📄 মহানবী (স)-এর বিভিন্ন গুণবাচক নাম
রাসূলুল্লাহ (স)-এর অনেক গুণবাচক নাম রহিয়াছে। 'উলামা-ই কিরাম সেইগুলিকে তাঁহাদের গ্রন্থে বিভিন্নভাবে উল্লেখ করিয়াছেন এবং সেইসব নামের অর্থ ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করিয়াছেন। ইমাম মুহাম্মاد ইব্ন ধূসুফ আস্-সালিহী আশ-শামী তাঁহার সীরাত গ্রন্থে উল্লেখ করেন : উলামা-ই কিরাম বলিয়াছেন, নামের আধিক্য নিঃসন্দেহে ব্যক্তির শ্রেষ্ঠত্ব, সুউচ্চ সম্মান ও তাঁহার সুমহান মর্যাদার প্রমাণ বহন করে। এইজন্য আরব সমাজে একাধিক নামকরণ ও উহার সংরক্ষণের প্রচেষ্টা পরিলক্ষিত হইয়া থাকে। ইমাম নববী (র) বলেন, 'আলেমগণ রাসূলে কারীম (স)-এর অগণিত নামসমূহের মধ্যে যেগুলির আলোচনা করিয়াছেন, উহার অধিকাংশই গুণবাচক নাম। যেমন: আল-'আকিব, আল-হাশির ইত্যাদি। সুতরাং এই নামগুলি রূপক অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ এইগুলি গুণবাচক নাম। রাসূলে কারীম (স)-এর নামসমূহ দুই প্রকার। এক, এমন সকল নাম, যাহা তাঁহারই জন্য খাস, অন্য কোন নবীর ক্ষেত্রে এই নাম প্রযোজ্য নহে। যেমন হাদীছে বর্ণিত পাঁচটি নাম মুহাম্মাদ, আহমাদ, মাহী (নিশ্চিহ্নকারী), হাশির (সমবেতকারী), 'আকিব (শেষ আগমনকারী)। দুই, এমন সকল নাম যাহার অর্থ ও মর্মে অন্যান্য নবী-রাসূলগণও শরীক। যেমন রাসূলুল্লাহ, শাহিদ, নাবিয়্যু ইত্যাদি।
আল-কুরআনে উল্লিখিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (স)-এর বিভিন্ন গুণবাচক নাম প্রসঙ্গ : মুহাম্মাদুর-রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াত লাভের পরবর্তীতে মহান রব্বুল আলামীন আল-কুরআনুল কারীমে তাঁহাকে বিভিন্ন গুণবাচক নামে অভিহিত করিয়াছেন। প্রয়োজনানুযায়ী নানা স্থানে বিভিন্নভাবে তাঁহার প্রসঙ্গ উল্লেখ করা হইয়াছে। কখনো ইশারা-ইঙ্গিতে, কখনো ঘটনা পরম্পরায়, কখনো পরিচয় জ্ঞাপক গুণবাচক নামে তাঁহার নাম উল্লেখিত হইয়াছে। যেমন: ১. বাশীর ও নাযীর
وَمَا أَرْسَلْتُكَ إِلا بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ .
"আমি তো আপনাকে সমগ্র মানবজাতির প্রতি সুংবাদ দাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অনেক মানুষ উহা জানে না" (৩৪: ২৮)। ২. হারীস, রাউফ, রাহীম
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رحيم .
“তোমাদের কাছে আসিয়াছেন তোমাদের মধ্য হইতে একজন রাসূল। তোমাদেরকে যাহা কিছু বিপন্ন করে, সেসব বিষয় তাঁহার জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ার্দ্র” (৯: ১২৮)।
৩. নবী, দা'ঈ, শাহিদ, মুবাশশির, সিরাম-মুনীরা:
يُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْتُكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ، وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا يا
منيراً .
"হে নবী! আমি তো আপনাকে পাঠিয়াইছি সাক্ষীরূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে এবং মহান আল্লাহ্র আদেশে তাঁহার দিকে আহবানকারীরূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে” (৩৩: ৪৫-৪৬)।
৪. রহমাতুল্লিল্-'আলামীন
وَمَا أَرْسَلْتُكَ إِلَّا رَحْمَةً لِلْعَلَمِينَ .
"আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করিয়াছি" (২১:১০৭)।
৫. আল-মুদ্দাছছির
يأَيُّهَا الْمُدَّثَرَ قُمْ فَانْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ .
“হে বস্ত্রাবৃত! আপনি উঠুন, সতর্ক করুন এবং আপন প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পুতঃপবিত্র রাখুন এবং সকল প্রকার অপবিত্রতা হইতে দূরে থাকুন" (৭৪:১-৫)।
৬. আল-মুযযাম্মিল
يَأَيُّهَا الْمُزَّمِّلُ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ ترتيلاً .
"হে বস্ত্রাবৃত! রাত্রি জাগরণ করুন কিছু অংশ ব্যতীত। অর্ধরাত্রি কিংবা তদপেক্ষা অল্প অথবা তাহার চেয়ে বেশী এবং আল-কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে স্পষ্টভাবে” (৭৩: ১-৪)।
অনুরূপ বিভিন্ন গুণবাচক নামে রাসূলে কারীম (স)-কে আল-কুরআনে সম্বোধন করা হইয়াছে।
📄 হাদীছে বর্ণিত রাসূলুল্লাহ (স)-এর বিভিন্ন গুণবাচক নাম
সহীহ মুসলিমে যুবায়র ইবন মু'ইম (রা)-এর রিওয়ায়াত এইভাবে উল্লেখ হইয়াছে :
عن جبير بن مطعم عن أبيه ان رسول الله صلى الله عليه وسلم قال ان لي اسماء انا محمد وانا احمد وانا الماحى الذى يمحوا الله بي الكفر وانا الحاشر الذي يحشر الناس على قدمي وانا العاقب الذي ليس بعده احد وقد سماه الله رءوفا رحيما .
"জুবায়র ইবন মুত'ইম (রা) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) বলেন: আমার কতক নাম রহিয়াছে। আমি মুহাম্মাদ (সুপ্রশংসিত), আহমাদ (অধিক প্রশংসাকারী), আমি মাহী (নিশ্চিহ্নকারী), যাহার মাধ্যমে মহান আল্লাহ কুফরকে নিশ্চিহ্ন করিবেন। আমি হাশির (সমবেতকারী), কিয়ামত দিবসে সকল মানবজাতি আমার পদযুগলের কাছে সমবেত হইবে। আমি 'আকিব (শেষে আগমনকারী) যাঁহার শেষে আর কোন নূতন নবী-রাসূল আগমন করিবেন না। রাবী আরো বলেন, মহান আল্লাহ তাঁহার নাম রাখিয়াছেন রাউফ (পরম মমতাময়), রাহীম (পরম দয়ালু)" (সহীহ মুসলিম বিশারহি নববী, ১৫ খ., পৃ. ১০৪-১০৫; সহীহ আল-বুখারী, কিতাবুল মানাকিব, হাদীছ নং ৩৫৩২)।
মুহাম্মাদ ইব্ন জুবায়র এবং মুহাম্মাদ ইব্ন মায়সারা বর্ণিত রিওয়ায়াত-এ নামের সংখ্যা খামসাতুন (পাঁচ)-এর উল্লেখ রহিয়াছে।
কোন কোন বর্ণনায়, রাসূলুল্লাহ্ (স)-এর পাঁচটি নামের পরিবর্তে অতিরিক্ত আরো একটি নাম আল-খাতিম (সীলমোহরকারী) অথবা নবী-রাসূলের আগমনী-পরম্পরায় সর্বশেষ রাসূল ও নবী বর্ণিত হইয়াছে। নাফি' ইন্ন যুবায়র তাহার পিতার বর্ণিত রিওয়ায়াতটি ইমাম আহমাদ, বায়হাকী ও আবূ নু'আয়ম উদ্ধৃত করেন।
ইবন 'আদী-এর রিওয়ায়াত হইতে জানা যায় যে, রাসূলে কারীম (স)-এর মহান প্রতিপালকের নিকট দশটি নাম রহিয়াছে। পূর্বোল্লিখিত নামগুলি ব্যতীত অতিরিক্ত নামগুলি হইল: রাসূলুর রাহমা (পরম দয়াময় রাসূল), রাসূলুত্ তাওবা (তাওবাকারী রাসূল), রাসূলুল্ মালাহিম (যোদ্ধাদের রাসূল), আল-মুকাফী (সর্বশেষ রাসূল) এবং 'কুছাম' (শ্রেষ্ঠ ও পূণ্য দানবীর)। আবূ মূসা আল-আশ'আরী (রা) বর্ণিত রিওয়ায়াতে রাসূলুর-রাহমা ও রাসূলুত্-তাওবা-এর পরিবর্তে নাবিয়্যুর-রাহমা এবং নাবিষ্যুত্- তাওবা উল্লিখিত হইয়াছে।
আবুত্ তুফায়ল বর্ণিত রিওয়ায়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এর আরো ৪টি গুণবাচক নাম, আল-ফাতিহ (উদ্বোধনকারী), আবুল (কাসিম-কাসিম-এর পিতা), ত্বাহা এবং য়াসীন উল্লিখিত হইয়াছে। ইবনুল জাওযী তাঁহার সীরাত-এর "আসমাউ নাবিয়ি্যنا মুহাম্মاد (স)" শীর্ষক অধ্যায়ে ইন্ন ফারিস আল-লুগাবীর উদ্ধৃতি উল্লেখপূর্বক রাসূলে কারীম (স)-এর ২৩টি নাম উল্লেখ করিয়াছেন। নবী (স)-এর পূর্বোল্লিখিত গুণবাচক নামগুলি ব্যতীত আরো কিছু নাম যথা : আদ্-দাহক (সর্বক্ষণ হাস্যোজ্জ্বল ব্যক্তি), আল-কাতান (সেবক), আল্-মুতাওয়াক্কিল (ভরসাকারী), আল-ফালিজ (বন্টনকারী), আল-আমীন (বিশ্বস্ত ব্যক্তি) আল-মুস্তাফা, (নির্বাচিত বা বাছাইকৃত সত্তা), আর-রাসূল, আন্-নাবী এবং আল-উম্মী (নিরক্ষর) ইত্যাদি বর্ণিত হইয়াছে।
সুবুলুল হুদা ওয়ার-রাশাদ নামক গ্রন্থে বিভিন্ন মনীষীর উদ্ধৃতি উল্লেখপূর্বক রাসূলে কারীম (স)-এর ৭৫৯টি নাম আরবী বর্ণমালার ক্রমানুসারে সাজানো হইয়াছে। এই নামগুলির মধ্যে যেইগুলি আল-কুরআনুল কারীম এবং হাদীস শরীফে উল্লিখিত হইয়াছে সেইগুলি উল্লেখ করা হইয়াছে।
📄 রাসূলুল্লাহ (স)-এর উপনাম
মুহাম্মাদ রিদা তাঁহার সীরাত গ্রন্থে আত্-তাহযীব (التهذيب)-এর উদ্ধৃতিতে রাসূলুল্লাহ (স)-এর বিভিন্ন নামের আলোচনা করত উপনাম প্রসঙ্গে বলেন, তাঁহার উপনাম (কুনয়াঃ) হইল আবুল কাসিম। তবে জিব্রাঈল (আ) তাঁহাকে আবূ ইব্রাহীম উপনামে ডাকিতেন। আবুল কাসিম এবং আবূ ইব্রাহীম উপনামে তাঁহাকে কেন সম্বোধন করা হইত বা উভয় নামে কেন নামকরণ করা হইয়াছিল, এই প্রসঙ্গে ইবনুল জাওযী তাঁহার 'সীরাত গ্রন্থে উল্লেখ করেন, "মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-কে আবুল কাসিম (ابو القاسم) উপনামে ডাকা হইত। কেননা তিনি ছিলেন তাঁহার প্রথম পুত্র সন্তান।" আবূ ইব্রাহীম উপনামে নামকরণ প্রসঙ্গে আনাস ইবন মালিক (রা)-এর উদ্ধৃতিতে ইবনুল জাওযী উল্লেখ করেন, যখন ইব্রাহীম ইন মুহাম্মাদ (স) হযরত মারিয়া কিস্তিয়্যা-এর গর্ভে জন্মগ্রহণ করেন তখন রাসূলুল্লাহ (স)-এর অন্তর এই মুবারক নামে নিজেকে সম্বোধনের সংকল্প করিতেছিলেন, ঠিক এমনি এক মুহূর্তে হযরত জিব্রাঈল (আ) আসিয়া রাসূলুল্লাহ (স)-কে সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন, "আস্সালামু 'আলায়কা ইয়া আবা ইব্রাহীম” (ওহে ইব্রাহীম-এর পিতা! আপনার উপর শান্তি বর্ষিত হউক) এবং তিনি নিষেধ করেন যে, কেহ যেন আপনাকে এই উপনামে সম্বোধন না করে।
গ্রন্থপঞ্জী: পরবর্তী 'আকীকা' শীর্ষক নিবন্ধের গ্রন্থপঞ্জী দ্র.
📄 রাসূলুল্লাহ (স)-এর আকীকা
রাসূলুল্লাহ (স)-এর 'আকীকাতে কুরায়শদের মাঝে ইহার ব্যাপক প্রচলন ছিল। তবে উহার প্রকৃতি ও স্বরূপ ছিল বিভিন্ন রকমের। ইসলাম-পূর্ব যুগে আকীকা উৎসব ছিল অন্যান্য উৎসবসমূহের অন্যতম। আকীকা উপলক্ষ্যে তৎকালীন আরব সমাজে বিভিন্ন কুসংস্কার প্রচলিত ছিল। তবে ইহার প্রকৃতি ও স্বরূপ ছিল বিভিন্ন রকমের। রাসূলুল্লাহ (স)-এর আকীকা প্রসঙ্গে প্রামাণ্য ও প্রাচীন ঐতিহাসিক সীরাত গ্রন্থসমূহে বিস্তারিত কোন মতামত পাওয়া যায় না। তবে আকীকা ও তৎসংশ্লিষ্ট যাবতীয় প্রাপ্ত তথ্যাবলী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ হইল:
'আকীকা ইবরাহীম (আ)-এর সুন্নাত। তৎকালীন আরব সমাজে ইহার ব্যাপক প্রচলন ছিল। এই প্রসঙ্গে দাইরা মা'আরিফ ইসলামিয়্যা-এ উল্লেখিত হইয়াছে যে, আকীকা ইব্রাহীম (আ)-এর সুন্নাত মুতাবিক সমগ্র আরব জাহানে বিশেষ করিয়া মক্কার কুরায়শদের মধ্যে ইহার ব্যাপক প্রচলন ছিল। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত বিশ্বকোষ-এ বর্ণিত হইয়াছে যে, "প্রকৃত প্রস্তাবে খতনা, যবেহ (কুরবানী) প্রভৃতি ইবরাহীমী প্রথার ন্যায় 'আকীকাও একটি প্রাচীন প্রথা। ইহা ছিল প্রাচীন আরবের একটি প্রসিদ্ধ উৎসব। এই প্রসঙ্গে আরো বর্ণিত হইয়ছে: Doughty-র মতে (Travels in Arabian deserta, ১খ., ৪৫২) আকীক আরব ভূমিতে সর্বাধিক অনুষ্ঠিত উৎসবসমূহের অন্যতম।
'আকীকার পরিচয় প্রসঙ্গে দাইরা মা'আরিক ইস্লামিয়্যা-এ বর্ণিত হইয়াছে, 'আকীকা এমন এক কুরবানীর নাম যাহা সন্তান জন্মের সপ্তম দিবসে করা হইয়া থাকে। ইহা বিভিন্ন অর্থেও ব্যবহৃত হইয়া থাকে। যেমন, "সন্তান ভূমিষ্ঠ হইবার সময় তাহার মাথায় যে চুল থাকে, সেইগুলিকেও আকীকা (কর্তনযোগ্য) বলা হইয়া থাকে। কেননা উহা কাটিয়া ফেলা হয় অর্থাৎ ঐ চুলগুল কাটার যোগ্য বিধায় উহাকে আকীকা বলা যায়। আবার কখনো সন্তান জন্মের ধারাবাহিকতায় যবেহকৃত পশুকেও আকীকা বলা হয়।
তবে শরীআতের পরিভাষায়: আকীকা এমন সুন্নাত কুরবানীকে বলা হইয়া থাকে, যাহা সাধারণত সন্তান ভূমিষ্ঠ হইবার সপ্তম দিবসে করা হইয়া থাকে। নবজাতকের নামকরণ ও কেশমুণ্ডন উপলক্ষে পশু কুরবানীর নাম 'আকীকা।
রাসূলুল্লাহ (স)-এর আকীকা প্রসঙ্গে কাযী মুহাম্মাদ সুলায়মান তাঁহার সীরাত গ্রন্থে উল্লেখ করেন: “মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এর দাদা আব্দুল মুত্তালিব নিজেই দীর্ঘকাল যাবত অনাথ জীবনের মুখামুখি হইয়াছিলেন। তাঁহার ৪৪ বৎসর বয়সের প্রিয়তম সন্তান আবদুল্লাহ্ ঔরসে ভূমিষ্ঠ নবজাতকের আগমনী সংবাদ শ্রবণ করিবা মাত্রই ঘরে আসিলেন এবং নবজাতক শিশুকে খানায়ে কা'বাতে নিয়া যান। তথায় এই ইয়াতীম-অনাথ শিশুর জন্য প্রাণ খুলিয়া দু'আ করিয়াছিলেন। জন্মের সপ্তম দিবসেই দাদা 'আব্দুল মুত্তালিব কুরবানী দিয়াছিলেন এবং এই সময় সকল কুরায়শকে দাওয়াত করিয়াছিলেন। রাসূলুল্লাহ (স)-এর শুভজন্মের সপ্তম দিবসেই 'আব্দুল মুত্তালিব তাঁহার নামে আকীকা দিয়াছিলেন এবং কুরায়শ গোত্রের সকলকে দাওয়াত করিয়াছিলেন। এই প্রসঙ্গে ইদ্রীস কান্ধলবী তাঁহার সীরাত গ্রন্থে আরো উল্লেখ করেন, "হাফিজ ইব্ন 'আব্দুল বার লিখিত 'ইসতীআব'-এর উদ্ধৃতিতে যুরকানী এই সকল বর্ণনা ইমাম মালিক-এর ব্যাখ্যায় ইবন 'আব্বাসের রিওয়ায়াত উল্লেখ করিয়াছেন। কিন্তু ইব্ন 'আব্বাসের বর্ণনায় শুধুমাত্র 'আকীকার কথা উল্লেখ রহিয়াছে। উহাতে "সপ্তম দিবস" এবং "দাওয়াত"-এর বর্ণনা উল্লেখ নাই। তবে এই প্রসঙ্গে ইমাম সুয়ূতী ইমাম বায়হাকী ও ইব্ন 'আসাকির-এর উদ্ধৃতি উল্লেখপূর্বক বিষয় দুইটি আল্- খাসাইসুল কুবরা-এ উল্লেখ করিয়াছেন।
কোন কোন বর্ণনায় রাসূলুল্লাহ (স)-এর আকীকা নবুওয়াতের পরে তিনি নিজে করিয়াছিলেন বলিয়া জানা যায়। এই প্রসঙ্গে হাফিজ ইব্ন কায়্যিম উল্লেখ করেন, "ইব্ন আয়মান হযরত আনাস (রা) হইতে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ (স) নবুওয়াত লাভ করিবার পর স্বয়ং তাঁহার পক্ষ হইতে আকীকা করিয়াছিলেন।" এই প্রসঙ্গে ইমাম আবূ দাউদ (র) ভিন্ন বর্ণনা সূত্রে অনুরূপ একটি হাদীছ বর্ণনা করিয়াছেন। তবে ইমাম আহমাদ বলেন, উহা মুনকার পর্যায়ের বর্ণনা। বর্ণনাকারী 'আব্দুল্লাহ ইবন মুহাররম দুর্বল গুণসম্পন্ন।