📄 হালীমার গৃহে মুহাম্মাদ (স)-এর অবস্থানকাল
উল্লেখ্য যে, হালীমা সা'দিয়া-র গৃহে লালন-পালনকালে শিশু মুহাম্মাদ (স)-কে একাধিকবার মক্কায় আনা হয়। সম্ভবত এই সময়ে তাঁহার মাতার সাক্ষাত লাভের জন্য তাঁহাকে একাধিকবার মক্কায় আনা হয়।
হযরত হালীমা সা'দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-কে প্রতি ছয় মাস অন্তর মক্কা মুকারর-মাতে নিয়া আসিতেন এবং এই সময়ে তিনি তাঁহাকে তাঁহার মা, দাদা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে দেখাইতেন এবং তাঁহাকে আবার ফিরাইয়া লইয়া যাইতেন।
রাসূল কারীম (স) কত বৎসর হালীমার গৃহে অবস্থান করিয়াছিলেন, এই প্রসঙ্গে সীরাত বিশষেজ্ঞদের মাঝে বিভিন্ন মত রহিয়াছে। মুহাম্মাদ ইবন সা'দ-এর বরাতে ইব্দুল্ জাওযী তাঁহার সীরাত-এ উল্লেখ করেন, রাসূলে কারীম (স) হালীমা সা'দিয়ার গৃহে সুদীর্ঘ চার বৎসর লালিত-পালিত হইয়াছিলেন।
ইবনুল আছীর তাঁহার সীরাত গ্রন্থে হালীমা সা'দিয়ার গৃহে রাসূলে কারীম (স)-এর অবস্থানের সময়সীমা ৫ বৎসর উল্লেখ করিয়াছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, হালীমা সা'দিয়া রাসূলুল্লাহ (স)-কে সুদীর্ঘ ২ বৎসর দুধ পান করাইয়াছিলেন। অবশেষে তিনি তাঁহাকে তাঁহার আম্মা সায়্যিদা আমিনা এবং দাদা 'আব্দুল্ মুত্তালিবের কাছে ফিরাইয়া দেন। এই সময় তাঁহার বয়স ছিল মাত্র পাঁচ বৎসর।
অধিকাংশ সীরাত বিশেষজ্ঞের মতে তিনি (স) হালীমার গৃহে ছয় বৎসর লালিত-পালিত হইয়াছিলেন। এই প্রসঙ্গে মাওলানা আবুল কালাম আযাদ উল্লেখ করেন, "মক্কা মুকাররম্যের প্রতিকূল আবহাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স) ছয় বৎসর যাবত দুধমা হালীমার কাছেই ছিলেন। বাংলা বিশ্বাকোষ-এর এক বর্ণনায় জানা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স) হযরত হালীমার গৃহে ৬ বৎসর বয়সকাল পর্যন্ত ছিলেন। এই প্রসঙ্গে প্রসিদ্ধ সীরাত বিশেষজ্ঞ ইবন ইসহাক অত্যন্ত জোরালোভাবে লিখিয়াছেন যে, তিনি (স) ছয় বৎসর তথায় অবস্থান করিয়াছিলেন।
📄 শিশু মুহাম্মাদ (স)-কে আমিনা ও আবদুল মুত্তালিবের কাছে প্রত্যর্পণ
রাসূলে কারীম (স) ভাগ্যবতী হালীমা সা'দিয়ার গৃহে ভাই-বোনদের সঙ্গে আমোদ-আহলাদের ভিতর দিয়া শৈশব জীবনের সুদীর্ঘ ছয়টি বৎসর মরু-পল্লীর স্বচ্ছ ও নির্মল জীবন, শহরের মলিনতামুক্ত আবহাওয়া ইত্যাদি পরিবেশে লালিত-পালিত হইয়াছিলেন। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মা হালীমা তাঁহাকে সায়্যিদা আমিনা ও দাদা 'আব্দুল মুত্তালিবের নিকট ফেরত দেওয়ার জন্য মক্কার নিকটবর্তী স্থানে উপস্থিত হইলে তাঁহাকে হারাইয়া ফেলিলেন। আবদুল মুত্তালিব হালীমাকে প্রচুর পুরস্কার প্রদান করিলেন। এই প্রসঙ্গে উর্দু দাইরা মাআরিফ ইসলামিয়্যা এ উল্লিখিত হইয়াছে যে, "পরিশেষে 'আব্দুল্-মুত্তালিব শিশু মুহাম্মাদ (স)-কে পাইয়া ভীষণ আনন্দিত হইলেন এবং আনন্দের আতিশয্যে বহু স্বর্ণ ও অগণিত উট আল্লাহ্ নামে সদ্কা করিলেন। সর্বোপরি হালীমা সা'দিয়াকে প্রচুর পুরস্কার, বিভিন্ন উপহার-সামগ্রী ও রকমারী উপঢৌকন দিয়া ফেরত পাঠাইয়া দিলেন"।