছিল, আল্লাহ তা'আলা তাহা দূর করিয়া দিলেন। অতঃপর রাসূলুল্লাহ (স) সাহাবীগণকে লইয়া বদর অভিমুখে রওয়ানা হইলেন এবং সেইখানে পৌঁছিয়া শত্রুর আগমন প্রতীক্ষায় থাকিলেন (সীরাতুল হালাবিয়্যা, ৪খ., পৃ. ২৭৯-২৮০)।
এইদিকে আবূ সুফ্যান কুরায়শদের ডাকিয়া বলিলেন, আমরা নু'আয়মকে মদীনায় পাঠাইয়াছি যাহাতে সে মুহাম্মাদ (স)-এর বাহিনীর যুদ্ধযাত্রাকে স্থগিত করিতে পারে। কিন্তু আমাদেরও প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রা করা দরকার, তবে বদর প্রান্তর পর্যন্ত যাইব না। এক বা দুই রাত সফর করিবার পর আমরা ফিরিয়া আসিব। যদি মুহাম্মাদ (স) মদীনা হইতে বদর অভিমুখে যাত্রা না করেন এবং এই খবর তাঁহার নিকট পৌঁছে যে, আমরা যুদ্ধযাত্রা করিয়াছি অথবা আমাদের যুদ্ধযাত্রার খবর শুনিয়া মুসলমানগণ মাঝপথ হইতে মদীনায় প্রত্যাবর্তন করে তবে আমাদের মাথা উঁচু হইবে আর মুসলমানদের মাথা অপমানে অবনত হইয়া যাইবে। মুসলমানগণ যদি সত্য সত্য মুকাবিলার জন্য বাহির হইয়া পড়ে তাহা হইলে আমরা এই কথা বলিয়া পিছনে হটিয়া যাইব যে, এখন খরা, দুর্দিন ও দুর্ভিক্ষের সময়। অনুকূল পরিবেশ ও সুদিন ছাড়া যুদ্ধ করা সমীচীন নহে। জনগণ আবূ সুফ্যানের এই বক্তব্য গ্রহণ করিল (উয়ূনুল আছার, ২খ., পৃ. ২৭৯; মাগাযী, ১খ., পৃ. ৩৮৭-৯)।
অতঃপর আবূ সুফ্যান দুই হাজার সৈন্য ও পঞ্চাশটি ঘোড়াসহ বদr অভিমুখে যাত্রা করিলেন। মক্কা অঞ্চলের যাহরান (ظهران) এর নিকটবর্তী মাজান্না (مَجَنَّة) নামক উপত্যকায় পৌঁছিয়া তাহারা শিবির স্থাপন করে। আরেক বর্ণনায় আছে, উসফার্ন (عسفان) নামক স্থানে তিনি ক্যাম্প স্থাপন করেন। আবূ সুফ্ফান অতঃপর কুরায়শদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় বলেন :
يا معشر قريش انه لا يصلحكم ان عام خصيب ترعون فيه الشجر وتشربون فيها اللبن وان عامكم هذا عام جدب واني راجع فارجعوا .
"হে কুরায়শের জনগণ! সচ্ছল ও সজীব মওসুমে যুদ্ধে যাওয়া তোমাদের জন্য মঙ্গলজনক, যখন বৃক্ষরাজি সবুজ পাতায় ভরিয়া উঠিবে, যাহা পশুরা মনের আনন্দে ভক্ষণ করিতে পারিবে, তোমরাও তাহাদের দুগ্ধ পান করিতে পারিবে। এখন ত দুর্ভিক্ষ ও খরা মওসুম (এই সময়টা যুদ্ধের জন্য অনুপযোগী)। তাই আমি ফিরিয়া চলিলাম, তোমরাও ফিরিয়া চল।"
এমনিতে কুরায়শ সৈন্যগণ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। আবূ সুফ্যানের বক্তব্যে তাহারা যুদ্ধের আগ্রহ হারাইয়া ফেলিল। পরিশেষে তাহারা মক্কার পথে ফিরিয়া চলিল। মক্কাবাসিগণ এই অভিযানের নাম দিল 'জায়শুস-সাবীক (جيش السويق) বা ছাতু বাহিনী। তাহারা বলাবলি করিতে লাগিল, আমরা তো আসলে ছাতু খাওয়ার জন্য গিয়াছিলাম, যুদ্ধ করিবার জন্য যাই নাই (ইবন হিশাম, আস সীরাতুন নাবাবিয়া, ২খ., পৃ. ১২৩; তাবারী, তারীখ, ২খ., পৃ. ৫৫৯; ইবন কায়ি‍্যম, যাদুল মা'আদ, ২খ., পৃ. ১১২; উয়ূনুল আছার, ২খ., পৃ. ৮২; দানাপূরী, আসাহহুস সিয়ার, পৃ. ১২৮; সফিউর রহমান মুবারকপুরী, আর-রাহীকুল মাখতুম, পৃ. ২৯৯)।
এইদিকে রাসূলুল্লাহ (স) আট দিন যাবত বদর প্রান্তরে শত্রুসৈন্যের আগমনের জন্য অপেক্ষা করেন। তখন বদরে সপ্তাহব্যাপী বাণিজ্যমেলা বসিয়াছিল। মুসলমানগণ সেই সুযোগে ব্যবসা করিয়া বিপুলভাবে লাভবান হন। মেলায় আগত লোকদের নিকট যখন মুসলমানগণ কুরায়শদের ব্যাপারে জানিতে চাহিত তখন তাহারা বলিত, কুরায়শগণ তোমাদের মুকাবিলায় বিপুল বাহিনী জমায়েত করিয়াছে। মুসলমানগণ এই জবাব শুনিয়া বলিত :
حَسْبُنَا الله ونعم الوكيل.
"আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই আমাদের জন্য উত্তম যিম্মাদার" (৩: ১৭৩; শায়খ আবদুল্লাহ, মুখতাসার সীরাতি রাসূলিল্লাহ, পৃ. ২৬৫; আল-হালাবী, সীরাতুল হালাবিয়া, ৪খ., পৃ. ২৭৯-২৮০)। বদর প্রান্তরে রাসূলুল্লাহ (স) যখন প্রতীক্ষারত অবস্থায় ছিলেন তখন মাখশী ইব্‌ন আমর আদ-দামরী (مخشی بن عمرو الضمرى ) তাঁহার পাশ দিয়া অতিক্রম করিতেছিলেন, যিনি এক যুদ্ধে দামরা গোত্রের পক্ষে রাসূলুল্লাহ (স)- এর সহিত সন্ধি চুক্তি সম্পাদন করিয়াছিলেন। তিনি বলিলেন, হে মুহাম্মাদ! কুরায়শদের সহিত যুদ্ধ করিবার জন্য এই জায়গায় বসিয়া রহিয়াছেন? রাসূলুল্লাহ (স) বলিলেন:
نعم يا اخا بنى ضمرة وان شئت مع ذلك رددنا اليك ماكان بيننا وبينك ثم جادلناك حتى يحكم الله بيننا وبينكم .
"হে, দামরা গোত্রের ভাই! তুমি যদি চাও তোমাদের এবং আমাদের মধ্যে যেই অনাক্রমণ চুক্তি হইয়াছিল তাহা প্রত্যাহার করিয়া লইতে পারি। অতঃপর তোমাদের সহিত যুদ্ধ করিব যতক্ষণ না আল্লাহ্ তা'আলা তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সালা করিয়া দেন"।
মাখশী জবাবে বলিলেন, না, না, আল্লাহর কসম! আপনার সহিত যুদ্ধ করিবার কোন অভিপ্রায় নাই (ইব্‌ন হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যা, ৩খ., পৃ. ১২৩-৪; ইব্‌ন সায়্যিদিল্লাস, উয়ূনুল আছার, ২খ., পৃ. ৮২; আল-হালাবী, সীরাতুল হালাবিয়া, ৪খ., পৃ. ২৭৯-২৮০)। অতঃপর রাসূলুল্লাহ (স) তথায় আট দিন অবস্থান করিয়া দেড় হাজার সাহাবীসহ মদীনায় প্রত্যাবর্তন করেন। কুরায়শগণ তথায় আগমন না করায় মুসলমানদের যুদ্ধ করার প্রয়োজন পড়ে নাই। এইভাবে আল্লাহ তা'আলা কাফিরের ষড়যন্ত্র হইতে মুসলমানদের রক্ষা করিলেন (আবুল হাসান আলী নদবী, নবীয়ে রহমত, পৃ. ২৪৮)। এই ব্যাপারে আল্লাহ তা'আলা কুরআনুল করীমের নিম্নোক্ত আয়াত নাযিল করেন:
الَّذِينَ اسْتَجَابُوا لِله وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ واتَّقَوا أَجْرٌ عَظِيمُ الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيْمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ. فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ واتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ.
"যখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের মধ্যে যাহারা সৎকার্য করে এবং তাওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহাপুরস্কার রহিয়াছে। ইহাদিগকে লোকে বলিয়াছিল, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে, সুতরাং তোমরা তাহাদিগকে ভয় কর, কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল, 'আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক'। তারপর তাহারা আল্লাহর নি'মাত ও অনুগ্রহসহ ফিরিয়া আসিয়াছিল, কোন অনিষ্ট তাহাদিগকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাযী তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। ইহারাই শয়তান, তোমাদিগকে তাহার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদিগকে ভয় করিও না, আমাকেই ভয় কর" (৩: ১৭২-১৭৫)।
عن ابن عباس حسبنا الله ونعم الوكيل قالها ابراهيم حين القي في النار وقالها محمد ﷺ حين قالوا ان الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم ايمانا وقالوا حسبنا الله ونعم الوكيل .
"আবদুল্লাহ ইব্‌ন ‘আব্বাস (র) বলিয়াছেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকীল’ (আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম বিধায়ক’)-ইবরাহীম (আ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হইয়াছিল তখন তিনি এই কথা বলিয়াছিলেন। আর মুহাম্মাদ (স)-ও এই কথাই বলিয়াছিলেন যখন লোকজন তাঁহাকে আসিয়া খবর দিল যে, তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাদল প্রস্তুত করা হইয়াছে, তাহাদিগকে ভয় কর। এই কথা শুনিয়া তাহাদের ঈমান আরও মযবুত হইয়া গেল এবং তাহারা বলিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক” (সহীহ বুখারী, ২খ., পৃ. ৬৫৫)।
অধিকাংশ মুফাস্সিরের মতে উল্লিখিত আয়াত গাযওয়া হামরাউল আসাদ উপলক্ষে অবতীর্ণ হইয়াছিল। যুদ্ধ ছাড়াই যদিও রাসূলুল্লাহ (স) বদর প্রান্তর হইতে মদীনায় প্রত্যাবর্তন করেন তাহার পরও এই অভিযানের প্রভাব ও ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উহুদের যুদ্ধে মুসলমানদের হারানো মর্যাদা ইহার মাধ্যমে পুনরুদ্ধার হয়। রাসূলুল্লাহ (স)-এর শক্তি তৎকালীন শক্তিধর কুরায়শগণ বিলক্ষণ উপলব্ধি করিল। ইহার দ্বারা শাণিত হয় সাহাবাদের ঈমানী চেতনা ও সমরশক্তি। আল্লাহর উপর ভরসা, ঈমানের দৃঢ়তা, প্রচণ্ড কর্মশক্তি, বাতিলের প্রতিরক্ষা ব্যূহ বিধ্বস্ত করিয়া দিবার অদম্য স্পৃহা তৎকালীন পরিস্থিতিকে মুসলমানদের অনুকূলে লইয়া আসে।
মুসলমানদের ভয়ে কুরায়শদের যুদ্ধ ছাড়া মক্কায় ফিরিয়া যাওয়া মুসলমানদের জন্য উহুদের পরাজয়ের ক্ষতিপূরণ হিসাবে পরিগণিত হয়। অপরদিকে কাফিরদের এইভাবে ফিরিয়া যাওয়াটা বৎসরের প্রথম যুদ্ধে' তাহাদের পরাজয়ের চাইতে কম অবমাননাকর ছিল না। তাহা সত্ত্বেও কুরায়শরা আগামী বৎসরের জন্য যুদ্ধ পরিকল্পনা গ্রহণের ব্যাপারে উদাসীন ছিল না। কুরায়শদের পৃষ্ঠ প্রদর্শনে রাসূলুল্লাহ (স) নিশ্চেষ্ট না থাকিয়া নূতন কৌশল অবলম্বন করেন। শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনি সাহাবীদের গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত রাখেন (Dr. Muhammad Husayn Haykal, The Life of Muhammad, translated by Dr. Ismail Razi Al Faruqi. p. 243)।
ইসলামের ইতিহাসে এই যুদ্ধ 'প্রতিশ্রুত বদর যুদ্ধ' (بدر الموعد), বদরের দ্বিতীয় যুদ্ধ (بدر الثانية), বদরের শেষ যুদ্ধ (بدر الاخيرة), বদরের ছোট যুদ্ধ (بدر الصغری) ও ছাতুর যুদ্ধ (جيش السويق) নামে পরিচিতি (তাবারী, তারীখ, ২খ., পৃ. ৫৫৯; যাদুল মা'আদ, ২খ., পৃ. ১১২; আর-রাহীকুল মাখতুম, পৃ. ২৯৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গাযওয়া দূমাতুল জানদাল

📄 গাযওয়া দূমাতুল জানদাল


গাযওয়া দূমাতুল জানদাল (غزوة دومة الجندل) (দোমতে আল-জিন্দাল) হিসের নিকটস্থ একটি গ্রাম যাহা দামিশক হইতে পাঁচ দিনের এবং মদীনা হইতে ১৫ দিনের ভ্রমণের দূরত্বে অবস্থিত। দূমাতুল জানদালের অধিবাসীদের জন্য সেখানে একটি বড় বাজার ছিল। হযরত ইসমাঈল (আ)-এর পুত্র দূমান বা দূমা এই এলাকায় বসতি স্থাপন করেন এবং এখানে একটি দুর্গ নির্মাণ করেন। তাঁহার নামানুসারে স্থানটির এই নামকরণ করা হইয়াছে (মু'জামুল বুলদান, ২খ., পৃ. ৮৩৭-৮; সীরাত ইব্‌ন হিশাম, ৩খ., পৃ. ২০৬, ই.ফা.বা.)। মতান্তরে দূমাতুল জানদাল একটি পাহাড়ের নাম (মাদারিজুন নুবুওয়াত, ২খ., পৃ. ৩১৮; মু'জামুল বুলদান, ২খ., পৃ. ৪৮৭-৮)।
পঞ্চম হিজরীর রবীউল আওয়াল মাসে, মতান্তরে রবীউল আখির (নাবাবীর তারীখ) মহানবী (স)-এর নিকট এই মর্মে সংবাদ পৌঁছে যে, উক্ত এলাকার মুশরিক জনগোষ্ঠী মদীনা আক্রমণ করার অভিপ্রায়ে সংঘবদ্ধ হইতেছে এবং ঐ এলাকার মধ্য দিয়া যাতায়াতকারীদের প্রতি অত্যাচার করিতেছে (আল-বিদায়া, ৪খ., পৃ. ৯২; আসাহহুস সিয়ার, পৃ. ১৮৫)।
নবী (স) পঞ্চম হিজরীর রবীউল আওয়াল মাসে, 'সিবা' ইন্ন উরফুতা আল-গিফারী (রা)-কে মদীনায় তাঁহার স্থলাভিষিক্ত নিয়োগ করিয়া এক হাজার মুজাহিদের একটি বাহিনীসহ দূমা অভিযানে রওয়ানা হইলেন এবং বানূ উব্রা গোত্রের মাযকুর নামে এক ব্যক্তিকে পথপ্রদর্শক হিসাবে সঙ্গে লইলেন (যাদুল মা'আদ, তখ., পৃ. ২২৯)।
রাসূলুল্লাহ (স) রাত্রিবেলা গন্তব্যস্থলের দিকে পথ চলিতেন এবং দিবসে যাত্রাবিরতি করিতেন। দূমাতুল জানদালে রাসূলুল্লাহ (স)-এর অভিযানের সংবাদ পৌছিলে মুশরিক দল তথা হইতে পলায়ন করে। রাসূলুল্লাহ (স) সেখানে পৌছিয়া স্থানটি মানবশূন্য দেখিতে পান। তিনি সেখানে কয়েক দিন অবস্থান করিয়া বিভিন্ন দিকে ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন। তাহারা মুশরিকদের পক্ষ হইতে কোনরূপ প্রতিরোধের সম্মুখীন হয় নাই (আসাহহুস সিয়ার, পৃ. ১৮৫)।
রাসূলুল্লাহ্ (স) দূমাতুল জানদালে পৌছিলে পথপ্রদর্শক জানাইল যে, বানু তামীমের মেষপাল ও রাখাল উক্ত এলাকায় আছে। তিনি তথায় অভিযান চালান। মুহাম্মাদ ইব্‌ন মাসলামা (রা) ইহাদের একজনকে গ্রেফতার করিয়া রাসূলুল্লাহ (স)-এর নিকট উপস্থিত করিলে তিনি তাহাকে তাহার সঙ্গীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। সে জানায় যে, তাহারা গতকাল পলায়ন করিয়াছে। রাসূলুল্লাহ (স) তাহার নিকট ইসলামের দাওয়াত পেশ করিলে সে ইসলাম গ্রহণ করে। রাসূলূল্লাহ্ (স) এই অভিযানে মাসাধিক কাল অতিবাহিত করেন (আল-বিদায়া, ২খ., পৃ. ৯২)।
রাসূলুল্লাহ (স)-এর মদীনা ত্যাগের পর হযরত সা'দ ইবন উবাদা (রা)-এর মাতা ইন্তেকাল করেন। সা'দ রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে ছিলেন। মদীনায় প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (স) তাঁহার গায়েবানা জানাযা আদায় করেন (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ৯২)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00