📘 সীরাত বিশ্বকোষ > 📄 আমিনার ইনতিকাল

📄 আমিনার ইনতিকাল


ত্রিশ বৎসর বয়সে আমিনা ইনতিকাল করেন। রাসূলুল্লাহ্ (স)-এর বয়স ছিল তখন ছয় বৎসর। যাহাবীর মতে, রাসূলুল্লাহ (স)-এর বয়স তখন ছয় বৎসর এক শত দিন। কেহ কেহ বলেন, তখন তাঁহার বয়স হইয়াছিল চার বৎসর। দুধমাতা হালীমা সা'দিয়া (রা) রাসূলুল্লাহ (স)-কে আমিনার নিকট প্রত্যর্পণ করিলেন। আমিনা পুত্রকে লইয়া তাঁহার দাদা আবদুল মুত্তালিবের মাতুলালয় পবিত্র মদীনার বানু নাজ্জার গোত্রে গমন করিলেন। তখন ছিল খৃস্টীয় সনের ৫৭৫-৭৬ সাল। তথা হইতে ফিরিবার প্রাককালে আমিনা অসুস্থ হইয়া পড়েন এবং উহার ফলে তাঁহার জীবনাবসান হয়। 'আল-আবওয়া' নামক স্থানে তাঁহাকে দাফন করা হয়। ইহা মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে অবস্থিত, তবে তাহা মদীনার নিকটতম স্থান। মাতার ইনতিকালের পর রাসূলুল্লাহ (স)-কে লইয়া তাঁহার সফরসঙ্গীনি দাসী উম্মু আয়মান (রা) মক্কায় ফিরিয়া আসেন। অতঃপর তাঁহাকে পিতামহ আবদুল মুত্তালিবের নিকট সোপর্দ করেন। পিতামহের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তাঁহার তত্ত্বাবধানে ছিলেন।
আবূ নু'আয়ম ইমাম যুহরী সূত্রে উম্মু সিমা'আ বিন্ত আবী রাহমের মাতার একটি উক্তির বর্ণনা এইরূপে দিয়াছেনঃ রাসূলুল্লাহ (স)-এর মাতা আমিনা যখন রোগাক্রান্ত হইয়াছিলেন তখন আমি তাঁহার শয্যাপাশে ছিলাম। পাঁচ বৎসরের শিশু মুহাম্মাদ তখন তাঁহার মাথার পার্শ্বে উপবিষ্ট ছিলেন। আমিনা তাঁহার দিকে তাকাইয়া নিম্নোক্ত শ্লোকগুলি আবৃত্তি করিত ছিলেন:
بَارَكَ اللَّهُ فِيكَ مِنْ غُلَامٍ - يَا ابْنَ الَّذِي مِنْ حَوْمَتِهِ الْحُمَامِ نَجَا بِعَوْنِ الْمَلِكِ الْمِنْعَامِ - فَوُدَى غَدَاةَ الضَّرْبِ بِالسَّهَامِ بمأة من الابل سوام - ان صَحَ مَا أَبْصَرْتُ فِي الْمَنَامِ فَأَنْتَ مَبْعُوثُ إِلَى الأَنَامِ - مِنْ عِنْدِ ذِي الجلال والاكرام تُبْعَثُ فِي الْحَرَامِ - تُبْعَثُ بِالتَّحْقِيقِ وَالإِسْلامِ دِينُ أَبِيكَ التَبْرِ أَبْراهام - فَاللَّهُ أَنْهَاكَ عَنِ الْأَصْنَامِ . أَنْ لَا تُوَ اليْهَا مَعَ الْأَقْوَامِ
"হে পুত্র! আল্লাহ তোমাকে বরকত দান করুন। হে অভিজাত পিতার আকাঙ্ক্ষিত পুত্র! যেই পিতা মুক্তি লাভ করিয়াছিলেন অনুগ্রহকারী আল্লাহ্ অনুকম্পায়, যখন তীর টানায় তাহার নাম বাহির হইয়াছিল। অতঃপর বিচরণশীল এক শত উট মুক্তিপণ হিসাবে কুরবানী করা হইয়াছিল। সেই স্বপ্নে আমি যাহা দেখিয়াছিলাম তাহা যদি সঠিক হয়। তাহা হইলে তুমি মানবজাতির প্রতি অবশ্যই প্রেরিত, মহান মর্যাদা সম্পন্ন আল্লাহর পক্ষ হইতে। তুমি হারাম শরীফ ও উহার বাহিরের জগতে প্রেরিত হইবে। তুমি সত্য ইসলাম ধর্ম লইয়া আবির্ভূত হইবে, যাহা তোমার পুণ্যময় পিতা ইবরাহীম ('আ)-এর ধর্ম। আল্লাহ তোমাকে প্রতিমা পূজা হইতে বিরত রাখিবেন, অন্যান্য জাতির সহিত তুমি প্রতিমার অনুসরণ করিবে না।"
এই শ্লোকগুলি আবৃত্তি করিবার পর আমিনা বলেন, প্রতিটি জীবিতকেই মরিতে হইবে, প্রতিটি নূতনকেই পুরাতন হইতে হইবে এবং সকল বৃদ্ধই ধ্বংসপ্রাপ্ত হইবে। আমি এখন মৃত্যু পথের যাত্রী, কিন্তু আমি স্মরণীয় হইয়া থাকিব। আমি তোমাকে উত্তম (পুত্র) রাখিয়া যাইতেছি এবং অত্যন্ত পুত ও পবিত্র অবস্থায় জন্ম দিয়াছি। এই কথা বলিবার পর তাঁহার ইনতিকাল ইয়া যায়। তাঁহার মৃত্যুতে জিন জাতি বিলাপ শুরু করে। কান্নাকালে তাহারা যাহা বলিয়াছিল তাহার মধ্য হইতে আমি কিছু স্মরণ রাখিয়াছি। তাহা হইল নিম্নরূপ:
نَبْلِي الْفَتَاةَ الابرة المينَةَ أَذَاتَ الْجَمَالِ العِفَّةِ الرَّزِينَة زَوْجَةٌ عَبْدِ اللهِ وَالْقَرِينَه - أم نبي الله ذي السكينة وَصَاحِبُ الْمِنْبَرِ بِالْمَدِينَةِ - صَادَتْ لِذِي حُفْرَتِهَا رَهِينَةٌ
"আমরা সেই যুবতীর জন্য কাঁদিতেছি যিনি ছিলেন পুণ্যবতী ও বিশ্বস্ত, আরও ছিলেন তিনি রূপবতী, সতীসাধ্বী ও মর্যাদার অধিকারী। তিনি ছিলেন আবদুল্লাহ্র সহধর্মিণী ও জীবনসঙ্গীনী, আল্লাহর নবীর মাতা স্বস্তির অধিকারিনী। সেই নবী মদীনার মিম্বরের অধিকারী হইবেন। তাঁহার মাতা স্বীয় কবরে সমাহিত হইয়াছেন”।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আমিনার কবর যিয়ারতে রাসূলুল্লাহ্ (স)

📄 আমিনার কবর যিয়ারতে রাসূলুল্লাহ্ (স)


নবৃওয়াত লাভের পর রাসূলুল্লাহ (স) তাঁহার মাতা আমিনার কবর যিয়ারত করিয়াছিলেন। যিয়ারতকালে তাঁহার সঙ্গে সাহাবায়ে কিরামের বিরাট একটি দলও ছিল বলিয়া বর্ণনা পাওয়া যায়। বর্ণিত আছেঃ
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَارَ قَبْرَ أُمِّهِ بِالْأَبْوَاءِ فِي أَلْفِ مُقَنَّعَ فَبَكَى وابكي.
"রাসূলুল্লাহ (স) এক হাজার শিরস্ত্রাণ পরিহিত লোককে লইয়া আল-আবওয়ায় তাঁহার মাতার কবর যিয়ারত করিয়াছিলেন। সে সময় তিনি নিজেও কাঁদিয়াছিলেন এবং অন্যদেরকেও কাঁদাইয়াছিলেন"।
এই হাদীছটি বিশুদ্ধ বলিয়া সুহায়লী আখ্যায়িত করিয়াছেন। এই ক্রন্দনের কারণ সম্পর্কে একটি দুর্বল হাদীছে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (স)-কে তাহার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি উত্তরে বলিয়াছিলেনঃ আমি তাঁহার (মাতার) শাস্তির কথা স্মরণ করিয়া কাঁদিতেছি। সুহায়লী বলেন, অপর একটি সহীহ হাদীছে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (স) বলেনঃ আমি আমার মাতার কবর যিয়ারতের জন্য আল্লাহ্র দরবারে অনুমতি চাহিয়াছিলাম। আমাকে তিনি উহার অনুমতি দান করিয়াছেন। অতঃপর তাঁহার মাগফিরাতের জন্য দু'আ করিবার অনুমতি চাহিয়াছিলাম, আমাকে উহার অনুমতি দেওয়া হয় নাই।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আমিনার কবর কোথায় অবস্থিত

📄 আমিনার কবর কোথায় অবস্থিত


রাসূলুল্লাহ (স)-এর মাতা আমিনার কবর মদীনার 'আল-আবওয়া' নামক স্থানে অবস্থিত ছিল। এ কথাই সর্বজনবিদিত এবং প্রসিদ্ধ অভিমতও তাহাই। তবে কিছু সংখ্যক অভিমত এমনও পাওয়া যায় যে, তাঁহার কবর মক্কায় ছিল।
হযরত বুরায়দা (রা) সূত্রে বর্ণিত একটি হাদীছে এই মর্মে ব্যক্ত করা হইয়াছে যে, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ (স) একটি পুরাতন কবরের পাশে আসিয়া বসিয়া পড়েন। সাহাবায়ে কিরাম (রা)-ও তাঁহার পাশে আসন গ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ (স) কাঁদিতে কাঁদিতে উঠিয়া পড়েন। তখন হযরত উমার (রা) বিনীতভাবে আরয করেন, হে আল্লাহ্র রাসূল! আপনি কাঁদিতেছেন কেন? রাসূলুল্লাহ (স) উত্তরে বলিলেন: উহা আমার মাতার কবর। আমি প্রতিপালক আল্লাহর নিকট তাহা যিয়ারত করিবার প্রার্থনা করিলে আমাকে উহার অনুমতি প্রদান করা হইল। অথচ তাহার মাগফিরাতের অনুমতি চাহিলে আমাকে উহার অনুমতি দেওয়া হয় নাই। ফলে দুঃখে আমার কান্না আসিতেছে। বর্ণনাকারী সাহাবী বলেন, এই দিন রাসূলুল্লাহ (স)-কে যেইভাবে কাঁদিতে দেখা গিয়াছে ইতোপূর্বে সেই পরিমাণ কাঁদিতে তাঁহাকে দেখা যায় নাই।
এই হাদীছটিকে ইব্‌ন সা'দ বর্ণনা করিবার পর বলেন, এই বর্ণনাটি বাস্তবসম্মত নয়। আমিনার কবর মক্কায় নয়, বরং মদীনার আল-আবওয়ায় ছিল।
আমিনার কবর মক্কায় অবস্থিত হইবার ব্যাপারে একাধিক রিওয়ায়াত পাওয়া যায়। আল-হাসান ইব্‌ন জাবির যিনি মক্কার অধিবাসী ছিলেন, তাহার একটি উক্তি হইতেও বুঝা যায় যে, আমিনার কবর মক্কাতে ছিল। তিনি বলেন, খলীফা মামুনের নিকট এই বিষয়টি উত্থাপন করা হইয়াছিল যে, রাসূলুল্লাহ (স)-এর মাতার কবরে বৃষ্টির পানির ঢল প্রবেশ করিতেছে, যাহা নির্দিষ্ট একটি স্থানে অবস্থিত ছিল। অতঃপর মামুন তাহা বন্ধ করিবার আদেশ দিয়াছিলেন। ইন বারা' বলেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমাকে কবরটি পুনঃনির্মাণের আদেশ দেওয়া হয়। এই কারণে ইবনুল জাওযী বলেন, উহার সম্ভাবনা আছে যে, আবওয়ায় আমিনা ইনতিকাল করেন, কিন্তু পরবর্তী কালে তাঁহাকে মক্কায় উঠাইয়া আনিয়া এখানে দাফন করা হয়।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শিশুকালের সেই সফর সম্পর্কে রাসূলুল্লাহ (স)-এর স্মৃতিচারণ

📄 শিশুকালের সেই সফর সম্পর্কে রাসূলুল্লাহ (স)-এর স্মৃতিচারণ


আমিনা শিশু মুহাম্মাদ (স)-কে লইয়া যায় আদী ইব্‌ন নাজ্জার গোত্রে সফরে গিয়া দারুন-নাবিগায় অবস্থান করেন। সেখানে তিনি এক মাস আরব্য গ্রহণ করিয়াছিলেন। সেখানেকার বহু ঘটনা রাসূলুল্লাহ (স)-এর মনে রেখাপাত করিয়াছিল। পরবর্তী কালে মদীনায় হিজরত করিবার পর বানু 'আদী ইব্‌ন নাজ্জার গোত্রের ঘাটিতে গমন করিলে রসূলুল্লাহ্ (স) তাহা চিনিয়া ফেলেন। উহার স্মৃতিচারণ করিতে গিয়া তিনি বলেনঃ “এই স্থানগুলিতে আমি আনসার গোত্রের জনৈক বিনম্রা কিশোরীর সহিত খেলা করিয়াছি। বালকদের সহিত পাখি উড়ানোর খেলায় অংশগ্রহণ করিয়াছি। দারুন নাবিগার প্রতি তাকাইয়া তিনি বলেনঃ আমাকে লইয়া এখানেই আমার মাতা অবস্থান করিয়াছিলেন। এই গৃহেই আমার পিতা 'আবদুল্লাহকে দাফন করা হইয়াছিল। বানূ 'আদী ইব্‌ন নাজ্জার গোত্রের কূপে আমি সুন্দরভাবে সাঁতরাইয়াছি। ইয়াহুদী গোত্রের লোকেরা তাহাকে দেখিয়া কথা কাটাকাটি শুরু করিয়াছিল। উম্ম আয়মান বলেনঃ আমি উহাদের জনৈক ইয়াহুদীকে বলিতে শুনিলাম, এই লোকটি এই উম্মতের নবী এবং ইহাই তাঁহার হিজরত স্থান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00